Home Blog Page 3194

ডেসটিনির রফিকুল আমীনকে ৩ বছরের কারাদণ্ড

0

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পদের তথ্য বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ এ রায় দেন।

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ ২৩ জনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। এতে আসামি করা হয় ৫৩ জনকে। চার হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। ওই বছরের ২৪ আগস্ট সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৭ সালের ৬ জুন ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১২ মার্চ অভিযোগ গঠন করে এ মামলায় রফিকুল আমিনের বিচার শুরুর নির্দেশ দেন আদালত। চার্জ গঠনের বিরুদ্ধে রফিকুল আমিন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও বিচার আটকাতে পারেননি। রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৫ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কাজ শেষ হয়।

রফিকুল আমিনের বিরুদ্ধে দুদকের অন্য দুটি মামলাও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

মজনুর বিরুদ্ধে প্রতিবেদন ২৩ ফেব্রুয়ারি

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মজনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ দিন ধার্য করেন।

এর আগে ঢাবি ছাত্রী ধর্ষণের ওই ঘটনায় গত ৭ জানুয়ারি মামলার এজাহার গ্রহণ করেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেন।

গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা দেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ওইদিন রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

ওইদিন রাতেই ধর্ষিত ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও অভিযোগ যাচাই-বাছাই শেষে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি তালিকাভুক্ত করে থানা কর্তৃপক্ষ।

ঘটনার তিন দিন পর মজনুকে গ্রেপ্তার করে র‍্যাব। মামলার তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর মজনুকে ডিবি সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আদালতে ধর্ষণে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সে।

মজনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে বলে জানায় সিআইডি সূত্র। সিআইডির ফরেনসিক ল্যাবে এই পরীক্ষা করা হয়।

দেশে এখনো করোনা ভাইরাস আসেনি: স্বাস্থ্যমন্ত্র

0

এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আসেনি। আমি মনে করি এই মুহূর্তে চীন থেকে কাউকে দেশে না নিয়ে এলে ভালো হয়।
সেইসঙ্গে চীন ভ্রমণকে আমরা নিরুৎসাহিত করবো ভাইরাস প্রতিরোধের স্বার্থেই। সরকারের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর সোনারগাঁও হোটেলে কলেরা ও পুষ্টি বিষয়ক এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইসিডিডিআরবি আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুদের মধ্যে অনেক স্বাস্থ্য সমস্যা কাটানো যাচ্ছে না। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কাটানোর কাজ চলছে। অন্যদিকে কলেরা-ডায়রিয়া নিয়ন্ত্রণে আইসিডিডিআরবি বিস্ময়কর অবদান রেখে চলছে। দেশে স্বাস্থ্যখাতের গবেষণা ওষুধ শিল্পে অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব (সেবা) মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমনস, এর আগের সম্মেলনের সভাপতি অধ্যাপক এন কে গাঙ্গুলী, সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হলমর্গ্যান, আইসিডিডিআরবি উপনির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রবাসে বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার: ককাস সভাপতি

0

‘নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন এগিয়ে নিতে অব্যাহতভাবে কাজ করে যাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সরকার প্রবাসে বাংলাদেশি অভিবাসীদের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে’- আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস এবং অভিবাসন সংক্রান্ত এনজিও কমিটি ও সিভিল সোসাইটির সদস্যদের এক যৌথ পরামর্শমূলক সভায় একথা বলেন মো. ইসরাফিল আলম এমপি।
উল্লেখ্য, অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস এর সভাপতি মো. ইসরাফিল আলম এমপি’র নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় দল ইকুয়েডরের রাজধানী কিটো-তে অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভোলপমেন্ট এর ১২তম সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ নিউইয়র্কে এই যৌথ পরামর্শমূলক সভায় যোগ দেন।
অভিবাসনকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উন্নয়নমূলক ইস্যু হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্স তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়া অভিবাসনকে ত্বরান্বিত করতে এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে যা বৈশ্বিকভাবে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ মর্মে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সংসদীয় ককাসের সভাপতি বলেন, অভিবাসনের সাথে সংশ্লিষ্ট নানা পক্ষের মধ্যে আলোচনা ও সংলাপের জন্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভলপমেন্ট (জিএফএমডি) একটি কার্যকর প্লাটফর্ম।
জিএফএমডি এর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল ‘মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতি’ এবং ‘অনিবন্ধিত অভিবাসীদের ভোগান্তি’ বিষয় দুটিকে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছে মর্মে অভিহিত করেন। এ বছর জুলাই মাসে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের (এইচএলপিএফ) আলোচনায় সরকার, সংসদীয় ককাস ও সিভিল সোসাইটিসমূহকে অভিবাসন সংশ্লিষ্ট ইস্যুগুলো তুলে ধরা উচিত মর্মে মতামত দেন এমপি মো. ইসরাফিল আলম।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশ সংসদীয় ককাস এর প্রতিনিধিদল এবং অভিবাসন সংক্রান্ত এনজিও কমিটি ও সিভিল সোসাইটির সদস্যদের স্থায়ী মিশনে স্বাগত জানান। তিনি বলেন, অভিবাসন বিষয়টিকে বাংলাদেশ যে বিশেষ গুরুত্বের সাথে দেখছে তার উদাহরণ এই সংসদীয় ককাস এর সৃষ্টি। অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় জিএফএমডি এর অব্যাহত ভূমিকার কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, এটি সরকারি নীতি নির্ধারক ও সিভিল সোসাইটি’র মধ্যে সংযোগ তৈরির একটি প্লাটফর্ম।
অভিবাসীদের অধিকার সুরক্ষায় গৃহীত যুগান্তকারী দলিল ‘গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন’ এর বাস্তবায়নকে এগিয়ে নিতে জিএফএমডি কার্যকর ভূমিকা রাখতে পারে মর্মে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সভায় অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন বাংলাদেশ সংসদীয় ককাসের সদস্য এবং সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, বাংলাদেশি অভিবাসীদের অধিকার রক্ষা কল্যাণ সমিতির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, ব্রিটিশ কাউন্সিল এর ‘দায়বদ্ধতা ব্যবস্থাপনার জন্য জ্ঞান উন্নয়ন প্রকল্প (প্রকাশ)’ এর দলনেতা জেরি ফক্স, প্রকাশ এর উপদেষ্টা শিরিন লিরা, অভিবাসন বিষয়ক এনজিও কমিটির সদস্য ইভা রিচার ও মারিয়া পিয়া মিগন্যাটি।
অভিবাসনের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ এবং এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যামান বিভিন্ন প্রক্রিয়াগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে এ সভায় প্রাণবন্ত আলোচনা হয়। এছাড়া নারী অভিবাসীদের বিভিন্ন ঝুঁকি, অভিবাসীদের নিগ্রহ ও নির্যাতন এবং তাদের সঙ্কটসমূহ সভার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

0

নোয়াখালীর সেনবাগে গ্রেপ্তারের ছয় ঘণ্টা পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ওরফে ইউসুফ নামের এক যুবক নিহত হয়েছে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির বীরকোর্ট গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের ওরফে ওলি উল্যার ছেলে। পুলিশের দাবি, তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসপি বলেন, জিজ্ঞাসাবাদে ইউসুফ ডাকাতি, সিঁধেল চুরি, অস্ত্র ও রাতে তার দল ডাকাতি করে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফের সহযোগীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ইউসুফ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সহযোগীর গুলিতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসপি আলমগীরের দাবি, নিহত ইউসুফ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় সাতটি, ডাকাতি প্রস্তুতির ঘটনায় তিনটি, সিঁধেল চুরির ঘটনায় একটি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চারটি তাজা কার্টুজ, সাত রাউন্ড গুলির খোসা, তিনটি রামদা, একটি টর্চলাইট ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে দেশে রাজনীতি করার সুযোগ নেই

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে দেশে আর রাজনীতি করার সুযোগ নেই বলে দাবি করেছেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। আজ সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় তারা এ দাবি করেন।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন, মো. আবু জাহির, নেছার আহমদ, মজাহারুল হক প্রধান, সেলিম আলতাফ জর্জ, আনোয়ারুল আজিম আনার, আহসানুল ইসলাম টিটু, বেগম জাকিয়া পারভীন খানম, বেগম ফেরদৌসী ইসলাম, মোজাফফর হোসেন ও বিরোধী দল জাতীয় পার্টির বেগম নাজমা আখতার।

ডা. আফছারুল আমীন বলেন, শত বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন-অগ্রগতির বাতিঘর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ১০ বছরেই বাংলাদেশ আজ বিশ্বের সামনে উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোলমডেল। সব দিক থেকে এবং সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ে তুলছেন তাঁরই কন্যা শেখ হাসিনা।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে আবু জাহির বলেন, বিএনপির মুখে গণতন্ত্র ও আইনের শাসনের কথা মানায় না। বিএনপি আমলে দুঃশাসনের কথা জনগণ কোনদিন ভুলবে না। জঙ্গিনেতা মুফতি হান্নান আদালতে জবানবন্দি দিয়েছে, তারেক রহমানের নির্দেশ ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যাসহ পুরো আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিলো। দেশের ৬৩ জেলায় বোমা হামলা করে জজ-আইনজীবীসহ শত শত মানুষকে তারা হত্যা করেছে।

জাতীয় পার্টির নাজমা আখতার বলেন, মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংস হতে বসেছে। গ্রাম পর্যায় পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে। এই মাদকচক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শুধু মাদকসেবী নয়, মাদকের গডফাদার ও সিন্ডিকেটের হোতাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। সরকার দেশে ব্যাপক উন্নয়ন করলেও দুর্নীতি সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। শিশু ও নারী ধর্ষণের হাত থেকে রক্ষায় কঠোর আইন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ মৃত্যুদন্ডে দন্ডিত করতে হবে।

নেছার আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, পাকিস্তানের চর হিসেবে খুনি-জিয়ারা কাজ করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেন বাংলাদেশ সোনার বাংলা গড়ে তুলতে না পারে সেজন্য তাঁকে স্বপরিবারে হত্যা করে এই খুনি চক্র। স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এখনও নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সেলিম আলতাফ জর্জ বলেন, মুক্তিযুদ্ধের একটি লাইনও লিখতে হলে বঙ্গবন্ধুর নাম লিখতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি দেশকে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রকাশ্য স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী এখনও প্রকাশ্য রাজনীতি করে। খালেদা জিয়া ১৫ আগস্টে কাল্পনিক জন্মদিন পালন করে। কীভাবে তারা এতো অকৃতজ্ঞ হতে পারে?

আহসানুল হক টিটু বলেন, পাকিস্তানি প্রেমিক বিএনপি নেতারা সংসদে অনেক কথা বলেন। কিন্তু পাকিস্তানের প্রভাবশালী পত্রিকাতেই বেরিয়েছে বাংলাদেশ ওই দেশটি থেকে সবদিক থেকে এগিয়ে রয়েছে।

আনোয়ারুল আজিম আনার বলেন, দেশের মানুষ ভালো করেই জানেন, বিএনপির কাছে শুধু দেশের মানুষ নয়,পশু-পাখিরাও নিরাপদ নয়। তাদেরকে আর কোনো দিন জনগণ ভোট দিবে না।

পিরোজপুরে সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

0

পিরোজপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনপ্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। পিরোজপুরের ইরানী আক্তার ও পপি আক্তারের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জল কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩ এর ৭ ধারা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য পদে ষাট শতাংশ মহিলা, বিশ শতাংশ পৌষ্য এবং বাকী বিশ শতাংশ সাধারণ প্রার্থীকে নিয়োগ দিতে হবে। কিন্তু ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফলে সেটা অনুসরণ করা হয়নি। ওই ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

সারা দেশে সহকারী শিক্ষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার এক শ ৪৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে গতবছর ২৪ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করে। এই ফল বাতিল চেয়ে রিট আবেদন করা হয়। এ পর্যন্ত ২০টি জেলায় শিক্ষক নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

মহর্ষি মনোমোহনের জন্মোৎসবে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ

0

এ উপমহাদেশের প্রখ্যাত মরমি সঙ্গীত মলয়া’র রচয়িতা, আধ্যাত্মিক সাধক কবি মহর্ষি মনোমোহনের ১৪২ তম জন্মোৎসবে সত্যিকার অর্থে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ নেয়া হয়েছে।

শনিবার রাতে মহর্ষির জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রমের বিশাল মঞ্চে আয়োজিত জন্মোৎসব অনুষ্ঠানে এ শপথ নেয়া হয়।

আনন্দ আশ্রম কমিটির সভাপতি মহর্ষির দৌহিত্র ডা. বিল্মভূষণ দত্তের সভাপতিত্বে এতে ‘মহর্ষি মনোমোজনের জীবন ও সাধনা’ নিয়ে আলোচনা করেন মনোমোহন প্রেমী সাবেক সাংসদ (সরাইল) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব নারায়ণ দেবনাথ, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ হালিম, ইউএনও মোহাম্মদ মাসুম, ওসি রনোজিত রায়, বাংলা একাডেমিতে কর্মরত প্রাবন্ধিক মামুন সিদ্দিকী, লন্ডন প্রবাসি দয়াময়ভক্ত নাজমুল হাছান, কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, জয়দেব বর্মণ, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন মহর্ষির প্রপৌত্র স্বরূপ রতন দত্ত দয়ালমনি। বক্তারা বলেন, ‘মাত্র ৩২ বছরের স্বল্প আয়ুতে মহর্ষি মনোমোহন অসাম্প্রদায়িক চেতনার যে দর্শন রেখে গেছেন, সেটিকে সকলের হৃদয়ে ধারণ করে সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

পরে সারারাতব্যাপী মলয়া গানের আসরে বিশিষ্ট বাউল শিল্পী পাগল রফিক সরকার ও সাগর দেওয়ান সহ মলয়া শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
মহর্ষির এ জন্মোৎসবে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দয়াময় ভক্ত নারী পুরুষ যোগ দেন।

এদিকে উৎসবকে ঘিরে মহর্ষি প্রেমিক রণদা প্রসাদ সাহার উদ্যোগে উৎসবে আগত গুণীজনদের নিয়ে উৎসব স্থলের এককোণে ব্যতিক্রমী এক আড্ডাও বসে।

এছাড়া, দুই দিনের এই উৎসবকে কেন্দ্র বিভিন্ন পশরা সাজিয়ে বিশাল এক মেলাও বসে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ নাদিয়া

0

‘কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড়ো লজ্জা পাইতাম; কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সরূপ এবং পণ্ডিতমশায়দের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়।’—রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতার নিজ বয়ানে নিজেকে নিয়ে কথাগুলো বলেছেন ‘অপরিচিতা’ ছোট গল্পে।

যে নারীর রূপ শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে নারী কতটা রূপবতী ছিলেন তা কিছুটা হলেও অনুমেয়। এবার অপরিচিতা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালাহ খানম নাদিয়া। রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক। গল্পটির নাট্যরূপ দিয়েছেন ড. হারুনুর রশীদ। পরিচালনা করেছেন স্বরাজ দেব।

সম্প্রতি নারায়ণগঞ্জের পানামা নগরী ও পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে সালহা খানম নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাদিয়া বলেন, ‘কবিগুরুর গল্পে কাজ করা যেকোনো শিল্পীর জন্য আনন্দের। সময় নিয়ে নাটকটির কাজ করতে হয়েছে। চেষ্টা করেছি সে যুগের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে।’

খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

‘গাঙচিল’ মুক্তি পাবে ঈদুল ফিতরে

0

নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হচ্ছে। এতে দীর্ঘ ছয় বছর পর জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন,শুটিং শেষ হওয়ার সাথে ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করবো। ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।

২০১৪ সালে প্রকাশিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রযোজনা করছে নুজাত ফিল্মস ও ইচ্ছেমতো। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনে ‘গাঙচিল’র মহরত অনুষ্ঠিত হয়। গত বছর ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে শুরু হয় শুটিং। এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হচ্ছে।

এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১০ ও ১১ জানুয়ারি তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। শেষ দিকের শুটিং করতে আবারো তিনি বাংলাদেশে আসবেন বলে জানান নির্মাতা।

ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে আনিসুর রহমান মিলন ও তারিক আনাম খানসহ আরও অনেকে অভিনয় করছেন। যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।