Home Blog Page 3199

মোহাম্মদপুরে দুই শিক্ষার্থী অপহরণের ঘটনায় আটক ৮

0

রাজধানীর মোহাম্মদপুরে দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গাড়ি, পুলিশের পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এর সূত্র ধরে তদন্তের একপর্যায়ে অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে আটক করা হয়।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাসা থেকে বেরিয়ে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তারা আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে যাচ্ছিলেন।

নিখোঁজ ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী।

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

নতুন ট্রেন, সেতু, পানি শোধনাগারসহ একগুচ্ছ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ১১:১৫ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী আজ যেসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সেগুলো হলো- রেলওয়ের ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’; ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর এক্সপ্রেস’ ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বহর পরিবর্তন কার্যক্রম।

পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক ‘পল্লী লেনদেন’ কার্যক্রমের উদ্বোধন।

এলজিইডির বাস্তবায়নাধীন ‘গুরুত্বপূর্ণ নয়টি ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৫ হাজার মিটার চেইনেজে তিতাস নদীর ওপর ৫৭৫ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার সেতু এবং মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন মানিকগঞ্জ-সিঙ্গাইর আরএইচডি রাস্তায় কালিগঙ্গা নদীর ওপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু।

চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’র (১ম সংশোধিত) আওতায় নির্মিত ‘শেখ রাসেল পানি শোধনাগার’ এর উদ্বোধন।

খুলনা ওয়াসার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প’র আওতায় নবনির্মিত ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধন।

এছাড়া বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিএনএ পরীক্ষায় মজনুর ধর্ষণে সম্পৃক্ততা মিলেছে

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফরেনসিক বিভাগের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় গ্রেপ্তার মজনু ৭ দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছে।

মামলার আলামত হিসেবে এ ডিএনএ রিপোর্ট শিগগিরই তদন্ত সংস্থা আদালতে জমা দেবে বিচারকার্যের গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ হিসেবে।

উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বলেন, ধর্ষণের ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলোর সঙ্গে মজনুর ডিএনএ নমুনা মেলানোর পরীক্ষা করা হয় ল্যাবে।

গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে হেটে যাওয়ার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পাশাপাশি নির্যাতনও করে। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। এ ঘটনার দুইদিন পর ধর্ষক মজনুকে বনানী থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

0

১৪৪১ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

দেশের আকাশে কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সরাসরি সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২

0

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো এক হাজার মানুষ। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল এলাজিগ প্রদেশের সিভরিস শহরে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫৫মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূম্পিকম্পের কারণে ভবন ধসে পড়ে, যার কারণে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয় স্থানীয় বাসিন্দারা। কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী সিরিয়া, লেবানন এবং ইরানেও।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি আফটারশক বা ভূকম্পন অনুভূত হয়েছে। দুর্গত এলাকায় চারশর বেশি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য উদ্ধারকারী দলের সঙ্গে তাবু ও বিছানা পাঠানো হয়েছে। আবার ভূমিকম্প আঘাত হানতে পারে এই ভয়ে প্রচণ্ড শীতের মধ্যেও লোকজন ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

ভূমিকম্পটি যে এলাকায় আঘাত হেনেছে তা রাজধানী আঙ্কারা থেকে সাড়ে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত দুর্গম এবং জনবিরল এলাকা হওয়ার কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর আসতে সময় লাগতে পারে। ওই এলাকায় রাতের তাপমাত্রা নিয়মিতভাবে শূন্য ডিগ্রির নিচে নামায় সেখানে বিছানা, তাঁবু এবং কম্বল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

নাগরিকত্ব আইনের বিরোধিতায় মমতার একঝাঁক কর্মসূচি

0

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আক্রমণ জোরদার করার জন্য প্রস্তুত হচ্ছেন মমতা ব্যানার্জি। আর তার প্রথম ধাপ হিসেবে আগামী সোমবারই পশ্চিমবঙ্গের বিধানসভায় সিএএ বিরোধী এক প্রস্তাব পেশ করা হবে। এরই মধ্যে কেরালা,পাঞ্জাব ও রাজস্থানের বিধানসভায় এই ধরনের প্রস্তাব গৃহীত হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভায় মমতার দল তৃণমূল ছাড়া এই প্রস্তাবে সম্মতি দেবে কংগ্রেস এবং বাম দলগুলো। পশ্চিমবঙ্গের তৃণমূল এক নেতা বলেন, আমাদের বিধানসভায় ২৯৪ সদস্যদের মধ্যে মাত্র তিন জন বিজেপির সদস্য। তারা ছাড়া এই প্রস্তাব সবাই সমর্থন করবেন। আর তার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটা জোরালো বার্তা দেবো।

এই প্রস্তাব পাশ করানোর সঙ্গে সঙ্গে তৃণমূল সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন জোরদার করতে একগুচ্ছ পরিকল্পনা করছে। তার মধ্যে অন্যতম হলো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছানো যে সিএএ এবং এনআরসি বিজেপির বিভাজন রাজনীতির অঙ্গ। ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হবে। তাছাড়াও মমতা নির্দেশ দিয়েছেন যে নিয়মিত এলাকায় এলাকায় মানববন্ধন এবং মৌন মিছিল করতে হবে।

এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এক নেতা বলেন, দিদি একের পর এক জনসভা করবেন এবং এগুলো অধিকাংশই হবে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার সীমান্তবর্তী অঞ্চলে। বিজেপি যে মানুষকে ভুল বোঝাচ্ছে তা প্রমাণ করাই হবে এই জনসভাগুলোর মূল বিষয়।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

0

প্রাণঘাতী করোনোভাইরাসে আক্রান্ত হয়ে ডা. লিয়াং উদং নামের এক চীনা চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে ওই চিকিৎসক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই চিকিৎসক চীনের হুবেই প্রদেশের হুবেই সিনহুয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন। দেশটির সংবাদমাধ্যম চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার তিনশ ছাড়িয়েছে। এদিকে, এই ভাইরাসে সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

জানা গেছে, চীনে করোনাভাইরাসে মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গতকাল শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা সাতশ ৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আরো ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মধ্যে চারজনের মৃত্যু হয় শনিবার সকালে।

এই ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। এরই মধ্যে রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সূত্র: রয়টার্স।

মোদির রাজ্যে বামদের জয়

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাট। প্রায় ২৪ বছর টানা সেই রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। এমনকি গতবছর লোকসভা নির্বাচনেও সবকটি আসনে জয় পায় বিজেপি। এমন অবস্থায় এই রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বামদের কাছে হেরে গেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। প্রথমবার প্রার্থী দিয়েই গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাজিমাত করল বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পাঁচটি আসনের জন্য নির্বাচন হয়েছিল। এর মধ্যে তিনটি জিতেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এবং দুই আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদের মধ্যে আবার একজন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইপন্থী। এবিভিপি পাঁচটি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্তু, তাদের একজনের ভালো করতে পারেনি।

বিশ্ববিদ্যালয় স্তরে পুরনো এবং শক্তি ঘাঁটিতে এবিভিপির হার এই প্রথম নয়। এর আগে বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও হারতে হয়েছে আরএসএসের ছাত্র সংগঠনকে। সেখানে সবকটি আসনেই জয়ী হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। পরপর এবিভিপির এই হার বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে বিরোধীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় স্তরে পরিবর্তনের হাওয়া বইছে। শিক্ষার্থীদের মধ্যে বেকারত্ব এবং সরকারের আর্থিক নীতি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লড়ছেন কাউন্সিলর পদে

0

তার নাম সাহানা আক্তার। মাস্টার্সে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে জড়িয়েছেন তিনি। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন তিনি। সিটির ৪৭ নম্বর ওয়ার্ডে রেডিও প্রতীকে নির্বাচন করছেন। তিনি জানান, তার বাবা আলহাজ্ব মো. সাইদুর রহমান (সহিদ) গঠনমূলক উন্নয়ন ও সেবার কারণে ও ২৫ বছর ওয়ার্ড কমিশনার ছিলেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর গেণ্ডারিয়ার শহিদ নগর এলাকা গিয়ে দেখা যায়, সাহানা আক্তার লিফলেট বিতরণ করছেন। ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করছেন। দেখা যায়, এক বৃদ্ধা তার মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন।

সাহানা জানালেন, নারীরা এখন আর আগের অবস্থানে নেই। দিন দিন উন্নতি করছে তারা। দেশের প্রাধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নারী। দেশের রাজনীতিসহ বিভিন্ন সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছেন সফলতার সঙ্গে। এ কারণে ও তার বাবার মতো মানুষের সেবা করার জন্য তিনি কাউন্সিলর পদে লড়ছেন।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। মাদকের কারণে ইয়াং শ্রেণি বিপথে যাচ্ছে। আমার অগ্রাধিকার থাকবে মাদক নির্মূলে।

তিনি আরো বলেন, আমি যখন নির্বাচনী প্রচারে যাচ্ছি তখন ভোটার ভাই বোনদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। এলাকার মেয়ে হিসেবে তারা আমাকে নির্বাচিত করবেন বলে আশা দিচ্ছেন।

তিনি আরো জানান, এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে। নির্বাচিত হলে গ্যাস সমস্যা সমাধানেরও চেষ্টা করবো।

সাহানা বলেন, আমি এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। আমার বাবা আলহাজ্ব সাইদুর রহমান সহিদ এই এলাকায় ২৫ বছর কমিশনার ছিলেন। আমার বাবার নামে ফাউন্ডেশন রয়েছে। এই ফাউন্ডেশন থেকে এলাকার গরীব দুঃখিদের আর্থিক ও চিকিৎসা সহায়তা করা হয়। আমার বাবা বৃহত্তর সূত্রাপুরের ৬৪টি সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি নিজেও ৪৭ নম্বর ওয়ার্ডের যাবতীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তা হলে এই ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে যা যা প্রয়োজন সব কিছুই করবো। সামাজিক উন্নয়ন ও গরিব দুঃখি মানুষের জন্য আমিও বাবার মতো সার্বিক সেবায় নিয়োজিত থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। অমিও আমার বাবার মতো এলাকাবাসীর সেবক হতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রচার চালাতে গিয়ে এখন পর্যন্ত কোন বাধার সম্মুখীন হইনি।

‘কর প্রদানের বিষয়ে মানুষের অহেতুক ভীতি দূর করতে হবে’

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কর প্রদানের প্রতি মানুষের অহেতুক ভীতি রয়েছে। এই ভীতি দূর করা না গেলে কর আদায় বৃদ্ধি পাবে না। তাই কর আদায় বৃদ্ধি করতে হলে জনগণের মন থেকে কর প্রদান পদ্ধতির প্রতি ভীতি দূর করতে হবে।

আজ শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, মানুষের মন থেকে করভীতি কমাতে হলে বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির গতিশীলতা রক্ষায় জনগণের কাছ থেকে আহরিত কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, যথাযথভাবে কর আদায় করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কর আদায়ের সাথে জড়িত সকলকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যথাযথভাবে কর আদায় করতে হলে কর অফিসগুলো জনগণের আরো কাছাকাছি নিতে হবে। এজন্য উপজেলা পর্যায়েও ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। তাই সরকার এ বিষয়ে যৌক্তিকভাবে বিবেচনা করে ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশনের সভাপতি সেলিম আফজালের সভাপতিত্বে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।