Home Blog Page 3200

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাযা

0

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে এ জানাজা পড়েন তারা।

সীমান্তে হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। গায়েবানা জানাজার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

কর্মসূচি শেষ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার রাকিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে, বিনা অপরাধে অনেককে হত্যা করা হয়েছে। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে ভারত আমাদের দেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

0

১৪৪১ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিক ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

দেশের আকাশে কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সরাসরি সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

করোনাভাইরাস : বেশ কয়েকটি সীমান্তে সতর্কবস্থা

0

করোনাভাইরাস নিয়ে যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয়েছে। তবে শেরপুরের নাকগাঁওয়ের মতো অনেক সীমান্তেই এখন পর্যন্ত সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিনিধি ও সংবাদদাতাদের খবরে বিস্তারিত—

বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে সতর্কাবস্থা জারি করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সেখানে এরই মধ্যে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। আজ সকালে চেকপোস্টে আয়ারল্যান্ডের একজন, অস্ট্রেলিয়ার চারজন, কানাডার দুইজন এবং যুক্তরাষ্ট্রের একজনের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের ডা. হাসানুজ্জামান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলম জানান, করোনাভাইরাসে আক্রান্ত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদেরকে সহযোগিতা করা হচ্ছে।

হিলি সংবাদদাতা জানান, হিলি চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম বসানো হয়েছে। তবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীর স্ক্রিনিং করার কোনো যন্ত্র বসানো হয়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. প্রতাপ নন্দী, জানান, হিলি চেকপোস্টের গুরুত্ব ভেবে দিনাজপুর সিভিল সার্জনের নির্দেশে মেডিক্যাল টিম বসানো হয়েছে। হিলি চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি রফিকুজ্জামান জানান, এখন পর্যন্ত চীনের কোনো নাগরিক এই সীমান্ত দিয়ে যাতায়াত করেনি। তারপরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

শেরপুর প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন বন্দর ও সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও নাকুগাঁও স্থল-শুল্কবন্দরে আজ পর্যন্ত কোনো মেডিক্যাল টিম দেখা যায়নি। বসানো হয়নি থার্মাল স্ক্যানারের মতো কোনো যন্ত্রও। নাকুগাঁও স্থল-শুল্ক বন্দরের ইমিগ্রেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ বলেন, ‘সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার মতো কোনো নির্দেশনা পাইনি।’

শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন বলেন, ‘করোনা ভাইরাস সতর্কতা সংক্রান্ত কোনো নির্দেশনার ব্যাপারে আমার জানা নেই।’

খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের আওয়ামী লীগ সরকার সবসময়ই খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং আমরা চাই এই খেলাধুলার মধ্যদিয়েই আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে যাক।

তিনি বলেন, আর সেই লক্ষ্য নিয়েই আমরা প্রাথমিক স্কুল পর্যায় থেকেই মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।

শেখ হাসিনা আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট -২০২০’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। খেলাধুলার মধ্যদিয়ে দেশের মানুষ আরো সুনাগরিক হিসেবে গড়ে উঠুক-সেটাই আমরা চাই।

তিনি বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং দেশের মানুষের কাছেও এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।

জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই ৬ষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দল। ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন এবারও শিরোপা জয় করে।

অনেক জল্পনা-কল্পনার পর পাওয়ার ফুটবলের অনুপম প্রদর্শনীতে আফ্রো-এশিয়ার এই ফাইনালে শেষ হাসি হেসেছে এশিয়ার প্রতিনিধি এবং বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। অবশ্য মাত্র ৪৮ লাখ ১৭ হাজার জনসংখ্যার দেশ হলেও এশিয়ার প্রতিনিধি ফিলিস্তিন ফিফা র‌্যাংকিংয়ে (১০৬) প্রতিপক্ষ বুরুন্ডি (১৫১) থেকে অনেকটাই এগিয়ে ছিল।

১৫ জানুয়ারি শুরু হওয়া এবারের ৬ জাতির টুর্নামেন্টের সেমিফাইনালে বুরুন্ডির কাছেই ৩-০ গোলে পরাজিত হয় স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে সিসেলসকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফিলিস্তিন। টুর্নামেন্টের অন্য দুটি দল ছিল মরিশাস এবং শ্রীলংকা।

ইতোপূর্বে মালয়েশিয়া লাল দল, জাপানের একটি ক্লাব একাদশ, মালয়েশিয়া অনুর্ধ্ব ২২ দল, নেপাল এবং গতবার ফিলিস্তিন বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয় করে।

প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন ফিলিস্তিন দলের ক্যাপ্টেন ও কর্মকর্তাদের হাতে শিরোপা’র ট্রফি এবং ৩০ হাজার মার্কিন ডলারের প্রাইজমানির চেক তুলে দেন।

রানার্স আপ দল বুরুন্ডি ২০ হাজার মার্কিন ডলারের অর্থের চেক লাভ করে।

প্রধানমন্ত্রী উভয় দলের খেলোয়াড়, কর্মকতা এবং ম্যাচ অফিসিয়িালদের হাতে ব্যক্তিগত পুরস্কারও তুলে দেন।

বুরুন্ডির আক্রমন ভাগের খেলোয়াড় সিমিরিমানা জসপিন ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ এবং একসঙ্গে সেরা খেলোয়াড় হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘গোল্ডেন বল’ পুরস্কার গ্রহণ করেন। এছাড়া টুর্নামেন্টের ‘ফেয়ার প্লে’ ট্রফি ও জয় করে চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

এর আগে প্রধানমন্ত্রী খেলার প্রথমার্ধের শেষ দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন এবং অবশিষ্ট খেলা ভিআইপি গ্যালরিতে বসে উপভোগ করেন। এ সময় বাংলাদেশ সফররত ব্রাজিল বিশ্বকাপ দলের গোলরক্ষক জুলিও সিজার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, জেষ্ঠ্য সহসভাপতি সালাম মুর্শেদী এমপি, ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং বাফুফে’র কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় আমি সকলকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, যারা অংশগ্রহণ করেছেন এবং সমর্থন দিয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছেন- আমাদের বন্ধু প্রতীম দেশ ফিলিস্তিন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।

তিনি বুরুন্ডি সহ অংশগ্রহণকারী সকল দেশের খেলোয়াড়. কর্মকর্তা ,কোচিং স্টাফ, টুর্নামেন্টের আয়োজক এবং মাঠে আগত সকল দর্শককেও ধন্যবাদ জানান।

বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী দলগুলোর উদ্দেশে বলেন, আমি আশাকরি আপনারা বাংলাদেশকে পছন্দ করেছেন। বাংলাদেশ একটি সুন্দর দেশ। আমরা আশাকরি আপনারা আগামীতেও আসবেন এবং আমাদের প্রতিযোগিতাগুলোতে অংশ গ্রহণ করবেন।

তিনি বলেন, আমরা আশাকরি আগামীতে এ ধরনের আরো অনেক টুর্নামেন্ট আয়োজন করবো।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

0

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ কাস্টমস নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের বাণিজ্য গতিসঞ্চার করে সরকারের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০’ পালিত হচ্ছে জেনে সন্তোস প্রকাশ করেন। এ উপলক্ষে বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও অংশীজনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজস্ব আহরণের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশীয় শিল্প সুরক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কাস্টমসের অবদান অপরিসীম।

এ প্রেক্ষাপটে এ বছরের আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘জনগণ তথা বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করতে কাস্টমস’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুর হামিদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ড আমদানি-রপ্তানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও খালাসের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশ্বস্ত করদাতাদের দ্রুত সেবা প্রদান, আমদানি-রপ্তানি সরলীকরণ, কন্টেইনার বা কার্গো স্ক্যানারসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন এর মাধ্যমে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণসহ বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বাররক্ষী হিসেবে বাংলাদেশ কাস্টমস নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের বাণিজ্যে গতিসঞ্চার করে সরকারের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০’ এর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

‘বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, ‘২০০৮-২০০৯ অর্থবছরের তুলনায় আমদানি শুল্ক থেকে রাজস্ব আহরণ তিনগুণের অধিক বৃদ্ধি পেয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে ৬৩ হাজার ৩৮২ কোটি টাকায় উন্নীত হয়েছে। আমাদের গৃহীত এসকল পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে; বিশ্বে ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’

আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছরের আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘জনগণ তথা বিশ্ব উন্নয়ন তরান্বিত করতে কাস্টমস।’

বাংলাদেশ কাস্টমস তাদের পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ই মার্চ ২০২১ সময়কে মুজিববর্ষ ঘোষণা করেছি। এ সময়ে বাংলাদেশ এবং ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছিলেন। যার ফলে দেশে রাজস্ব আদায়ের বহুমুখী খাত সৃষ্টি হয়েছিলো। জাতির পিতার সুযোগ্য নেতৃত্ব ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরেই যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশে রূপান্তরিত হয়েছিলো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে পরপর তিনদফা সরকার গঠন করে সমগ্র দেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা কাস্টমস আইন, ১৯৬৯ রহিত করে যুগোপযোগী, সহজ, সমন্বিত ও সুসংহত নতুন কাস্টমস আইন, ২০১৪ প্রণয়ন করেছি, যা ২০১৬ সালের ১ জুলাই হতে কার্যকর হয়েছে।’

শেখ হাসিনা বলেন, আমাদের সরকার ‘কাস্টম মডারেনাইজেশান স্ট্যাটেজিক এ্যাকশান প্লান- ২০১৯-২০২০’ শীর্ষক পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ লক্ষ্য অর্জনের সাথে সামঞ্জস্য রেখে অতি সংবেদনশীল তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরো সহজতর করেছি। ইতোমধ্যে আমরা ৩৮টি ভিন্ন মন্ত্রণালয়/সংস্থার সমন্বিত সেবা কার্যক্রম ন্যাশনাল সিঙ্গেল উইনডো বাস্তবায়ন শুরু করেছি।

তিনি বলেন, ‘১৯৫২ সালের ২৬ জানুয়ারি জেনারেল এগ্রিমেন্ট ওন ট্যারিফ এন্ড ট্রেড- (জিএটিটি)-এর মূলনীতির উপর ভিত্তি করে বিশ্ব কাস্টমস সংস্থা (ডাব্লুসিও) আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকাল থেকেই সংস্থাটি আধুনিক ও সহজতর রাজস্ব আদায়ের লক্ষ্যে এর সদস্যভুক্ত দেশগুলোকে নেতৃত্ব, পরামর্শ ও সহযোগিতা প্রদান-সহ বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে।’

শেখ হাসিনা বলেন, ‘এ বছর সংস্থাটি সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং পরিবেশগত দিকসমূহকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সদস্যভুক্ত ১৮৩টি দেশের টেকসই ভবিষ্যৎ অর্জনে কাস্টমস এর সক্রিয় ভূমিকার উপর গুরত্বারোপ করেছে। তাছাড়া, জলবায়ু পরিবর্তন ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের উপরেও জোর দিয়েছে।’

প্রধানমন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০’ পালন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উপলক্ষে বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও অংশীজন-সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ছাত্রলীগ কোনো তদবির পার্টি নয় : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ছাত্রলীগ কোনো তদবির পার্টি নয়। ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শিক সংগঠন। ছাত্রলীগকে দেশের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের গৌরব ধরে রাখতে হবে পীরগাছা উপজেলা ছাত্রলীগকে। ছাত্রলীগ হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হবে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন ও পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ শাফায়েত জামিল প্রমুখ।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পীরগাছা উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ, সংগঠনের সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

বঙ্গবন্ধু টানেল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কর্ণফুলি টানেল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

তিনি বলেন, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে এই টানেল এক নতুন মাত্রা যোগ করবে।

আজ চট্টগ্রামস্থ কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ প্রকল্প সাইট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নির্মাণকাজ প্রত্যক্ষ করার সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, সমগ্র বিশ্ববাসীর কাছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

এসময় সাইট অফিসে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রকল্প ম্যানেজার, প্রকল্প পরিচালক ও চায়না কন্সট্রাকশন কমিউনিকেশনস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর কাজ প্রায় অর্ধ-শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে যা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে হুইপ সামশুল হক চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ এমপি, বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

কাশ্মীরে ফের চালু হলো ২জি ইন্টারনেট মোবাইল পরিষেবা

0

অবশেষে ভারতে জম্মু-কাশ্মীরে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রায় ছয় মাস পরে আজ শনিবার থেকে এই পরিষেবা চালু হলো। তবে আপাতত শুধুমাত্র কম গতির ২জি পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। বেশ কিছু বিধিনিষেধ বহাল রেখেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু করল প্রশাসন।

জানা গেছে, আজ শনিবার থেকে ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলেও আপাতত শুধুমাত্র ‘হোয়াইটলিস্টেড’ নির্দিষ্ট কয়েকটি সাইটই দেখতে পাবেন কাশ্মীরবাসী। পাওয়া যাবে না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের সিমেই ইন্টারনেট চালু হল। ৩১ জানুয়ারি ফের উপত্যকায় ইন্টারনেট পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসন।

গত সপ্তাহে কুপওয়ারা ও বারামুল্লা জেলায় ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। কাশ্মীরে কয়েকটি সরকারি অফিস, হাসপাতাল এবং হোটেলে গত সপ্তাহে ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়। এর আগে সুপ্রিম কোর্টও জানায় যে শান্তিরক্ষার নামে কাশ্মীরে অনন্তকাল ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না।

তীব্র ভূমিকম্পে কাঁপল তুরস্ক; নিহত ১৮, আহত ৫ শতাধিক

0

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এই ভূমিকম্পে অন্তত জন ১৮ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তুর্কি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইলাজিগ প্রদেশের সিভিরিস শহর। ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এসেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি আফটারশক বা ভূকম্পণ অনুভূত হয়েছে। দুর্গত এলাকায় ৪০০’র বেশি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য উদ্ধারকারী দলের সঙ্গে তাবু ও বিছানা পাঠানো হয়েছে।আবার ভূমিকম্প আঘাত হানতে পারে এই ভয়ে প্রচণ্ড শীতের মধ্যেও লোকজন ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, তা প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেও অনুভূত হয়েছে। তবে ওই তিন দেশে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ নিহত হয়েছিল।

সূত্র : আল-জাজিরা, দ্য ইন্ডিপেন্ডেন্ট