Home Blog Page 3202

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

0

উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘গজনভি’ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে ক্ষেপণাস্ত্রটি দ্বিতীয়বারের মতো সফল উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

‘গজনভি’ নামে এই স্থল ক্ষেপণাস্ত্রটি দিয়ে ২৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানা যাবে বলে জানিয়েছে পাকিস্তান।

এ ব্যাপারে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে। এর উদ্দেশ্য হল সেনা কৌশলগত কমান্ড বাহিনীর অভিযানের প্রস্তুতি পরীক্ষা করা।

‘গজনভি’ পাকিস্তানের স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের হাতে শাহিন ও গৌরি নামেও আরও দুটি একই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে।

সূত্র: দ্য ডন

মায়ানমারের দাবি, রাখাইনে গণহত্যা হয়নি

0

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় বিতর্কে মায়ানমার সরকার। দ্য হেগ থেকে এই রায়দানের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সু চির দেশ। তবে প্রত্যশিতভাবেই নীরব দেশটির নেত্রী সু চি। নোবেল জয়ী নেত্রীর নীরবতা নিয়েও সরব হচ্ছে আন্তর্জাতিক মহল।

দেশটির সরকার বিবৃতিতে বলেছে, তাদের দেশে কোনো গণহত্যা হয়নি। যুক্তি হিসেবে তুলে ধরা হয়, নিজেদের সরকার গঠিত ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব এনকোয়ারির রিপোর্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, রাখাইনে কোনো ধরনের গণহত্যার আলামত খুঁজে পাওয়া যায়নি।

মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আফ্রিকার দেশ গাম্বিয়া দায়ের করেছিল মামলা। সেই মামলায় আন্তর্জাতিক আদালত(আইসিজে) অন্তর্বর্তীকালীন আদেশে বলে, রোহিঙ্গাদের নিধন রুখতে ব্যবস্থা নিতে হবে মায়ানমারকেই।

মায়ানমারের বিদেশ মন্ত্রণালয় জানাচ্ছে, রাখাইন প্রদেশে কোনো গণহত্যা হয়নি। সেখানে যুদ্ধ অপরাধ হয়েছে। এই মামলাগুলোর তদন্ত চলছে।

২০১৭ সালের অগস্ট মাসে রাখাইন প্রদেশ রোহিঙ্গাদের ওপর হামলা হয়। অভিযোগ ওঠেছিল, সেখানে গণহত্যা ও গণধর্ষণ হয়। পরে রাখাইন থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম, টেকনাফে আশ্রয় নেন।

খাবার দেখে বাংলাদেশি সন্দেহ, শ্রমিকদের তাড়িয়ে দিলেন বিজেপি নেতা

0

নিজের বাড়িতেই বাংলাদেশি খুঁজে পেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সেটাও আবার শ্রমিকদের খাদ্যাভ্যাস দেখে সন্দেহ হয়েছে বিজেপির এই নেতার। বিষয়টি তার অদ্ভুত লেগেছে বলেই সম্মেলনে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তার সেই মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এর আগে ঝাড়খণ্ড নির্বাচনের সময় জনসভায় বক্তব্য দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিক্ষোভকারীদের পোশাক দেখে চেনা যায়। সেই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মোদি। এবার সেই পথেই হেঁটে খাবার দেখে বাংলাদেশি চিহ্নিত করে দিলেন বিজেপির এই নেতা।

জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে একটি সম্মেলনে বৃহস্পতিবার কৈলাস বলেন, সম্প্রতি তার বাড়িতে একটি অতিরিক্ত ঘর তৈরির কাজ হচ্ছিল। তখন কিছু শ্রমিক তার বাড়িতে কাজ করছিলেন। তাদের খাবার দেখে সন্দেহ হয় কৈলাসের। তারা নাকি চিঁড়ে খাচ্ছিলেন।

শ্রমিকদের চিঁড়ে খেতে দেখেই তাদের বাংলাদেশি বলে সন্দেহ হয় কৈলাসের। সে কথাই তিনি সম্মেলনে বলেন। তিনি জানিয়েছেন, আমার সন্দেহ তারা বাংলাদেশি ছিল। দু’দিন দেখার পর আমি বাড়ির কাজ বন্ধ করে দিই। আমি পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ করিনি। কিন্তু সবাইকে সাবধান থাকার জন্য জানালাম।

বিজেপির এই নেতার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। মূলত চিঁড়ে বাঙালিরাই খায়, এমনটা নয়। ভারতের বহু রাজ্যে এর ভিন্ন ভিন্ন নাম। চাল থেকে তৈরি হওয়া এই খাবার কখনো ভেজে, আবার পানিতে বা দুধে ভিজিয়ে খাওয়া যায়। কেউ কেউ আবার শুকনো খাওয়া যায়। সুলভ মূল্যের এই খাদ্য ভারতবর্ষের বহু রাজ্যের মানুষ খান।

পুষ্টিগুণে পূর্ণ এই খাবার ধনী-গরিব সব শ্রেণির মানুষের কাছেই গ্রহণযোগ্য খাবার। কিন্তু বিজেপি নেতা খাবারের মধ্যেও বিভাজনের নীতি প্রয়োগ করছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর চিঁড়ে শুধু বাংলা ভাষীদের খাবার নয় বা বাংলায় কথা বললেই যে তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দিতে হবে এমনটাও কারণ নয় বলে মত বিরোধীদের।

অস্ট্রেলিয়ার রাজধানীর পাশেই ভয়াবহ দাবানল, বিমান ওঠা-নামা বন্ধ

0

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা’র দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের জেরে পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই দাবানল গত বুধবার পিয়াল্লিগো বনে দেখা দেয়। এরপর বৃহস্পতিবার মলঙ্গো নদীর তীর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। পরে বেয়ার্ড শহরতলি, হারমান এবং ওকস এস্টেটের কাছেও দাবানল দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

এর আগে ক্যাল্লারো রোড এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি দ্বিতীয়বারের মতো সেখানে এ ধরনের ঘটনা ঘটল।

গতকাল বিকেলে দাবানলের জেরে সেখানে জরুরি সতর্কতা জারি করা হয়। যদিও গতকাল রাত ৯টার দিকে দাবানল কিছুটা কমেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে সে দেশের ইমার্জেন্সি সার্ভিস অ্যাজেন্সি দাবানল পর্যবেক্ষণ করছিল। তবে রাত ৮টা ৪৫ মিনিটেই তারা জানিয়ে দেয়, দাবানল কিছুটা গতি কমিয়ে শিথিল হচ্ছে।

তারা আরো জানায়, দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো ঘরবাড়ি পুড়ে যায়নি। গতকাল দিনের বেশিরভাগ সময় বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে বিকেলে কয়েকটি বিমান ঝুঁকি নিয়েও ছেড়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়নি। তবে যাত্রীদেরকে তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে যাত্রার সময় জেনে নিতে বলা হয়েছে।

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে মধ্যস্থতার আহ্বান ইমরান খানের

0

বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) যোগ দিতে গিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ইমরান খান বলেন, কাশ্মীর বিতর্কের প্রধান কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। আর তাই আন্তর্জাতিক সংস্থগুলোর এটি বন্ধ করা এবং বিশেষভাবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা চরমে ওঠে। একই সঙ্গে পাকিস্তান ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে সব ধরনের কূটনীতিক সম্পর্ক বাতিল করে। এছাড়া তারা এ বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভারত প্রথম থেকেই এটিকে ‘নিজেদের অভ্যন্তরীণ’ বিষয় বলে দাবি করে আসছে।

এদিকে, কাশ্মীরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনে নিপীড়নের শিকার উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের পাশে প্রকাশ্যে দাঁড়াতে রাজি হননি। ইমরান খান বলেন, বহু বিপদে পাশে দাঁড়ানো ভালো বন্ধু চীনের সঙ্গে এ বিষয়টি নিয়ে ঘরোয়া আলোচনা সম্ভব। প্রকাশ্যে নয়। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

চীনে উইঘুর মুসলিমরা নির্যাতনের স্বীকার হচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে ইমরান খান বলেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। তাই চীনের সঙ্গে উইঘুর ইস্যু নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চায় ইসলামাবাদ।

তিনি আরো বলেন ‘মূলত দু’টি কারণে উইঘুর ইস্যু নিয়ে চুপ রয়েছে পাকিস্তান। প্রথমত, কাশ্মীরে যা ঘটছে আর তার মাত্রা যতটা, সেই নিরিখে চীনে উইঘুরদের ওপর অত্যাচারের অভিযোগের কোনো তুলনাই হয় না। দ্বিতীয়ত, চীন আমাদের খুব ভালো বন্ধু। নানা সময়ে আমাদের অর্থনীতির বিপদে-আপদে, আমাদের সঙ্কট তারা আমাদের পাশে এসে দাঁডিয়েছে। আর তাই উইঘুর বিষয়টি আমরা ঘরোয়া আলোচনায় তুলতে পারি। কখনোই তা নিয়ে প্রকাশ্যে বলাটা আমাদের উচিত হবে না।

এবার ক্রিকেটারের ভূমিকায় আতিকুল!

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে এবার দেখা গেল ক্রিকেটারের ভূমিকায়।

শুক্রবার সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত দ্বিতীয় বিভাগের একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আতিকুল। সেখানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে তিনি এক পর্যায়ে খেলতেও নামেন।

এর আগে ভোটের প্রচারে চাওয়ালার ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোচনায় আসেন তিনি।

মাঠে অন্যরা খেলা শুরু করার কিছুক্ষণ পর গ্লাভস, প্যাড, হেলমেট পরে মাঠে নেমে যান আতিকুল ইসলাম। একজন স্পিনার আতিককে বল করলে তিনি তিনটি বল বাউন্ডারিতে পাঠান। পরে ওই বোলারের বলেই বোল্ড হয়ে ফিরে আসেন মাঠের বাইরে।

এরপর তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের যুব সমাজ নানা কারণে ডিপ্রেসনে চলে যাচ্ছে। আমাদের সমাজে এমন কোনো ঘর নাই যেখানে কেউ না কেউ এ সমস্যায় আক্রান্ত। আমরা হয়ত লোকলজ্জার ভয়ে সমাজের সামনে বিষয়টি আনি না। খেলাধুলা থাকলে যুব সমাজ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি।’

এ সময় আতিক আরো বলেন, ‘জয়যুক্ত হলে আমি কথা দিতে পারি মাঠগুলোকে অবশ্যই ফিরিয়ে আনব। খুশি হবেন যে আমরা ২৪টি পার্ক এবং মাঠের কাজে হাত দিয়েছি, এসব মাঠের মধ্যে কয়েকটি হবে মাল্টিপারপাস। সেখানে ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করা যাবে।’

এরপর তিনি আশপাশের মানুষের কাছে প্রচারপত্র বিলি করেন এবং নৌকা মার্কায় ভোট চান।

পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত

0

টুঙ্গিপাড়ায় যখনই আসেন পিতার সমাধিতে কোরাআন তেলাওয়াত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারো তার ব্যতিক্রম হয়নি।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) শীত সকালে হেলিকপ্টারে চেপে বসেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োযানটি। খানিক পরে সেখানে পৌঁছান আওয়ামী লীগের নবগঠিত কমিটির বাকি নেতৃবৃন্দ। সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর যথারীতি জাতির পিতার কবরের পাশে বসেন প্রধানমন্ত্রী। সেখানে কোরাআন তেলাওয়াত করতে শুরু করেন তিনি।

এর আগে হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ কমপ্লেক্স এলাকায় পৌঁছান। নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রী কোরান তেলাওয়াত করতে বসেন সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতর বঙ্গবন্ধুর সমাধির পাশে।

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নবগঠিত কমিটি

0

কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পৌঁছাতে বিলম্ব হওয়ায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পর দুপুর ১টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নামাজের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান।

আরো তিন দিন থাকবে শৈত্যপ্রবাহ

0

শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙামাটি ও নওগাঁ অঞ্চলের ওপর দিয়ে। গতকাল বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে।

বার্তা সংস্থা বাসস জানায়, দেশের কিছু কিছু এলাকায় বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আরো দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন গতকাল বৃহস্পতিবার জানান, চলতি জানুয়ারি মাসে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বরং মাসের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডায় কাহিল কুড়িগ্রামের জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখা মিলছে না। গতকাল সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল সকালে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চরমভাবে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলায় শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশার কারণে গাড়ি চলছে ফগলাইট জ্বালিয়ে। শীতে নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে পড়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আগের দুই দিনের চেয়ে কিছুটা বাড়লেও উত্তুরে বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় অব্যাহত রয়েছে।

টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর মাজার কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা পৌঁছালে তাঁদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আজ টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম সভা হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পতাকা ও তোরণ দিয়ে টুঙ্গিপাড়াকে সুশোভিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও রঙের কাজ করা হয়েছে।