Home Blog Page 3203

সংসদে আজহারী ও তারেক মনোয়ারের ওয়াজের বিষয় উত্থাপন

0

সম্প্রতি মিজানুর রহমান আজহারী ও তারেক মনোয়ার যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষ নিয়ে ওয়াজ করেছেন বলে অভিযোগ আসে। সাঈদীর পক্ষ নিয়ে মাহফিল করায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জাতীয় সংসদে।

বিষয়টি উত্থাপন করেছেন সংসদ সদস্য ও সাংবাদিক নেতা মো.শফিকুর রহমান। তার বক্তব্যের শেষে সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য আসছে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন। প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছে, বিচারে তার শাস্তি হয়েছে। এখন কিছু লোক একজনের নাম মিজান আরেক জনের নাম মনোয়ার। তারা বলছেন ঘরে ঘরে দেলাওয়ার হোসাইন সাঈদী বেরিয়ে আসবে। শুধু তাই না, একজন বলছে, এখন আর তীর ধনুকের যুগ না, এখন একে ফোরটি সেভেনের যুগ। এটি প্রচ্ছন্ন নয়, প্রকাশ্যে হুমকি। এতে মনে হয়, জামায়াত-শিবির-রাজাকার তৎপর হয়ে গেছে।

শফিকুর রহমান বলেন, জামায়াত-শিবিরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধাদের নামের প্রতিষ্ঠান হয় না। আমার বুন্ধ শহীদ জাবেদের নামে হাইস্কুল আছে, সেই স্কুলে বিল্ডিং হয়নি।

জিয়াউর রহমানের শহীদ বিতর্ক নিয়ে শফিকুর রহমান বলেন, জিয়া কোথায় যুদ্ধ করেছে? একটা জায়গা দেখাক। শুধু ষড়যন্ত্র করেছে মোস্তাকের নেতৃত্বে। শেষের দিকে মুজিবনগর সরকারের কাছে ষড়যন্ত্র ধরা পরলে মোস্তাককে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হয়েছে। আর জিয়াউর রহমানকে ইনঅ্যাকটিভ করে রেখেছিলেন, এটিই হচ্ছে বাংলাদেশের সত্যিকার ইতিহাস।

ঢাকায় ৭ বছ‌রের শিশুকে ধর্ষণ করে হ‌বিগঞ্জ থেকে গ্রেপ্তার

0

ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণে অভিযুক্ত জুবায়ের আহমেদ তালুকদারকে (২৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। অভিযানের বিষয়টি টের পেয়ে পার্শ্ববর্তী বাসার ছাদের ট্যাংকির পেছনে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব-৩ টিমের সদস্যরা। গ্রেপ্তারকৃত জুবায়ের লাখাই উপজেলার মুড়াকরি (রোহিতোনশি) এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান,গত ১৬ জানুয়ারী ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকতো শিশুর পরিবার। সকালের দিকে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ২২ জানুয়ারী রাতে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল ফোনে ট্রাকিংয়ের মাধ্যমে র‌্যাব-৩ এর সদস্যরা বিকেল থেকেই হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার একটি বাসার ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত হোসেন আরো জানান, শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে, র‌্যাবের অভিযানের খবর পেয়ে ওই এলাকায় শত-শত উৎসুক জনতা ভীড় জমায়। এ সময় র‌্যাব সদস্যরা সবাইকে শান্ত থেকে র‌্যাবকে সহযোগিতা করার জন্য বলেন। এর পরপরই জনতা র‌্যাবের অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুবায়েরকে গ্রেপ্তার করার পর তার দৃষ্টান্তুমূলক শাস্তি দাবী করেন।

ভোর রাতের আগুনে পুড়ল মিরপুরের চলন্তিকা বস্তি, দগ্ধ ১

0

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ আগুনের খবর পাওয়া যায়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা।

পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাচ্ছে

0

বাসা-বাড়িতে নয়, শিল্প-কারখানায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আমাদের মহামূল্যবান গ্যাস সকলেই চান তার বাসার চুলায় নিতে। কিন্তু আমরা এই বিষয় থেকে বিরতি নিতে চাই।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৩৭ বিধিতে আনীত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে এ সব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমরা কোন খাতে গ্যাস দিবো? যদি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করি, তাহলে সেখানে যে এনার্জি তৈরি হয় সেটার এফিশিয়েন্সি ৬৫ শতাংশ। আর বাসার চুলাতে যে গ্যাস ব্যবহার করলে তার এফিশিয়েন্সি ৫ শতাংশ। দুইটি চুলায় এক মাসে যে পরিমাণ গ্যাস ব্যবহার করে, সেই গ্যাস দিয়ে যদি গার্মেন্টসের ব্রয়লার চালানো হয়, তাহলে একশো লোকের কর্মসংস্থান তৈরি হয়। কাজেই গুরুত্বটা কোথায়? বুঝতে হবে। অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে ৯ টাকা আর সেই গ্যাস বিক্রি করছি গড়ে ৭ টাকায়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাসের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। গ্যাসের চাহিদার ক্ষেত্রে স্বস্তির লেবেল তৈরি করার জন্য এই ভর্তুকি দেওয়া হচ্ছে। যে গ্যাস আমদানি করছি সেখানেও প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। যে পরিমাণ গ্যাস আমাদের শিল্পে ব্যবহার করা হয় সেখানেও যাতে স্বস্তি তৈরি হয়।

তিনি আরো বলেন, গ্যাসের ব্যবহার বিষয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে ভোলায় বিদ্যুৎ কেন্দ্র ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রয়োজন নেই। তাই শিল্প এলাকায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাবে।

‘রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করেছে’

0

দেশের বিদ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের ধারাবাহিকতায় দেশের অব্যাহত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একদিকে যেমন অভ্যন্তরীণ ভীতকে মজবুত করেছে, অন্যদিকে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। বছরের প্রথম প্রান্তিকের অগ্রগতির চিত্র দেখে নির্দ্বিধায় বলা যায়, আমরা সঠিক পথে রয়েছি। বর্তমান অর্থবছরেও অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ সব কথ বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী বাজেট ২০১৯-২০; প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত বাজেটের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনে তিনি আরো বলেন, জিডিপির উচ্চ প্রবৃদ্ধি, মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি, প্রবাস আয় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগের উর্ধ্বগতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রা বিনিময়ের হারের স্থিতিশীলতা নির্দেশ করে যে, আমরা কাক্ষিত লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়ে চলেছি।

ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছে মোট লক্ষ্যমাত্রার ১৪ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১১ কোটি টাকা। এর মধ্যে প্রথম প্রান্তিকে আদায় হয়েছে ৫৫ হাজার ৪৯৩ কোটি টাকা। রাজস্ব আহরণের পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কম। এ সময়ে কর রাজস্ব আহরণের পরিমাণ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং কর বর্হিভূত রাজস্ব আহরণের পরিমাণ ৪৫ দশমিক এক শতাংশ কমেছে। রাজস্ব আহরণ বাড়াতে সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে চলতি অর্থবছরে অবশিষ্ট সময় রাজস্ব আহরণের গতি আনবে।

বাজেট বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের বিগত সময়ের ধারাবাহিকতায় গৃহীত নীতি কৌশলসমূহের কারণে একদিকে যেমন খাদ্য মূল্যস্ফীতিসহ সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ভৌত ও সামাজিক অবকাঠামো খাতে অগ্রাধিকার ভিত্তিক সম্পদ সঞ্চালনের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সুসংহত হয়েছে। আবার কঠোর পরিবীক্ষণের কারণে চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নে অগ্রগতি ও বিদ্যুত-জ্বালানি খাতে উন্নতি সাধিত হয়েছে।

বাজেটের প্রথম প্রান্তিকের বিশ্লেষণ করে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ১৯৩টি অর্থনীতির মধ্যে ৪০তম স্থান অধিকার করেছে; বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ২৫তম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ অনুযায়ী বাংলাদেশ এশিয়াতে সর্বোচ্চ জিডিপি অর্জনকারী দেশের মর্যাদা লাভ করেছে। এছাড়াও বিভিন্ন আর্থ-সামাজিক সূচকের ক্ষেত্রে আমাদের অভাবনীয় উন্নতি বিশ্বপরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি উজ্জল করেছে।

মন্ত্রী মুস্তফা কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তির এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই, সরকারের গৃহীত এ সকল কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রবৃদ্ধির কাক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকষ ও সুযোগ্য নেতৃত্বে সর্বমহলের প্রত্যয়ী ও কার্যকর অংশগ্রহণে আমরা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন করবো এবং বদ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্লান- ২০১১) বাস্তবায়নে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবো। সর্বোপরি, আমাদের কঠোর শ্রম ও আত্মপ্রত্যয়ে বলীয়ান হয়ে বাংলাদেশ আগামী ২০৪১ সালের মধ্যে একটি সুখি, সমৃদ্ধ ও উন্নত দেশে উত্তরণের পথে এগিয়ে যাবে।

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সুচারু পরিচালন দক্ষতায় বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল হওয়ার কাক্ষত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ ও টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন পুরোদমে এগিয়ে চলছে এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের শেষ বছর চলছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অন্যতম সহায়ক বিদ্যুত-জ্বালানি, অবকাঠামো ও যোগাযোগ খাতে মেগাপ্রকল্প বাস্তবায়নসহ ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, মানব সম্পদ উন্নয়ন, সেবাখাতের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাবি

0

মুজিববর্ষে উপলক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর বিশেষ সমাবর্তন আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে মুজিববর্ষ উদযাপনে গঠিত সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, রেজিস্ট্রার এনামউজ্জামান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্যভাবে মুজিববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুজিববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ঢাবির বিশেষ সমাবর্তন ৫ সেপ্টেম্বর

0

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

আজ বৃহস্পবিার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। নোবেল বিজয়ী বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়াও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সারা দেশে ৪৯ হাজার নদী দখলদার চিহ্নিত : নৌপ্রতিমন্ত্রী

0

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদে জানিয়েছেন, সারা দেশে সর্বমোট ৪৯ হাজার ১৬২ জন নদ-নদী দখলদারদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকা অনুসারে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে নদ-নদীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ।

জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, সারা দেশে অবৈধ দখলদারদের প্রস্তুতকৃত তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট সকল জেলা তথ্য বাতায়নে আপলোড করে সর্বসাধারণের পাঠ ও অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

নদ-নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করার কার্যক্রমটি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ নদী বন্দর হতে প্রণীত তালিকা অনুযায়ী বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সাড়ে ২১ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য নদী বন্দরগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করার বিষয়টি অব্যাহত রাখা হবে।

মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী- কুমিল্লা জেলায় সর্বাধিক ৫ হাজার ৯০৬ জন অবৈধ দখলদার রয়েছে। এ ছাড়া নোয়াখালী জেলায় ৪ হাজার ৪৯৯ জন, চট্টগ্রামে ৪ হাজার ৭০৪, কুষ্টিয়ায় ৩ হাজার ১৩৪, বরিশাল জেলায় ২ হাজার ২৭২, ময়মনসিংহ জেলায় ২ হাজার ১৬০ জন অবৈধ দখলদার রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকারের ভিশন ২০২১, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি এবং সুনীল অর্থনীতি কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বিএসসির কৌশলগত পরিকল্পনায় এই ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন অবহেলিত বিএসসিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ দিকনির্দেশনা ও সহযোগিতায় বিএসসির জন্য ৬টি নতুন জাহাজ সংগ্রহ করা হয়েছে।

সরকারি দলের শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারা বাংলাদেশের চলমান সকল নৌপথ সংরক্ষণ ড্রেজিংয়ের জন্য ১০৮ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ হতে প্রয়োজন অনুসারে আরিচা-নগরবাড়ী হয়ে বাঘাবাড়ি পর্যন্ত নৌপথ ড্রেজিংয়ের কার্যক্রম চলমান আছে।

ইসরায়েলি পুলিশকে ফ্রান্সের প্রেসিডেন্টের কড়া ধমক

0

ইসরায়েলে গিয়ে দেশটির নিরাপত্তারক্ষীদের একহাত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার জেরুজালেমে ফ্রান্সের তৈরি ঐতিহাসিক চার্চ সেন্ট এন্যির সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফ্রান্সের সরকারি সূত্রের বরাতে তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, জেরুজালেমে সেন্ট এন চার্চের সকল দায়িত্ব ফ্রান্সের। নগরীর ওই অংশের সকল নিরাপত্তার বিষয়টি দেখভাল করে ফ্রান্স সরকার।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো যখন চার্চে প্রবেশ করতে যান সে সময় ইসরায়েলের কিছু নিরাপত্তাকর্মীও চার্চে প্রবেশ করেন। সে সময় ইসরায়েলের নিরাপত্তাকর্মীরা যে চার্চে অনধিকার প্রবেশ করছেন সে কথা স্মরণ করিয়ে দেন ইমানুয়েল ম্যাঁক্রো। সে কথা বলতে গিয়ে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে ম্যাঁক্রোর এমন আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ম্যাক্রো ইসরায়েলের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, ‘এখানে প্রত্যেকেই নিয়ম কানুন জানে। আপনি আমার সামনে যা করেছেন তা একেবারেই পছন্দ করছি না।’

এরপর ওই পুলিশ কর্মকর্তার দিকে আঙ্গুল উঁচিয়ে তিনি বলেন, ‘এখনই বের হয়ে যাও।’

এদিকে এমন ঘটনার পর ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানায়, চার্চে ইমানুয়েল ম্যাঁক্রোর নিরাপত্তার জন্যেই ওই নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা আরও জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট চার্চ ত্যাগ করার পর ফরাসি সরকারি কর্মকর্তারা বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছেন। তবে এ বিষয়ে ফরাসী সরকারি সূত্রে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোহিঙ্গাদের হত্যা ও নিপীড়ন করা যাবে না : আইসিজে

0

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার অন্তর্বর্তী রায়ে রোহিঙ্গাদের হত্যা কিংবা শারীরিক-মানসিক আঘাত না করতে মিয়ানমারের প্রতি নির্দেশ দিয়েছেন আইসিজে। আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে এই আদালতের আদেশে বলা হয়, জেনোসাইড কনভেনশন ২ অনুযায়ী রোহিঙ্গাদের হত্যা, শারীরিক বা মানসিক নিপীড়ন কিংবা ইচ্ছাকৃতভাবে আঘাত করা যাবে না।

আদালত জানিয়েছেন, গাম্বিয়া নিজেদের নামে আবেদন করেছে। তারা চাইলে ওআইসি বা যেকোনো সংস্থা অথবা যেকোনো দেশের সহযোগিতা চাইতে পারে। গাম্বিয়া চাইলে তাদের মামলা চালিয়েও যেতে পারে। দ্য হেগের পিস প্যালেসে আইসিজের বিচারপতি ইউসুফ আলোচিত মামলাটির অন্তর্বর্তী এই আদেশ দেন।

রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের কাছে গাম্বিয়া যে পাঁচটি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য আবেদন করেছে তার মধ্যে চারটি মঞ্জুর করেছেন আদালত। গণহত্যা কিংবা গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও বলা হয়েছে, মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে যেন তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ছয় মাসের মধ্যে আবার প্রতিবেদন দেবে। গাম্বিয়া এই প্রতিবেদন পর্যালোচনা করে তার পরিপ্রেক্ষিতে আদালতের কাছে আবেদন করতে পারবে বলে জানান আন্তর্জাতিক বিচার আদালত।

এর আগে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি।

অন্যদিকে, গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে। পরে আজ অন্তর্বর্তী আদেশে আলোচিত এই মামলাটি চালানোর সিদ্ধান্ত দিয়েছেন আদালত। মিয়ানমারের প্রতিনিধি ও আইনজীবীরা আদালতের আদেশের বিষয়ে কোনো ধরনের কথা বলেননি বলে জানা যায়।