Home Blog Page 3207

‘মুজিব বর্ষের উপহার ই-পাসপোর্ট’

0

‘মুজিববর্ষে ই-পাসপোর্ট জাতির জন্য একটি উপহার। এর মাধ্যমে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। এই প্রকল্পের ফলে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট জাতির জন্য মুজিববর্ষের একটি উপহার। এ পর্যন্ত বিশ্বের ১১৮টি দেশে ই -পাসপোর্ট চালু হয়েছে। ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করল।’ তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন শিক্ষিত জাতি হিসেবে বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে উচ্চমর্যাদায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।’

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সর্বপ্রথম ই-পাসপোর্ট চালু করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ৯৬ সাল থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম। তখন শেষ করতে পারিনি। পরে ক্ষমতায় এসে সেগুলো করি। আজকে প্রায় সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেব দিতে সক্ষম হয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁদের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সবাই। প্রাথমিক পর্যায়ে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিসে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে দেশের সব কেন্দ্র থেকেই ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।

রেনু হত্যার প্রতিবেদন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি

0

রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তির খবর নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আজকের নির্ধারিত দিনে। এজন্য নতুন করে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করেননি। এরপর ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ২০ ফেব্রুয়ারি দিনটি ধার্য করেন।

গত বছর ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সনাক্ত করেন তার ভাগনে ও বোন রেহানা। রেনুর ১১ বছরের এক ছেলে ও চার বছর বয়সী মেয়ে রয়েছে। আড়াই বছর আগে স্বামী তসলিম উদ্দিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলেমেয়েকে নিয়ে মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় থাকতেন তিনি। ঘটনার দিন তিনি ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য বাড্ডায় যান।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন হ্নদয়, বাচ্চু, শাহীন , বাপ্পী, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, জাফরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে আছেন। কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

ই-পাসপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সবাই। প্রাথমিক পর্যায়ে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিসে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে দেশের সব কেন্দ্র থেকেই ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।

জানা গেছে, প্রতিদিন পাসপোর্টের বই প্রয়োজন হয় দুই লাখ। আমদানি হচ্ছে এক লাখ ৮০ হাজার করে। প্রতি মাসে ২০ হাজার বই সরবরাহে ঘাটতি থাকে। এভাবে গত কয়েক মাসে দুই লক্ষাধিক পাসপোর্ট বইয়ের সংকট তৈরি হয়েছে। বর্তমানে তিন লাখ পাসপোর্টের আবেদন ঝুলে আছে। তাঁদের মধ্যে যাঁদের তদবিরের জোর আছে তাঁরা পাসপোর্ট পাচ্ছেন।

পাসপোর্ট সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুনিম হাসান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘পাসপোর্ট বই সংকটের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। ই-পাসপোর্ট সরবরাহ কার্যক্রম শুরু হলে এই সংকট কেটে যাবে। ই-পাসপোর্ট উদ্বোধনের পর একসঙ্গে ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্ট ইস্যু করা হবে।’

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হচ্ছে। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে। তিনটি বিদেশ থেকে আগতরা ব্যবহার করবেন। বাকি তিনটি যাঁরা বিদেশে যাবেন তাঁদের জন্য।

মুনিম হাসান জানান, পর্যায়ক্রমে দেশের বিমান ও স্থলবন্দরে ৫০টি ই-গেট স্থাপন করা হবে। ইতিমধ্যে ই-পাসপোর্টের ২০ লাখ বই আনা হয়েছে। তা দিয়ে আগামী ১০ মাস নিশ্চিন্তে ই-পাসপোর্ট দেওয়া যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশেই পাসপোর্ট অফিসের সামনে যেন হাহাকার চলছে। বিশেষ করে যাঁরা চিকিৎসার্থে দ্রুত দেশের বাইরে যেতে চান আর যাঁরা নির্দিষ্ট দিনে দেশের বাইরে থাকার কথা, তাঁদের কাকুতি-মিনতিতে পাসপোর্ট অফিসের কর্মীরাও যেন দিশেহারা।

এক কর্মকর্তা জানান, পাসপোর্ট বই না থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে আবেদন প্রার্থীদের তাঁরা জানাচ্ছেন। কিন্তু কেউ কথা শুনতে চান না। তাঁরা দ্রুত পাসপোর্ট চান। ফলে চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, ই-পাসপোর্টের আবেদন করার জন্য অনেকে অপেক্ষা করছেন। ফলে এমআরপির আবেদন কমে এসেছে। তবে ই-পাসপোর্ট চালুর দিনই অর্ধলক্ষাধিক আবেদন জমা পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বনানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

0

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৬০)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। মঙ্গলবার রাতে এক আত্মীয়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে রাত সাড়ে ১০টার দিকে মালিবাগ থেকে বাসে করে বনানীর বাসায় ফিরছিলেন তারা। পথে চেয়ারম্যান বাড়ি এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর একটি বাস নুরুলকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপির সব কিছুতে ভাটা পড়ে গেছে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব কিছুতে ভাটা পড়ে গেছে, আর কখনো জোয়ার আসবে না।

তিনি বলেন, বিএনপি দাবি করে তাদের পক্ষে এখন গণজোয়ার। কিন্তু তারা জানে বিএনপির সব কিছুতে ভাটা পড়ে গেছে। তাদের আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা। তাদের জোয়ার আর কখনো আসবে না।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার সদরে শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বে মাথা উচুঁ করে দাড়িয়েছে। আমাদের নেত্রী নিজের পরিশ্রমের গুণে বিশ্বে সেরা শাসকদের মধ্যে একজন হিসাবে স্বীকৃত হয়েছেন। তিনি নিজে একজন সৎ এবং ত্যাগী নেতা। সেই সৎ সাহসে নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু করে অনন্য নজির স্থাপন করেছেন।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আজ আমরা নিজেরাই সংকটে পড়েছি। কক্সবাজারের মানুষ আতংকে রয়েছে। রোহিঙ্গাদের জন্য জায়গা করে দিয়ে স্থানীয়রা এখন পরবাসী। এই সংকটের দ্রুত সমাধান চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, উন্নয়ন বাঁচবে না; আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না।

নির্বাচন কমিশনের বিধি-বিধান বিএনপির জন্য লাভজনক : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের বিধি-বিধান বিএনপির জন্য লাভজনক, কারণ আমাদের দেশে মন্ত্রী বা এমপিরা প্রচারণায় অংশ নিতে পারেন না।

আজ মঙ্গলবার অপরাহ্নে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িংফিল্ড’ আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে তো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছেই এবং সেটি বিএনপির পক্ষে। কারণ, পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে ভোটার পৃথিবীতে সর্বোচ্চ। সেই দেশে মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। যে পর্যায়েরই মন্ত্রী হোক না কেন, সংসদ সদস্যরা তো পারেই। সংসদীয় গণতন্ত্রের সুতিকাগার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশেও মন্ত্রী-সংসদ সদস্যরা সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে প্রচারণায় অংশ নিতে পারে। আমাদের দেশে আমরা পারছি না। এটি বরং বিএনপিকে সুবিধাজনক অবস্থান দিয়েছে সুতরাং প্লেয়িংফিল্ডটা তাদের পক্ষে।

বিএনপি প্রার্থীর ওপর হামলার বিষয়ে ড. হাছান বলেন, প্রথমত বিষয়টি পুরোপুরিভাবে না জেনে মন্তব্য করা সমীচীন নয়। দ্বিতীয়ত আমি মনে করি পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি মহল সক্রিয়। এটি সেই পক্ষেরই কারসাজি কি না? সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আর বিএনপির প্রথম থেকেই প্রচেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

আইন-আদালত স্বাধীন : দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ প্রথম আলোর বেশ কয়েকজন সাংবাদিকের হাইকোর্ট থেকে জামিন পাওয়ার বিষয়ে মন্তব্য চাইলে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে, দেশে আইন এবং আদালত স্বাধীনভাবে কাজ করছে, তাদের জামিন পাওয়ার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে।

চলচ্চিত্র প্রসঙ্গে : চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে মন্ত্রী আরো বলেন, আমাদের চলচ্চিত্র নির্মাতা-শিল্পী ও কুশলীরা মেধাবী। অতীতেও তারা মেধার স্বাক্ষর রেখেছে এবং তা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তথ্যমন্ত্রী এসময় চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

সভার শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি’র নবনির্বাচিত কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু’র নেতৃত্বে সদস্যরা তথ্যমন্ত্রী ও তথ্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। খোরশেদ আলম খসরু এসময় প্রতিটি চলচ্চিত্র নির্মাণ শেষে বিএফডিসি থেকে সেন্সর বোর্ডকে প্রদেয় ছাড়পত্রের জন্য নবনির্ধারিত এক লাখ টাকা ফিস কমানোর আবেদন জানান ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করেন। সমিতির কার্যকরী কমিটির উর্ধ্বতন সহ-সভাপতি কামাল মো: কিবরিয়া (লিপু), সহ-সভাপতি মো: শহীদুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আলম, সহকারী সাধারণ সম্পাদক মো: ইকবাল ও মো: আলিম উল্যাহ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সভায় অংশ নেন।

বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার : ভারতের রাষ্ট্রপতি

0

বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক এবং এই সম্পর্ক আরো জোরদারে ভারতের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহাম্মদ ইমরান আজ মঙ্গলবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশকালে ভারতের রাষ্ট্রপতি এ কথা জানান।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে হাইকমিশনার মুহাম্মদ ইমরানের স্ত্রী ড. জাকিয়া হাসনাত ইমরান ও বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাইকমিশনার মুহাম্মদ ইমরান নয়াদিল্লিতে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হয়েছেন। সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে গত ডিসেম্বর মাসে দেশে ফিরেন এবং এর কয়েক দিনের মধ্যে তিনি মারা যান।

বাংলাদেশের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশে আরো আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক আছে। এই সম্পর্ক আরো জোরদার করাকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ভারতের রাষ্ট্রপতি নিরাপত্তা, কানেক্টিখিটি ও মানুষে মানুষে যোগাযোগসহ সব ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরালো ও গভীর সম্পর্ক দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনে ভারত বাংলাদেশের অংশীদার হতে পেরে আনন্দিত।

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রয়াত সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে স্মরণ করেন। তিনি সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের ভালো বন্ধু ও বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন।

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে তাঁর শুভেচ্ছা জানান। বাংলাদেশের হাইকমিশনারও ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সর্বাত্নক সহযোগিতার জন্য বাংলাদেশ ভারতের জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞ।

হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের রণাঙ্গণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সহযোগিতা শুরু হয়েছিল তা এখন ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে এই সম্পর্ককে ‘সেরা’ এবং ‘প্রতিবেশীসুলভ সম্পর্কের’ মডেল হিসেবে অভিহিত করা হয়।

বাংলাদেশের নতুন হাইকমিশনার ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুসংহত ও সম্প্রসারণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন বলে ভারতের রাষ্ট্রপতিকে আশ্বাস দিয়েছেন। তিনি উভয় দেশের জন্য লাভজনক নিরাপত্তা, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, কানেক্টিভিটিকে উত্সাহিতকরণ ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও উপআঞ্চলিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টার কথা তুলে ধরেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে ‘মুজিব বর্ষ’ পালনের কথা ভারতের রাষ্ট্রপতিকে জানান হাইকমিশনার মুহাম্মদ ইমরান। তিনি বলেন, আগামী ১৭ মার্চ ঢাকায় মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ ভারতের নেতাদের উপস্থিতির প্রত্যাশা করছে বাংলাদেশ।

গাম্বিয়ার করা মামলার রায় নিয়েও আমরা আশাবাদী : পররাষ্ট্রমন্ত্রী

0

পরারাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা নিয়ে তৈরি সংকট বড় একটি চ্যালেঞ্জ। এ সমস্যার সমাধান মিয়ানমারের মাধ্যমেই আসতে হবে।’ রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার অন্তর্বতীকালীন আদেশ আগামী ২৩ জানুয়ারি। এ নিয়েও তিনি আশাবাদী। তবে তার পাশাপাশি সরকার দ্বি-পাক্ষিকভাবেও সমস্যা সুরাহার চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার কালের কণ্ঠ ফেসবুক পেইজের মাধ্যমে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘কালের কণ্ঠ মন্ত্রীর মুখোমুখি’ অনুষ্ঠানে পরারাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পার্থ সারথি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বার বার কথা দিয়েও কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযোগী রায় আসবে। বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখনও তারা মানবাধিকার লংঘন করে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগেও আমাদের দেশে মিয়ানমার থেকে রোহিঙ্গা এসেছিল। তাদের ফিরিয়েও দেওয়া হয়েছিল। সর্বশেষ তারা যে এসেছে তা সংখ্যায় বেশি-প্রায় ১১ লাখ। তাদের ফিরিয়ে নিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমার থেকে। কাজেই এ সমস্যার সমাধান মিয়ানমারের মাধ্যমেই আসবে। আমরা তাদের বলেছি, রোহিঙ্গাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। কিন্তু সমস্যা হলো মিয়ানমারের লোকেরাই তাদের লোককে বিশ্বাস করে না। রোহিঙ্গারা তাদের দেশের মানুষকে বিশ্বাস করে না। আমরা কিছু বললেই মিয়ানমার বলে তারা করবে । পরে তারা আর কিছু করে না। আমরা দ্বি-পাক্ষিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চীনকে সঙ্গে নিয়েও চেষ্টা চালাচ্ছি। সামনে গাম্বিয়ার করা মামলার রায়। এটা নিয়েও আমরা আশাবাদী।’

সরকারের গত এক বছরের কাজকর্মের বিষয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ অতিক্রম করে আমাদের সামনে এগোতে হচ্ছে। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, পরিচয় দিয়েছেন। আর তার কণ্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আত্মপ্রত্যয়ের শক্তি দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। আমাদেরকে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপরেখা নির্ধারন করেছেন। ২০২১, ২০৩০, ২০৪১ এই সময়াবদ্ধ কর্মসুচি নির্ধারণ করা হয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি উন্নয়নের মহাসড়কে যাত্রার কাংখিত অর্জন লাভের জন্য। সোনার বাংলা গড়তে হবে। এই সোনার বাংলা হচ্ছে একটি অসাম্প্রদায়িক, স্থিতিশীল বাংলাদেশ-যেখানে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে অধিকার নিশ্চিত থাকবে।’

আগামী দুই বছর অনেক কর্মসুচি পালন করতে হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগিয়ে যাবার অফুরান সম্ভাবনা রয়েছে এই দুই বছরে। আমরা মুজিববর্ষ পালন শুরু করবো চলতি বছরেই। মুজিববর্ষে আমরা বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেব। আমরা বহু আগে জর্জ হ্যারিসন, পন্ডিত রবি শংকরসহ সাত জনকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছিলাম। শেষ পর্যন্ত ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর তালিকায় বিদেশি বন্ধুর সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮ জন। তারা আমাদের একাত্তরের স্বাধীনতাযুদ্ধে সহায়তা করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় মুজিববর্ষের বড় অনুষ্ঠান হবে ১৭ মার্চ থেকে। পরের বছর ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠান হবে। এই সময়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিদেশের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র নায়ক, প্রধানমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হবে। অনেকে এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন।’

‘বঙ্গবন্ধুর আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিভিন্ন দেশে উপস্থাপন করা হচ্ছে। আরো একটি ভাষা- গ্রিক ভাষায় তা অনুবাদের ব্যবস্থা করা হচ্ছে সহসাই। আমরা এছাড়াও বঙ্গবন্ধু জীবিতাবস্থায় যেসব দেশে গেছেন সেসব দেশে তাঁর সফর নিয়ে প্রকাশনার উদ্যোগ নিচ্ছি। বঙ্গবন্ধুকে তুলে ধরা হবে সারা বিশ্বে। ’

ভুয়া ওয়ারেন্ট ইস্যুকারী খুঁজতে সিআইডির কমিটি গঠন

0

বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা কোথা থেকে জারি হয় এবং এরসঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে চার কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সিআইডি। সিনিয়র পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত এসএসপি ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক ও পরিদর্শক মো. আসাদুজ্জামান।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে আজ মঙ্গলবার এই কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর এক আদেশে হাইকোর্ট এক আদেশে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা কোথা থেকে জারি হয় এবং এরসঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন।

ন্যূনতম ডিগ্রি পাস ছাড়া ফাজিল মাদরাসার সভাপতি নয় : হাইকোর্ট

0

ন্যূনতম গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনো ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রি ধারী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্য থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। তবে ডিও লেটারের মাধ্যমে কাউকে সভাপতি করা হলে সেটা বাতিল বলে গণ্য হবে।

একইসঙ্গে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দিয়েছেন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক আরিফুল হকের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, অ্যাডভোকেট মুনতাসীর শাহীন ও অ্যাডভোকেট মো. আল-আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক।

আজ রায়ের পর অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুর নাম সুপারিশ করে মাদরাসার অধ্যক্ষ ভিসির কাছে সুপারিশ পাঠান। এর ভিত্তিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাবলুকে সভাপতি হিসেবে মনোনীত করে। পরে বেলাল হোসাইন বাবুলকে সভাপতি পদে মনোয়ন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ওই মাদরাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম। ২০১৮ সালের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দিয়েছেন।