Home Blog Page 3208

উন্নয়নের সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে সরকার : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সুষম উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক। আর প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতায় বাংলাদেশের জিডিপি এখন ৮.১ শতাংশ।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বংশিধর মিশ্রের সঙ্গে বৈঠককালে একথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনে ওই বৈঠককালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় মৈত্রী গ্রুপ, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার ২০১৭ সালের নেপাল সফরে সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সাথে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফরের মাধ্যমে সংসদ ও সংসদ-সদস্যদের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে। তিনি মুজিব বর্ষ উদযাপন সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং নেপালের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত নেপালের সংসদীয় গণতন্ত্রে উত্তরণ ইতিহাস স্পিকারকে অবহিত করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতার প্রশংসা করে বলেন, বাংলদেশের উন্নয়ন অনুসরণযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল রাজনীতির জন্যই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

সোয়া তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদে জানিয়েছেন, সঙ্কট মোকাবেলায় চলতি অর্থবছরে (৩১ ডিসেম্বর পর্যন্ত) বিদেশ হতে সোয়া তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানী করা হয়েছে। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ ও ক্ষেত্রের নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো জানান, বাংলাদেশে পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য। বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ মেট্রিক টন। গত ২০১৮-১৯ অর্থবছর পেঁয়াজের উৎপাদনের পরিমাণ ছিল ২৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এরমধ্যে ৩৩ ভাগ সংগ্রহকালীন ও সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিলে পরিমাণ দাঁড়ায় ১৬ দশমিক ৩১ লাখ মেট্রিক টন।

মন্ত্রী জানান, উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট না হওয়ায় বিদেশ থেকে বিশেষ করে পাশ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। কিন্তু সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে বন্যা এবং অতিবৃষ্টি হওয়ার প্রেক্ষিতে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারত সরকার গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ পেঁয়াজের টন প্রতি ৮৫০ ডলার নির্ধারণ করে দেয়।

বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের স্থানীয় বাজারে অস্বাভাবিক হারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সরকার পেঁয়াজের রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে বাংলাদেশের পেঁয়াজের বাজারে ক্রম উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট না হওয়ায় বিদেশ হতে বিশেষ করে ভারত, মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক, চীন, ইউক্রেন এবং নেদারল্যান্ডস থেকে পেঁয়াজ আমদানী করা হয়। তিনি আরো জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে পেঁয়াজের আমদানি ক্রমান্বয়ে কমিয়ে আনার পরিকল্পনা সরকারের রয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি, এর গুদামজাতকরণ এবং উৎপাদিত পেঁয়াজের বাজার মূল্য স্থিতিশীল করার জন্য কৃষিমন্ত্রীকে বাণিজ্যমন্ত্রী একটি আধা সরকারি পত্র দিয়েছেন।

সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ১৯৮৬-৮৭ অর্থবছরে বাংলাদেশের রফতানি ছিল মাত্র ১ বিলিয়ন মার্কিন ডলারের সামান্য উপরে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে রপ্তানি আয় হয়েছে ৪৬ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি জানান, পণ্যভিত্তিক রপ্তানি আয় বিবেচনায় যদিও ৮৪ ভাগ তৈরি পোশাক হতে অর্জিত হয়েছে, তবুও রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ফলে গত অর্থবছরে বিশ্বের ২০২টি দেশে ৭৪৪ পণ্য রপ্তানি হয়েছে।

ইসমাত আরার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম ছিলো অসামান্য : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সত্যিই আমাদের দুর্ভাগ্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের বর্তমান সংসদের চারজন সংসদ সদস্য মারা গেলেন। মানুষ জন্ম নিলে মৃত্যু অবধারিত। কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যিই অত্যন্ত কষ্টের, বেদনার। প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের কর্মজীবনে সততা, নিষ্ঠা, একাগ্রতা ও দেশপ্রেম ছিলো অসামান্য। হঠাৎ করেই এতো তাড়াতাড়ি তিনি এভাবে চলে যাবেন তা কখনো ভাবতেও পারিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী আবেগজড়িত কণ্ঠে বলেন, এবারের সংসদের দুর্ভাগ্য পরপর চারজন সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, ডা. মোজাম্মেল হক, আবদুল মান্নান এবং সর্বশেষ ইসমাত আরা সাদেক মারা গেলেন। তিনি (ইসমাত আরা) অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সব কাজ করতেন।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সরকারি দলের কাজী নাবিল আহমেদ, ওয়াশিকা আয়েশা খান, আকম সারোয়ার জাহান, ও জাতীয় পার্টির রওশন আরা মান্নান।

আলোচনা শেষে শোক প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হয়। পরে প্রয়াত সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং মোনাজাত শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বাকি কার্যক্রম স্থগিত রেখে সংসদের অধিবেশন আজ বুধবার বিকাল সোয়া চারটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জন্ম নিলে মৃত্যু অবধারিত। কিন্তু সেই মৃত্যু এমন সময় হয়, সেটা সত্যি খুব কষ্টকর। সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের মৃত্যুর পর মিসেস সাদেককে যখন নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ করলাম, তখন প্রথমে তিনি ঘাবড়ে গিয়ে বলেছিলেন, আমি এটা করতে পারবো? আমি বলেছিলাম- আপনি পারবেন। ওই নির্বাচন করে জিতে আসার পর প্রথমে তাঁকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলাম। তখন প্রয়াত ইসমাত আরা সাদেক বললেন, আমি তো কখনো এভাবে অফিস চালাইনি, কখনো কিছু করিনি, আমি তো গৃহিনী ছিলাম। আমি কীভাবে করবো? আমি বলেছিলাম, যেহেতু আপনি শিক্ষিত মহিলা, আমি আছি আপনার সঙ্গে, কোন চিন্তা নেই। যখন যা দরকার হবে আপনি বলবেন, আর আপনি পারবেন এটা আমার বিশ্বাস আছে। এরপর প্রতিটি কাজ অত্যন্ত সুষ্ঠু ও সততার সঙ্গে করে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর ইসমাত আরা সাদেককে জনপ্রশাসনের দায়িত্ব দিলাম। তখনও তিনি দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। প্রতি সপ্তাহে তাঁর সঙ্গে বসতাম। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করতেন। প্রতিটি কাজে তাঁর সততা ও একাগ্রতা ছিল অসামান্য।

তিনি বলেন, মাত্র এক সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা করে মিসেস সাদেক আমাকে বললেন- শরীরটা খুব খারাপ। অপারেশন করতে হবে। তখন তাঁকে পরামর্শ দিয়ে বলেছিলাম- অপারেশনের আগে দ্বিতীয় অভিমত নিন। অনেকক্ষণ কথা হলো। কিন্তু উনি আজ আর নেই। কেশবপুরের উন্নয়নে উনি অনেক কাজ করে গেছেন। উনাকে কষ্ট বা ভুগতে হলো না। কিন্তু তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ইসমাত আরা সাদেক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তাঁর স্বামী প্রয়াত শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকও ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজাত পরিবারের সদস্য। আমাদেরকেও চলে যেতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ইসমাত আরা সাদেক সবসময় আমাদের মাতৃস্নেহে কথা বলতেন, পরামর্শ দিতেন। তাঁর স্বামী এ এস এইচ কে সাদেক যেমন অত্যন্ত সজ্জন-প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন, ঠিক তেমনি অত্যন্ত সাদামনের মানুষ ছিলেন।

সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, প্রয়াত ইসমাত আরা সাদেকের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের ঘনিষ্ট সম্পর্ক ছিলেন। একজন বিদুষি, ভদ্র ও অভিজাত পরিবারের সদস্য ছিলেন তিনি। তাঁর কথাবার্তা, আপ্যায়ন ও চাল-চলন অভিজাত পরিবারের আভিজাত্য ছিল।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, হঠাৎ করেই পর পর কয়েকজন এমপির মৃত্যু আমাদের ব্যথিত করে তুলেছে। মৃত্যু অবধারিত, কিন্তু মানুষের মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।

সংবাদ পরিবেশনে দেশের স্বার্থও বিবেচনায় রাখতে হবে : ডেপুটি স্পিকার

0

সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে। একই সাথে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক গণজাগরণ পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রেজাউল করিম বাবলু’র সভাপতিত্বে ওই সম্মেলনে পত্রিকাটির সারাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ডেপুটি স্পিকার বলেন, মাত্র ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এত কম সময়ে পৃথিবীর কোনো দেশ স্বাধীনতা অর্জন করতে পারেনি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ এ অসাধ্য সাধন করে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে জয়ে ভূমিকা রাখেছিলো বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতা। ১৯৭১ সালে বাংলাদেশ যে পাকিস্তান কর্তৃক আক্রান্ত হয়েছিলো তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে মানুষ জানতে পারে।

রানা প্লাজা ধ্বসের পর কতিপয় সাংবাদিকের ভূমিকা সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে তিনি বলেন, বিবেচনাহীন সাংবাদিকতার কারণে আমাদের তৈরি পোশাক শিল্পের অনেক ক্ষতি হয়েছে। টুইন টাওয়ার ধ্বংস নিয়ে করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, তারা তাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে ঠিক রাখতে হলে প্রতিটি সংবাদ যাচাই বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিৎ হবে না, যাতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়।

১ ফেব্রুয়ারি ঢাকায় অফিস শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ১ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার অফিস, শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে। সাধারণ ছুটি উপলক্ষে সরকারি/বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান, সংস্থা বন্ধ থাকবে।

ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রাসঙ্গিক অন্য বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

তরুণদের ঋণের ভার লাঘবে অনন্য উদ্যোগ

0

তরুণদের ঋণের ভার লাঘব করতে নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে নেদারল্যান্ডসের আমস্টারডাম নগর কর্তৃপক্ষ। কাজ বা শিক্ষার জন্য সংগ্রাম করা মানুষকে ঋণের বোঝা থেকে মুক্ত করার অভিযানের অংশ হিসাবে এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

তরুণ ডাচ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ঋণ নেওয়ার হার বেড়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপের অন্য কোথাও এমন প্রবণতা দেখা যায় না। এই ঋণ ডাচ তরুণদের একটি অংশের উচ্চ শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

আমস্টারডাম শহরের পরীক্ষামূলক প্রকল্পের আওতায় পৌরসভার ক্রেডিট ব্যাংক ঋণ সংগ্রহের জন্য দাতাদের সাথে আলোচনা করবে। স্কিমটিতে যারা রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে ঋণ দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার ব্যাংক থেকে ঋণগ্রস্ত তরুণদের ৭৫০ ইউরো উত্তোলনের সুযোগ দেওয়া হবে। প্রণোদনা হিসাবে এই অর্থ দেওয়া হবে। তরুণরা সফলভাবে প্রশিক্ষণ বা কোনও শিক্ষামূলক প্রোগ্রামে নিযুক্ত থাকলে আরও বেশি ঋণ দেওয়া হবে।

আমস্টারডামের ডেপুটি মেয়র মার্জোলিন মুরম্যান বলেছেন, ঋণ অনেক চাপ সৃষ্টি করে। তরুণদের ক্ষেত্রে তাদের ঋণ প্রায়শই তাদের ভবিষ্যত নির্ধারণ করে। এই তরুণদের বেশিরভাগেরই বেতন বকেয়া ছিল। দুর্ভাগ্য বা অজ্ঞতার কারণে তারা এমন পরিস্থিতিতে পড়েছিল। সাহায্য ছাড়া তারা এ পরিস্থিতি থেকে বের হতে পারে না। সে কারণেই আমরা এখন তাদের সহায়তা করতে যাচ্ছি যাতে তারা তাদের নতুনভাবে জীবন শুরু করতে পারে।

আগামী ফেব্রুয়ারিতে এই ঋণ প্রকল্পটি শুরু হবে। স্কিমের প্রত্যেক ব্যক্তিকে এমন একজন প্রশিক্ষক দেওয়া হবে যার সাথে তারা একটি ‘গাইডেন্স পরিকল্পনা’ তৈরি করবে।

নগর কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, অল্প বয়স্ক তরুনরা প্রায়শই তাদের আর্থিক অবস্থা পুনর্গঠন করা এবং প্রয়োজনীয় পুনঃতফসিল করা প্রায় অসাধ্য বলে মনে করেন।

সরকারী পরিসংখ্যান বলছে, আমস্টারডামের ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এক তৃতীয়াংশেরও অধিক মানুষ ঋণগ্রস্ত।

সূত্র : দ্য গার্ডিয়ান

এক প্যাকেট সিগারেট ৩০০০ টাকা!

0

সিগারেটের দাম আরও বাড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ধূমপানে নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। এ বছরে দেশটিতে সিগারেটের দাম বাড়বে অন্তত ১২ দশমিক ৫ শতাংশ।

তামাক ব্যবহার কমানোর লক্ষ্যে টানা আট বছর ধরে সিগারেটের দাম বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। গড়ে প্রতি প্যাকেট সিগারেটের জন্য ব্যয় করতে হবে সর্বোচ্চ সাড়ে ৪৮ অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় এটা দাঁড়াবে প্রায় ৩ হাজার টাকায়। এই মূল্য হবে সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ।

জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকেই অস্ট্রেলিয়ায় কার্যকর হবে নতুন মূল্যহার। সেসময় এক প্যাকেট মার্লবোরো গোল্ড সিগারেটের দাম হতে পারে অন্তত ৪৮ দশমিক ৫০ ডলার।

সবচেয়ে কম দামি সিগারেটও প্রতি প্যাকেটে খরচ পড়বে অন্তত ২৯ ডলার। যাদের দিনে অন্তত এক প্যাকেট সিগারেট লাগে, এই বদঅভ্যাসের কারণে তাদের এক বছরে ১০ হাজার ডলার খরচ হবে।

শুধু তাই নয়, এক প্যাকেট খোলা তামাকের দাম আর সিগারেটের দাম থাকবে প্রায় সমান।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলছে, প্রতিবছর সিগারেটের দাম বাড়লেও ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত প্রাপ্তবয়স্কদের ধূমপানের হার কমেছে মাত্র ০.৭ শতাংশ। তবে ১৯৯৫ সালে ধূমপানের হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ, যা ২০১৭-১৮ সালে কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।

তবে নিউ সাউথ ওয়েলসের স্কুল অব পাবলিক হেলথের ড. কলিন মেনডেলসন জানান, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় সিগারেটের মূল্যবৃদ্ধি ধূমপানের হার কমানোয় আর ততটা প্রভাব ফেলছে না।

বিশ্ব সাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ধূমপায়ীদের ধূমপানে নিরুৎসাহিত করতে এবং শিশুদের এই বাজে অভ্যাস গড়ে ওঠা থেকে বিরত রাখতে সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে সিগারেটের মূল্যবৃদ্ধি।

সূত্র : ডেইল মেইল

মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেবো

0

মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি রেণুকাচার্য। তিনি বলেছেন, মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেবো। এ ধরনের মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিজেপি’র এই নেতা।

নাগরিকত্ব আইনের পক্ষে মিছিল করার সময় তিনি এ মন্তব্য করেছেন।

গতকাল সোমবার সিএএ-এর পক্ষে মিছিলে যোগ দিয়েছেন বিজেপির এই নেতা। সে সময় তিনি বলেন, মসজিদে কয়েকজন বিশ্বাসঘাতক বসে আছেন, যাঁরা ফতোয়া লেখেন। তাঁরা প্রার্থনা না-করে মসজিদের ভেতরে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্যই কি মসজিদ চান আপনারা?’

মুসলিমদের জন্য বরাদ্দ করা টাকা হিন্দুদের জন্য খরচ করতে তিনি পিছপা হবেন না বলে জানান তিনি।

রেণুকাচার্য বলেন, আমার তালুকে এমন রাজনীতি শুরু করব যাতে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের জন্য খরচ করা যায়। আমি আপনাদের (মুসলিম) নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়বো। আর দেখিয়ে দেবো, রাজনীতি কাকে বলে।

প্রসঙ্গত, ভারতের সংখ্যালঘুদের আক্রমণ করে এর আগেও বিতর্কিত মন্তব্য করার নজির রয়েছে কর্নাটকের বিজেপি নেতাদের। বেল্লারিতে সিএএ-এর সপক্ষে মিছিল করতে গিয়ে বিজেপির বিধায়ক সোমাশেখর রেড্ডি বলেন, যাঁরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাঁরা তার ফল চোকানোর জন্য তৈরি থাকুন। সংখ্যাগুরুরা রাস্তায় ফেলে তাঁদের ওপর হামলা চালাবে।

ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

0

আজ মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ১।

জানা গেছে, স্থানীয় সময় ৬ টা বেজে ৩৪ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছে। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি অর্থাৎ অক্সফোর্ডের ৩০ কিলোমিটারের ৩০ কিলোমিটার দক্ষিণে বার্নহামের ক্রাইস্টচার্চে কম্পন অনুভূত হয়।

জানা গেছে, ঘুম ভেঙেই শুরু হয় হুড়োহুড়ি। ভূমিকম্পের এক মিনিটের মধ্যেই কমপক্ষে ৯১৪ জন একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বেশিরভাগই জানিয়েছেন মৃদু কম্পন অনুভূত হয়েছে। অনেকেই বলেছেন যে ভূমিকম্পেই আমার ঘুম ভেঙেছে।

অনেকে বলেছেন, এখনও বিছানায় আছি, বিছানা জোরে কাঁপছিল।

ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের কঠোর সতর্কবার্তা

0

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এই ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের রাজধানী তেহরানের একটি বেআইনি সমাবেশে উপস্থিত ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে ওই কূটনীতিককে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির বরাতে এ তথ্য জানা গেছে।

আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর ভাষায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানানো হয়েছে।

আরাকচি বলেন, আমরা ম্যাকেয়ারকে ডেকে তার কূটনৈতিক শিষ্টাচার বিরোধী তৎপরতার কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি তাকে বলে দিয়েছি, এরপর এই ঘটনার পুনরাবৃত্তি হলে তেহরান শুধু তাকে তলব করার মধ্যে নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েকদিন পর ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাকেয়ার তেহরান ত্যাগ করেন। তিনি স্থায়ীভাবে দেশে ফিরে গেছেন কিনা এ নিয়ে ইরানের ভেতরে ও বাইরে যে জল্পনা চলছে সে সম্পর্কে আরাকচি বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যক্তিগত কাজে ব্রিটেনে ফিরে গেছেন এবং কাজ শেষে আবার তেহরানে ফিরে আসবেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ার গত ১১ জানুয়ারি তেহরানের ‘আমির কাবির’ বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি বেআইনি সমাবেশে যোগ দেন। তিনি সে সময় সমাবেশকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ইরানের পুলিশ তাকে আটক করে। পরে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার কূটনৈতিক দায়মুক্তির কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিটিশ রাষ্ট্রদূত ওই অবৈধ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ করছিলেন।