Home Blog Page 3209

বাগদাদে গ্রিন জোনে ফের রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে তিনটি রকেট আঘাত হেনেছে। এই গ্রিন জোনে সরকারি অফিস ও বিদেশী দূতাবাসগুলো অবস্থিত।
আজ মঙ্গলবার বাগদাদের গ্রিন জোনে তিনটি কাতিউসা রকেট
আঘাত হানে। তিনটি রকেটের মধ্যে দুটি মার্কিন দূতাবাসের কাছে আঘাত হেনেছে। ইরাকি পুলিশের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর পরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।
ইরানের কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল সোলাইমানির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক বার হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।
সূত্র : আল-জাজিরা, এএফপি

চীনের প্রাণঘাতী ভাইরাস: শাহজালালে সতর্কতা

0

চীনের নতুন ভাইরাস এসএআরএস ( সার্স )-এর বিস্তার ঠেকাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চীন থেকে আসা সরাসরি ফ্লাইটগুলোর যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বিমানবন্দরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারী এবং বয় ও আয়াসহ হেলথ ইউনিট স্থাপন করা হয়েছে। এসব নিয়ে গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিমানবন্দরে ওরিয়েনটেশন প্রোগ্রাম করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সিভিল এভিয়েশনের কর্মকর্তাসহ বিমানবন্দর সংশ্লিষ্ট চিকিৎসক নার্স বয় ও আয়াসহ সংশ্লিষ্টরা এ ওরিয়েনটেশনে অংশ নেন।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা-চীন-ঢাকা রুটে প্রতিদিন সরাসরি চীন থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট যাওয়া-আসা করে। চীন থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষাসহ এসএআরএস ভাইরাস ঠেকাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, চীন থেকে আসা তিনটি সরাসরি ফ্লাইটের যাত্রীদের ফিজিক্যাল স্ক্রিনিং করানো হচ্ছে। বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে আসার সংকেত দেওয়ার পর ওই যাত্রীকে পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়া চীনের এ নতুন ভাইরাস যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে এ ব্যাপারে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নিউমোনিয়ার মতো ভাইরাসটি নতুন এক ধরনের সার্স ভাইরাস। এর সংক্রমণে রোগী সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতি শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এখন পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ৪১ জন ব্যক্তির মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
তবে ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা প্রায় ১ হাজার ৭০০। চীন ছাড়াও জাপান ও থাইল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক ব্যবসায়ী’ নিহত

0

রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে আনোয়ার নিহত হন।
এএসপি মিজানুর রহমান আরো বলেন, এ ঘটনায় র্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আজ শুরু হতে পারে আবারো শৈত্যপ্রবাহ

0

দুই দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের জনপদে আবারো শীতের তীব্রতা বেড়েছে।
আজ মঙ্গলবার শুরু হতে পারে মাঝারি বা মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহের লক্ষণ টের পাওয়া যাচ্ছে আজ ভোর থেকে। রাজধানী ঢাকায়ও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এর আগে গতকাল সকাল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি শীত অনুভূত হয়। এদিন রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে। আগামী দুই-তিন দিন এই অবস্থা থাকবে। ওই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।
সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহীর বদলগাছীতে চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর পঞ্চগড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা। কমে এসেছে দিনের তাপমাত্রাও। গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমশীতল বাতাসের সঙ্গে হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ তাপমাত্রা আরো কমে আসার পাশাপাশি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
গত শুক্র ও শনিবার নীলফামারীতে সূর্যের তাপে শীতের তীব্রতা কমে এলেও রবিবারই পরিস্থিতির অবনতি শুরু হয়। আর গতকাল সকাল থেকে হিমেল বাতাসে জেলায় জেঁকে বসেছে শীত। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ১১ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। আগামী দুই দিন তাপমাত্রা আরো কমতে পারে এবং ২৬ তারিখের পর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনার কারণ জানতে চান হাইকোর্ট

0

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম পরিচালনা ও মনিটরিং-এর জন্য একমাসের মধ্যে বিধিমালা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ট্রাফিক সিগন্যাল পরিচালনায় অব্যবস্থাপনার কারণ চিহ্নিত করে তা প্রতিবেদন আকারে দাখিল করতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিকের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। সিগন্যাল সিস্টেম মনিটরিং-এ অব্যবস্থাপনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়।

রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সুলাইমান হাওলাদার মিন্টু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছেন।

রুলে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম পরিচালনা ও মনিটরিং-এ অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের নিস্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার সচিব, পুলিশ মহাপরির্দশক, ডিএমপি কমিশনার, পুলিশ কমিশনার (ট্রাফিক), দুই সিটি কর্পোরশনের সিইওসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর আইনজীবী জানান, ট্রাফিক সিগন্যালের বাতি ঠিকঠাক মতো জ্বলে না। দেখা যায়, একদিকে বাতি জ্বলছে, তারপরও ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছে। সিগন্যাল দিচ্ছে। ফলে দিনের পর দিন ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনার জন্যে অনাকাক্ষিত দুর্ঘটনা ঘটছে।

‘বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তারদের নামে বিশেষ পদবী নয়’

0

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত কোনো চিকিৎসক বিএমডিসির অনুমোদন ছাড়া নাম, পদবি, শিক্ষাগত যোগ্যতা বা উচ্চতর ডিগ্রির বিবরণ ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অনুমোদনহীন ও মানহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জেআর খান রবিনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

আদালতে তিনি নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শাম্মি আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির প্রেসিডেন্ট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শকসহ ৬ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে এ বিষয়ে গত ৪ ডিসেম্বর স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট ৬ জনের প্রতি আইনি নোটিশ পাঠান মো. জে আর খান রবিন। নোটিশের পরও পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়।

সোমবার আদেশের পর অ্যাডভোকেট জে আর খান রবিন সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ২০ জুলাই বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, নিবন্ধিত চিকিৎসক বা দন্ত চিকিৎসকরা তাদের সাইনবোর্ডে, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ইত্যাদিতে পিজিটি, বিএইচএস, এফসিপিএস ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ফেলোশিপ এবং প্রশিক্ষণসমূহ যথা এফআরসিপি, এফআরএইচএস, এফআইসিএ, এফআইসিএস, এফএএমএস, এফআইএজিপি ইত্যাদি উল্লেখ করা যাবে না।

তিনি বলেন, অনেক চিকিৎসক পোস্ট গ্রাজুয়েশন না করেও ‘বিশেষজ্ঞ’ শব্দ ব্যবহার করেন। যা জনসাধারণের সঙ্গে প্রতারণার শামিল, বিএমডিসির আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে রিট আবেদন করা হয়।

তিনি বলেন, দি মেডিক্যাল প্রাকটিশনার অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারা অনুযায়ী লাইসেন্স ছাড়া কোনো প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠা করা যাবে না। ৯ ধারা অনুযায়ী শর্তাবলী পূরণ না হলে কর্তৃপক্ষ কোনো প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠা করার অনুমতি দিতে পারবে না। এ বিধান থাকা সত্ত্বেও বর্তমানে ব্যাঙের ছাতার মত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করার পেছনে সেবা প্রদানের চেয়ে টাকা উপার্জনই মালিকের মূল উদ্দেশ্য থাকে। আর এ টাকা উপার্জনের মানসিকতায় অনেক সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হন। এ কারণে এগুলো বন্ধে রিট আবেদন করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়াতে সংসদে বিল

0

ভোটার তালিকা হালনাগাদ করার সময় সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন নির্ধারণের প্রস্তাব করে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২০’ নামে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। এ ছাড়া অর্ডিন্যান্স রহিত করে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন-২০২০’ নামে আরেকটি বিল উত্থাপন করা হয়।

আজ সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘ভোটার তালিকা সংশোধন আইন-২০২০’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে ভোটার তালিকা আইনের ১১ ধারার ১ উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে জাতীয় ভোটার দিবসের সাথে মিল রেখে কম্পিটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বৎসর ২ জানুয়ারি হতে ৩১ জানয়ারির পরিবর্তে ‘২ জানুয়ারি হতে ২ মার্চ’ প্রতিস্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৬০ দিন হবে।

সড়ক পরিবহন কর্পোরেশন আইন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংসদে উত্থাপিত বিলে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’-এর জন্য এক হাজার কোটি টাকা মূলধনের প্রস্তাব করা হয়েছে। এই মূলধন একশ’ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

৫১ শতাংশ শেয়ার সরকরের মালিকানায় থাকবে। অবশিষ্ট ৪৫ শতাংশ শেয়ার জনগণের কাছে বিক্রির বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিলে ২৩ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’ পরিচালনা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে।

এতে স্থানীয় সরকার, মন্ত্রিপরিষদ, অর্থ, সড়ক পরিহবণ ও মহাসড়ক এবং জননিরাপত্তা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ডিটিসিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, শেয়ার হোল্ডারদের প্রতিনিধি এবং প্রশাসনিক বিভাগের প্রতিনিধি থাকবে।

উল্লেখ্য, ১৯৬১ সালে প্রণীত ৩৫টি ধারা সম্বলিত ‘রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স’ যুগোপযোগী করতে ২৯ ধারা সমন্বয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০১৯’ প্রস্তুত করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে আইনটি মন্ত্রিসভা অনুমোদন দেয়।

বিদেশি বিনিয়োগে ১৬ বাধা চিহ্নিত করা হয়েছে : শিল্পমন্ত্রী

0

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সংসদে জানিয়েছেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথে বাধা হিসেবে ১৬টি কারণ চিহ্নিত করা হয়েছে। সেই সকল বাধা কাটাতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য মো. মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের ১৬টি অন্তরায় হলো- কারখানা স্থাপনের পর্যাপ্ত জমির অভাব, বিদ্যুৎ ও গ্যাস প্রাপ্তিতে সমস্যা, অনুন্নত অবকাঠামো, চাহিদা ও সময়মতো ঋণ না পাওয়া, কাঁচামালের সমস্যা, দক্ষ জনশক্তির অভাব, পণ্য বিপণনে সমস্যা, যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী উদ্যোক্তার অভাব, মুক্তবাজার অর্থনীতি, বাজারে অসম প্রতিযোগিতা, বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র গ্রহণ, বিভিন্ন ধরনের ট্যাক্সেশন সমস্যা, পলিসিগত সমস্যা, ব্যাংকঋণের উচ্চ সুদের হার এবং গ্যাসের সমস্যা।

ওই সকল বাধা দূর করতে সরকারের পদক্ষেপ তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্প মন্ত্রণালয় ঋণের শর্ত সহজীকরণ, শিল্প ঋণের জন্য বিশেষ তহবিল গঠন, বিদেশি মেলায় অংশগ্রহণ বাড়ানো, নতুন নতুন শিল্পনগরী ও শিল্প পার্ক স্থাপন, শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, শিল্পজাত কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানো, ছাড়পত্র সহজীকরণ, ব্যাংক সুদের হার কমানো এবং ট্যাক্সেশন সমস্যা দূরীকরণসহ নানামূখী উদ্যোগ নেওয়া হয়েছে।

জে পি নাড্ডাই বিজেপি প্রধান

0

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অমিত শাহের জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এই নেতা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে ২০২২ পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা।

এর আগে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি।

২০১৯ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ। আর এরপরেই দলের দায়িত্ব সামলানোর জন্যে কার্যকরী সভাপতির দায়িত্বে বসানো হয়েছিল জেপি নাড্ডাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে বসতে চলেছেন জগৎ প্রকাশ নাড্ডা।

লেবাননে সহিংস বিক্ষোভ, সেনা মোতায়েন, আহত ৫০০

0

রণক্ষেত্র লেবাননের রাজধানী বৈরুত। নতুন সরকার গঠন এবং অর্থনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে বৈরুতে সহিংস বিক্ষোভ চলছে দুদিন ধরে। রবিবার রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত দুই দিনে প্রায় ৫০০ মানুষ আহত হয়েছেন। প্রতিবাদকারীদের রুখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

রবিবার দিনভর বিক্ষোভের পর রাতেও রাজপথ আগলে রাখে আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

এ পর্যায়ে জলকামান এবং রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। একপর্যায়ে গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

তারা বলছে, আমরা যখন এখানে আসি, তখনো সহিংসতা চলছিলো। সরকারি এজেন্সিগুলো এর জন্য পুরোপুরি দায়ী। কারণ আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করলেও পুলিশ তাতে বাধা দেয়।

এটা পরিষ্কার যে, নিরাপত্তা বাহিনীই সহিংসতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোন অবস্থাতেই আমরা পিছু হটবো না। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

পরে ব্যাপক তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা। ভাঙচুর করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগও করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হতে থাকলে বৈরুতে সেনা সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত তারা সেখানে মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার দিনের শুরুতেই রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে দাবী পূরণের আহ্বান জানায়। এসময় বিভিন্ন স্থানে ব্যারিগেট তৈরী করে নিরাপত্তা বাহিনী সদস্যরা।

তারা বলছে, সাধারণ মানুষ আগুনের মধ্যে বাস করছে। তাই তারা একসঙ্গে আজ রাস্তায় নেমে এসেছে। দাবী পূরণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিনই এ বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা মোটেও ভীত নই। দিন দিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কখনোই আমাদের বন্ধুদের একা ফেলে আন্দোলন ছেড়ে যাবো না।

গত বছরের অক্টোবরে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেনি কর্তৃপক্ষ। এরপর অর্থনৈতিক মন্দা এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের দাবিতে সহিংস আন্দোলন শুরু করে দেশটির সাধারণ মানুষ।