Home Blog Page 3210

এই ড্রোন শুধু চীনের আছে

0

বর্তমান সময়ে সামরিক শক্তি বৃদ্ধিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সেই প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় এক ধাপ এগিয়ে গেল চীন। কারণ তাদের দাবি, বিশ্বের প্রথম তিন ইঞ্জিনবিশিষ্ট মানববিহীন বিমানটি (ড্রোন) এখন তাদের হাতে। গত বৃহস্পতিবারই এই ড্রোনটি ওড়াতে সক্ষম হয়েছেন তারা। বলা হচ্ছে, এই বিশাল ড্রোনটি পরিবহন ও বিভিন্ন মিশনে ব্যবহার করা হতে পারে।

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের চেংডুভিত্তিক টেংডেন টেকনোলজি কম্পানি এই ড্রোনটি তৈরি করে। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বিমানঘাঁটিতে এই বিমানটি সফলভাবে ওড়ে ও অবতরণ করে। চেংডু ডেইলি নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিতে করেছে।

জানা যায়, ড্রোনটির প্রস্থ ২০ মিটার আর দৈর্ঘ্য ১১ মিটার। এটিতে রয়েছে তিনটি পিস্টন ইঞ্জিন। ড্রোনটি তিন দশমিক দুই টন ওজনের মালবহন করতে পারবে। এটি ওড়তে পারবে টানা ৩৫ ঘণ্টা। ড্রোনটি ওড়তে পারবে সাড়ে ৯ হাজার মিটার উপরে দিয়ে। প্রতি সেকেন্ডে উপরে ওঠতে পারবে ১০ মিটার। আর ড্রোনটি সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় তিনশ কিলোমিটার।

চায়না নিউজ জানায়, ড্রোনটি ২০২১ সালের দিকে বাজরে আসবে। এটি চীনে ব্যবহার করা হবে। তবে ড্রোনটি বিক্রয় করা হবে দেশের বাইরেও। বলা হচ্ছে, ড্রোনটির দাম হবে অনেক কম। কিন্তু ব্যবহার করা যাবে অনেক দিন।

গ্লোবাল টাইমস জানায়, এই ড্রোনটিতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনগুলোই ড্রোনটিকে অনেক শক্তিশালী করেছে। সেই সঙ্গে বেশি পরিমাণে মালবহন করতে সক্ষম হয়েছে ড্রোনটি। এছাড়াও এই ড্রোনটি খুব দ্রুত ওড়তেও পারবে।

ভারতের ওপর ‘প্রতিশোধ’ নেবেন না মাহাথির

0

পামওয়েল কেনা বন্ধ করায় ভারতের বিরুদ্ধে কোনও বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার পশ্চিম উপকূলে মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধের চেয়ে সঙ্কট নিরসনের পথে হাঁটতে চান তিনি।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতিবাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করে ভারত। আগের এক মন্তব্যে মাহাথির বলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না তা জানতো কুয়ালালামপুর। সেই সময় মাহাথির বলেন, দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।

মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার প্রশ্নে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।

এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেয়া এক বক্তৃতায় ভারত কাশ্মিরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন।

বিক্ষোভে ফরাসি পুলিশের নির্যাতনের ভিডিও ভাইরাল

0

২০১৮ সালের নভেম্বরে জ্বালানি তেলের বাড়তি কর, জীবনযাত্রার নিম্নমান আর দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। তবে পরবর্তীতে এটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অর্থনৈতিক নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। সম্প্রতি সেই আন্দোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আন্দোলন চলাকালে এক ব্যক্তিকে আটক করে ফ্রান্স পুলিশ। তারপর রাস্তায় ফেলে তার ওপর নির্মম অত্যাচার চালানো হয়। এসময় ওই ব্যক্তির পিঠে চেপে ধরে বারবার মুখে ঘুষি মারা হয়। ভিডিওটি ফ্রান্সে ১৬ মাসব্যাপী চলা বিক্ষোভে পুলিশের বর্বরতারকে সামনে নিয়ে এসেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ফ্রান্সের আইনজীবীরা ‘ইচ্ছাকৃত সহিংসতা’ অ্যাখ্যা দিয়ে তদন্ত শুরু করেছেন। সরকারি একজন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এই সহিংসতা করেছে বলে অভিযোগ করেছেন তারা। সেই সঙ্গে প্যারিস প্রসিকিউটর অফিস এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে। এই ভিডিওটি নিয়ে ফ্রান্সের পুলিশ বিভাগও প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানান, এই ঘটনার পূর্ণ বিবরণ দেবে দেশটির ডিপার্টমেন্ট অব পাবলিক অর্ডার।

প্রেস টিভির এক প্রতিবেদনে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনাটি ঘটেছিল প্যারিসের গারে ডি এল’এস্ট ট্রেন স্টেশন এলাকায়।

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন চলাকালে অনেক বারই ইচ্ছাকৃতভাবে পুলিশ বর্বর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করে আসছিলেন আন্দোলনকারীরা। কিন্তু ম্যাক্রোঁর বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ভাইরাল হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের একটি ভিডিও আন্দোলনকারীদের দাবিকে আরো জোরালো করেছে বলে মনে করছেন আইনজীবীরা।

বিএনপি সবচেয়ে ব্যর্থ বিরোধী দল: ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি রাজপথের আন্দোলনে সফলতা পায়নি। নির্বাচনেও পরাজিত ও ব্যর্থ হয়েছে। তারা এখন একটি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

‘সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ারের কথা বলা হলেও তা একটি দিবাস্বপ্ন। আগামী ১ তারিখ বোঝা যাবে, গণজোয়ার ধানের শীষের নাকি নৌকার? নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা (বিএনপি) কারচুপির অভিযোগ করবে। এটি তাদের পুরনো অভ্যাস।

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগতো আমার। কারণ, বিএনপির মহাসচিব সুন্দরভাবে তার দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আমি সে সুযোগ পাচ্ছি না।

দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ জামিন হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন আদালতের বিষয়। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। বিচার বিভাগ স্বাধীন। জামিন দিলেও আদালত দেবে, মুক্তি দিলেও আদালত দেবে।

ওবায়দুল কাদের আরো বলেন, এখানে সরকারের ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়। একটি ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করেছেন। পরে আবার তারা আদালত থেকে জামিন নিয়েছে। এটা সম্পূর্ণ আদালতের কর্তৃত্ব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানের দুই লেনের সড়কগুলোর উন্নয়নে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সড়ককে চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

0

নির্বাচনের কারণে পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ১ ফেব্রুয়ারি ২০১৮ সালের ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। নির্বাচনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পর পিছিয়ে দেয়া হয়েছে এই বিশেষ পরীক্ষাও।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে জানানো হয়েছে, পহেলা ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাটি পর দিন অর্থ্যাৎ ২রা ফেব্রুয়ারি বেলা ১টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরো ১৪ জেলার চূড়ান্ত ফল স্থগিত

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ জেলার ঘোষিত চূড়ান্ত ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জেলাগুলো হলো- পটুয়াখালী, মাদারীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, টাঙ্গাইল, বরগুনা ও ঠাকুরগাঁও।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন।

গত ১৫ জানুয়ারি নীলফামারী ও বরগুনা জেলার ফলাফলের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন একই আদালত।

৯৭ সহকারী জজ নিয়োগ, ২৮ জানুয়ারি যোগদান করতে হবে

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে। রবিবার বিকেলে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ১ জুলাই সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েব-সাইট থেকে জানা যাবে।

১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রবিবার রাতে পাঠানো ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস, প্রতিষ্ঠান, সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সেসব অফিস, সংস্থা, প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে।

এজন্য ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি নির্দেশনা দিয়েছে।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত

0

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন।

আজ সোমবার সকালে তিনি ক্যাম্প পরিদর্শন শুরু করেন। এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি।

রবিবার বিকেলে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা শিবিরে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা।

এছাড়া রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি সীমান্ত পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন তিনি।

সংসদের দক্ষিণ প্লাজায় এমপি মান্নানের প্রথম জানাজা সম্পন্ন

0

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নানের জীবনী পাঠ করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন তার বাবার ভুলত্রুটির জন্য ক্ষমা চান। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

জানাজার অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এমপি আব্দুল মান্নান।