Home Blog Page 3211

সিপিবির সমাবেশে বোমা হামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

0

২০০১ সালে পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা ও হত্যার ঘটনায় করা মামলার রায়ে ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মামলার রায় উপলক্ষে আদালতে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে আজ সকাল ১০টার আগেই এ মামলার চার আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে আজ শওকত ওসমান, সাব্বির আহমেদ, আরিফ হাসান সুমন ও মঈন উদ্দিনকে আজ সকালেই আদালতে হাজির করা হয়। এছাড়া আসামিদের মধ্যে ভিন্ন মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি আগেই কার্যকর হয়েছে আর পলাতক রয়েছেন সাত জন।
মামলার আসামিরা হলেন-হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান, হুজির সদস্য মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নূর ইসলাম।

১৯ বছর আগে (২০ জানুয়ারি ২০০১) ওই বোমা হামলায় নিহত হন পাঁচজন। আহত হন ২০ জন।

এর আগে সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ার দাবি করে তাঁদের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ।

এদিকে পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকী আজ ২০ জানুয়ারি।

পুলিশের ওপর বোমা হামলায় ২ নব্য জেএমবি আটক

0

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। গত বছর রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশের ওপর এসব হামলা চালানো হয়।

রবিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টিতে যুক্তরাষ্ট্রই দায়ী

0

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম এ কথা বলেছেন। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেন।

ইরাাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সই হওয়া ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়াই হলো চলমান উত্তেজনার মূল কারণ। তিনি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে এলেই কেবল এই সংকটের সমাধান হতে পারে।

আলী আল-হাকিম বলেন, ইরাক সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা- দুপক্ষকেই জানিয়ে দিয়েছে যে, তাদের সংঘাতের ক্ষেত্র হবে না ইরাক। এই সমস্যা সমাধানের জন্য দু’পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে হবে। আলোচনা সবসময় ফলদায়ক হয় মন্তব্য করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলমান উত্তেজনায় ইরাক জড়িয়ে যাওয়ার কারণে দেশের উন্নয়ন এবং নির্মাণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশসহ ইউরোপ, চীন এবং রাশিয়ার সঙ্গে ইরাক যেভাবে সম্পর্ক উন্নত করতে চেয়েছিল তাও বাধাগ্রস্ত হয়েছে।

জর্দানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে আলী আল-হাকিম বলেন, দু’পক্ষের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ রয়েছে এবং বাগদাদের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

না ফেরার দেশে নাট্যশিল্পী ইশরাত নিশাত

0

মারা গেছেন নাট্যশিল্পী ইশরাত নিশাত। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সোমবার দুপুর একটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তার মরদেহ শিল্পকলার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের কন্যা। ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন।

তার নির্দেশনায় ‘দেশ নাটক’ প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।

ই-পাসপোর্টের জন্য ই-সিগনেচার দিলেন প্রধানমন্ত্রী

0

আগামী বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ই-পাসপোর্টের জন্য প্রধানমন্ত্রীর ই-সিগনেচার ও ফটোগ্রাফ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিপিআই) কর্তৃপক্ষ আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তাঁর ফটোগ্রাফ সংগ্রহ করেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের জন্য একটি ডিভাইসে তাঁর ডিজিটাল স্বাক্ষরও দেন। এ সময় ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

আজ এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন। প্রথমে উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ী থেকে ই-পাসপোর্ট দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম চালু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-পাসপোর্ট হবে ৪৮ ও ৬৪ পাতার। আর মেয়াদ হবে পাঁচ ও ১০ বছর মেয়াদী।

৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদী সাধারণ পাসপোর্টের (১৫ দিনের মধ্যে দেওয়া হবে) এর জন্য ফি লাগবে ৩ হাজার ৫০০ টাকা। আর সাতদিনের মধ্যে (জরুরি) পেতে হলে ৫ হাজার ৫০০ টাকা ও দুইদিনে (অতি জরুরি) পাওয়ার জন্য খরচ করতে হবে ৭ হাজার ৫০০ টাকা।

একই সংখ্যক পৃষ্ঠার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য পাঁচ হাজার, জরুরি সাত হাজার ও অতি ‍জরুরির জন্য নয় হাজার টাকা হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আর ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে লাগবে যথাক্রমে পাঁচ হাজার ৫০০ টাকা, জরুরি সাত হাজার ৫০০ টাকা ও অতি জরুরি ১০ হাজার ৫০০ টাকা।

৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে লাগবে যথাক্রমে সাত হাজার (সাধারণ), নয় হাজার (জরুরি) ও ১২ হাজার (অতি জরুরি) টাকা।

ই-পাসপোর্ট এর আবেদন অনলাইনে অথবা পিডিএফ ফরমেট ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ছবির প্রয়োজন হবে না; কাগজপত্র সত্যায়নও করতে হবে না।

নির্বাচনের আগে-পরে বৈধ অস্ত্র বহন ও প্রদশর্ন করা যাবে না

0

রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরশেনের নির্বাচনে কঠোর নিরাপত্তার আয়োজন করছে সরকার। এ দিনে পুলিশ, র‍্যাব ও আনসারের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না। নির্বাচনের দিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো মোটর সাইকেল, ট্যাক্সিক্যাব, ট্রাক ইজিবাইক চলবে না।

আজ রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭২টি ওয়ার্ডে ২ হাজার ৪ শত ৮৬টি ভোটকেন্দ্রে এক যোগে ভোট অনুষ্ঠিত হবে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ভোট কেন্দ্রে মোবাইল টহল, গোয়েন্দা টিমসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি সিটি কর্পোরেশন এলাকায় ২টি করে সাব-কন্ট্রোল রুম করার সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। বিজিবি প্রস্তুত থাকবে। পুলিশ, র‍্যাব, আনসার সদস্যরা ভোটকেন্দ্র এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না।

নির্বাচনের দিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোন মোটর সাইকেল, ট্যাক্সিক্যাব, ট্রাক ইজিবাইক চলবে না। সীমিত আকারে পাবলিক বাস চলবে। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে।

চলতি বছরেই সারাদেশে শুরু হবে চক্ষু সেবা কার্যক্রম

0

দেশে দিন দিন মানুষের চক্ষু রোগের মাত্রা বেড়ে চলছে। সেদিকে নজর রেখেই সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেই দেশের সব জেলায় চক্ষু বিশেষজ্ঞ পদায়নসহ সারাদেশে কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে বিশেষ চক্ষু সেবা কেন্দ্র স্থাপন করা হবে। ইতিমধ্যেই এ প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল আই কেয়ার এর বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ এইচ এম এনায়েত হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে ডায়াবেটিসজনিত চক্ষু রোগের সমস্যা যেমন প্রকট হয়ে উঠেছে তেমনি শিশুদের চোখের সমস্যা বাড়ছে। এক্ষেত্রে সাধারণ স্বাস্থ্য সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ও শিশুদের অবিরাম টেলিভিশন মোবাইল বা প্রযুক্তির মধ্যে ডুবে থাকার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে।

বিমানবন্দরে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার নির্দেশ

0

অসুস্থ যাত্রীদের জরুরি চিকিৎসা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দরে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিমানবন্দরে অ্যাম্বুলেন্স, প্যারামেডিক সুবিধাসহ জরুরি চিকিৎসার সকল ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশ দেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ও নরওয়ের দ্বৈত নাগরিক মীর রফিকুল ইসলামের স্ত্রীর করা এক রিট আবেদনে এ রায় দেন হাইকোর্ট।

হাইকোর্ট গতবছর ৯ জানুয়ারি এ রায় দেন যা চলতি মাসে প্রকাশিত হয়েছে বলে আজ রবিবার জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ।

মীর রফিকুল ইসলাম নামে নরওয়ে ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ২০১৭ সালের ২৭ অক্টোবর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্ত্রীসহ নরওয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তার চিকিৎসার জন্য তার স্ত্রী আবেদন জানালে ডাক্তার বা অ্যাম্বুলেন্স না থাকায় সেবা দিতে অপারগতা প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিতে পরামর্শ দেয়। সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর ট্যাক্সিতে করে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার স্ত্রী সেলিনা বেগম ২০১৮ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিট আবেদনে রিট আবেদনকারীকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই রুলের ওপর শুনানি শেষে ক্ষতিপূরণ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন। তবে আদালত দেশের সকল বিমানবন্দরে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স, প্যারামেডিক সুবিধাসহ জরুরী চিকিৎসার সকল ব্যবস্থা করতে নির্দেশ দেন।

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতং হামফ্রেইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

‘সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এই সকল আচরনে একটা বিষয় ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা লোক দেখানোর অংশ হিসাবে নির্বাচনে অংশ নিয়েছে। তাদের লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে। তাই তারা পরাজয় মেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশন, ইভিএম ও সরকারের ভূমিকা নিয়ে নানা সমালোচনা করছে।

বইমেলা একদিন পেছাল

0

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট ১ ফেব্রুয়ারি হওয়ায় অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি শুরু হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ এবং মিসরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি।

এ মঞ্চ থেকেই ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

ওই দিন বিকাল ৫টার পর সাধারণ দর্শক-পাঠকের জন্য খুলে যাবে বইমেলার দরজা।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা চলবে।