Home Blog Page 3212

নির্ভয়ার ধর্ষককে বাঁচাতে আদালতে জাল নথি, বিপাকে আইনজীবী

0

পেশাগত দায়বদ্ধতা নাকি শুধুই টাকার লোভ। যে কারণেই হোক, নির্ভয়ার ধর্ষক পবন গুপ্তকে বাঁচাতে আদালতে জাল নথি উপস্থাপন করেছিলেন আইনজীবী এপি সিং।

সেই ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়তে হচ্ছে এপি সিংকে। তাকে এরই মধ্যে নোটিস পাঠিয়েছে দিল্লির বার কাউন্সিল। তার কাছে জানতে চাওয়া হয়েছে, কেন আদালতে জাল নথি উপস্থাপন করেছেন তিনি? আগামী দুই সপ্তাহের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে পবন কুমার গুপ্তর আইনজীবীকে।

নির্ভয়ার ধর্ষণে অভিযুক্ত এক নাবালক এরই মধ্যে ছাড়া পেয়ে গেছেন। আরেক অভিযুক্ত পবন কুমার গুপ্তও গত বছরের ১৯ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে দাবি করে ওই ঘটনার সময় সে নাবালক ছিল। আদালত তাকে প্রমাণ দেওয়ার নির্দেশ দেয়।

এরপর আদালতে পবনের হয়ে তার নাবালকত্বের প্রমাণ হিসেবে নথি উপস্থাপন করেন তার আইনজীবী। কিন্তু, আদালত সেই নথি জাল বলে খারিজ করে দেয়। ১৯ ডিসেম্বর শুনানির দিন সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে গিয়ে পবনের হয়ে নথি পেশ করে আসেন এপি সিং।

তারপরই আদালত চত্বর থেকে উধাও হয়ে যান তিনি। শুনানির সময় জাল নথি পেশের অভিযোগে পবনের আইনজীবী এপি সিংকে তলব করে আদালত। কিন্তু, তখন আর তিনি হাজির হননি।

বিচারপতি তাকে ব্যক্তিগতভাবে ফোন করেন। মেসেজ এবং ই-মেইলও করা হয়। তাতেও হাজির হননি এপি সিং। ক্ষুব্ধ হয়ে আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিয়ে বার কাউন্সিলকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

সেই অনুরোধের ভিত্তিতে বার কাউন্সিল এপি সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সম্প্রতি সর্বসম্মতিক্রমে বিষয়টি নিয়ে একমত হয়েছেন দিল্লি বার কাউন্সিলের সদস্যরা। আইনজীবী এপি সিংকে নোটিস পাঠানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে তাতে। জবাবে সন্তুষ্ট না হলে, এপি সিংকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

আজীবন ক্ষমতায় থাকবেন পুতিন?

0

৬৭ বছর বয়সী ভ্লাদিমির পুতিন গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা। রাশিয়ায় অনেক তরুণ ভোটার আছেন, যারা তাদের জীবনে ভ্লাদিমির পুতিন ছাড়া আর কাউকে দেশটির নেতা হিসেবে দেখেননি। বর্তমানে এমন সব ঘটনা রাশিয়ায় ঘটাচ্ছেন, যাতে মনে হচ্ছে আজীবন ক্ষমতায় থাকার ছক কাটছেন তিনি!

রাশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, পুতিন রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় তার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য পরবর্তী পরিকল্পনার ছক কাটছেন। বিশ্বের অনেক দেশের নেতাই নির্লজ্জভাবে তাদের ক্ষমতার মেয়াদ নিজেরাই বাড়িয়ে নিয়েছেন। এজন্যে হয় তারা সংবিধানের এক সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন অথবা কোনো সাংবিধানিক ফাঁক-ফোকরের সুযোগ নিয়েছেন। পুতিন এরই মধ্যে এই কাজ একবার করেছেন। এবার মনে হচ্ছে পুতিন নতুন কোনো কৌশল আঁটছেন। রাশিয়ায় ‘স্টেট কাউন্সিল’ নামে একটি পরিষদ আছে, যার প্রধান তিনি নিজে। এখন পর্যন্ত এর ক্ষমতা এবং উদ্দেশ্য খুবই সীমিত। কিন্তু এখন এই ‘স্টেট কাউন্সিল’কে সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে।

রাষ্ট্র ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার এরকম কৌশলের নজির আছে। কাজাখাস্তানের নুরসুলতান নাযারবায়েভ প্রেসিডেন্টের পদ থেকে অবসর নিয়ে আজীবনের জন্য ‘লিডার অব দ্য নেশন’ বা ‘জাতির নেতা’র পদে অধিষ্ঠিত হন।

ভ্লাদিমির পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদে থাকতে পারবেন। কিন্তু তার পর কে আসলে দায়িত্ব নেবেন, সেটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা আছে। পুতিন তার প্রধানমন্ত্রী হিসেবে যাকে বেছে নিয়েছেন, সেই মিখাইল মিশুস্টিনকে অনেকে হিসেবের বাইরে রাখছেন। রাশিয়ায় একটা কথা চালু আছে। সেখানে নাকি রাষ্ট্রক্ষমতার শীর্ষপদটি টাকমাথা আর কেশাবৃত মানুষের মধ্যে আবর্তিত হয়, অর্থাৎ একবার কোনো টাকমাথা ক্ষমতায় তো পরের বার কোনো কেশাবৃত নেতার পালা।

শুনতে যতই খারাপ লাগুক, রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট পুতিনের মাথায় কিন্তু টাক। বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও টাকমাথার, কাজেই তিনি পুতিনের উত্তরসূরী হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা।

‘তারপর হঠাৎ বুম…’ সোলাইমানি হত্যার বর্ণনায় ট্রাম্প

0

সম্প্রতি ইরানের কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। কাসেম সোলাইমানির ওপর ড্রোন হামলা নিয়ে আক্রমণের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনার প্রায় দুসপ্তাহ পর সেই হত্যার কারণ ব্যাখ্যা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রথম সোলাইমানির হত্যার সময়কার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

কাসেম সোলাইমানির ওপর হামলার পক্ষে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেছেন, সোলাইমানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাজে কথা বলছিলেন।

হামলার সময় তিনি নিজে মনিটরিং করছিলেন বলে জানিয়ে সোলাইমানির মৃত্যুর সময়ের বর্ণনাও দিয়েছেন ট্রাম্প।

ফ্লোরিডায় রিপাবলিকানদের একটি অনুষ্ঠানে ট্রাম্পের নির্বাচনী প্রচারের জন্য অর্থ সংগ্রহের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ট্রাম্প নিজেই সোলাইমানির হত্যার প্রসঙ্গ উত্থাপন করেন।

এর আগে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, সাবধানে কথা বলুন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খারাপ কথা বলা যাবে না। সোলাইমানির বিরুদ্ধেও কার্যত একই অভিযোগ আনলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আমাদের দেশের উদ্দেশে কুকথা বলছিলেন সোলাইমানি। আর কত সহ্য করবো।

ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে ৩ জানুয়ারি ইরাকের বাগদাদের কাছে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়েছিল ।

এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ওই দিন হোয়াইট হাউসে বসে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন তিনি।

তিনি বলেন, সেনা অফিসাররা আমাকে বললেন, ওরা একসঙ্গে আছে স্যার। ওদের হাতে আর ২ মিনিট ১১ সেকেন্ড সময় আছে। বাঁচার জন্য ২ মিনিট ১১ সেকেন্ড। ওরা সাঁজোয়া গাড়িতে আছে। বাঁচার জন্য আর এক মিনিট বাকি আছে, ৩০ সেকেন্ড, ১০, ৯, ৮…।

ট্রাম্প বর্ণনা দিতে থাকেন, তারপর হঠাৎ বুম…। ওরা শেষ স্যার। সংযোগ কাটছি। সেই লোকটা (সোলাইমানি) কোথায় গেল? ঘটনার বর্ণনা দিতে গিয়ে যেন প্রায় সেই সময়ে পৌঁছে গিয়েছিলেন ট্রাম্প।

এরপর বর্তমানে ফিরে ট্রাম্প জানান, সেনা অফিসারদের কাছ থেকে ওই দিন সেটাই শেষ কথা শুনতে পেয়েছিলেন তিনি।

সোলাইমানির হত্যার পর থেকেই মার্কিন সংসদের বেশ কিছু সদস্য এ নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু কেন সোলেমানিকে এভাবে হত্যা করা হলো, তার কোনও ব্যাখ্যা হোয়াইট হাউস এ পর্যন্ত দেয়নি। ট্রাম্পও সেই অর্থে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেননি। কারণও জানাননি। তাই সে অর্থে এই প্রথম সোলাইমানির হত্যার সময়কার ঘটনা সামনে এলো।

সূত্র : সিএনএন, আনন্দবাজার

চীনের ভাইরাস ছড়িয়ে পড়বে ভারতেও

0

সম্প্রতি নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে চীনে। এই ভাইরাসের কারণে ইতোমধ্যে দেশটিতে দুজন মারা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো সহস্রাধিক মানুষ। এটি করোনাভাইরাসের সম্পূর্ণ নতুন সংস্করণ। ভাইরাসটির উৎস চীনের উহান শহর। আর এই ভাইরাসটি ভারতেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

লেখাপড়ার সূত্রে চীনের উহান শহরে বহু ভারতীয় ছাত্রের বসবাস। চীনা নববর্ষ উপলক্ষে আপাতত ছুটির মেজাজ সেখানে। এ সময়টা দেশে ফিরবেন ছাত্ররা। ওই ছাত্রদের মাধ্যমে ভারতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, যদি ছাত্রদের কেউ ওই ভাইরাসের সংক্রমণ নিয়ে ভারতে আসেন এবং তা থেকে তার সংক্রমণ ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে।

চীনে রোগ নির্ণয়ের পদ্ধতি অক্ষরে অক্ষরে মেনে এগোচ্ছেন চিকিৎসকরা। প্রতিবারই ডায়াগনসিসে মিলছে ‘নিউমোনিয়া। কিন্তু কারণ খুঁজতে গিয়ে হতভম্ব চিকিৎসকরা। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। শনিবার আবার চীনে নতুন করে চার জনের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর মেলে।

প্রাথমিকভাবে ধারণা, এর নেপথ্যেও নয়া করোনাভাইরাস। এ ছাড়া অসমর্থিত সূত্রে সাংহাই ও শেনঝেনেও তিন জনের সংক্রমণের খবর মিলেছে। চীনের বাইরে থাইল্যান্ড ও জাপানে আগেই তিনজনের সংক্রমণের খবর মিলেছিল। সব মিলিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র। কারণও রয়েছে।

২০০২-২০০৩ সালে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের সংক্রমণে বিশ্বজুড়ে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। তার পেছনেও ছিল করোনাভাইরাস।

বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন সংস্করণ সেই সাবেক করোনাভাইরাসেরই জ্ঞাতি। তবে এখনই নয়া ভাইরাসটিকে সার্সের মতো বিপজ্জনক ভাবার কারণ নেই বলে মনে করেন চিকিৎসকরা। তাহলে এত আশঙ্কা কেন?

ভাইরাসটির গঠনগত বৈশিষ্ট্য, অভিযোজনের ক্ষমতা বা সংক্রমণের মাধ্যম, কিছুই জানা নেই। ফলে সেটিকে প্রতিহত করা যাবে, সে ব্যাপারেও অন্ধকারে রয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক ধারণা, এর সঙ্গে সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক থাকলেও থাকতে পারে। অগ্রিম সতর্কতাই তাই অবলম্বন। চীন থেকে আগত বিমান যাত্রীদের জন্য তাই থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করেছে মুম্বাই বিমানবন্দর। অভিবাসন সংক্রান্ত চত্বর পর্যন্ত পৌঁছনোর আগেই থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে তাঁদের যেতে হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট হেলথ অর্গানাজেশন (এপিএইচও)। যদি কারও মধ্যে রোগের উপসর্গ মেলে, সেক্ষেত্রে তাঁকে আইসোলেশন হাসপাতালে পাঠানো হবে।

এদিকে, চীন-সফরে যাওয়া ভারতীয়দের জন্য নির্দেশিকাও জারি করেছে সরকার। হাতধোয়া, শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে সে সংক্রান্ত আচরণবিধি মেনে চলা ও সর্বোপরি কাউকে দেখে অসুস্থ বলে মনে হলে তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। রান্না না করা মাংস খেতে ও খামারে যেতেও বারণ করা হয়েছে যাত্রীদের।

নতুন করে পরমাণু চুক্তি করবে না ইরান

0

নতুন করে আর ইরান কখনোই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাভেদ জারিফ। তেহরান টাইমস জাভেদকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, আমরা কোনোভাবেই পরমাণু ইস্যুতে নতুন চুক্তিতে কারো সঙ্গে সমঝোতা করবো না। ভারত সফরে গিয়ে তিনি এ কথা বলেছেন বলে জানা গেছে।

এর আগে বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। সেই চুক্তির ফলে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার ব্যাপারে সম্মত হয়েছিল ইরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সেই চুক্তি থেকে সরে আসেন এবং পুনরায় তেহরানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। আর চলতি মাসের শুরুর দিকে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। সোলাইমানিকে দাফনের আগেই প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তারপর থেকেই পরমাণু হামলার বিষয়ে ব্যাপাক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে পরমাণু চুক্তির বিষয়টি নতুন করে উঠছে। এবার সেই চুক্তি ‘ট্রাম্প ডিল’ করার ব্যাপারে কথা শোনা যাচ্ছে।

তবে জারিফ এ ব্যাপারে বলেন, যদি সেটা করা হয়, এরপর তাহলে ওয়ারেন’স ডিল কিংবা বার্নি স্যান্ডারস ডিল করতে হবে। আমাদের সঙ্গে এর আগের চুক্তি যুক্তরাষ্ট্র এবং আরো পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের ছিল। সেই চুক্তি থেকে কেবল যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।

সৌদি আরব থেকে একদিনেই ফিরলেন ২২৪ বাংলাদেশি

0

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে একদিনেই দেশে ফিরে আসলেন ২২৪ জন বাংলাদেশি। এদের মধ্যে গত রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে ১০৮ কর্মী দেশে ফেরেন। এর আগে গতকাল শনিবার দুপুর ১২.২০ মিনিটে সৗদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ বিমান যোগে জেদ্দা থেকে ফেরেন আরও ১১৬ জন। এ নিয়ে এ বছরের ১৮ দিনে এক হাজার ৮৩৪ জন বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো গতকালও ফেরত আসাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা প্রদান করা হয়।

গতকাল ফেরা বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার শামিম (৩০) জানান, মাত্র তিন মাস আগে তিন লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন ড্রাইভিং ভিসা নিয়ে। সেখানে দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি। পরে মালিককে (কফিল) বারবার অনুরোধ করলে তিনি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দেন। কিন্তু সেখানে কর্মরত অবস্থায় পুলিশ তাকে আটক করেন। এ সময় তিনি মালিককে ফোন দিলেও তিনি কোনো দায়িত্ব নেননি।

নরসিংদীর মো. মিন্টু মিয়া চার লাখ টাকা খরচ করে পাঁচ মাস আগে ক্লিনারের কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু সেখানে কাজ শেষে রুমে ফেরার সময় পুলিশ ধরে। আকামা দেখানোর পরেও তাকে দেশে ফিরতে হয়।

পটুয়াখালীর শাহিন সরদার, ময়মনসিংহের মো. আশরাফুল, মো. সুমন ও শফিক, নরসিংদীর সালাউদ্দিন, মানিকগঞ্জের আমিনুল, মুন্সিগঞ্জের মামুন কবিরসহ আরো অনেকেই ফিরেছেন, যাদের এক বছরেরও কম সময়ের মধ্যে ফিরতে হলো।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, দেশে ফেরত আসা কর্মীরা বরাবরের মতো অভিযোগ করেছেন, তাদের প্রত্যেককে নানা স্বপ্ন দেখিয়েছিল দালাল ও রিক্রুটিং এজেন্সি। কিন্তু সৌদি আরবে গিয়ে গিয়ে নানা সমস্যায় পড়েন তারা। অনেকে বেতন পাননি। অনেকে সৌদি আরবে যাওয়ার কয়েক মাসের মধ্যে ফেরত এসেছেন। তারা সবাই ভবিষ্যত নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন।

শরিফুল হাসান আরো জানান, ২০১৯ সনে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। নতুন বছরের শুরুর ১৮ দিনে এক হাজার ৮৩৪ জন বাংলাদেশি ফিরলেন দেশটি থেকে। ফেরত আসাদের বর্ণনা প্রায় একইরকম। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন। কয়েকমাস আগে গিয়েছিলেন এমন লোকও আছেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে ২৫ হাজার ৭৮৯ জন, মালয়েশিয়া থেকে ১৫ হাজার ৩৮৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ছয় হাজার ১১৭ জন, ওমান থেকে সাত হাজার ৩৬৬ জন, মালদ্বীপ থেকে দুই হাজার ৫২৫ জন, কাতার থেকে দুই হাজার ১২ জন, বাহরাইন থেকে এক হাজার ৪৪৮ জন ও কুয়েত থেকে ৪৭৯ জন শূন্য হাতে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি।

শরিফুল হাসান বলেন, কেউ যখন বিদেশে যান তখন পরিবার স্বজন সবাই খুশি হন। কিন্তু ফেরত আসা মানুষগুলোর পাশে সেভাবে থাকেন না। এমনকি পরিবারের সদস্যরাও তাদের নানা কটূ কথা বলেন। অথচ এই সময় তাদের পাশে সবার দাঁড়ানো উচিত। ফেরত আসা প্রবাসীদের আমরা শুধু বিমানবন্দরে সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করছি না, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কাউন্সেলিং, দক্ষতা প্রশিক্ষণ ও আর্থিকভাবেও পাশে থাকার চেষ্টা করছি। সরকারি ও বেসরকারি সংস্থা সবাই মিলে কাজটি করতে হবে। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ফ্রি ভিসার নামে প্রতারণা বন্ধ করা উচিত।

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা ফৌজদারি অপরাধের মামলার কারনে। এটির সাথে গণমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।

তিনি আজ রবিবার তার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত কোন সংবাদ বা বক্তব্যের জন্য এই মামলা হয়নি। ফৌজদারি অপরাধের জন্যই এই মামলা হয়েছে।

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা বিষয়ে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশের ৪৭ বিশিষ্টজনের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, এই ৪৭ জন বিশিষ্টজন ছাড়াও দেশে আরো হাজার হাজার বিশিষ্টজন রয়েছেন। তবে অবহেলাজনিত কোন মৃত্যুর জন্য বা মৃত্যু হওয়ার পর তা যদি লুকানোর অপচেষ্টা হয় অথবা পোস্টমর্টেম ছাড়া দাফন করা হয়, তবে তা নিশ্চয়ই অপরাধের সামিল।

তিনি বলেন, যারা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্য-মিথ্যা সব তদন্তে বেরিয়ে আসবে।

ড. হাছান আশা প্রকাশ করেন যে, যেসব বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন তারা আরো একটি বিবৃতি দেবেন এ ধরনের ঘটনা এবং এর সঙ্গে জড়িতদের যেন সঠিক বিচার হয়।

তিনি বলেন এই গ্রেফতারি পরোয়ানার সাথে গণমাধ্যমের স্বাধীনতার কোন সম্পর্ক নেই। এই মামলা হয়েছে ফৌজদারী অপরাধের কারণে। আর এজন্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি সম্পূর্ণ আদালতের বিষয়।

তিনি বলেন, এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্যও তারা বিবৃতি দিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে যখন পাখির মতো নির্বিচারে মানুষ হত্যা করা হয়, তখন তারা কোন বিবৃতি দেয় না। কারণ তাদের বিবৃতি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে ওই সংগঠনের গ্রহণযোগ্যতা বর্তমানে কোথায় তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

শিশু ধর্ষণের শাস্তি কেন মৃত্যুদণ্ড নয়- হাইকোর্টের রুল

0

শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ রবিবার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন।

রুলে ধর্ষণ প্রতিরোধ ও ভিকটিমকে সহায়তা দিতে কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্ষণের সকল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

0

ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য আজ রবিবার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সম্প্রতি শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাকে।

সর্বশেষ খবর জানা গেল শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। গতকাল শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দাদা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এন্ড্রু কিশোরের কেমোথেরাপি নতুনভাবে শুরু ও চিকিৎসা চলাকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবর এলো।

বুধবার চালু হচ্ছে ই-পাসপোর্ট

0

আগামী বুধবার (২২ জানুয়ারি) চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রবিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ই-পাসপোর্ট ভবন ও ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন সংক্রান্ত’ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ী এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে সর্বত্র বিতরণ করা হবে ই-পাসপোর্ট।

সূত্র জানায়, ই-পাসপোর্ট চালু হওয়ার কথা ছিল গত জুলাই মাসে। কিন্তু বিভিন্ন কারণে সেটি চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই বর্তমানে প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বই সংকট দেখা দেয়। ফলে সারা দেশে জরুরি পাসপোর্ট পেতেও বিলম্ব হয়। পরে সরকার জরুরি ভিত্তিতে বিদেশ থেকে পাসপোর্ট বই সংগ্রহ করেছে।

ই-পাসপোর্ট প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫৬৯ কোটি টাকা। এ পাসপোর্ট চালুর জন্য জার্মানির সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে অনেক আগেই। তাদের কারিগরি সহযোগিতায় ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে।

পাঁচ ও ১০ বছর মেয়াদ হবে ই-পাসপোর্টের। পাসপোর্টের পৃষ্ঠাসংখ্যাও হবে দুই ধরনের, ৪৮ ও ৬৪ পৃষ্ঠা। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট বিতরণের পদ্ধতি তিন ধরনের—সাধারণ, জরুরি ও অতি জরুরি। দেশের অভ্যন্তরে সাধারণ আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য সঠিক থাকলে পাসপোর্ট পাওয়া যাবে ২১ কর্মদিবসের মধ্যে। জরুরিভাবে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য ঠিক থাকলে সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে। অতি জরুরি পাসপোর্ট ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে দেওয়া হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের আবেদনকারীকে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করে আবশ্যিকভাবে আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট দুই দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে এবং সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে দেওয়া হবে।

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি তিন হাজার ৫০০ টাকা, জরুরি ফি পাঁচ হাজার ৫০০ টাকা ও অতীব জরুরি ফি সাত হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাত হাজার টাকা ও অতীব জরুরি ফি ৯ হাজার টাকা। এ ছাড়া ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি পাঁচ হাজার ৫০০ টাকা, জরুরি ফি সাত হাজার ৫০০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি সাত হাজার টাকা, জরুরি ফি ৯ হাজার টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার টাকা।

ই-পাসপোর্ট করতে যা লাগবে
ই-পাসপোর্টের আবেদনপত্র পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার মা-বাবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।