Home Blog Page 3214

ঢাকার দুই সিটির ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি

0

ঢাকা: সরস্বতী পূজার্থীদের আন্দোলনের মুখে ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তন করলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল থেকে চার ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের তারিখ রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী সব প্রক্রিয়া শেষে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় আছেন।
ksrm

দুই সিটি নির্বাচনে মেয়র পদে ১৩ প্রার্থীসহ প্রায় সাড়ে ৭শ প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১ ফেব্রুয়ারি ভোটের বাধা ছিল এসএসসি ও সমমান পরীক্ষা। এরইমধ্যে ইসির নির্দেশনায় পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ঘোষিত সময়ানুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৫ জানুয়ারি (রোববার)। প্রতীক বরাদ্দ হয়েছিল ১০ জানুয়ারি (শুক্রবার)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা ছিল ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করার তারিখ ছিল ১২ জানুয়ারি (রোববার)। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্ম সচিব আবুল কাসেম ও ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা হিসেবে যুগ্ম সচিব আবদুল বাতেনকে নিয়োগ করা হয়েছে।

৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ডিএনসিসি গঠিত। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ডিএসসিসিতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল। আর উত্তরের মেয়র আনিসুক হক মারা গেলে উপ-নির্বাচন হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, দিনটি ছিল বৃহস্পতিবার।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণও করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। কমিশন বলছে, আগামী মার্চে এই সিটি ভোটগ্রহণ করবে।

সশস্ত্র বাহিনীকে ক্ষমা চাইতে বললেন রোহানি

0

উত্তেজনার মুহূর্তে ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক বিক্ষোভ চলছে তেহরানে। এ ঘটনার জেরে নজিরবিহীন চাপে পড়েছে ইরান সরকার।

এর আগেই ভুল স্বীকার করে যে কোনো সাজা মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান। এবার সশস্ত্র বাহিনীকে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।

রোহানি আরো বলেছেন, আমাদের দেশের জনগণ এটা নিশ্চিত করতে চায় যে, সরকার যেন তাদের সঙ্গে আন্তরিকতা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে।

সেজন্য সশস্ত্র বাহিনীকে ওই ঘটনায় ক্ষমা চেয়ে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন রোহানি। তিনি এর আগেই জনগণকে বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

রহস্যময় ভাইরাস আতঙ্কে চীন

0

চীনে এক রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের কারণে দেশটিতে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও বহু মানুষ। এই প্রেক্ষিতে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বিজ্ঞানীরা জানিয়েছেন, চীনে এই রহস্যজনক ভাইরাস দ্বারা সংক্রামিত লোকের সংখ্যা সরকারী পরিসংখ্যানের তুলনায় অনেক বেশি। নতুন ভাইরাসের ৪৫টি ল্যাবরেটরি পরীক্ষা করা হয়েছে। তবে ব্রিটিশ বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভাইরাসে সংক্রামিত লোকের সংখ্যা ১৭০০ এর কাছাকাছি।

গত ডিসেম্বরে উহান শহরে এই ভাইরাসের কারণে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এই ভাইরাসের কারণে পাঁচ দিনের মধ্যে ফুসফুসে যক্ষ্মার সংক্রমণ ঘটে। তারপরেই একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। সবশেষে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।

চীনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভাইরাসের সংক্রমণে মধ্য চীনের উহানে ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই অঞ্চলটিকেই ‘সার্স’ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরাটরি সিন্ড্রোম)-এর জীবাণু সংক্রমণের উৎসস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চীনে এখন আতঙ্কের বড় কারণ ‘সার্স’। এর ভয়াবহতা আগেও দেখেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখণ্ডে ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল। সে সময় হংকংয়ে মারা যান আরও ২৯৯ জন। এবারে ইতিমধ্যেই ৪১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

উহানের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়েছেন ১২ জন। তাঁরা হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। কিন্তু ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ যিনি মারা গিয়েছেন, তাঁর রোগ ধরা পড়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর। পাঁচ দিনের মধ্যেই অবস্থার ভয়াবহ অবনতি ঘটে। প্রথমে ফুসফুসে যক্ষ্মা বা টিবি-র সংক্রমণ ঘটে। এরপরে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে।

এদিকে, থাইল্যান্ড ও জাপানেও এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। তবে দু’দেশের ক্ষেত্রেই দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি চীনের উহান প্রদেশে গিয়েছিলেন।

উহান প্রশাসনের সন্দেহ, সি-ফুড বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু এখনও পর্যন্ত কোনও মানুষের থেকে অন্য মানুষের শরীরে সংক্রমণের জোরদার প্রমাণ মেলেনি। যদিও এই আশঙ্কা এখনই উড়িয়ে দিতে রাজি নয় প্রশাসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক চিকিৎসক জানান, যদি সামান্য কিছু মানুষের থেকে অন্য মানুষের দেহে সংক্রমণের ঘটনা জানা যায়, সেটা খুব অবিশ্বাস্য হবে না। বিশেষ করে একই পরিবারের সদস্যের মধ্যে সংক্রমণ ছড়াতেই পারে। যেমন, ভাইরাস আক্রান্ত একজন লোক সি-ফুড হোলসেল মার্কেটে কাজ করতেন বলে জানা গেছে। সেখান থেকেই তাঁর সংক্রমণ হয়েছে বলে চিকিৎসকদের অনুমান। কিন্তু তাঁর স্ত্রী ওই বাজারে কাজ না করলেও একই রোগে আক্রান্ত হয়েছেন তিনিও।

বিশেষজ্ঞরা জানান, রহস্যময় ভাইরাসটি করোনাভাইরাস পরিবারের হতে পারে। এই ভাইরাসগুলো কখনও কখনও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য সর্দিজ্বরকে ‘সার্স’ বা ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরাটরি সিন্ড্রোম’-এর মতো ভয়াবহ রোগে রূপান্তরিত করতে পারে।

প্রসঙ্গত, ২০০২ সালে দক্ষিণ চীনে ‘সার্স’-এর প্রথম সন্ধান মিলেছিল। এরপরে পৃথিবীর অন্তত ৩৭টি দেশ থেকে আট হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ৮০০ লোক মারা গিয়েছেন ‘সার্স’-এ। এক পর্যায়ে ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার ‘সুখবর’ দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি, ওয়েবসাইট

সেদিন ইরান সীমান্তে উড়ছিল ৬টি মার্কিন জঙ্গিবিমান

0

৮ জানুয়ারী ইরানের রাজধানী তেহরানের আকাশে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। আর ঠিক একই সময়ে ইরান সীমান্তে অন্তত ৬টি মার্কিন জঙ্গিবিমান আকাশে উড়ছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন।

গতকাল শুক্রবার মস্কোয় তিনি তার বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার বক্তব্যে প্রকারান্তরে ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতির সত্যতা নিশ্চিত করলেন।

ল্যাভরভ জানান, তার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে, ওই সময় অন্তত ৬টি মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ইরান সীমান্তের আকাশে উড়ছিল।

৮ জানুয়ারি ভুলবশত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়। এ ঘটনায় তেহরান থেকে কিয়েভ হয়ে টরেন্টোগামী বোয়িং ৭৩৭ বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। হতভাগ্য এসব মানুষের মধ্যে বেশিরভাগই ইরানি নাগরিক। বাকি ২৯ জন ইউক্রেন, কানাডা, সুইডেন, আফগানিস্তান ও ব্রিটেনের নাগরিক ছিলেন।

ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আশপাশে মার্কিন সন্ত্রাসী বাহিনীর জঙ্গিবিমানের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। এ অবস্থায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান ইরানের একটি স্পর্শকাতর স্থাপনার আকাশে চলে আসায় ভুল করে সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

‘জম্মু-কাশ্মীরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে’

0

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ঘরে ঘরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি উপত্যকার গ্রামাঞ্চলে আরো বেশি করে প্রচার করতে হবে উন্নয়নের বিষয়টি।

গত আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দেয় মোদি সরকার। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

সেই পদক্ষেপের প্রায় পাঁচ মাস পর এবার উপত্যকা অঞ্চলে উন্নয়নের পরিকল্পনা সেখানকার মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর হলেন খোদ প্রধানমন্ত্রী। আগামী সাত দিনে ৩৬ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফরে যাবেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়নের বার্তা।

সব সময়ই পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের হয়ে প্রচার কর্মসূচি শুরুর আগেও তাই ছক করেই এগিয়ে যেতে চান তিনি। সেই লক্ষ্যেই গতকাল শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে মন্ত্রীদের তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা কাশ্মীরের স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদি।

দেশের মানুষ জানে কোন প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন হবে

0

দেশের মানুষ জানে কোন প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদগার করছে।

তিনি বলেন, অতীতে ইভিএম পদ্ধতিতে যে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি প্রার্থীরা ইভিএম পদ্ধতিতে ইতোপুর্বে বেশ কয়েকটি নির্বাচনে বিজয়ীও হয়েছে।

তিনি বলেন, এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীর পক্ষে যেভাবে গণজোয়ার উঠেছে তাতে আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবে।

বিএনপি নির্বাচনে জিতলে সুষ্ঠু আর হারলে বলে কারচুপি, এটি তাদের পুরনো অভ্যাস বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি দিবাস্বপ্ন দেখে। তারা যে কোনো নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা তুঙ্গে বলে প্রচার করে। আর নির্বাচনের পরে তারা হেরে যায়। এবার সিটি নির্বাচনে তাদের দিবাস্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আওয়ামী লীগ বা সরকরের কোনো আপত্তি থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একই দিনে সিটি নির্বাচন এবং সরস্বতি পূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলে গ্রহণযোগ্য একটি তারিখ ঠিক করবে বলে প্রত্যাশা করছি।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইজ্ঞিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সিটি নির্বাচন পেছানোর দাবিতে অনশনে চার শিক্ষকের সংহতি

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সরস্বতী পূজার কারণে পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় দিনের মতো অনশন চলছে।

আজ শনিবার অনশনে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করে সংহতি প্রকাশ করেছেন।

আজ সংহতি জানানো শিক্ষকরা হলেন- আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ মণ্ডল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নেপাল চন্দ্র রায়, চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান মুকুল কুমার বাড়ৈ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন।

আজ অনশনে অসুস্থ হয়ে পড়া মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অভি দাস প্রিতমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুকেশ দেবকেও ভর্তি করা হয় হাসপাতালে।

জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, আজকেও দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের পর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়তে চান তাপস

0

সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে এক নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফজলে নূর তাপস।

তাপস বলেন, ‘ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী সব নাগরিক সুবিধা পাবেন। সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি পরিকল্পনার আওতায় আমরা সততা, নিষ্ঠা একাগ্রতা ও আন্তরিকতার সাথে রাজধানীবাসীর সেবা করে যাব। ২০৪১ সাল নাগাদ ঢাকাকে আমরা উন্নত ঢাকায় পরিণত করবো। উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা।’

তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি উন্নত ঢাকা গড়তে আমিসহ রাজধানীবাসী আওয়ামী লীগ মনোনীত কমিশনারদের তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন বলে আশা করি।

ঢাবির প্রতিটা হল গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার, উদ্বোধন ২৩ জানুয়ারি

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল-গ্রন্থাগার ও কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই উদ্যোগ নিয়েছে। ১৮টি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে একযোগে এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে আগামী ২৩ জানুয়ারি।

বঙ্গবন্ধু কর্নার স্থাপনের বিষয় নিয়ে কাজ করছেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।

তিনি বলেন, বাঙালি জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বঙ্গবন্ধু, বাঙালির মুক্তি সংগ্রামের বইসমূহ স্থান পাবে। বঙ্গবন্ধু কর্নারের জন্য শেলফ তৈরি ও প্রতিটি কর্নারের জন্য বই ক্রয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি বিকাল ২টায় সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল হলে একযোগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে।

তিনি বলেন, ডাকসুর প্রত্যেকটি সম্পাদকের আলাদা বাজেট আছে। আমি আমার সম্পাদককে বাজেট থেকে মুজিববর্ষকে সামনে রেখে উদ্যোগ নিয়েছি। বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম ও শেখ হাসিনার বই থাকবে। প্রতিটা হলে ৫০-১০০টি করে বই থাকবে। শেলফ এবং বই ডাকসু সংগ্রহ করবে।

আব্দুল মান্নানের মৃত্যুতে স্পিকারের গভীর শোক

0

বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ শনিবার এক শোক বার্তায় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শোকবার্তায় স্পিকার বলেন, আব্দুল মান্নানের মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

তিনি বলেন, ৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এছাড়া আজ পৃথক শোকবার্তায় আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।