Home Blog Page 3217

ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতে একজনের মৃত্যু

0

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ভোরে। এতে যোগ দিতে এসে একজন অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত কাজী আলাউদ্দিন (৬৬) সুনামগঞ্জ জেলার লক্ষ্মীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে।

২৯-৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখতে ইসিকে ডিএমপির চিঠি

0

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে ডিএমপি কমিশনারের পক্ষে পাঠিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়।

চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েনের সুবিধার্থে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এই দুই দিন বাণিজ্য মেলা বন্ধ রাখা দরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

চিঠিতে আরো বলা হয়, ভোট গ্রহণের দিনে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে। নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্য মেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না। এসব বিষয় বিবেচনা করে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার প্রয়োজন।

‘লোকটা সিরিয়াস নয়, আমি তার ওপর ভরসা করতে পারি না’

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাণ্ডজ্ঞানের কারণে বরাবরই হাসির পাত্র হয়েছেন। বিভিন্ন বিষয়ে যা-তা বলে পরিচয় দিয়েছেন জ্ঞানশূন্যতার। একবার নেপাল ও ভুটানকে ভারতের অংশ বলে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পড়েছেন নতুন বিতর্কে। ভারতের সঙ্গে চীনের সীমান্ত নেই বলে নিজের ‘জ্ঞান’ জানিয়ে এ বিতর্কে পড়েছেন ট্রাম্প। এমনকি ট্রাম্প নাকি তার এই ‘জ্ঞান’ প্রকাশ করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই কাছে।

মার্কিন প্রেসিডেন্টের ভৌগোলিক ‘জ্ঞানের’ এ বিষয়টি প্রকাশ পেয়েছে পুলিৎজার পুরস্কারজয়ী দুই সাংবাদিক ফিলিপ রাকার ও ক্যারোল ডি লিওনিংয়ের লেখা ‘এ ভেরি স্ট্যাবল জিনিয়াস’ বইয়ে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম তিন বছরে ডোনাল্ড ট্রাম্পের যেসব ঘটনা আলোড়ন তুলেছে, সেসব নিয়ে লেখা হয়েছে বইটি।

দুই সাংবাদিকের লেখা ওই বইয়ে উল্লিখিত ঘটনার বরাত দিয়ে বুধবার (১৫ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প নাকি আলোচনার এক পর্যায়ে বলে ওঠেন, ‘এমনতো নয় যে, তোমাদের সীমান্তে চীন আছে…।’

বিশ্বের শীর্ষ দুই জনগোষ্ঠীর দেশ যথাক্রমে চীন ও ভারতের সীমানা ৩ হাজার ৪৮৮ কিলোমিটার। অরুণাচল-লাদাখসহ অনেক বিবাদমান অঞ্চলঘেঁষা এই সীমান্তকে বলা হয় ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি)। এই সীমান্তে গত ক’বছরেও উত্তেজনায় জড়িয়েছে ভারত ও চীন। এমনকি ডোকলাম মালভূমি ঘিরে দু’পক্ষ সীমান্তে ব্যাপক সৈন্য-সামন্তও জড়ো করে বলে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছিল।

বিশ্ব সংবাদমাধ্যমে এই সীমান্ত প্রায়ই শিরোনাম হলেও ডোনাল্ড ট্রাম্পের ওই বাক্য যেন বাকরুদ্ধ করে দেয় মোদিকে। বিস্ময়ে যেন তার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। তবে স্তম্ভিত মোদি খানিকবাদেই স্বাভাবিক হয়ে ওঠেন।

ওই বইয়ে ট্রাম্পের একজন উপদেষ্টার বরাত দিয়ে বলা হয়, ‘মোদি যখন সে বৈঠক ছেড়ে যাচ্ছিলেন, তিনি বোধ হয় বলছিলেন যে- এই লোকটা সিরিয়াস নয়। আমি অংশীদার হিসেবে তার ওপর ভরসা করতে পারি না।’

কেবল ভারত-চীন সীমান্ত নিয়ে নয়, এর আগে নেপাল ও ভুটানকে ভারতের অংশ বলেও বিতর্কে পড়েন ট্রাম্প। তার সেই কাণ্ডজ্ঞান যে বৈঠকে ফাঁস হয়, সেই বৈঠক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে টাইম ম্যাগাজিন।

ক্ষমতা নিজের হাতে রাখতে পুতিনের অভিনব কৌশল!

0

প্রেসিডেন্টের একটি ভাষণ। সাংবিধানিক পরিবর্তনের রূপরেখা ঘোষণা। তার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ। নিযুক্ত হলেন নতুন একজন প্রধানমন্ত্রী। রাশিয়ায় বুধবার এভাবেই আকস্মিক এবং নাটকীয় কিছু পরিবর্তন ঘটেছে।

সরকারের মন্ত্রীরা আগেভাগে কিছুই জানতেন না এ ব্যাপারে। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, মন্ত্রীদের কোন ধারণাই ছিল না তাদের এভাবে পদত্যাগ করতে হবে। এসবের অর্থ কী? বিশ্লেষকরা বলছেন, ভ্লাদিমির পুতিন তার ক্ষমতা জারি রাখার জন্য এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এমন কিছু সাংবিধানিক পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন – যার ফলে ২০২৪ সালে তার মেয়াদ শেষ হয়ে যাবার পরও রুশ প্রশাসনে তার প্রভাব বজায় থাকবে।

পুতিন তার বার্ষিক ‘স্টেট অব দি নেশন’ ভাষণে বলেন, ভবিষ্যতে রুশ প্রেসিডেন্টদের দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকা উচিত হবে না এবং পার্লামেন্টের ক্ষমতাও বাড়ানো উচিত। তাছাড়া রাষ্ট্রীয় যে কাউন্সিলের প্রধান ভ্লাদিমির পুতিন নিজে – তার ভুমিকাও জোরদার করা উচিত বলে মত প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।

এ ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই এসব পরিবর্তনের পথ সুগম করার জন্য রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভিয়েদেভের নেতৃত্বে পুরো রুশ সরকার পদত্যাগ করে। ক্রেমলিন থেকে কর বিভাগের পরিচালক মিখাইল মিশুস্তিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিবিসির বিশ্লেষক পল কারবি বলছেন, এটা স্পষ্ট যে ৬৭ বছর বয়সী পুতিন এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। তিনি প্রেসিডেন্ট আছেন গত ২০ বছর ধরে এবং বর্তমান আইন অনুযায়ী আর চার বছর পরেই তার বিদায় নেবার কথা। পুতিন তাই আগে থেকে রাশিয়ায় তার ক্ষমতা ধরে রাখতে কাজ শুরু করেছেন।

দিমিত্রি মেদভেদের ভূমিকা কী?
প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর মেদভেদকে এখন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি প্রধান করা হয়েছে। তিনি এখন কাজ করবেন অনেকটা লোকচক্ষুর আড়াল থেকে। কার্নেগি মস্কো সেন্টারের আলেক্সান্ডার বাউনভ বলেন, ‘এটা হচ্ছে সোনালি প্যারাসুটের মতো। তিনি রিজার্ভ বেঞ্চে আছেন, কারণ এই নিরাপত্তা কাউন্সিল হচ্ছে পুতিনের ঘনিষ্ঠতম অন্দরমহল – তার নিজের মিনি-সরকার।’

ইউনাইটেড রাশিয়া পার্টির অজনপ্রিয় নেতা মেদভেদ মাঝখানে চার বছর প্রেসিডেন্ট ছিলেন। কারণ তখন পুতিনের প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদ পুরো হয়ে গিয়েছিল। তাই তাকে এক মেয়াদের জন্য তার বিশ্বস্ত ব্যক্তি মেদভেদের হাতে ক্ষমতা ছাড়তে হয়।

সে সময় মেদভেদ ছিলেন প্রেসিডেন্ট আর পুতিন প্রধানমন্ত্রী। চার বছর পরে আবার পুতিন ফিরে আসেন প্রেসিডেন্ট পদে। এখন ভ্লাদিমির পুতিনের জন্য আবার ঠিক সেই রকম একটা সময় আসছে। কিন্তু এবার প্রেসিডেন্ট পুতিন আগের মত প্রধানমন্ত্রী হয়ে পেছনের সিটে বসে থাকার পরিকল্পনা করছেন না। প্রেসিডেন্ট হিসেবে এই চতুর্থ টার্মই হবে তার শেষ মেয়াদ বলে মনে হচ্ছে।

পুতিন তাহলে কী চান?
তার কথা শুনে মনে হয়, রুশ পার্লামেন্টের হাতে আরো বেশি ক্ষমতা আসবে, তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং মন্ত্রিসভা অনুমোদন করবে। তবে সেটা এখনি হচ্ছে না এবং কতটা ক্ষমতা পার্লামেন্ট পাবে তাও স্পষ্ট নয়। পুতিন সংবিধান পরিবর্তনের ওপর একটা ভোটাভুটির আভাস দিচ্ছেন। ১৯৯৩ সালের পর এটাই হবে এ ধরনের প্রথম ভোট।

প্রস্তাব করা হচ্ছে যে, স্টেট কাউন্সিলকে এখন সরকারের একটি আনুষ্ঠানিক সংস্থা হিসেবে সংবিধানে স্থান দেয়া হবে। বর্তমানে যা উপদেষ্টা পরিষদের মতো। এতে আছেন ৮৫ জন আঞ্চলিক গভর্নর, রাজনৈতিক দলগুলোর নেতারা এবং অন্যান্য কর্মকর্তারা। এর সদস্য এত বেশি যে কাউন্সিলের বৈঠকের সময় ক্রেমলিনের অর্ধেকই পূর্ণ হয়ে যায়।

কিন্তু পুতিন স্পষ্টতই এই কাউন্সিলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে একটা পরিকল্পনা করেছেন। কেউ কেউ মনে করেন, তিনি হয়তো হতে পারেন এই পরিষদের একজন নতুন এবং ক্ষমতাশালী নেতা। বাউনভ বলছেন, ‘পুতিন চাচ্ছেন এই কাউন্সিলকে এমন করে গড়ে তুলতে যা হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর এর প্রধান হিসেবে পুতিনের অবস্থান হতে পারে প্রেসিডেন্ট পদেরও ওপরে।

বিবিসির রুশ বিভাগের সেরগেই গোরিয়াশকো বলছেন, ‘ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে চান। প্রশ্নটা হচ্ছে কীভাবে, কী ভুমিকায়। আমরা প্রায় নিশ্চিত যে তিনি ২০২৪ সালের পর প্রেসিডেন্ট থাকবেন না। হয়তো তিনি নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও থাকতে পারেন।’

বুধবারের ঘটনার পর বিশ্লেষক কনস্টান্টিন এগার্ট টুইটারে মন্তব্য করেছেন যে রাশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং ২০২১ সালের মধ্যেই নতুন কাঠামো এবং নতুন পুতিনকে দেখা যাবে।

পুতিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আলেক্সিই নাভালনি বলছেন, সাংবিধানিক পরিবর্তনের কথাবার্তায় পুরোনো সোভিয়েত-স্টাইল রাজনীতি ফিরে আসছে এবং এ নিয়ে যে ভোট হবে তা হবে একটা জালিয়াতি।

সূত্র : বিবিসি বাংলা

বঙ্গবন্ধুর খুনি মোশতাক-জিয়ার মরণোত্তর বিচারের জন্য সংসদে বিল পাশের দাবি

0

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন, বিএনপি এখনও পরাজিত পাকিস্তানের স্বপ্ন দেখেন। পাকিস্তানের চেয়েও বেশি পাকিস্তানপ্রেমী হয়ে কথা বলেন। কিন্তু দেশের জনগণ কোনদিন এসব পাকিপ্রেমীদের মেনে নেবে না। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোশতাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য সংসদে একটি বিল পাশের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে ওই আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আলোচনায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সরকারি দলের পংকজ দেবনাথ, জাফর আলম ও রুবিনা আখতার ও ওয়ার্কার্স পার্টির লুৎফুন্নেসা খান।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, সারা বিশ্ব দেখছে, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাঁর মেধা-মনন, সাহসী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিণত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে খুনি মোশতাক ও জিয়াউর রহমান গং। বিএনপির একজন চেয়ারম্যান এতিমের টাকা আত্মসাত করে কারাগারে সাজা খাটছেন। আর খুনি জিয়াপুত্র মহাদুর্নীতিবাজ তারেক রহমান দেশের একজন কুলাঙ্গার। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যাসহ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করতে চেয়েছিল। এই মামলার আসামি কুলাঙ্গার তারেক রহমান লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। যারা জাতির পিতাকে নিয়ে কটু কথা বলবে তাদের এই সংসদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।
তিনি খুনি মোশতাক ও জিয়ার মরণোত্তর বিচারের জন্য সংসদে একটি বিল পাশের দাবি জানান।

উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেছিলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। কিন্তু খুনিদের শেষ রক্ষা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির মহাসোপানে এগিয়ে চলেছে, তা রাষ্ট্রপতির ভাষণের দলিলে উঠে এসেছে। অনভূক্তিমূলক উন্নয়নের জন্য সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাদৃত ও প্রশংসিত হচ্ছেন। মাত্র দুই মেয়াদে শিক্ষার হার ৫০ ভাগ থেকে ৭০ ভাগে উন্নীত করেছেন তিনি। নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে শিক্ষাখাতে অভাবনীয় সাফল্যে অর্জিত হয়েছে। শুধু খালেদা জিয়া আদালতের মাধ্যমে অভিযুক্ত নন, তাঁর দুই পুত্র আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত। সেই বিএনপি দুর্নীতি নিয়ে কথা বলেন কোন মুখে?

ওয়ার্কার্স পার্টির লুৎফুন্নেসা খান বলেন, নারীদের এখন নিরাপত্তা নেই। নারী ও শিশু ধর্ষণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘসূত্রিতা, মারণঘাতি মাদক এর অন্যতম কারণ। বায়ুদুষণের দিক থেকে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশ আজ পঞ্চম। এসব দিকে এখন নজর দিতে হবে।

সরকারি দলের পংকজ দেবনাথ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের মহাযাত্রার একটি প্রামাণ্য দলিল। বিএনপি-জামায়াতের নির্বাচন বিমুখতা, অগ্নিসন্ত্রাস, নাশকতাসহ শত ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শান্তি-উন্নয়ন ও অগ্রগতির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি নেতারা এখনও পাকিস্তানের স্বপ্ন দেখেন।

তিনি সরস্বতী পুজোর দিন সিটি করপোরেশন নির্বাচন দেওয়া কোন ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য জাফর আলম বিএনপি-জামায়াত জোট সরকারের কঠোর সমালোচনা করে বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া এই মা-বেটা মিলে দেশকে গিলে খেতে চেয়েছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।

কনকনে শীত উপেক্ষা করে আসছেন মুসল্লিরা

0

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার টঙ্গী তুরাগ নদ তীরে ইজতেমা ময়দানে শুরু হচ্ছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হবে প্রাক প্রস্তুতি বয়ান। কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা আসতে শুরু করেছেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় পর্বে অংশ নিতে মাওলানা সা’দ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ইতিমধ্যে ময়দানে এসে পৌঁছেছেন।

এ জামাতের নেতৃত্বে রয়েছেন শূরা সদস্য মাওলানা আবদুস সাত্তার। এ জামাতকে অভ্যর্থনা জানান বাংলাদেশের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মুফতি ইজাহার আহমেদ।

এদিন ইজতেমার বিভিন্ন দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশে বিশেষ বয়ান (নজমের বয়ান) করেন ভারতের মাওলানা মুফতি রিয়াজুর রহমান।

এছাড়া বিভিন্ন দায়িত্ব সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কমিটি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের মতো নিরাপত্তাব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।

ইন্দোনেশিয়া থেকে আসা মুসল্লি মো. সামসুল আরেফিন জানান, প্রথম চিল্লা (৪০ দিন) বাংলাদেশ ও ২য় চিল্লা ভারতে শেষ করে ইজতেমায় এসেছি। আখেরি মোনাজাতের পর আবার তৃতীয় চিল্লায় দাওয়াতি কাজে বেরিয়ে যাব।

আল্লাহকে রাজি-খুশি করতে পারলে জিন্দেগি ও আখেরাত সুন্দর হবে বলে তিনি মন্তব্য করেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ মো. মুহিব্ল্লুাহ জানান, ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ছাড়াও ডেসকো, তিতাস, ওয়াসা সহ সরকারের সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো তাদের অক্লান্ত পরিশ্রমে মাঠ প্রস্তুতি সম্পন্ন করছেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সরকার মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা মাঠে ব্যাপক উন্নয়ন করেছে। ১৩টি গভীর নলকূপের মাধ্যমে ২য় পর্বেও প্রায় সাড়ে ৩ কোটি গ্যালন খাবার পানি ও ওজু-গোসলের পানি সরবরাহ করা হবে। ৮ হাজারের বেশি মুসুল্লি একসঙ্গে টয়লেট ব্যবহার করতে পারবে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ পর্বেও সিটি কর্পোরেশনের সবধরনের সুযোগ-সুবিধা পাবেন।

খিত্তাওয়ারি মুসল্লিদের অবস্থান : মিরপুর (খিত্তা-১, ২), সাভার (৩-৪), টঙ্গী (৫), উত্তরা (৬ ও ৭), কাকরাইল (৮-১৪), মোহাম্মদপুর (১৫), যাত্রাবাড়ী (১৬), ডেমড়া (১৭), কেরানীগঞ্জ (১৮-১৯), ধামরাই (২০), নবাবগঞ্জ/দোহার (২১), মানিকগঞ্জ (২২), টাঙ্গাইল (২৩), নারায়ণগঞ্জ (২৪), নেত্রকোনা (২৫), জামালপুর (২৬), ময়মনসিংহ (২৭), কিশোরগঞ্জ (২৮), শেরপুর (২৯), গাজীপুর (৩০), বগুড়া (৩১), নরসিংদী (৩২), নওগাঁ (৩৩), রাজশাহী (৩৪), নাটোর (৩৫), সিলেট (৩৮), সুনামগঞ্জ (৩৯), হবিগঞ্জ (৪০), মৌলভীবাজার (৪১), চাঁপাইনবাবঞ্জ (৪২), জয়পুরহাট (৪৩), মুন্সীগঞ্জ (৪৪), মাদারীপুর (৪৫), শরীয়তপুর (৪৬), রাজবাড়ী (৪৭), ফরিদপুর (৪৮), গোপালগঞ্জ (৪৯), পঞ্চগড় (৫০), নীলফামারী (৫১), লালমনিরহাট (৫২), গাইবান্ধা (৫৩), কুড়িগ্রাম (৫৪), ঠাকুরগাঁও (৫৫), রংপুর (৫৬), দিনাজপুর (৫৭), ব্রাহ্মণবাড়িয়া (৫৮), চাঁদপুর (৫৯), খাগড়াছড়ি (৬০), ফেনী (৬১), রাঙ্গামাটি (৬২), বান্দরবান (৬৩), লক্ষ্মীপুর (৬৪), নোয়াখালী (৬৫), কুমিল্লা (৬৬), কক্সবাজার (৬৭), চট্টগ্রাম (৬৮), চুয়াডাঙ্গা (৬৯), কুষ্টিয়া (৭০), খুলনা (৭১), যশোর (৭২), ঝালকাঠি (৭৩), পটুয়াখালী (৭৪), বরিশাল (৭৫), ভোলা (৭৬), বরগুনা (৭৭) ও পিরোজপুর (৭৮)। তুরাগ নদের পশ্চিমপাড়ে অবস্থিত খিত্তাগুলো হল- পাবনা (৩৬), সিরাজগঞ্জ (৩৭), মাগুড়া (৭৯), সাতক্ষীরা (৮০), নড়াইল (৮১), ঝিনাইদহ (৮২), বাগেরহাট (৮৩) ও মেহেরপুর (৮৪)। এ ছাড়াও ৮৫ ও ৮৬ নম্বর খিত্তা ও তুরাগ নদের পশ্চিম পাড়ে ৮৭নং খিত্তা সংরক্ষিত খিত্তা হিসেবে রাখা হয়েছে।

গত রবিবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত শেষে মুসল্লিরা মাঠ ছেড়ে চলে গেছেন। গত মঙ্গলবারই মাঠের দায়িত্ব বুঝে নেন স্থানীয় পুলিশ প্রশাসন।

একাদশে ১১ শতাংশের বেশি ভর্তির নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ

0

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ দুদকের মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে অতিরিক্ত ভর্তি কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অতিরিক্ত ভর্তির কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেছেন। একইসঙ্গে আবেদনে ভর্তির নীতিমালা অনুযায়ী শতভাগ আসনের বাইরে অতিরিক্ত ১১ শতাংশ শিক্ষার্থী ভর্তি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, শিক্ষা বোর্ডের পরিদর্শক ও ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদি করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় গতবছর ২১ এপ্রিল ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৯ জারি করে। ওই নীতিমালায় বলা হয়েছে, বিভাগীয় এবং জেলা সদরের কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের শতভাগ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কোনো আবেদনকারী থাকলে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, ৩ শতাংশ বিভাগীয় এবং জেলা সদরের বাইরের শিক্ষার্থী, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও স্ব স্ব প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তান, ০.৫ শতাংশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ০.৫ শতাংশ প্রবাসীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায়, তবে এ আসন কার্যকরী থাকবে না।

এই নীতিমালায় আরো বলা হয়েছে, নিজ স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীরা উর্ধ্বতন শ্রেণিতে ভর্তিতে অগ্রাধিকার পাবে। এই আইন লঙ্ঘন করে ১১১ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

আগামীতে পেঁয়াজের মূল্য আরো কমবে : কৃষিমন্ত্রী

0

আগামীতে পেঁয়াজের মূল্য আরো কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ভারত পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সরকারও পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রণোদনাসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে বাজারে পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার।

জবাবে মন্ত্রী আরো বলেন, এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশি। আমরা দেখেছি ভারত পেঁয়াজ রপ্তারিন ওপর নিষেধজ্ঞা তুলে নিয়েছে। দেশেও পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে। অন্যান্য দেশেও মৌসুম শুরু হবে। তাই কোনো ক্রমেই পেঁয়াজের দাম ১১০ টাকা থাকবে না। আমি খুবই আশাবাদি পিয়াজের দাম কমে আসবে।

আওযামী লীগের সদস্য এম আব্দুল লতিফের সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে পেঁয়াজ নিয়ে নানা রকম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। এখন স্থিতিশীল পর্যায়ে এসেছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে আগামীতে পেঁয়াজ নিয়ে কোনো সঙ্কট সৃষ্টি হবে না। যদি আমদানি করতেই হয়, তবে আগে থেকেই আমদানির ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে পেঁয়াজের উৎপাদনের ন্যায্য মূল্যে পায়, স্থানীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, দেশে ২৩ থেকে ২৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু চাহিদা রয়েছে ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন। অবশিষ্ট চাহিদা পূরণে পেঁয়াজ আমদানি করা হয়। গত মৌসুমের শুরুতে অধিক বৃষ্টিপাতের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ফলে অধিক ঘাটতির সৃষ্টি হয়। এর ওপর পাশ্ববর্তী দেশ ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারির কারণে দেশে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, আমরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সরকার থেকে দ্রুত চীন, মিশরসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের বিষয়টি সরকার এবার গুরুত্ব সহকারে নিয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন দিক-নির্দেশনা ও প্রণোদনা দেওয়া হয়েছে। অতীতের তুলনায় এবার অধিকহারে পেঁয়াজ উৎপাদন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পেঁয়াজের মৌসুমে আমদানি বন্ধ করে দেশের পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ন্যায্যমূল্যে পায় সে ব্যবস্থা করা হবে। আমাদের দেশে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা নেই। পেঁয়াজ পচনশীল ফসল। এ কারণে মৌসুমে কৃষকরা পেঁয়াজ খুব অল্পমূল্যে বিক্রি করতে বাধ্য হয়। এতে পেঁয়াজ উৎপাদনে তারা উৎসাহ হারিয়ে ফেলে। আগামীতে এটা যাতে না হয় সে ব্যাপারে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটি আয়

0

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের তথ্য প্রযুক্তি (আইটি) ও প্রযুক্তি খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।

রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয় বলেন, আজ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রপ্তানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে।

তিনি বলেন, অধিকাংশ আইটি সেবা ইন্টারনেট ভিত্তিক ও ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রপ্তানি হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কি পরিমাণ রপ্তানি হচ্ছে তা জানা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি যে আইটি খাত থেকে ইন্টারনেটের মাধ্যমে আনঅফিসিয়ালি অন্তত আরো ১০০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার রপ্তানি হচ্ছে। কিন্তু তা জানা যাচ্ছে না। তাই আমাদের আইটি সেবা গার্মেন্টস শিল্পের রপ্তানি আয়কে ছড়িয়ে যাওয়ার পথেই এগুচ্ছে।

জয় আশা প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ৫জি প্রযুক্তি চালু হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহ্, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি. এর সিইও ঝাং ঝেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর রহমান।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাক্ষাৎ করেছেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, নয়াদিল্লিতে রেইজিনা সংলাপে অংশগ্রহণকারী বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সাথে হাছান মাহমুদ বুধবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

ড. হাছানের সাথে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ জানান।

এদিন দুপুরে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সাথে বৈঠক করেন।

এর আগে মঙ্গলবার তিনি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।