Home Blog Page 3218

রাহাত হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন, কামরুল হায়দার।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল আলীম আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩০৪(এ) অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে মর্মে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ১ নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার (১৫)। ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান।

আমরা ক্রসফায়ারকে সাপোর্ট করতে পারি না : ওবায়দুল কাদের

0

সংবিধান মোতাবেক আমরা দলীয়ভাবে বা সরকারিভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জাতীয় সংসদে ধর্ষকদের এনকাউন্টার বা ক্রসফায়ারের বিষয়টি তাঁদের ব্যক্তিগত মতামত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সংসদে ধর্ষকদের ক্রসফায়ার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা বক্তব্য রেখেছেন এনকাউন্টারের পক্ষে আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার বা আমাদের দলের কোনো বিষয় নয়। আমরা এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে ও সংবিধান সম্মত নয়।’

ওবায়দুল কাদের আরো বলেন, সংবিধান মোতাবেক আমরা দলীয়ভাবে বা সরকারিভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না। ব্যক্তিগত যে কারো অভিমত থাকতে পারে, এটা ব্যতিক্রম।

ঢাকা সিটি নির্বাচন পেছাতে আপিল বিভাগে আবেদন

0

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীপূজার কারণে নির্বাচন পেছানোর আদেশ চেয়ে রিটটি করা হয়েছিল।

আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবেদনে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আগামী রবিবার (১৯ জানুয়ারি) এ আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে।

গত ৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। এরপর গত ৭ জানুয়ারি রিট আবেদনটি বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে দাখিল করা হয়। ১২ জানুয়ারি রিট আবেদনটি কার্যতালিকায় থাকবে বলে সেদিন জানিয়েছিলেন আইনজীবী। এ অবস্থায় রবিবার ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল রিট আবেদনটি। কিন্তু এ রিট আবেদনের ওপর এই বেঞ্চের শুনানির এখতিয়ার না থাকায় আইনজীবী তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করলে আদালত তা বাদ দিতে আদেশ দেন। এরপর রিট আবেদনটি নেওয়া হয় বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। এই বেঞ্চে গতকাল শুনানি হয়।

শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবীরা বলেন, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। তিনি বলেন, এই পূজাটি বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়সহ দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে হয়ে থাকে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র তৈরি করা হবে। আর সরস্বতী পূজাও শিক্ষাপ্রতিষ্ঠানে হবে। তাঁরা বলেন, ‘হিন্দু সম্প্রদায় শুধু দিনের ওপর নয়, ক্ষণের ওপর নির্ভর করে। যেমন করে আমাদের দেশের একটি বৃহৎ ধর্মের মানুষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই আমাদের পূজার জন্য ক্ষণটি তাৎপর্যপূর্ণ বিধায় বিষয়টি ধর্মীয় আয়োজনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। এ কারণে ৩০ জানুয়ারির নির্ধারিত ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া প্রয়োজন।’

তবে গত ১৪ জানুয়ারি ওই রিট আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রিটটির শুনানিতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আইনজীবী ছিলেন তৌহিদুল ইসলাম। তিনি বলেন, অনেক দিক বিবেচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা। নির্বাচন পেছানো হলে তিন মাস পিছিয়ে দিতে হবে।

প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ বেতার

0

বাংলাদেশ বেতারে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি উপমহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বিসিএস ক্যাডার হন।

একুশের বইমেলা এবার উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে

0

এবার একুশে বইমেলায় থাকছে ২০২০ মুজিববর্ষের নানা আয়োজন। বইমেলাটি উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে। তাঁকে নিয়েই এবারের বইমেলার বেশ কিছু অংশ সাজানো হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, চলতি বছর বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে ২৬টি বই প্রকাশ করবে একাডেমি। এছাড়া মেলার ২৬ দিনই বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা একাডেমির মঞ্চে আলোচনা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ বই প্রকাশের পরিকল্পনা নিয়েছে বাংলা একাডেমি। বইগুলো প্রকাশিত হবে আগামী তিন বছরে, যার মধ্যে ২৬টি প্রকাশিত হবে এবারের একুশে মেলায়।

বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমি প্রকাশ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘আমার দেখা নয়া চীন। এ ছাড়াও প্রকাশিতব্য বইয়ের তালিকায় রয়েছে ‘ডাকটিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধু’, বঙ্গবন্ধুকে নিয়ে ইংরেজি অনুবাদ ‘ব্লাড অব আওয়ার হিরো বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর কারাজীবন’, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ ইত্যাদি।

কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

0

আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আর আজ বৃহস্পতিবার বাদ জোহর শুরু হচ্ছে আমবয়ান। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকছে দ্বিতীয় পর্বেও। এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে।

দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। মাওলানা যোবায়ের অনুসারীদের উদ্যোগে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে যাতে কোনো সংঘাত সৃষ্টি না হয় সে জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে পৃথক সময়ে ইজতেমা আয়োজনের নির্দেশনা দেয়। সেই মতে গত বছর থেকে দুই পক্ষ পৃথক দুই পর্বে ইজতেমার আয়োজন করে আসছে।

দ্বিতীয় পর্বের পরিচালনা কমিটির শীর্ষ মুরব্বি ও ব্যবস্থাপনা সমন্বয়কারী ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসবেন না। এ কারণে তাবলিগ মারকাজের ভারতের নিজাম উদ্দিনের পক্ষ থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে ইজতেমার কর্মসূচি পরিচালিত হবে।

দ্বিতীয় পর্বের ইজতেমার তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ছয় উছুলের হকিকত, আম ও খাসবয়ান, দরসে কুরআন, দরসে হাদিস, তাশকিল, মাসলা-মাসায়েল আলোচনা, চিল্লায় নাম নিবন্ধন, নতুন জামাত তৈরি, তালিম, গাস্তের নিয়ম-কানুন শেখানো, ফাজায়েলে আমল, আখলাক ও আদব সম্পর্কে আলোচনা ও যৌতুকবিহীন বিয়ের আয়োজন।

দ্বিতীয় পর্বের আন্তর্জাতিক নিবাসের মুরব্বি মাওলানা আব্দুল্লাহ মনসুর শেখ জানান, এবারের পর্বে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসছেন। তাঁরা আজ ময়দানে এসে আন্তর্জাতিক নিবাসে অবস্থান নেবেন।

এদিকে, দ্বিতীয় পর্বে অংশ নিতে ৬৪ জেলা থেকে সাদ অনুসারীরা এরই মধ্যে ইজতেমা ময়দানে এসে পৌঁছতে শুরু করেছে। দলে দলে মুসল্লিরা আসছেন। জেলাভিত্তিক নির্ধারিত খেত্তায় অবস্থান নিচ্ছেন তাঁরা।

গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ময়দানে দায়িত্ব পালন শুরু করেছেন। দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের মতো কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে।

টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল লতিফ জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সেবা দিতে তাঁরা প্রস্তুত। দুই পর্বে ছয় দিন তাঁদের সংগঠনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসকের সমন্বয়ে ছয়টি টিম নিয়োজিত রয়েছে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহে।

বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল চীন-যুক্তরাষ্ট্র

0

টানা দু’বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এবার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ট্রাম্প ও শি জিনপিংয়ের দেশ। গতকাল বুধবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই চুক্তি মার্কিন অর্থনীতি পাল্টে দেবে।

এদিকে চীনারাও ওই চুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই চুক্তির ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন তারা।

গালফ ট্রডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে দু’শ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিংয়ের দেশ চীন। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক অর্ধেক করার ব্যাপারে রাজি হয়েছে।

মার্কিন চেম্বার অব কমার্সের চীন সেন্টারের প্রধান জেরেমি ওয়াটারম্যান এ ব্যাপারে বলেন, সামনে আরো বহু কাজ আছে। আজকের দিনটি উপভোগ করা উচিত সবার। দ্বিতীয় পর্যায়ে টেবিলে ফিরে আসতে খুব বেশি সময় নেওয়া হবে না।

এর আগে চীনের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপ করে চীন। এরপর উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

জানা গেছে, প্রথম পর্যায়ের ওই চুক্তিতে উভয় পক্ষ কৃষিপণ্য, জ্বালানি, শিল্পপণ্যসহ অন্যান্য পণ্য ক্রয়ে রাজি হয়েছে। প্রযুক্তি বিনিময়, মেধাস্বত্ব, কৃষি, আর্থিক সেবা, মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়সহ অনেক বিষয় থাকছে ওই চুক্তিতে।

সূত্র : গালফ টুডে

ইরানের হামলায় ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়েছিল মার্কিন সেনারা

0

বিপুল পরিমাণ অর্থ খরচ করে বানানো মার্কিন ড্রোনগুলোকে আকাশ পর্যবেক্ষণের নিখুঁত চোখ বলা হয়। অথচ, অত্যাধুনিক এসব ড্রোন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল না।

গত ৮ জানুয়ারি রাত ১টা ৩৫ মিনিটে মার্কিন সেনাবাহিনী অত্যাধুনিক সাতটি ড্রোন উড়িয়ে দেয়। যে দুই ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, সেই ঘাঁটি পর্যবেক্ষণের জন্যই ওই ড্রোনগুলো ওড়ানো হয়।

তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ড্রোনগুলো মার্কিন সেনাবাহিনীকে কোনো ধরনের সতর্কতা জানাতে ব্যর্থ হয়েছে। এমনকি ইরানের হামলার সময় ড্রোনগুলো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে ছিল না।

ওদিকে চরম বেকায়দায় পড়ে ব্যাঙ্কারে আশ্রয় নেয় মার্কিন সেনারা। ইরানের দাবি, ওইদিনের হামলায় ৮০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি নাকচ করে দিয়েছে।

অনন্য নজির গড়লেন জর্ডানের রাজকন্যা

0

জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হিসেবে নতুন ইতিহাস তৈরি করেছেন দেশটির রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। ১৯ বছর বয়সী রাজকন্যাকে গত বুধবার এক অনুষ্ঠানে ‘এভিয়েশন উইং’ পড়িয়ে দেন দেশটির বাদশাহ দ্বিতীয় অবদুল্লাহ।

জানা গেছে, সালমা বিনতে আবদুল্লাহ ২০১৮ সালে নভেম্বরে জর্ডানের সামরিক বাহিনীর সঙ্গে বিমান উড়ানোর প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় সফল হন। এর আগে ইংল্যান্ডে রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হন তিনি। আর কয়েকদিনের মধ্যেই বিমান উড়ানোর কাজ শুরু করবেন তিনি।

রয়েল হাশেমাইট কোর্ট এক বিবৃতিতে জানায়, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশ নেন তাঁর মা রানি রানিয়া এবং বড় ভাই যুবরাজ আল হুসেন বিন আবদুল্লাহ।

জর্ডানের সশস্ত্র বাহিনীতে ফার্স্ট লেফটেন্যান্ট পদে রয়েছেন যুবরাজ হুসেন। এক ইনস্টাগ্রাম পোস্টে বোনকে শুভেচ্ছা জানান তিনি।

যুবরাজ বলেন, জর্ডানের প্রথম নারী পাইলট হওয়ায় তোমাকে অভিনন্দন জানাই। প্রত্যেকবারের মতোই এবারও প্রতিভা ও পরিশ্রমের ফল পেয়েছো তুমি। এই উইং পড়ায় তোমাকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।

এদিকে, রাজকন্যাকে নিয়ে করা যুবরাজের পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও টুইটারে একের পর এক আসতে থাকে শুভেচ্ছা বার্তাসহ অনেক ইতিবাচক কমেন্ট।

এক টুইটার ব্যবহারকারী লেখেন, বড় হয়ে আমি রাজকন্যা হতে চাই-স্বপ্নটি এখন নতুন মাত্রা পেল।

প্রসঙ্গত, ইসলামিক দেশগুলোতে নারীদের স্বাধীনতা নেই বললেই চলে। সামাজিক তথা মৌলবাদীদের নানা বিধিনিষেধ মেনে চলতে হয় তাঁদের। আর এই পরিস্থিতিতে নিজের কৃতিত্বে নয়া নজির গড়েছেন জর্ডানের রাজকন্যা। যদিও, এর আগে দেশের প্রথম নারী হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষ করেছিলেন সালমার ফুপু প্রিন্সেস আসিয়া বিনতে হুসেইন। পরে তিনি দেশটির স্পেশ্যাল ফোর্সে যোগ দেন।

ইরান ইস্যুতে আর মুখ খুলতে চান না ট্রাম্প

0

মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় তেহরান-ওয়াশিংটন উত্তেজনা চরমে। শুরুর দিকে এ ঘটনায় ট্রাম্প ব্যাপক চাপে পড়লেও ইউক্রেনের বিমান বিধ্বস্তের জেরে নজিরবিহীন চাপে পড়েছে ইরানের সরকার।

এরকম পরিস্থিতিতে মার্কিন প্রশাসন আর ইরান ইস্যুতে মুখ খুলতে রাজি হচ্ছে না। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যাপারে ডাকা চারটি সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিছু ক্ষেত্রে অল্পবিস্তর তথ্য দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে একেবারেই মুখ বন্ধ রাখছে মার্কিন প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার ডাকা দু’টি সংবাদ সম্মেলনও বাতিল করে দেওয়া হয়। দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনও পরে বাতিল করে দেওয়া হয়েছে।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সাংবাদিকদের সঙ্গে আলাপের পরিকল্পনা করছিল। তবে রূদ্ধদ্বার বৈঠক শেষে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। এছাড়া আজ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পেন্টাগন।