Home Blog Page 3219

কাশ্মীর নিয়ে চীনের চাপ, ইমরানকে ডাকতে পারেন মোদি

0

ভারতের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘে কাশ্মীর নিয়ে আবারো আলোচনা চায় চীন। তাদের অনুরোধে গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে।

তবে অন্য সদস্য দেশগুলোর বাধায় তেমন বিস্তারিত আলোচনা হয়নি। ফ্রান্স আগেই জানিয়েছিল, কাশ্মীর নিয়ে তারা পূর্ব অবস্থান বজায় রাখবে। এ বিষয়ে তাদের বক্তব্য, কাশ্মীর ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। সে কারণে বিষয়টি তাদেরই মিটিয়ে নেওয়া উচিত।

এর আগে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মীর নিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে চেয়েছিল চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া সেই প্রচেষ্টা রুখে দেয়।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের দূরত্ব যতই বাড়ুক না কেন, চলতি বছরের শেষে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে পারে ভারত। এ বছরের শেষে ভারতে আয়োজন হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর (এসসিও) বার্ষিক সম্মেলন। তাতে যোগ দিতেই ইমরানকে আমন্ত্রণ জানানোর কথা উঠে আসছে।

এই অঞ্চলের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করতে ২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনে এসসিও তৈরি হয়। ভারত প্রথমে পর্যবেক্ষক দেশ হিসেবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে স্থায়ী সদস্যের পদ লাভ করে। একই বছর সদস্য হয় পাকিস্তানও।

এ বছর প্রথম সেই এসসিও-র বার্ষিক সম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। গত রবিবার সেই সূত্রে চার দিনের সফরে দিল্লি পৌঁছেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ভ্লাদিমির নরভ। সোমবার বিষয়টি টুইট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ইমরানের ভারতে আসার প্রসঙ্গে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে আমন্ত্রণ করার কথা ভারতের। সে কারণে রীতি মেনে তাকে আমন্ত্রণবার্তা পাঠানো হতে পারে।

যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত ভারতে যাবেন কি না, তা ঠিক করবে ইসলামাবাদই। ইমরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠাতে পারে তারা।

কারাগারে থাকা আসামিদের ২১ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আগামী ২১ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই নির্দেশ দেন।

আজ বুধবারই আসামিদের হাজিরা সংক্রান্ত পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। ওইদিন আসামিরা হাজির হওয়ার পর অভিযোগ গঠনের দিন ধার্য হবে।

এই মামলার পলাতক তিন আসামি মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান (বাড়ি রংপুর জেলার কোতোয়ালী থানার কেসি রায় রোড), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (বাড়ি সৈয়দপুর জেলার নীলফামারি থানার নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রাম) ও মুজতবা রাফিদের (বাড়ি-দিনাজপুর জেলার কোতোয়ালী থানার উত্তর বালুবাড়ি) অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে।

গত ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর নথি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এর আগের দিন ১২ জানুয়ারি মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমত্য ইসলাম আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মামলার তদন্ত চলাকালীন সময়ে ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই কারাগারে আছেন। তারা হলেন মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু।

গত ১৮ নভেম্বর এই মামলার চার্জশিট গ্রহণ করেন একই আদালত। তার আগে গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটভুক্ত সব আসামি বুয়েটের ছাত্র ও ছাত্রলীগের রাজনীরি সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছর ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জানা গেছে, রাত দশটা থেকে একটানা রাত ২টা পর্যন্ত আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ক্রিকেট স্ট্যাম্প, স্কিপিং দড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। কিলঘুষি, লাথিও মারা হয়। এইভাবে আবরারকে হত্যা করা হয়।

এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আট আসামি। তারা হলেন ইফতি মোশাররফ হোসেন সকাল, বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মো. মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস শাদাত ও তাবাখখারুল ইসলাম তানভীর।

খামারবাড়িতে বহুতল ভবনে আগুন

0

রাজধানীর খামারবাড়ির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সাড়ে রাত ৮টার দিকে খামারবাড়ির তিন নম্বর সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে খামারবাড়ির তিন নম্বর সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার বাজার নিয়ে সংসদে উত্তাপ

0

শেয়ার বাজার পরিস্থতি নিয়ে সংসদে উত্তাপ ছড়ালেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে শেয়ার বাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। বুধবার রাতে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও বিএনপির মো. হারুনুর রশীদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আলোচনার সূত্রপাত করে কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, দেশ চলে তিন নীতিতে। রাজনীতি, অর্থনীতি ও দুর্নীতিতে। দুর্নীতির কারণে শেয়ার মার্কেট মাটিতে শুয়ে গেছে, বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পড়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর যদি হস্তক্ষেপ করেন তাহলে শেয়ার মার্কেট আবার ফিরে আসতে পারে। নইলে ফিরে আসার কোন উপায় দেখি না।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফিরোজ রশীদ বলেন, অর্থমন্ত্রী অত্যন্ত সুদক্ষ। শেয়ার বাজার নিয়ে চিন্তাও করেন। এই মার্কেটে কোথায় কি হচ্ছে সে ধারণা ওনার আছে। তাই কারণগুলো আমাদের সবার জানা। সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশন দুর্বল পঁচা কোম্পানীগুলো লিস্টিং করে বাজারে ছেড়ে দেয়। দুর্বল কোম্পানী শেয়ার বাজারে লিস্টিং দেওয়ার কারণে এরকম ধ্বস। এজন্য বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছে। কোম্পানী লিস্টিং দেয় সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশন। দুর্বল লোক পঁচা কোম্পানী বাজারে নিয়ে আসছে,ফলে বিনিয়োগকারীদের রাস্তায় বসছে। তাই তদন্ত কমিশন গঠণ করার দাবি করেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত কমিশন করা হয়নি, একটা লোককেও শাস্তির আওতায় আনা যায়নি। বাজার থেকে ৯৫ হাজার কোটি টাকার মূলধন নেই।

বিএনপির হারুনুর রশীদ বলেন, মন্ত্রীরা প্রশ্নোত্তর দেওয়ার সময় দেশে কোন বিপর্যয় দেখতে পান না। এখন দেশে কোন সংকট সমস্যা নেই। অথচ গত এক সপ্তাহ যাবৎ পুঁজি বাজারের জন্য মানুষ রাস্তায় শুয়ে পড়েছে। এতে বিপর্যস্ত লাখ লাখ পরিবার। এ ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নেই।
তিনি বলেন, আমরা মুজিববর্ষ উদযাপন করছি। দেশে এতো প্রবৃদ্ধি, এতো উন্নতি। চারদিকে বিশাল বিশাল স্থাপনা তৈরি হচ্ছে। বিনিয়োগকারীদের রক্ষায় সত্যিকার অর্থে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা জানতে চাই।

রেল ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়ে ঐকমত্য হাছান-জয়শংকরের

0

ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকর দু’দেশের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আখাউড়া-আগরতলা সীমান্ত পথে রেলযোগাযোগ ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছেন।

আজ বুধবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতকালে তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরো এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।

আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার থেকে সারা ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধন ও গত বছরের সেপ্টেম্বর থেকে সারা ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারের শুরু হওয়ায় হাছান মাহমুদ জয়শংকরকে ধন্যবাদ জানান। প্রত্যুত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এ গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ জানান।

বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার শ্রদ্ধা পৌঁছে দেবার অনুরোধ জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এটিএম রকিবুল হক এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীর আগামীকাল হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

নগর সরকারের প্রস্তাব নাকচ করলেন এলজিআরডি মন্ত্রী

0

সিটি গভমেন্ট (নগর সরকার) গঠণের প্রস্তাব নাকোচ করে দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের হাতে যে ক্ষমতা দেওয়া আছে তা যথেষ্ট, তাদের দায়িত্ব পালনে কোনো অসুবিধা নেই।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রেক্ষাপটে শহর, নগর, প্রামগুলো কিভাবে উন্নয়ন করার দরকার, সে ব্যাপারে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছেন। বিশিষ্টজনরা বিভিন্ন মতামত দিয়েছেন, সবগুলো বিবেচনা করে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন উপজেলাসহ সবগুলোকে বিভিন্নভাবে ক্ষমতায়ন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের সিটি কর্পোরেশনকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে বলে আমি মনে করি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে এসে দেখেছি সিটি কর্পোরেশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। এই ক্ষমতাগুলো যদি ওনারা সত্যিকার অর্থে প্রয়োগ ও বাস্তবায়ন করতে পারেন তাহলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে এবং কাঙ্খিত উন্নয়ন হবে।

তিনি আরো বলেন, জাতির জনক উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিচালনা করছেন। যখন যেখানে নীতিগত, আইনগত, সংশোধনের প্রয়োজন দেখা দেবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি দলীয় আরেক সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, কেউ কেউ এদেশে সব সময় সামনে বিপর্যয় দেখেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা জাতি সবক্ষেত্রেই সফলতা দেখছে। আগামীতে যেকোনো বিপর্যয় থেকে রক্ষার জন্য অনেক আগে থেকে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ডিসপোজাল নিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য নিয়ে সরকারের সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। কাজেই বর্জ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিরোধী দলের সদস্য বেগম সালমা ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি সুয়্যারেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে বর্তমানে ‘দাশেরকান্দি সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে। যা সমাপ্ত হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।

পাকিস্তানে তুষারধসে নিহত ৯৩, নিখোঁজ অনেকে

0

পাকিস্তানে চলমান তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

এদিকে তুষারধসে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সবধরনের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, তুষারধসের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব ও বেলুচিস্তানেও। প্রদেশ দুটির বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

সৌদি আরবে ১৮৪ জনের শিরশ্ছেদ

0

২০১৯ সালে মধ্যপ্রাচ্যের কট্টরপন্থি দেশ সৌদি আরবে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ছয় বছরে এই সংখ্যা সর্বোচ্চ। এদের মধ্যে তিনজনই কম বয়সী, যারা গণতন্ত্রকামী বিক্ষোভে অংশ নিয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২০১৯ সালে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করার পর শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই কিশোরের অপরাধ হচ্ছে সে হোয়াটসঅ্যাপে বিক্ষোভ নিয়ে বার্তা দিয়েছিল।

সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুল করিম আল হাওয়াজ নামে ২১ বছর বয়সী এক তরুণ এবং আরও ৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের এপ্রিলের এক দিনেই এক সঙ্গে এসব লোকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এদের মধ্যে একজনকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং তার মরদেহ অনেক সময় পর্যন্ত সেভাবেই রেখে দেওয়া হয়। এ ধরনের অপরাধ যেন অন্যরা না করতে পারে সেজন্য সতর্কতা হিসেবেই এমন ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

অপরদিকে ১৭ বছর বয়সী এক কিশোরকে বিমানের ফ্লাইট থেকে আটক করা হয়। সে ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। এই অপরাধেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আইন ও মৃত্যুদণ্ড কার্যকরের বিধান অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া নিষিদ্ধ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে একজন ছিলেন সমকামী। এছাড়া আরও ৩৭ জন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধ স্বীকার করে নেওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, মাদক পাচারের অভিযোগে ৮২ জন এবং খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১৮৪ জনের মধ্যে ৮৮ জন সৌদির নাগরিক, ৯০ জন বিদেশি নাগরিক এবং বাকি ছয়জনের পরিচয় জানা যায়নি।

যেভাবে প্রাণে রক্ষা পেল মার্কিন সেনারা

0

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইরান। ইরাকের দুটি সেনা ঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের কোনো সেনা হতাহত হননি।

কিন্তু কীভাবে ভয়াবহ ওই হামলা থেকে প্রাণে বাঁচলেন মার্কিন সেনারা? এ নিয়ে রিপোর্ট করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে প্রবেশের বিরল সুযোগ পেয়েছে আল-জাজিরা। আনবার প্রদেশ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদক ওসামা বিন জাভেদ।

এতে দেখা গেছে, মার্কিন সেনারা দাবি করেছেন, আগে থেকে প্রস্তুতির কারণেই হামলা থেকে তারা রক্ষা পেয়েছেন। হামলার ঘটনায় বিস্মিত ও আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন তারা। তবে মজবুত বাঙ্কারে থাকায় তারা প্রাণহানি এড়াতে পেরেছেন।

হ্যারিকে পার্ট টাইম চাকরির অফার দিল বার্গার কিং

0

সিংহাসন ত্যাগ করে আর পাঁচটা সাধারণ মানুষের মতো রোজগার করতে চান রানি এলিজাবেথের প্রপৌত্র প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। দিনকয়েক আগে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তারা। রাজবাড়ি ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করার ইচ্ছার কথা টুইটারে পোস্ট করেন হ্যারি এবং মার্কেল। আর তারপরেই ডিউক এবং ডাচেস অব সাসেক্সের জন্য চাকরির অফার নিয়ে হাজির হয় বার্গার কিং।

হ্যারি এবং মার্কেলের টুইটের প্রত্যুত্তরে কর্মখালির ঘোষণা করে বার্গার কিং। আর তারপরেই নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে হাসির রোল। প্রিন্সের উদ্দেশ্যে চাকরির আহ্বান দিয়ে এরই মধ্যে টুইটারে ট্রেন্ডিং হয়েছে বার্গার কিং। প্রায় ১৪০০ রিটুইট এবং সাড়ে ছয় হাজার লাইক এসেছে পোস্টটিতে।

বার্গার কিং’র এই অফারকে এক টুইটার ব্যবহারকারী ‘স্যাভেজ’ অর্থাৎ ‘চূড়ান্ত’ বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে অনেকেই আবার বলছে, এই অভিনব চিন্তার জন্য এরই মধ্যে বার্গার কিং সমগ্র নেটদুনিয়াকে জয় করে ফেলেছে।

গত সপ্তাহে বার্গার কিং’র আর্জেন্টিনাহাডের শাখা থেকে ডিউক এবং ডাচেস অব সাসেক্সের উদ্দেশ্যে পার্ট টাইম চাকরির আহ্বান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, আমাদের কাছে আপনার জন্য নতুন মুকুট আছে।

প্রিন্স হ্যারি এবং মার্কেলের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রানি এলিজাবেথ। রাজভবন ত্যাগ করে স্বাধীন জীবন বেছে নেওয়ায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন রানি। জানা দেছে, মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি রাজভবন ত্যাগ করে কানাডায় তাদের নতুন জীবন শুরু করবেন আর কয়েকদিনের মধ্যেই।