Home Blog Page 3220

মুখোশধারী সেই তরুণী আরএসএস-এর সদস্য

0

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নারীদের হস্টেলে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ৫ জানুয়ারি নারীদের হস্টেলে হামলা চালায় মুখোশধারী গুন্ডাবাহিনী। ওই হামলার ভিডিও প্রকাশ্যে আসে।

যেখানে এক নারীকে দেখা যায় হামলার নেতৃত্ব দিতে। অবশেষে সেই নারীর পরিচয় প্রকাশ্যে আনল দিল্লি পুলিশ। ওই নারীর নাম কোমল শর্মা। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সক্রিয় সদস্য কোমল।

জানা গেছে, তিনি দিল্লির দৌলত রাম কলেজের ছাত্রী। নারীদের হস্টেলে আক্রান্ত ছাত্রী ও অধ্যাপকদের একাংশ ওই হামলার পেছনে এবিভিপির যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। এবার মুখোশধারী নারীর পরিচয় প্রকাশ্যে আসতেই অভিযোগ সত্য হলো।

হামলার ভিডিও ভাইরাল হয়েছে আগেই। ভিডিওতে দেখা যায়, হামলাকারী কোমল শর্মা চেক জামা পরে ছিলেন। হালকা নীল রংয়ের স্কার্ফ দিয়ে মুখ ছিল ঢাকা। হাতে ছিল লাঠি। তিনি ও আরো দুই হামলাকারী ক্রমাগত হুমকি দিচ্ছিলেন আক্রান্তদের। বাকি দু’‌জনের হাতেও ছিল লাঠি। মুখ ছিল ঢাকা। ৫ জানুয়ারি সবরমতী হোস্টেলে শিক্ষার্থীদের মারধর করা ছাড়াও ভাঙচুর চালানো হয়েছিল।

দিল্লি পুলিশ এরই মধ্যে কোমল শর্মা ও বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। বাকি দুই মুখোশধারীর নাম অক্ষত অবস্তি ও রোহিত শাহ। পুলিশের দাবি, তিনজনের ফোনই বন্ধ রয়েছে। কোমল ছাড়াও বাকি দু’‌জন এবিভিপির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এবিভিপির দিল্লি শাখার সচিব সিদ্ধার্থ যাদব স্বীকার করে নিয়েছেন যে কোমল সংগঠনের সদস্য। তিনি বলেছেন, কোমলের খোঁজ আমরাও করছি। শেষ খবর পেয়েছিলাম, কোমল পরিবারের সঙ্গে রয়েছে। এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ হয়নি।

তবে রোহিত শাহ এবিভিপি সদস্য নয় বলেই দাবি সংগঠনের। অতীতে এবিভিপি দাবি করেছিল, অক্ষত অবস্তিও সংগঠনের কেউ নন। যদিও পুলিশ অন্য কথাই বলছে।

সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর সমুদ্র মহড়া সমাপ্ত

0

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৯’ আজ বুধবার সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বানৌজা বঙ্গবন্ধু থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে, প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান এবং বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন কে ইউ এম আমানত উল্লাহ তাঁকে স্বাগত জানান এবং নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

দীর্ঘ ১৮ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এছাড়াও, বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

মোট চারটি ধাপে অনুষ্ঠিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে অন্তর্ভূক্ত ছিল নৌ বহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিষ্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি। নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ।
চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, এ্যান্টিএয়ার র‌্যাপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস/নৌকমান্ডো মহড়া ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল।

নৌ মহড়ার সমাপনী দিনে অন্যান্যের মাঝে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিটসহ পদস্থ নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিইসি পরীক্ষার্থীকে বহিষ্কারের বিধান বাতিল করায় হাইকোর্টের প্রশংসা

0

প্রাথমিক সমাপনী সনদ (পিইসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে বহিস্কারের বিধান বাতিল করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন। একইসঙ্গে এ বিষয়ে গতবছল ১৯ নভেম্বর জারি করা রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন আদালত।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদের বক্তব্য শোনার পর আদালত এ আদেশ দেন। শিক্ষার্থী বহিস্কারের বিধান বাতিল বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আদালতকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ শফিক মাহমুদ পুষ্প। বহিস্কারের বিষয়টি আদালতে নজরে আনা আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আজ আদালতে হাজির হলে আদালত বলেন, আমাদের আদেশ বাস্তবায়ন করা হলে আপনাকে কোর্টে আসতে হতো না। এসময় আইনজীবী শফিক মাহমুদ আদালতকে জানান, আদালত যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। বহিষ্কার করা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। তাদের ফলাফল দেওয়া হয়েছে। এছাড়া বহিষ্কার সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিটি বাতিল করা হয়েছে।
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতকে বলেন, সংশ্লিষ্ট বিধিটি মন্ত্রণালয় বাতিল করেছে। এরপরই হাইকোর্ট মামলায় জারিকৃত রুলটি নিষ্পত্তির করে রায় দেন।

এর আগে হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর এক আদেশে ২০১৯ সালের প্রাথমিক সমাপনী সনদ (পিইসি) পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের পরীক্ষা ২৮ ডিসেম্বরের মধ্যে নিতে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ দেন। এই নির্দেশে বহিষ্কার করা শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়। এছাড়া পিইসি পরীক্ষায় বহিষ্কার করা নিয়ে রুলের জবাব না দেওয়ায় এবং বহিস্কারের সংখ্যা না জানানোয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট। এই আদেশে আজ হাজির হন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ।

এরও আগে হাইকোর্ট গত ২১ নভেম্বর এক আদেশে রুল জারি করেন। রুলে বহিষ্কার করা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনা কেন অবৈধ ও বাতিল করা হবে না, ১৯ নভেম্বর পর্যন্ত করা শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল আজ নিষ্পত্তি করে রায় দেন আদালত।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কারের বিধান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই বিধানের ক্ষমতাবলে গত পিইসি পরীক্ষায় ২৪০ জন ক্ষুদে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এনিয়ে একটি জাতীয় দৈনিকে গত ১৯ নভেম্বর ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লাহ ফয়েজ। এরপর আদালত স্বতপ্রনোদিতভাবে রুল জারি করেন।

৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুজিববর্ষ উদ্বোধন ১৭ মার্চ

0

জাতীয় প্যারেড গ্রাউন্ডে আগামী ১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ কর্মসূচির উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বছরব্যাপী দেশে-বিদেশে নানা কর্মসূচি থাকবে।

সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি হতে অসংখ্য প্রস্তাব পাওয়া গেলেও বাস্তবায়নের সুবিধার্থে সমন্বিত কর্মপরিকল্পনায় ২৯৮টি কর্মসূচি রাখা হয়েছে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মুজিববর্ষের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর প্রশ্নের জবাবে তিনি ওই তথ্য তুলে ধরেন।

তিনি আরো জানান, এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিশেষ প্রার্থনা এবং জেলা-উপজেলায় বিভিন্ন দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বয়ে জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’ নামে দু’টি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটির অধীনে আটটি উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রাপ্ত প্রস্তাবসমূহ যাচাই-বাছাইয়ের পর সারা বছর দেশে ও বিদেশে মুজিববর্ষ উদযাপনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনায় জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ, বঙ্গবন্ধুর নিজের রচনা, ভাষণ, অন্যান্য বিষয় ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা, দেশে ও বিদেশে সেমিনার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক বইমেলা ও অন্যান্য আয়োজন বঙ্গবন্ধুকে উৎসর্গ করার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনেস্কো, জাতিসংঘ ও বিদেশে স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বঙ্গবন্ধুর কর্মজীবন নিয়ে প্রচারণা, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থা কর্তৃক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম গ্রহণসহ অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনায় বর্তমানে ২৯৮টি কর্মসূচি রয়েছে।

কর্মসূচিগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত ও খণ্ডচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। জাতীয় সংসদ সচিবালয় ২০২০ সালের মার্চ মাসে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আয়োজন করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জন্মশতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান আয়োজন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু ‘জুলি ও কুরি’ পদক প্রাপ্তি দিবস উদযাপন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এবং বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী গ্রন্থ প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করে মুজিববর্ষ উদযাপন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা, ইংরেজিতে বঙ্গবন্ধু’র ছবি, স্কেচ ও আলোকচিত্র নিয়ে বই ‘শেখ মুজিব; লাইফ অ্যান্ড টাইমস’ প্রকাশ করা হবে। এছাড়া বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান ও অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধু নির্বাচিত ভাষণ ইংরেজি ছাড়াও হিন্দি, উর্দু, ফরাসি, জার্মান, চাইনিজ, আরবি, ফারসি, স্প্যানিশ, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানি-এই ১২টি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলা একাডেমী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম ভিত্তিক ১০০টি গ্রন্থ প্রকাশ করবে। ব্রিটিশ পার্লামেন্ট, নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর, জেনেভায় জাতিসংঘ দপ্তর এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা ও ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইউনিভার্সিটি অফ লন্ডন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ বিদেশে পাঁচটি বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ বঙ্গবন্ধুর সেন্টার স্থাপন, লন্ডনের মাদাম তুসো জাদুঘর এবং জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধু’র ভাস্কর্য স্থাপন করা হবে। ব্রিটিশ মিউজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ ভিত্তিক চিত্রকর্ম আলোকচিত্র প্রদর্শন, ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এবং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সকল ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে।

সশস্ত্র বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু মেমোরিয়াল আন্তর্জাতিক সেমিনারের আয়োজনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী শস্য কর্মসূচিসহ বিজিবি, আনসার-ভিডিপি, পুলিশ, র‌্যাবের নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, আগামী অমর একুশে বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে।

ঢাকা লিট ফেস্ট কর্তৃক ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। ফুটবল ফেডারেশন কর্তৃক ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’ আয়োজন করা হবে। বঙ্গবন্ধু স্মরণে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবজারভেটোরি স্থাপন করা হবে। বিমান বাংলাদেশের উড়োজাহাজ ও বিমানবন্দর সজ্জিত করবে। শিল্প মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান করবে।

সংসদ নেতা জানান, মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি ১১টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরমধ্যে সিএনএন, বিবিসি, আল-জাজিরা, স্কাই নিউজ চ্যানেল-২৪ ও এনডিটিভিতে কন্টাক্ট রিলিজ, আন্তর্জাতিকভাবে বহুল প্রচারিত প্রভাবশালী পত্রিকায়, সাময়িকী ও ম্যাগাজিনে লেখা প্রকাশ করা হবে। দেশের সকল জেলা ও থানায় ডিজিটাল স্ক্রিন স্থাপন করে প্রতিদিন ডিজিটাল স্ক্রিনে নতুন নতুন কনটেন্ট সরবরাহ এবং বিদেশে বড় বড় শহরে ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হবে। আর চলচ্চিত্র ও তথ্যচিত্র কমিটি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য ২৪টি খন্ড ভিডিওচিত্র নির্মাণ, একটি ওয়েব সিরিজ নির্মাণ এবং মানব মুক্তির থিম নিয়ে ডিসেম্বর ২০২০ সালে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে। ইংরেজি ও বাংলায় দুটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা হবে। এছাড়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিক চলচ্চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবরের নির্মাণকাজ শুরু হয়েছে।

সরকারদলীয় সদস্য এ কে এম রহমতুল্লাহ’র প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ১৭ মার্চ হতে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতিসংঘের শিল্প বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ও বাকস্বাধীনতা সমুন্নত রাখার অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২০২০ সালে বাংলাদেশের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের সংবাদ।

তিনি আরো বলেন, ইউনেস্কো কর্তৃক কোন বিশেষ ঘটনা অথবা কোন বিশিষ্ট ব্যক্তির জন্মবার্ষিকী পালনের অন্যতম শর্ত হলো ইউনিট বিষয়সমূহ শিক্ষা-সংস্কৃতি বিজ্ঞান-প্রযুক্তি বাক-স্বাধীনতা হরণের উক্ত ঘটনার উক্ত ব্যক্তির বিশেষ অবদান থাকা। কোন দেশ এই বিষয়ে সুনির্দিষ্ট উপায় আবেদন করলে ইউনেস্কো নির্বাহী বোর্ডে ও পরবর্তীতে ইউনেস্কোর সাধারণ সভায় গৃহীত হলে তা ইউনেস্কো কর্তৃক উদযাপিত হয়।

একই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ইউনেস্কোর ম্যান্ডেটভুক্ত বিভিন্ন বিষয়ে বঙ্গবন্ধুর অনন্যসাধারণ অবদানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে স্কুল জীবন হতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে বঙ্গবন্ধুর সচেতনতা ও পরবর্তীতে শিক্ষা বিস্তারে বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংস্কৃতি বিকাশে গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এবং সর্বোপরি ভাষার অধিকার অধিকার আদায়ের সংগ্রামে বিশেষভাবে বিবেচনা করেছে। এক্ষেত্রে বঙ্গবন্ধুকে একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণে ইউনেস্কো উদ্যোগী হয়। বাংলার জনগণের শিক্ষা নিশ্চিত করণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বান্ধব দেশ নির্মাণে বঙ্গবন্ধু’র সংগ্রাম উদ্যোগের স্বীকৃতি হলে এই সিদ্ধান্ত।

ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের উন্নতি

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে।

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ডা. ফিলিপ কোহ জানান, কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান তিনি।

এর আগে গত ১৩ জানুয়ারি বাইপাস সার্জারি পরবর্তি ফলো-আপ চিকিৎসায় মঙ্গলবার সিঙ্গাপুর যান। আজ রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

0

সিরিয়ার হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, গতকাল আল-তান্‌ফ এলাকা দিয়ে ঢুকে ইসরায়েলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে আগ্রাসন চালায়।

সিরীয় সামরিক বাহিনী জানায়, তারা সফলতার সাথে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এই আগ্রাসনে কিছু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে সিরিয়ার ওপরে শত শত বার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলছে এবং তারা পতনের মুখে রয়েছে। এ অবস্থায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন ঠেকাতে ইসরায়েল দৃশ্যত সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।

এবার বাগদাদে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, মার্কিন বাহিনী সেখানকার তাজি সামরিক ঘাঁটিতে বেশ কয়েক মাস ধরে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। সেখানেই রকেট হামলা চালানো হয়।

ইরাকের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। ইরাকের প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার তৈরি অন্তত পাঁচটি কাতিউশা ধরনের প্রজেক্টিকাল সামরিক ক্ষেত্র আঘাত হানে।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় একটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত রবিবার ইরাকের বালাদ বিমান ঘাঁটির ভিতরে মোট সাতটি মর্টার হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, মার্কিন বাহিনী ওই মর্টারগুলো নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় ইরাকের অন্তত চারজন সেনা আহত হন।

প্রসঙ্গত, মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলেমানি নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি মার্কিন দু’টি ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওইদিন দু’টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় নজিরবিহীন চাপে পড়েছে ইরান। এরই মধ্যে গণবিক্ষোভের জেরে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে ইরান সরকার।

এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনার ভিডিও ফাঁস হয়ে গেছে। তার জেরে আরো চাপ বেড়েছে ইরান সরকারের। ইউটিউবে সেই ভিডিও ফাঁসকারীকে এরই মধ্যে আটকও করা হয়েছে।

ইরানে বিধ্বস্ত বিমানে ৩০ সেকেন্ডে দুই ক্ষেপণাস্ত্রের আঘাত

0

ইউক্রেনের বিধ্বস্ত হওয়া সেই বিমানে ইরান পরপর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ঘটনার নতুন একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে ৩০ সেকেন্ডের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।

ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভিডিওটি ধারণ ধরা পড়ে। গতকাল মঙ্গলবার ইরানের একজন বাসিন্দা সেই ভিডিও ইউটিউবে আপলোড করেন।

ভিডিওতে দেখা যায়, প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পরপরই বিমানে ছোট বিস্ফোরণ ঘটে। এর স্বল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। সেটিও বিমানে আঘাত হানে।

প্রথম ক্ষেপণাস্ত্র আঘাতের পর বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানে আগুন ধরে যায়।

গত ৮ জানুয়ারি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমে মিথ্যা বললেও গত ১১ জানুয়ারি দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চায় ইরান। তারপর থেকেই ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে।

চাপের মুখে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। সেই সঙ্গে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

সিএএ বিরোধিতায় আদালতে কেরালা সরকার, চাপে মমতা-রাহুলরা

0

ভারতের স‌ংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সাংবিধানিক বৈধতাকে সে দেশের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে কেরালা রাজ্যের বামপন্থী সরকার।

সিএএ বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এরই মধ্যে ৬০টিরও বেশি মামলা জমা পড়েছে। ভারতের হাইকোর্টেও মামলা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এই প্রথম কোনো রাজ্য সরকার ওই আইনের বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে গেল।

কেরালার বামপন্থী সরকারের এ ধরনের পদক্ষেপের ফলে কংগ্রেস ও তৃণমূল চাপে পড়ে গেছে। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব থেকে তাদের মুখ্যমন্ত্রীরা সিএএ-র বিরুদ্ধে মুখ খুলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারও সেই রাজ্যে সিএএ হতে দেবে না বলে জানিয়েছে।

কিন্তু সংবিধান অনুসারে প্রতিটি রাজ্য কেন্দ্রীয় আইন মানতে বাধ্য। এ ধরনের পরিস্থিতিতে অন্য রাজ্যও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কি না, সে ব্যাপারে প্রশ্ন উঠছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, সংবিধানের মর্যাদা রক্ষায় বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও একই রকম পদক্ষেপ করতে অনুরোধ করছি। এর আগে এ বিষয়ে অন্য মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন তিনি।

এদিকে মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীরাও কেবল রাস্তায় নেমে সিএএ বিরোধিতায় কথা বলছেন। এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না। আদালতের দ্বারস্থও হননি।

ওদিকে কেরালায় সিএএ বিরোধী বিল পাস করিয়ে নিয়েছে সেখানকার বামপন্থী সরকার। এবার তারা আদালতের দ্বারস্থ হলো। সবমিলিয়ে এক ধরনের চাপে পড়ে গেছে তৃণমূল ও কংগ্রেস।

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের বাংলায় স্ট্যাটাস!

0

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স। ‘রাজনৈতিক বিপ্লব’ ঘটানোর প্রত্যয় নিয়ে প্রচারণা শুরু করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন বার্নি স্যান্ডার্স। সেখানে তিনি লিখেছেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।’

জানা গেছে, তার ওই পোস্টে ৩ ঘণ্টায় ২ হাজার লাইক ও ৩০০ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৫০০ লোক। কমেন্টে তার প্রশংসা করছেন অনেকে। অনেক বাঙালিও এতে কমেন্ট করেছেন।

মহসিন মনসুর নামে এক বাঙালি লিখেছেন, ‘ধন্যবাদ। বার্নিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই।

ফয়সাল তানিম নামে একজন লিখেছেন, ‘২০২০ এর জন্য বার্নি!!’

পলাশ সাহু নামে এক ভারতীয় বাঙালি লিখেছেন, ‘আপনার এই কথায় সহমত পোষণ করি। আগামী মার্কিন নির্বাচনের জন্য শুভকামনা রইল। ইতি, একজন ভারতীয় বাঙালি।’

শুধু বাংলায় নয়, আরো বিভিন্ন ভাষায় স্ট্যাটাস দিয়েছেন বার্নি।

নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে দাবি করা স্যান্ডার্স এমন একটি অর্থনীতি তৈরি করার প্রত্যাশা করেন, যা শুধু ধনীদের জন্য নয়, সব পর্যায়ের মানুষের জন্য কাজ করবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেন বার্নি স্যান্ডার্স। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার প্রতিনিধি নির্বাচিত হন স্যান্ডার্স।