Home Blog Page 3221

রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

0

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সৈয়দ আলী (৫৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে প্যান্টাগন আবাসিক হোটেলের দ্বিতীয় তলা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সৈয়দ আলীর বাবা মৃত লাল মিয়া। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার সালকাকান্দি এলাকার বাসিন্দা।

চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেল প্যান্টাগনে পরিবারের কয়েকজন সদস্যসহ সৈয়দ আলী উঠেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁকে ডাকলেও। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা হোটেলের ম্যানেজারকে ডেকে আনেন। এরপর হোটেল ম্যানেজার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এরপর তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলাপুর থানার এস আই মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ আলীর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

শাহজালালে ৭ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু

0

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

আজ বুধবার সকাল ১০টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিমান ওঠানামা শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে দুর্ঘটনার আশঙ্কায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।

শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে একই কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

মগবাজারে ১৫ কেজি গাঁজাসহ দুজন আটক

0

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস গেট মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ (ডিবি)। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক ২ জন হলেন- আজিজুল হক (২৬) ও সবুজ মিয়া (২০)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।

গাঁজাসহ আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস

0

শীত সকালে কুয়াশার এমন দাপট খুব কমই মেলে। ঘর থেকে বের হয়ে নিজের উপস্থিতি নিয়েই যেন সন্দেহ জাগে। বিস্তৃত ঘন সাদা চাদর সরিয়ে এগিয়ে যাচ্ছে কর্মজীবী শ্রমজীবী মানুষ। মায়ের সঙ্গে স্কুলগামী শিশুর চোখেও বিস্ময়। হাতের কনুইয়ের ওপরটা স্বজনের হাতে ধরা- অবাক হয়ে তাকিয়ে দেখছে চারদিক। যাকে পাচ্ছে অক্টোপাসের মতো জাপটে ধরছে সাদা সাদা এই জিনিসটি।

কুয়াশার এমন দৃশ্য খোদ রাজধানীতেই। ঢাকার চারপাশের প্রকৃতিসহ দেশের অন্যান্য জেলাগুলোতে তো বটেই। মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। তাও খুব ধীরে, হাঁটার গতিতে। চারপাশের সবকিছু ঢাকা পড়েছে সাদা পর্দায়। অন্যদিকে শীতের তীব্রতা কাঁপন ধরিয়েছে মানুষের হাড়ে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশার এই শাসন নতুন নয়। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। কিন্তু আজ যেন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গাড়ি চলাচলে তো বটেই, পায়ে হেঁটেও পথ চলতে হচ্ছে সাবধানে। কেননা, হারাতে পারে পথ, রাস্তার আশপাশে পড়ে হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনাও কম নয়।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সূর্যের দেখা পাওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি। এর মধ্যে থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যায় কুয়াশায় ঘেরা ঘন বাতাস। বায়ু দূষণের কারণে বিপর্যস্ত ঢাকা নগরবাসীরা অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন।

এদিকে, কুয়াশার মারাত্মক প্রভাব পড়েছে জনজীবনে। দেশের বিভিন্ন নদ-নদী পারের ফেরি বন্ধ রাখতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। নৌযানগুলো ঠিকমতো চলতে পারছে না। অসুবিধার মুখে পড়েছে বিমান ওঠানামাও।

গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

শাহজালালে গতকাল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভ০ংয় ধরনের ফ্লাইটই ডিলে হয়। নভো এয়ারের সকাল ৯টা ৫০ মিনিটের ভিকিউ ৯২৫ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় দুপুর ১২টায়। এ ছাড়া ইউএস-বাংলা, বিমান ও রিজেন্টের ফ্লাইটগুলোও তিন থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। আন্তর্জাতিক রুটেও সকালের ফ্লাইটগুলো ছেড়ে যেতে বিলম্ব হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ের ভিজিবিলিটি কমপক্ষে ৬০০ মিটার থাকলে উড়োজাহাজ উঠানামা করতে পারে। কিন্তু কয়েক দিন ধরে কুয়াশার দাপটে ভিজিবিলিটির মাত্রা ৫০ মিটারের নিচে নেমে আসছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ সারা দেশেই শীতের তীব্রতা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই থাকবে। একই সঙ্গে যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ

0

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ জাতিসংঘ সদরদপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ড ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জাতিসংঘে নিযুক্ত মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিল ও সুইজারল্যান্ডের উপ-স্থায়ী প্রতিনিধি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে এখন থেকে বাংলাদেশ শিশুদের জন্য বিশেষভাবে নিয়োজিত জাতিসংঘ সংস্থা ইউনিসেফের কর্মকাণ্ডে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করতে পারবে। ইতোপূর্বে ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়।

রাষ্ট্রদূত ফাতিমা সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। তাঁর পূর্বসুরী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ২০১৯ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বিশ্বব্যাপী শিশুরা যে সকল ঝুঁকির মধ্যে রয়েছে তা মোকাবিলাসহ ২০২০ সালকে ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকর বছরে পরিণত করতে বোর্ড সদস্যগণ সর্বসম্মতিক্রমে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা। শিশুদের কল্যাণ সাধন, উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য এই নির্বাহী বোর্ড নতুন নতুন ধারণা ও কৌশল সৃজনে নিবেদিতভাবে কাজ করবে মর্মে প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। শিশুদের কল্যাণ ও উন্নয়নে ইউনিসেফ গৃহীত বিভিন্নমুখী পদক্ষপসমূহের ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যান্য কাজের পাশাপাশি সেবা গ্রহণকারী দেশসমূহের প্রাধিকার ও প্রয়োজনভিত্তিক কর্মকাণ্ডে ইউনিসেফের সেবা আরো নিশ্চিত করতে বাংলাদেশ বিশেষ গুরুত্ব প্রদান করবে মর্মে জানান স্থায়ী প্রতিনিধি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিএটা ফোর নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর সূদীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে ইউনিসেফ আলোকিত হবে। নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে নির্বাহী বোর্ডের দিক-নির্দেশনা ইউনিসেফের কাজকে আরো গতিশীল করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ফোর।

‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়াতে ১০০কোটি ডলার দিয়েছে সৌদি’

0

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে তাদের মিত্র সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়া আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা (সেনা) পাঠাবো কিন্তু আপনাদের এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংবে ১০০ কোটি মার্কিন ডলার জমা হয়েছে।’

গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা। গত সেপ্টেম্বরে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাকে কারণ হিসেবে জানায় তারা।

সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। ট্রাম্প বারবার বলে আসছেন, মার্কিন সুরক্ষা নিতে হলে তিনি অন্য দেশগুলোতে অর্থ পরিশোধে বাধ্য করবেন। বিশেষ করে পারস্য উপসাগরের ক্ষেত্রে।

প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধাবস্থার তৈরি হয়। তার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে এমনকি সৌদি আরবেও তার প্রশাসন অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠায়। তবে ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বের করে আনার ঘোষণাও দিয়েছিলেন।

ইরানি প্রেসিডেন্টের বিরুদ্ধে ছয় দেশে বিক্ষোভ

0

জেনারেল সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় বিপাকে পড়েছে ইরানের শাসক গোষ্ঠী। প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে একই সঙ্গে ছয় দেশে বিক্ষোভ হয়েছে।

সোমবার হাসান রুহানির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ হয়। তেহরানের পাশাপাশি সুইডেন, জার্মানি, কানাডা, ব্রিটেন ও ইউক্রেনেও বিক্ষোভ হয়েছে।

অন্যদিকে, তেহরানে কয়েক দিন ধরে চলা বিক্ষোভ মঙ্গলবারও (১৪ জানুয়ারি) অব্যাহত রয়েছে। বিক্ষোভে খুব বেশি সংখ্যাক নাগরিকের সম্পৃক্ততা না থাকলেও তাদের ওপর গুলি বর্ষণের অভিযোগ উঠেছে।

এদিকে ইরানের সরকারবিরোধী এ বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি।

উটের রাজ্যে মানুষের নৃশংসতা!

0

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণে দেশটির দক্ষিণাঞ্চলে ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্ত মোতাবেক গত পাঁচ দিনে পাঁচ হাজারেরও বেশি উট মারা হয়েছে সেখানে। হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে এই উটদের।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবানলের মধ্যে পানির অভাব হওয়ায় মানুষের বাড়ি ঢুকে পড়ছিল উটের দল। শুধু পানি খাওয়া নয়, বাড়ি-ঘর ও মানুষেরও ক্ষতি করছিল তারা। খাবার ও পানির অভাব দেখা দিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার আদিবাসী অধ্যুষিত আনাঙ্গু পিটজানটজাটজারা ইয়ানখানজাটজারা (এপিওয়াই) অঞ্চলের স্থানীয় সরকারের নির্বাহী পরিষদের সদস্য মারিতা বাকের জানান, এই উটের দৌরাত্ম্যে এলাকার অনেক সমস্যা হচ্ছে। মারিতা বলেন, আমরা গরমের মধ্যে আটকে রয়েছি। বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। ভিতরেও কোনোরকমে এসি চালিয়ে থাকতে হচ্ছে। তার মধ্যে প্রতিদিন উটেরা এসে বেড়া ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এসির মধ্যে থেকে পানি খাওয়ার চেষ্টা করছে। এছাড়াও যেখানে যেখানে খোলা পানি রয়েছে সব খেয়ে যাচ্ছে।

মারিতা বাকের আরো বলেন, এই এলাকায় প্রায় দুই হাজার তিনশ মানুষের বাস। আমরা বুঝতে পারছি এই সিদ্ধান্তের ফলে বন্যপ্রাণী সংগঠনগুলো আমাদের বিরোধিতা করবে। কিন্তু বর্তমানে মানুষদের প্রাণ বাঁচানো আমাদের কাছে বেশি গুরুত্ত্বপূর্ণ মনে হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই এলাকার দায়িত্বে থাকার ফলে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল দাবানলের মধ্যে পানির জোগান যেন শেষ না হয়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের তাতে সমস্যা হতো।

প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে বিভিন্ন বন্যপ্রাণী সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই পরিস্থিতি অন্যভাবেও মোকাবিলা করা সম্ভব হতো। কারও সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাঁচ হাজারেরও বেশি উট মেরে ফেলার ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে।

অর্জুনের তীরে ছিল পরমাণু অস্ত্র : পশ্চিমবঙ্গের রাজ্যপাল

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিপ্লব দেব, পিযূষ গোয়েল, দিলিপ ঘোষ-বিজ্ঞানকে নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা শুনে মাথা নিচু করে ফেলেছেন তাবড় বিজ্ঞানীরাও। এবার সেই পথেই হাঁটলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল সোমবার ইঞ্জিনিয়ারিং ফেয়ারের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলে ফেললেন, অর্জুনের তীরে ছিল পরমাণু অস্ত্র!

পরমাণু অস্ত্র বলেই থেমে যাননি তিনি। নিয়ে এসেছেন ‘উড়ন্তযানের’ প্রসঙ্গও। জগদীপ ধনখড় বলেছেন, ‘বিংশ শতাব্দী নয়, রামায়ণে প্রথম উড়ন্তযানের ব্যবহার হয়েছে।‘ রাজ্যপালের মুখে এহেন সব আজব তত্ত্ব শুনে অনেকেরই অভিমত, এটাই তো বিজেপির ট্র্যাডিশন। পদাধিকার বলে এখন রাজ্যপাল হলেও জগদীপ ধনখড় আসলে তো বিজেপিরই অংশ ছিলেন, তাই এমন অভিমত আশ্চর্যের নয়।

এর আগে মোদি দাবি করেছিলেন, মেঘলা আকাশে পাকিস্তানের র‌্যাডার কাজ করবে না। বালাকোট এয়ারস্ট্রাইকের আগে তার এমনই পরামর্শে নাকি সুফল পেয়েছিল বিমান সেনারা। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদির অন্য আরেক বক্তব্য নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার হাসি-তামাশা। তিনি দাবি করেছিলেন, ১৯৮৮ সালে তিনি ই-মেল ও ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছেন। শুধু তাই নয়, সেই ছবি তিনি নাকি ই-মেল করেও পাঠিয়েছিলেন।

পিছিয়ে থাকেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। মহাভারতের যুগে ইন্টারনেট, হাঁসেরা অক্সিজেন দেয় বলে নানা ধরনের অবাস্তব মন্তব্য করেছেন। কিছুদিন আগে সারা দেশে অর্থনীতির বেহাল দশা নিয়ে মন্তব্য করতে গিয়ে পিযূষ গোয়েল বলেন, ‘আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারে অঙ্ক কোনো কাজে আসেনি।’ একইভাবে দিলিপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়!

বিজেপির সেই ট্র্যাডিশন চলছেই। সেই তালিকায় এবার সাড়ম্বরে জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

ভারতে নৌকাডুবি, নিহত ১২

0

ভারতের বিহারের পাটনায় নৌকাডুবে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত দু’‌জন নিখোঁজ রয়েছেন। আজ আজ মঙ্গবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল বিহারের বেশ কিছু এলাকা। যার জেরেই দুপুরের দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হালদি ছাপরা সঙ্গম থানা এলাকার মানের গঙ্গা এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গঙ্গা দিয়ে দুটি নৌকায় করে প্রায় ৩০ জনের বেশি শ্রমিক যাচ্ছিলেন। কুয়াশার জেরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আচমকাই নৌকা দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নৌকা উল্টে সবাই পানিতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে নদীর পাড়ে পৌঁছাতে সক্ষম হলেও সবাই পাড়ে উঠতে পারেননি। পরে ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, অতিরিক্ত কুয়াশার জন্যই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান প্রশাসনিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসা চলছে।