Home Blog Page 3223

বিপুল সংখ্যক বাংলাদেশি ও পাকিস্তানি উদ্বাস্তু চিহ্নিত : যোগির মন্ত্রী

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উদ্বাস্তদের চিহ্নিত করে সিএএ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। যোগি আদিত্যনাথের মন্ত্রী শ্রীকান্ত শর্মা এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের নোটিশ উত্তরপ্রদেশের সব জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল জেলাশাসকদের তথ্য সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম তালিকায় ৩২ হাজারের বেশি উদ্বাস্তু চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশের মোট ২১টি জেলা থেকে তাদের চিহ্নিত করা হয়। রাজ্যজুড়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, চিহ্নিতরা সবাই আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের। প্রথম তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুর, গোরক্ষপুর, আলিগড়, রামপুর, প্রতাপগড়, পিলিভিট, লখনৌ, বারানসি, বাহারাইচ, লক্ষ্মীপুর, রামপুর, মিরাট, আগ্রা।

জানা গেছে, পিলিভিটে সবচেয়ে বেশি উদ্বাস্ত চিহ্নিত করা হয়েছে। যদিও সঠিক কোনো সংখ্যা জানা যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে তা শিগগিরই জানানো হবে।

শ্রীকান্ত শর্মা জানান, চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে, তথ্য এলেই তালিকা আপডেট করা হবে।

‘বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাইভিত্তিক কম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডিপি ওয়ার্ল্ডসহ ইউএই’র কম্পানিগুলোর একটি প্রতিনিধিদল গতকাল শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে আমরা আপনাদের ব্যাপক বিনিয়োগ প্রত্যাশা করছি।’ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধিদল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কম্পানি’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দ্বুাই শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

বৈঠকে ডিপি ওয়ার্ল্ড- বিশ্বের নেতৃস্থানীয় সাপ্লাই চেন সলিউশন, কার্গো লজিস্টিক্স, বন্দর পরিচালনা,সমুদ্র যাত্রা সংশ্লিষ্ট সংস্থা- প্রধানমন্ত্রীকে সোনাগাজীতে ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ সরকার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়।

প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে একটি হাইটেক পার্ক স্থাপনের আহবান জানান। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘আউটসোর্সিং’ সরবরাহকারী দেশ।

এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমিরাতের জাতীয় তেল কম্পানি (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পিএমও সচিব মোহাম্মদ তোফাজ্জ্বল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

0

কয়েকদিন বিরতির পর উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। যেদিন সকালেই সূর্যের দেখা মিলে সেদিন খানিকটা স্বস্তি পায় এ জেলার বাসিন্দারা।

গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কমে আসছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও।

এবার পৌষের শুরু থেকে এ পর্যন্ত অধিকাংশ সময় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা ডোবার সাথে সাথেই ঘন কুয়াশার সাথে সাথে কমে আসছে তাপমাত্রা। একই সময় প্রায় সারা দিনই হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ধেয়ে আসা ঠাণ্ডা বাতাস বয়ে চলেছে। সন্ধ্যা থেকে রাত ও রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে দুর্ভোগও বাড়ছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত কাটে এসব নিম্ন আয়ের মানুষের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। রাত বাড়ার সাথে সাথে রাস্তাঘাট হাঁটবাজার ফাঁকা হয়ে আসছে।

এদিকে, সরকারি বেসরকারিভাবে জেলায় এবার ৪৫ হাজার শীতবস্ত্র ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার ও এক লাখ টাকার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। তবে দুস্থ শীতার্তদের কোনো তালিকা প্রশাসনের কাছে না থাকায় শীতবস্ত্র সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ সম্ভব হয়ে উঠছে না। সেইসঙ্গে বিরাট অংকের দরিদ্র শীতার্তের তুলনায় সরকারি বরাদ্দ খুবই কম। এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে কৃষি ফসলের তেমন ক্ষতি এখনো লক্ষ্য করা যায়নি। শুরু থেকে বোরো বীজতলা পলেথিন দিয়ে ঢেকে দেওয়ায় শীতের তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, পঞ্চগড়ে তাপমাত্রা আবারো কমে আসছে। এখন মাঝারি শৈত্য প্রবাহ বয়ে চলেছে এ জেলার উপর দিয়ে। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেইসঙ্গে হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ধেয়ে আসা ঠাণ্ডা বাতাস সরাসরি বয়ে চলেছে এ জনপদের ওপর দিয়ে। জানুয়ারিতে আরো কয়েকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।

শাহজালালে স্বাভাবিক হলো বিমান ওঠানামা

0

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। আজ সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে। দৃষ্টিসীমা ঠিক হলে সকাল ১০টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়।

শাহজালাল বিমানবন্দরের তৌহিদ উল-আহসান বলেন, ভিজিবিলিটি’ শূন্য হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি ভোর থেকে। ভোর ৫টার দিকে ভিজিবিলিটি একেবারে জিরো, এ অবস্থায় বিমান ওঠানামা করতে পারে না।

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জলিলের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকে ফার্মেসির ব্যবসা করতেন।

নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে মতিঝিল এলাকায় যাওয়ার আসার কথা ছিল জলিলের। পথে ফকিরাপুল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে শুনে পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার ভোরে সেখানে যান। এ সময় হাসপাতালে তাঁরা মৃত অবস্থায় পান জলিলকে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আবুধাবিতে বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আজ সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি)’র আইসিসি হলে আবুধাবি সাসটেইনেবিলিটি উইক (এডিএসডব্লিউ) ২০২০ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আট দিনব্যাপী এই বিশ্বের অন্যতম বিশাল সাসটেইনেবিলিটি সমাবেশ এডিএসডব্লিউ ২০২০ অনুষ্ঠানটি বিভিন্ন দেশের নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, অগ্রণী প্রযুক্তিবিদ ও পরবর্তী প্রজন্মের সাসটেইনেবিলিটি নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছে। ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই সাসটেইনেবিলিটি সম্মেলন চলবে।

বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রদর্শনী কেন্দ্রে পৌঁছালে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়ৈদ বিন সুলতান আল-নাহিয়ান তাঁকে স্বাগত জানান।

এ বছর পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের ১০টি সংগঠন ও প্রতিষ্ঠানকে জায়েদ সাসটেইনেবল প্রাইজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও শেখ হাসিনা ছাড়াও আরো সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিরিবাতির ইউতান তারাওয়া ইয়েতা জুনিয়র সেকেন্ডারি স্কুলের প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেন। স্কুলটি গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই পুরষ্কার পেয়েছে।

অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া রোরেকে বেইনিমারামা, সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা ব্রনাবিক, আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান ও সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও অংশ গ্রহণ করেন।

এ বছর একই ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত আরো পাঁচটি স্কুল হচ্ছে- কলম্বিয়ার এয়ার বাতাল্লা, নাইজেরিয়ার হাকিমি আলিয়ু ডে সেকেন্ডারি, মরক্কোর আল আমল জুনিয়র হাইস্কুল, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ, বসনিয়া ও হার্জেগোভিনার মোস্টার ও নেপালের ব্লুম নেপাল স্কুল।

অপর চারটি ক্যাটাগরির আওতায় সুইডেনের জিএলওবিএইচই স্বাস্থ্য ক্যাটাগরিতে, খাদ্যে ঘানার ওকুয়াফো ফাউন্ডেশন, জ্বালানীতে ফ্রান্সের ইলেক্ট্রিসিয়ান্স উইথআউট বর্ডার্স এবং পানি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের সেরেস ইম্যাজিং পুরস্কার লাভ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বছর এডিএসডব্লিউ-এর প্রতিপাদ্য হচ্ছে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,কম্যুনিটি এন্ড ইয়ুথ’ এবং এর ৬টি প্রধান স্তম্ভ হচ্ছে- জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্য, চলাচলের ভবিষ্যত, মহাকাশ, স্বাস্থ্যে বায়োটেকনোলজি ও কল্যাণের জন্য প্রযুক্তি।

এডিএসডব্লিউ২০২০-এর বৈশিষ্টের ৬টি স্তরে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ইউএই ভিশন২০২১ এর সঙ্গে মিল রয়েছে। গ্লোবাল সাসটেইনিবিলিটি এন্ড হিউমেনিটারিয়ানিজম-এর অন্যতম অগ্র সেনানী ইউএই’র স্থপতি মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধাপূর্ণ স্বীকৃতি হচ্ছে ২০০৮ সালে প্রতিষ্ঠিত ‘জায়েদ সাসটেইনিবিলিটি প্রাইজ’।

এই পুরস্কার ওই সব প্রতিষ্ঠান ও হাইস্কুলসমূহের স্বীকৃতি দেয় ও পুরস্কৃত করে যেগুলো কার্যকরভাবে পরিচালিত, উদ্ভাবনীমূলক ও টেকসই সমাধানে প্রেরণা প্রদান করে। ৫টি ক্যাটাগরির পুরস্কার হচ্ছে-স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি, গ্লোবাল হাইস্কুল।

গত ১১ বছরে এই পুরস্কার ৭৬ বিজয়ীসহ ৩১ কোটি ৮০ লাখ লোককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে এবং এটি সারা বিশ্বের মানুষকে টেকসই সমাধান ও প্রযুক্তি গ্রহণের প্রতি আকৃষ্ট করেছে।

প্রত্যেক বছর জানুয়ারি মাসে আবুধাবি সাসটেইনিবিলিটি উইক চলাকালে এই বার্ষিক পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়।

শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরেগত রাতে এখানে পৌঁছেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে তাঁর হোটেলে রাষ্ট্রদূতদের এক সম্মেলনে যোগ দেবেন।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতদের মধ্যপ্রচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে কিভাবে আরো বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইউএই’র প্রধানমন্ত্রী শেখ মোহান্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির যুবরাজ শেখ মোহান্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

বিকেলে প্রধানমন্ত্রী এডিএনইসি’র হল-১১তে আয়োজিত ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট এ্যাকশন’ সংক্রান্ত সাক্ষাতকার আধিবেশনে যোগ দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের গৃহীত উদ্যোগের ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দকে অবহিত করার সুযোগ নিতে পারেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দেশে ফিরবেন।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

0

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সর্বোনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ এবং সর্বেচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬ দশমিক ২।

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, নওঁগা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এবং সূর্যোদয় ৬ টা ৪৪ মিনিটে।

আওয়ামী লীগ নীতিগতভাবে ইভিএমের পক্ষে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নীতিগতভাবে ইভিএমের পক্ষে।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তিতে বিশ্বাসী। তবে নির্বাচন কমিশন যদি মনে করে, তারা ইভিএম সিস্টেমে নির্বাচন না করে আগের সিস্টেমে নির্বাচন করবে। এটা একান্তই তাদের ব্যাপার। কমিশন যেটা সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে নেব।

আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকের স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা ও বিনা মূল্যে কৃষকের স্বাস্থ্য সেবা কার্যক্রম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ইভিএম প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেখানে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে না। কমিশনের দায়িত্ব অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী আবুধাবি যাওয়ার সময় এয়ারপোর্টে উপস্থিত সব বাহিনীকে নির্দেশনা দিয়ে গেছেন, যেন তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সার্বিক সহযোগিতা করে। কেউ যেন বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ না করে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। ফলাফল যাই হবে, সরকারি দল হিসেবে জনগণের রায় মাথা পেতে নেব। আমরা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন চাই না।

‘বিএনপির প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, সরকারি বা বিরোধী দল যেই আচরণবিধি লঙ্ঘন করবে, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা দায়িত্ব অনুযায়ী ব্যবস্থা নেবে।

নির্বাচন পেছানো প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচন পেছানোর সম্পূর্ণ দায়িত্ব ও এখতিয়ার নির্বাচন কমিশনের। নির্বাচনের তারিখ, আচরণবিধি, লেভেল প্লেয়িং ফিল্ড- এসব ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এসব দেখবে শুধুমাত্র নির্বাচন কমিশন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডয়ের বিষয়ে যুক্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের যুক্তি হলো বিএনপির মহাসচিব যদি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কেন অংশ নিতে পারবেন না?

তিনি বলেন, দুনিয়ার সব গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দেখেছি। ভারতের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীকে দেখেছি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং নির্বাচনী সভায় বক্তব্য রেখেছেন। উন্নত দেশের নির্বাচনী প্রচারণায় এমপি-মন্ত্রীদের প্রচারণা চালানোতে কোনো বাধা নেই। আমাদের এখানে কেন এমনটা হলো? এটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।

ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ তদন্ত ও বিচারে সহায়ক হবে : প্রধান বিচারপতি

0

বিচার ব্যবস্থায় ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ প্রবর্তনের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠতে পারলে তা বৃহৎ পরিসরে তদন্ত কর্মকর্তা ও বিচারকদের কাজে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সোমবার বিকালে ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ব্যবহার সম্পর্কিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, সাক্ষ্যপ্রমাণ আইনি ব্যবস্থার মূল বিষয়। বিচার ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় সাক্ষ্য আইন মূখ্য ভূমিকা পালন করে।

১৮৭২ সালের সাক্ষ্য আইন প্রসঙ্গে তিনি বলেন, এক শতকেরও বেশি পুরনো সেই আইন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উৎকর্ষের এই যুগে একুশ শকের চ্যালেঞ্জ মোকাবিলায় হালনাগাদ করা প্রয়োজন।

প্রধান বিচারপতি বলেন, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ আইন বিশেষ কিছু আইনে ট্রাইব্যুনালের সন্তুষ্টি সাপেক্ষে সাক্ষ্যপ্রমাণ হিসেবে অডিও-ভিজুয়্যাল ইনস্ট্র–মেন্টের রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসের রেকর্ড বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

তিনি বলেন, এটি অস্বীকার করার উপায় নেই যে ফৌজদারি বিচার ব্যবস্থার মূল বিষয় হলো তদন্ত। ফৌজদারি বিচার ব্যবস্থায় তদন্ত ও আইন শৃঙ্খলা রক্ষায় তদন্ত কর্মকর্তারা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তদন্ত ব্যর্থ হলে বিচারকাজও কঠিন হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, বিচারকাজে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহারের জন্য বাংলাদেশের আদালত মহলে ব্যাপক সমর্থন রয়েছে। কারণ এটি কৌসুলি ও বিচারকদের কাছে বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াবে। এছাড়া ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহার আরো দ্রুত অপরাধের বিচার করতে সহায়তা করবে ও মামলাজট কমাবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বাংলাদেশে বিচার ব্যবস্থায় ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের বর্ধিত ব্যবহারের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, যথাযথভাবে ব্যবহার করা হলে এটি বিচার প্রশাসনের দক্ষতা ও সততা বাড়াতে বড় ভ‚মিকা রাখতে পারে।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আবাসিক আইনি উপদেষ্টা মারিয়া লার্নার। তিন দিনের এই কর্মশালা পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের দু’জন ফেডারেল বিচারক ও তিন জন ফেডারেল কৌসুলি, যুক্তরাজ্যের একজন ফৌজদারি বিচারবিষয়ক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। বিশেষ পরিস্থিতিতে বর্তমানে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ অনুমোদিত এমন কিছু ট্রাইব্যুনাল থেকে আমন্ত্রিতরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। এগুলো হলো সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও পরিকল্পনাধীন মানবপাচারবিরোধী ট্রাইব্যুনাল।

রানির মুখোমুখি হ্যারি-মেগান

0

ব্রিটিশ যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় দায়িত্ব থেকে সরে যাওয়ার আকস্মিক ঘোষণায় যুক্তরাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের এই সংকট নিরসনে রানি দ্বিতীয় এলিজাবেথ শেষ পর্যন্ত সরাসরি আলোচনার পথই বেছে নিয়েছেন। প্রিন্স হ্যারিকে তিনি ডেকে পাঠিয়েছেন।

সোমবার ইংল্যান্ডের নরফক কাউন্টিতে সার্ডিংহাম প্রাসাদে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজপরিবারের কর্মকর্তারা বলেছেন, সার্ডিংহাম প্রাসাদটি রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত বাড়ি। তার বাবা ষষ্ঠ জর্জ ও দাদা পঞ্চম জর্জ ওই বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। এই প্রাসাদেই নাতি প্রিন্স হ্যারির মুখোমুখি হবেন রানি।

এ সময় উপস্থিত থাকবেন হ্যারির বাবা ও রানির ছেলে প্রিন্স চার্লস এবং হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম। এ ছাড়া কানাডা থেকে টেলিফোনে আলোচনায় যোগ দেবেন হ্যারির স্ত্রী সাবেক অভিনেত্রী মেগান মার্কেল। রাজকীয় দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণার পর মেগান কানাডায় ছেলে আর্চির কাছে গেছেন।

২০১৮ সালের মে মাসে হ্যারি ও মেগানের বিয়ে হয়। এর এক বছরের মাথায় ছেলে আর্চির জন্ম। এই দম্পতিকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে অনেক সময় নেতিবাচক খবর প্রকাশ করা হয়েছে। ভিন্ন দেশের ও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এ ব্যাপারে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও বিরক্ত হ্যারি-মেগান।

গত বুধবার তারা রাজকীয় দায়িত্ব কমিয়ে এনে নতুন জীবন শুরুর ঘোষণা দেন। তারা উত্তর আমেরিকায় আরও বেশি সময় কাটানোর এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ইচ্ছা পোষণ করেন। এতে রানি ও রাজপরিবারের সদস্যরা মর্মাহত হন।

বলা হচ্ছে, রানির অবাধ্য হয়ে প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারে যে সংকট তৈরি করেছেন, তা দুই মহাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। রানি যত দ্রুত সম্ভব ঝামেলা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ীই আজ আলোচনা হতে চলেছে।

বিবিসির রাজপরিবারের সংবাদদাতা জনি ডায়মন্ড বলেন, রানির ইচ্ছার সঙ্গে সংগতি রেখে রাজপরিবারের সঙ্গে হ্যারি-মেগান দম্পতির সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়ে সংশয় রয়েছে বলে উল্লেখ করেছেন এই সাংবাদিক।

হ্যারি ও মেগান কেন রাজপরিবারের আরাম-আয়েশি জীবন ছেড়ে যাচ্ছেন, এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, তারা স্বাধীনভাবে জীবনযাপন ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করতে পারেন। ফ্যাশন প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাভাবনাও আছে তাদের। ব্র্যান্ড বিশেষজ্ঞ ও হলিউড পর্যবেক্ষকেরা এমনটাই বলছেন।

সূত্র: বিবিসি ও রয়টার্স