Home Blog Page 3224

অস্ট্রেলিয়ায় পশুদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে খাবার

0

অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে দুশোরও বেশি বাড়িঘর। পুড়ে গেছে জঙ্গলের প্রাণী আর তাদের খাবারও। তাই জঙ্গলে যে সব প্রাণী এখনো বেঁচে রয়েছে তাদের জন্য এবার খাবারের ব্যবস্থা করছে প্রশাসন। আকাশ থেকে তাদের জন্য খাবার ফেলা হচ্ছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসা করছেন। তবে অনেকে আবার শঙ্কার কথাও শুনিয়েছেন।

সংবাদমাধ্যম ‘নাইন নিউজ সিডনি’ তাদের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে প্রচুর গাজর তোলা হচ্ছে। তারপর সেই গাজর জঙ্গলের উপর গিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ক্যাঙারু সেই গাজর খাচ্ছে।

সরকার এখনো পর্যন্ত প্রায় ২২০০ কেজি সবজি পৌঁছে দিয়েছে এভাবে। এই সবজির মধ্যে গাজর ছাড়াও রয়েছে মিষ্টি আলু। এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ক্যাপারট্রি এবং উলগান উপত্যকায়। এছাড়াও ইয়েঙ্গো ন্যাশনাল পার্ক, দ্যা ক্যাঙারু ভ্যালি-সহ দাবানল আক্রান্ত বিভিন্ন এলাকায়।

এনএসডব্লু এনভায়রনমেন্ট মিনিস্টার ম্যাট কেন ডেইলি মেলকে জানিয়েছেন, আগুনে এই পশুদের সব খাবার পুড়ে গেছে। তাই জঙ্গলের মধ্যে যে পশুরা রয়েছে তাদের জন্য এই খাবার বন্দোবস্ত করা হয়েছে। বিষয়টির ওপর তারা নজরও রাখছেন।

সরকারের এই উদ্যোগ প্রচুর প্রশংসা পেয়েছে। তবে অনেকেই আবার শঙ্কার কথা শুনিয়েছেন। তাদের মতে এই আলু, গাজর যদি সরাসরি কোনো পশুর মাথায় পড়ে তবে তারা চোটও পেতে পারে। সে দিকটিও ভেবে দেখা দরকার সরকারের।

ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র!

0

যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর চরম উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মিসাইল’ কিনছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এটিকে তাদের শক্তিশালী জঙ্গি হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়।

ভবিষ্যতের অভিযানগুলোতে আরও সফলতা নিশ্চিতে এই আপগ্রেশনের পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এটি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এপাচি হেলিকপ্টারগুলো থেকে ১২ কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করা সম্ভব। তবে এতে সন্তুষ্ট নয় দেশটি। যুক্তরাষ্ট্র এখন হেলিকপ্টার থেকে আরও দূরের টার্গেট যেমন, শত্রু ট্যাংক, বাংকার ও সেনাদলের ওপর আঘাত হানার সক্ষমতা চায়।

এর জন্য দেশটি বেছে নিয়েছে ইসরায়েলের এই অভিনব উদ্ভাবনকে। স্পাইক হচ্ছে ইসরায়েলের পঞ্চম প্রজন্মের ইলেক্ট্রো-অপটিকাল মিসাইল। এটির রেঞ্জ ২৫ কিলোমিটারেরও বেশি। রাফায়েল প্রতিরক্ষা সিস্টেমের অংশ হিসেবে এই উদ্ভাবন ও কয়েক ধাপে এর উন্নয়ন করেছে ইসরায়েল।

এ বছর দেশটি এই মিসাইলের বেশ কয়েকটি সফল পরীক্ষা চালিয়েছে। হেলিকপ্টার থেকে চালানো পরীক্ষাগুলোও সফল হয়েছে। এছাড়া, নয়টি মিসাইল সফলভাবে টার্গেটে হামলা করেছে। এরমধ্যে একটি টার্গেট ছিল অন্ধকারে এবং চলমান।

মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক ইরানের সর্বোচ্চ নেতার

0

যুক্তরাষ্ট্র কর্তৃক জেনারেল সোলাইমানিকে হত্যার জেরে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একত্র হতে হবে এবং বিদেশি শক্তির প্রভাব এড়িয়ে চলতে হবে।

এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার সময় ভুলবশত ইরানের মাটিতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সঙ্কট আরও বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশগুলোর কারণে বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ, হাঙ্গামার পরিস্থিতি তৈরি হচ্ছে তা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানোর আহ্বান জানিয়েছেন ইরানের এ সর্বোচ্চ নেতা।

রবিবার এক টুইট বার্তায় খামেনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশগুলোর মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বিদেশি শক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলতে হবে।

অপরদিকে ইরানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহর। ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুলবশত গুলি করে ভূপাতিত করার ঘটনায় ইরানে দ্বিতীয় তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এ ঘটনায় ইরানের সামরিক বাহিনী দায় স্বীকার করার পর দেশটির ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু হয়। দুটি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

ইরানের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিক্ষোভকে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি বিক্ষোভকারীদের হত্যা না করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরানের নেতাদের উদ্দেশে বলছি, আপনারা বিক্ষোভকারীদের হত্যা করবেন না। আপনারা এর মধ্যেই কয়েক হাজার মানুষকে হত্যা বা বন্দী করেছেন। বিশ্ব আপনাদের দেখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সবকিছু পর্যবেক্ষণ করেছে।

ইরানের ‘নতুন সোলাইমানি’ কায়ানি

0

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন কুদস বাহিনীর দায়িত্ব থাকা কাসেম সোলাইমানি। তার মৃত্যুর পর বাহিনীটির দায়িত্ব নিয়েছেন জেনারেল এসমাইল কায়ানি। কেমন মানুষ, কেমন যোদ্ধা তিনি?

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, ৬৩ বছর বয়সী এসমাইল কায়ানির জন্ম মাসাদ শহরে। ইরানের দ্বিতীয় জনবহুল শহর মাসাদ শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ১৯৭৯ সালে ইরানের ইসলামিক রেভোল্যুশন গার্ড কর্পস (আইআরজিসি) গঠন করা হয়। পরের বছরই এই বাহিনীতে যোগ দেন কায়ানি। আর কাসেম সোলাইমানির মৃত্যুর পর বাহিনীটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরানের কুদস বাহিনীর দায়িত্ব নেন জেনারেল এসমাইল কায়ানি। জানা গেছে, কুদস বাহিনীর প্রধান হিসেবে সোলাইমানি ইরানের পশ্চিমের দেশগুলোতে কাজ করতেন, কায়ানি ছিলেন উত্তরাঞ্চলের দায়িত্বে। সেখানে মাদক পাচার রোধে ভূমিকা রেখেছেন। এছাড়া আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে নর্থ অ্যালায়েন্সকে সহায়তা করেছেন তিনি।

সোলাইমানির মতো তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধে। সেই যুদ্ধের পরই কুদস বাহিনীতে যোগ দিয়ে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান সংলগ্ন সীমান্তে কাজ শুরু করেন।

জেনারেল সোলাইমানির মৃত্যুর পর কুদস বাহিনীর দায়িত্ব নিয়েই এসমাইল কায়ানি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ চান আমরা শহিদ সোলাইমানির হয়ে প্রতিশোধ নিই। নিশ্চিতভাবেই তা করা হবে।

লন্ডনের ‘নাইট রাইডার’ সানি, বাসে ঘুমিয়েই ২১ বছর পার

0

নাইজেরিয়ার নাগরিক সানি (ছদ্মনাম)। লন্ডন শহরের বাসে রাতে ঘুমিয়ে ২১ বছর কাটিয়েছেন তিনি। তবে শীতকালে সানির দৈনন্দিন জীবন কিছুটা ব্যতিক্রম ছিল। গৃহহীনদের জন্য শহরের বিভিন্ন গির্জার পরিচালিত আশ্রয়কেন্দ্রে চলে যেতেন তিনি। আর সেই অভিজ্ঞতার কারণে তার পরিচয় হয়ে গেছে ‘নাইট রাইডার’।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ঠাণ্ডা আবহাওয়ায় ধৈর্য নিয়ে এক রাতে অপেক্ষা করছিলেন তিনি। মধ্যরাত পার হয়ে গেছে। ক্লান্তিতে পা ধরে আসছে। কিন্তু যখন লন্ডনের বহুল পরিচিত লাল রঙের দ্বিতল বাসকে অগ্রসর হতে দেখলেন তখন তার মুখে হাসি ফুটল। বাস স্টপে অপেক্ষমাণ অন্য যাত্রীদের আগে ওঠার সুযোগ দিলেন। বাসের চালকের পরিচিত মুখের দিকে তাকিয়ে হেসে তাকে সম্ভাষণ জানালেন সানি। লন্ডনে যাতায়াতের পাস অয়েস্টার কার্ড ছোঁয়ালেন মেশিনে। বাসের নিচতলায় উঠে একদম পেছনের দিকে নিজের পছন্দের যায়গাটি খালি পেয়ে খুশি হয়ে উঠলেন তিনি। আয়েশ করে বসে লম্বা যাত্রার প্রস্তুতি নিলেন।

নিজের ব্যাগটি জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন সানি। মধ্যরাতের লন্ডনের চেনা ঘ্রাণ পিছে ফেলে বাসটি যখন এগিয়ে যাচ্ছিলো সানি তখন ধীরে ধীরে তার অতীতে ফিরে গেলেন। নাইজেরিয়ার এক কারাগারে তরুণ বয়সের নিজেকে দেখতে পেলেন তিনি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় কারাগারের ঠাণ্ডা চার দেয়ালের মধ্যে বসে হাঁটু মুড়ে প্রার্থনা করছিলেন। তার অন্যায়, গণতন্ত্রের জন্য লড়েছিলেন তিনি। হঠাৎ একজন নিরাপত্তারক্ষী এসে টেনে তুলল। খুব দ্রুত তাকে কারাগারের নীরব করিডোর ধরে নিয়ে গেলো বাইরে। সূর্যের কড়া আলোয় শুরুতে সানির চোখ ধাঁধিয়ে উঠলো। বাইরে তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। তার পরিবার কারাগারের কর্মকর্তা থেকে শুরু করে লন্ডনগামী একটি ফ্লাইটের বিমানবালাসহ বহু লোককে অর্থ দিয়ে তার বিনিময়ে তার মুক্তি কিনে এনেছে।

ঘুমের রাজ্য থেকে হঠাৎ ঝাঁকি দিয়ে উঠলো সানির শরীর। মাতাল কয়েকজন যাত্রীর বেসুরো গান শুনে সে ফিরে এল বর্তমানের লন্ডনে। প্রায় প্রতি রাতের অভিজ্ঞতা এটি। রাত তখন তিন অথবা চারটা বাজে। সানি প্রায়ই বাসে তিন ধরনের মানুষ দেখতে পায়। তিনি আঁচ করতে পারেন, এদের একটি গোষ্ঠী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। ভোর শুরুর আগেই তাদের কাজ শুরু হয়। ভালো জীবনের আশায় তারা লন্ডনে এসেছেন। আরেকটি গোষ্ঠী নাইটক্লাবে হৈ হুল্লোড় করে বাড়ি ফেরা আদি ব্রিটিশ। উচ্চস্বরে গল্প করছেন আর গপগপ করে ফাস্ট ফুড খাচ্ছেন। সর্বশেষ গোষ্ঠীটি গৃহহীন, যাদের যাওয়ার কোনো জায়গা নেই।

লন্ডনের বাস তাদের বিশ্রামের যায়গা। বাসের এমন পরিবেশ ধীরে ধীরে উপভোগ করতে শিখেছেন সানি। তাদের হাসি ঠাট্টার সাথে তিনি নিজেও মাঝে মাঝে যোগ দেন। পেটে কয়েক মগ বিয়ার পড়ার পর অনেকগুলো শ্রেণি যেন এখানে সমকক্ষ হয়ে গেছে। সানি মনে করার চেষ্টা করছিলেন শেষ কবে এই মাতাল লোকগুলোর মতো সুখী ছিলেন তিনি।

দুই দশকের বেশি আগে যুক্তরাজ্যে বসবাসের জন্য আশ্রয় প্রার্থনা করেছিলেন তিনি। সম্ভবত সেই আবেদন যখন যাচাই করা হচ্ছিল সেটি ছিল তার শেষ সুখের সময়। সেসময় দ্বিতীয়বারের মতো জীবনে সুযোগ পেয়ে তার মধ্যে এক ধরনের কৃতজ্ঞতাবোধ ছিল। সেসময় তথ্যচিত্র তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন সানি।

ইচ্ছে ছিল লন্ডনের গৃহহীন মানুষদের নিয়ে তথ্যচিত্র বানাবেন। কিন্তু তখন তিনি কল্পনাও করেননি খুব শিগগিরই তার জায়গা হবে তাদের কাতারে।

সানি সুন্দর জীবন পাবেন এমন আশা করার দুঃসাহস দেখিয়েছিলেন তখন। ভাবছিলেন যুক্তরাজ্যে নিরাপদ আশ্রয় মিলবে। কিন্তু রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান সানি। তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। একটি হল সামরিক শাসকের অধীনে থাকা নাইজেরিয়ায় ফিরে যাওয়া যেখানে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। অথবা আত্মগোপনে চলে যাওয়া। এভাবেই শুরু হয়েছিল তার ২১ বছরের যাযাবর জীবন। সানি দ্রুতই অনুধাবন করলেন লন্ডনের রাস্তার চেয়ে বাসে চড়া অনেক আরামদায়ক এবং নিরাপদ।

লন্ডনের একজন ধর্মযাজিকা তাকে প্রথম একটি বাসে চড়ার মাসিক পাস কিনে দিয়েছিলেন। এরপর মাসের পর মাস তিনি এই সহায়তা চালিয়ে গেছেন। মাঝে মাঝে সেই ধর্মযাজিকার পরিচিতরাও তাকে বাসের পাস কিনে দিতেন। দিনের বেলায় সানি গির্জায় স্বেচ্ছাসেবকের কাজ করতেন। মাঝে মাঝে দিনের বেলায় কাজ শেষ হয়ে গেলে চলে যেতেন লাইব্রেরিতে,বই আর খবরের কাগজ পড়ে সময় কাটাতেন। রেস্টুরেন্টে খাবার চেয়ে পাননি এমন দিন খুব কমই ছিল। তবে রাত নটার মধ্যেই কোনো একটা রাতের বাসে চেপে বসতেন। বেশ তাড়াতাড়ি আয়ত্ত করে ফেললেন বিশ্রামের জন্য কোন রুটের বাস সবচাইতে ভালো। জেনে গেলেন রুট ২৫ নম্বরে উঠলে সারারাত ভালো ঘুমিয়ে কাটানো যায়।

অনেক বাস চালক দয়াবসত বাসের ডিপোতে পৌঁছেও তাকে ঘুম থেকে উঠাতেন না। তার মতো আরো বেশ কয়েকজন গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে একইভাবে বাস ব্যবহার করেন। সানি তাদের ব্যাগ ওঠানামায় সহায়তা করতেন।

অন্য গৃহহীনদের মতো বড় সুটকেস বা বাক্স-পেঁটরার বদলে তিনি নিজে অবশ্য সবসময় হালকা ব্যাগ নিয়ে ভ্রমণ করেন। এর ফলে পশ্চিমা দেশগুলোতে গৃহহীনদের যে একটি চিরচেনা ইমেজ রয়েছে সেটি থেকে তাকে আলাদা লাগতো। অনেক গৃহহীন ব্যক্তি বাসে উঠে সিটে গা এলিয়ে বসতেন কিন্তু সানি অন্য যাত্রীদের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে সচেতন ছিলেন। ধীরে ধীরে বাসে কিভাবে ঘুমাতে হয় তার কায়দাকানুন শিখে যান তিনি। কোথায় বসলে বেশি আরাম পাওয়া যাবে, বাসের দোতালায় বসার চেয়ে নিচের তলা বেশি সুবিধা সেসব বুঝে গেলেন। একবার দুজন লোক একজন নারীর চুলে আগুন দেওয়ার চেষ্টা করছিল। তাদেরকে ধাওয়া দিয়ে বাস থেকে তাড়িয়েছিলেন সানি। কিন্তু সবই যে সুখকর তা নয়। হঠাৎ ঝাঁকি খেয়ে বাস থেমে যাওয়া, রাস্তার নিয়ন বাতি, রাতের বেলার মাতাল যাত্রী অথবা বেশি শব্দ করা বাসের ইঞ্জিন।

ভোর হলেই খিদেয় পেটে মোচড় দিয়ে উঠলে ম্যাকডোনাল্ডসে ঢুকে যেতেন। কিছু ভালো মনের কর্মীরা তাকে টয়লেট ব্যবহার করতে দিতেন বা দাড়ি কামাতে দিতেন। তিনি কখনো টাকার জন্য ভিক্ষা করেননি। মাঝে মাঝে হারিঙ্গে এলাকায় ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কোনো ম্যাকডোনাল্ডস শাখায় ঢুকে যেতেন। আশ্রয়কেন্দ্রের চেঁচামেচি, গাদাগাদি করে ঘুমানো, সিগারেট, মদ ও মানুষের শরীরের গন্ধ তার ভালো লাগতো না। তাই তার মনে হল বাসের পরিবেশই বেশি আরামদায়ক।

প্রতিদিন নিত্যনতুন মানুষের দিকে তাকিয়ে তাদের ভাষা ও উচ্চারণের বৈচিত্র্য, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে শিখেছেন তিনি। মানুষের গলার স্বর বা শরীরের ভঙ্গি দেখে বিপদের মুহূর্ত আঁচ করতে পারেন। ২১ বছরে বাসে তিনি অনেক ধরনের মানুষ দেখেছেন। বখে যাওয়া কিশোর, বড় কোন ম্যাচের পর মাতাল ফুটবল ফ্যান, অপরাধী চক্রের সদস্য এরকম নানা ধরনের মানুষ যখন একসাথে বাসে ওঠে তখন সেখানে সংঘর্ষ বাধার সম্ভাবনা তিনি বুঝে ফেলেন।

এদিকে, ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের পর অভিবাসীদের প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ বেড়ে গিয়েছিল। “নিজের দেশে ফিরে যাও”, এমন বাক্য তখন নিয়মিত শুনতে হতো। তবে এই কষ্টের জন্য তিনি ব্রিটিশ সরকারকে দোষ দিতেন না বরং দুর্দশার জন্য নিজের দেশের সরকারকেই দায়ী করেন তিনি। একপর্যায়ে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের হয়ে কাজ করে এরকম একদল আইনজীবী তার সহায়তায় এগিয়ে আসে।

ব্রিটেনে একটানা ২০ বছর বাস করার কারণে আইনগতভাবে তিনি সেখানে থেকে যাওয়ার উপযুক্ত সেই যুক্তি তুলে ধরে তারা তার জন্য ব্রিটেনে থাকার আবেদন করেন। কিন্তু ২০ বছর বাসের রাত কাটানো গৃহহীন সানি সেটি প্রমাণ করার কোনো উপযুক্ত কাগজপত্র ছিল না। অবৈধভাবে বসবাসের জন্য তাকে সবসময় কর্তৃপক্ষের ধরাছোঁয়ার বাইরে থাকতে হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর তার আবেদনের জবাবে জানিয়েছিল, কোনো ধরনের বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়ার কাগজ বা ব্যাংকের হিসেব তার নেই। এরকম কাগজপত্র তার দরকার হবে। সানি তার সবচেয়ে পছন্দের বাস চালককে একটি চিঠি দিতে অনুরোধ করেছিলেন। লন্ডনের কয়েকটি গির্জা ব্রিটেনে তার বসবাসের ব্যাপারে কাগজপত্র দিয়ে সহায়তা করার চেষ্টা করে। লন্ডনে সানি’র বসবাসের ছবি সংগ্রহ করে সহায়তা করার চেষ্টা করেছিল তারা। কিন্তু ইদানিং সানি নিজেই ছবি তুলছেন। সেগুলো অবশ্য মূলত রাতের বাসের খালি আসন। তথ্যচিত্র বানানোর যে প্রশিক্ষণ তিনি নিয়েছেন সেটি কাজে লাগানোর চেষ্টা করছেন। তার মতো মানুষদের গল্প বলার জন্য।

২০১৭ সালে ৫৫ বছর বয়সে শেষ পর্যন্ত তাকে ব্রিটেনে থাকার বৈধতা দেয়া হয়। সেখানে কাজ করার অধিকার পান তিনি। সানি এখনো বাসে চড়েন। তবে এখনো নির্দিষ্ট গন্তব্যের যাত্রার অভ্যাস তার হয়নি। এখনো মাঝে মাঝে রাতের বাসে চেপে ঘুরতে থাকেন তিনি। তার বহুদিনের আশ্রয় বাকি জীবনের জন্য তার মনের গভীরে একটি জায়গা করে নিয়েছে।

চন্দ্রাভিযানে সঙ্গিনী খুঁজছেন জাপানি ধনকুবের!

0

২০২৩ সালে চন্দ্রাভিযানে যাচ্ছেন জাপানি ধনকুবের ইউসাকু মাইজাওয়া। তাঁর সাথে এই অভিযানে যোগ দিতে একজন বান্ধবীর সন্ধান করছেন তিনি। ইউসাকু মাইজাওয়া একজন জাপানি ফ্যাশন ধনকুবের। তিনিই হতে যাচ্ছেন চাঁদে প্রথম বেসরকারী অভিযাত্রী। তিনি তাঁর সাথে চাঁদের অভিযানে যোগ দিতে একজন ‘বিশেষ কাউকে’ খুঁজছেন। একটি অনলাইন পোস্টে এ কথা বলেছেন তিনি।

৪৪ বছর বয়সী ইউসাকু মাইজাওয়ার স্পেসএক্স-র প্রথম ট্যুরিস্ট ফ্লাইটে ২০২৩ সালে চাঁদে ভ্রমণ করার কথা রয়েছে।

অনলাইন পোস্টে ইউসাকু মাইজাওয়া জানিয়েছেন, তিনি বিশেষ কারও সাথে ‘এমন একটি বিশেষ জায়গায়’ যেতে চান।

মাইজাওয়া ২০ বছরেরও অধিক বয়সী অবিবাহিত একজন নারীকে তার সঙ্গী হিসেবে চাইছেন।

আবেদনকারীদের জন্য একটি ওয়েবসাইট তৈরী করেছেন মাইজাওয়া।

সেখানে তিনি লিখেছেন, একাকীত্ব ও শূন্যতার অনুভূতিগুলি যখন ধীরে ধীরে আমার ওপরে প্রবাহিত হতে শুরু করে, সে সময় আমার মনে হয় এমন একটি বিষয় যখন আমি এক নারীকে ভালবাসতে থাকি।

ওয়েবসাইটে তিনি লিখেছেন ‘আমি একজন জীবনসঙ্গী’ পেতে চাই। আমার ভবিষ্যতের এই অংশীদারেন সাথে, আমি মহাকাশ থেকে আমাদের ভালবাসা এবং বিশ্ব শান্তি বিষয়ে বার্তা ছড়িয়ে দিতে চাই।

মাইজাওয়া ২০২৩ সালে চাঁদের চারপাশে উড়তে চলেছেন। তিনি এলন মাস্কের স্পেসএক্সের সাথে প্রথম প্রাইভেট যাত্রী হিসাবে ২০২৩ সালে চাঁদের চারদিকে পরিভ্রমণ করবেন।

সম্প্রতি বান্ধবী আইয়াম গোরিকির সাথে বিচ্ছেদ ঘটেছে মাইজাওয়ার। আইয়াম গোরিকি (২৭) একজন অভিনেত্রী।

মাইজাওয়া জানিয়েছেন, তিনি এই চন্দ্রাভিযানে শিল্পীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। প্রকল্পে অভিজ্ঞতার ভিত্তিতে অনুপ্রেরণা দিতে তিনি এটা করতে চান।

সূত্র : স্কাই নিউজ, ক্যানোয়ে ডট কম

অস্ট্রেলিয়ায় দাবানল : আগুন লাগানোর দায়ে গ্রেপ্তার শতাধিক

0

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে গত বছরের সেপ্টেম্বরের থেকে সর্বগ্রাসী আগুন জ্বলছে। রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা এবং কয়েক মাসের ভয়াবহ খরার কারণে এই বিশাল সংকট আরও তীব্রতর হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০ মিলিয়ন হেক্টর (১০,০০,০০০ বর্গকিলোমিটার) গুল্ম, বন এবং পার্ক পুড়ে গেছে। শুধু তাই নয়, এ কারণে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

সাম্প্রতিক সরকারী পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার বীমা কাউন্সিল (আইসিএ) নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রায় ৯০০০ বীমার দাবি পেয়েছে। সারা দেশে বুশফায়ার থেকে ক্ষয়ক্ষতি বিলটি মিলিয়ন হিসাবে অনুমান করা হয়।

জানা গেছে, গত নভেম্বরের পর থেকে ,পুলিশ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ২৪ জনসহ ২০৫ জনকে গ্রেপ্তার করেছে। বুশফায়ার-সম্পর্কিত অপরাধের জন্য ১৮৩ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ভিক্টোরিয়ায় ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালানোর অভিযোগে ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র : পিপলস ডেইলি

ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে সকল মার্কিন ঘাঁটি!

0

পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটি রয়েছে তার প্রত্যেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ কথা বলেছেন।

রবিবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় বালবেক শহরে হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।

হাসান নাসরুল্লাহ

হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সেই বার্তা দিয়েছে।

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, এই হামলার মধ্য দেয় ইহুদিবাদী ইসরায়েলের জন্য বার্তা দেয়া হয়েছে।

হাসান নাসরুল্লাহর এই বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বোকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানতে হবে যে, সে ভুল জায়গায় হাত দিয়েছে।

হাসান নাসরুল্লাহ বলেন, মার্কিন নেতাদের দিকে তাকান, এদের চেহারায় কি বিজয়ের ছাপ আছে?

তিনি বলেন, আমি নিশ্চিত ছিলাম যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আরবি ভাষার গণমাধ্যমে পারস্য উপসাগর সম্পর্কিত খবর দেখবেন তখন তিনি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবেন না।

হাসান নাসরুল্লাহ বলেন, আইন আল-আসাদে ইরান যা করেছে তা শুধুমাত্র আমেরিকানদের মুখে একটি চপেটাঘাত। এটি জেনারেল সোলাইমানিকে হত্যার পুরো প্রতিশোধ নয়। এটি হচ্ছে প্রথম পদক্ষেপ যা চূড়ান্তভাবে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটাবে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ঘাঁটি আইন আল-আসাদ

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব ধরনের অপরাধমূলক তৎপরতার সমালোচনা করে হিজবুল্লাহ প্রধান বলেন, বিশ্বের যেখানে যে অপরাধ ঘটুক না কেন তাকে ‘মেইড ইন আমেরিকা’ বলে আখ্যায়িত করা উচিত।

তিনি বলেন, আজকের দুনিয়ায় সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ায় যে অপরাধযজ্ঞ সংঘটিত করছে তা যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের সবচেয়ে বড় বিজয় হচ্ছে যে, এর মাধ্যমে আমেরিকার চেহারা সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। জেনারেল সোলাইমানির শাহাদাত অবশ্যই এ অঞ্চল থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে বহিষ্কারের পথে আমাদেরকে এগিয়ে নেবে।

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদ

হিজবুল্লাহর প্রতি ইরানের কমান্ডারদের আন্তরিক সমর্থনের প্রশংসা করে হাসান নাসরুল্লাহ বলেন, ইরানি সেনাদের নিশ্চিত সমর্থন পেলেই শুধুমাত্র হিজবুল্লাহ শক্তিশালী হয়ে উঠবে।

তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। তিনি যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করতেন তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে উগ্র সন্ত্রাসীদের কবলে পড়তে হতো।

মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজন। এ লক্ষ্যে জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশে ৪শত ৮২টি উপজেলায় একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে। ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলজ গাছকে অগ্রাধিকার দেয়া হবে। মন্ত্রী এসময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

পরিবেশ মন্ত্রী আজ সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসান এনডিসি’র বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এর অংশ হিসেবে গত একমাসে সারাদেশে সাড়ে তিনশত ইটভাটা ধ্বংস করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার শুন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইন্সটিটিউট এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, ড. এস. এম. মনজুরুল হান্নান, আলমগীর মুহম্মদ মনসুর উল আলম ও মাহমুদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান জিয়াউল হাসান এনডিসি কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।

‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এ যোগ দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি) এর আইসিসি হলে এ অনুষ্ঠান শুরু হয়েছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। শেখ হাসিনা ছাড়াও অনুষ্ঠানে অন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, সার্বিয়ার প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, সিয়েরালিয়নের প্রেসিডেন্ট, ফিজির প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানস্থলেই স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি ও হাই স্কুল ক্যাটাগরিতে ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ প্রদান করা হয়। ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে নিয়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।