Home Blog Page 3225

নির্বাচন পেছানোর আদেশ মঙ্গলবার

0

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

গতকাল রবিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন‌্য ৫ জানুয়ারি রিট করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তা বিতর্কিত। কারণ ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। কিন্তু ৩০ জানুয়ারি নির্বাচন থাকায় ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র তৈরি করা হবে। এটিকে ধর্মীয় সাংঘর্ষিক উল্লেখ করে আদালতে রিট দায়ের করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না বিধায় ঢাকা সিটি করপোরেশন মেয়র নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের জন্য ৩০ জানুয়ারি দিন ঠিক করে নির্বাচন কমিশন।

ঢাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি : তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, গণসংযোগে ঢাকাবাসীর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকাবাসী সাদরে আমাদের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ঢাকাবাসী আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার সুযোগ দেবে। তাদের সেবা করার সুযোগ দেবে বলে আমি আশা করছি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, উন্নত ঢাকা গড়তে মহাপরিকল্পনা গ্রহণ করছি আমরা। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। সেখানে প্রত্যেকটি রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। গুরুত্ব পাবে পয়ঃনিষ্কাশনের বিষয়গুলোও। সকল নাগরিকের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়তে নব সূচনার উন্মেষ হচ্ছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রথম ৯০ দিনের মধ্যেই নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। ঢাকার মধ্যে সকল সংস্থা সমন্বয় করে কাজ করবে। ঢাকার কোনও স্থানে কাজ হলে তিন বছরের মধ্যে অন্য সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।

মানিকনগর বাসস্ট্যান্ডে পথসভা শেষ করে তাপস মুগদা, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় জনসংযোগে যোগ দিয়ে নাগরিকদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

উত্তরায় বাসচাপায় আহত অজ্ঞাতপরিচয় শিশুর ঢামেকে মৃত্যু

0

রাজধানীর উত্তরায় গতকাল বাসচাপায় আহত হয় অজ্ঞাতপরিচয় শিশুটি। এরপর ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

রবিবার বিকেলে উত্তরা পশ্চিম সুইচ গেইট নামক স্থানে দুই বাসের মাঝে চাপা পড়ে ওই শিশু। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক‌্যাল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার এসআই সাদেক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

ঘন কুয়াশায় চট্টগ্রামের ফ্লাইট কলকাতায়

0

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অবস্থায় মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি কলকাতা চলে যায়। ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়।

একই সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়। এ কারণে বিমানটি কলকাতায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিমান সূত্র।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়াশা কমলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।

৬ ঘণ্টা পর শাহজালালে বিমান ওঠানামা শুরু

0

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

আজ সোমবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল। পরে আজ সকালে কুয়াশা চলে গেলে দৃষ্টিসীমা বাড়ার পর বিমান ওঠানামা শুরু হয়।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, সোমবার ভোর সোয়া তিনটা থেকে বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর সকাল সোয়া ৯টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।

বিমান ওঠানামা বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে বিমানের নিয়মিত শিডিউল। ভোর থেকে কোনো বিমান অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি বিমান ভারতের কলকাতায় অবতরণ করে। ঘন কুয়াশার কারণে বেশ কিছু বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে বলে জানা গেছে।

আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

0

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে আজ।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তাঁর মৃত্যুতে আজ সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

সুলতান কাবুসের মৃত্যুর পর শনিবার তাঁর চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে গত রাত থেকে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ পদ্মায় থেমে রয়েছে সাতটি ফেরি। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরু চ্যানেল কুয়াশার মধ্যে অতিক্রম করা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে নৌরুটে কুয়াশা বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা একেবারে কমে এলে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বল জানিয়েছে বিআইডব্লিউটিসি সূত্র।

শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন

0

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরো দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, ঈশ্বরদী, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং কুষ্টিয়ার অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪/৫ দিন তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের ইশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

রাজউক-পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

0

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নূর আলমকে সংস্থার চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে নিয়োগ করা হয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নে বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দুই সিটির নির্বাচন পেছানোর রিট কার্যতালিকা থেকে বাদ

0

হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ ৩০ জানুয়ারির পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দিতে করা রিট আবেদন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে রিট আবেদনটি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে দাখিল করা হয়েছে। কাল সোমবার এই বেঞ্চের কার্যতালিকায় থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অশোক কুমার ঘোষ।

এর আগে গত ৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। এরপর গত ৭ জানুয়ারি রিট আবেদনটি বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে দাখিল করা হয়।

আজ রবিবার রিট আবেদনটি কার্যতালিকায় থাকবে বলে সেদিন জানিয়েছিলেন আইনজীবী। এ অবস্থায় ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল রিট আবেদনটি। কিন্তু এ রিট আবেদনের ওপর এই বেঞ্চের শুনানির এখতিয়ার না থাকায় আইনজীবী তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করলে আদালত তা বাদ দিতে আদেশ দেন। এরপর আজই রিট আবেদনটি নেওয়া হয় বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে।

রিট আবেদনে বলা হয়, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয়ে এ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি মূল পূজা হলেও পূজার পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতীমা বিসর্জন দেওয়া যায় না। পঞ্চমী শেষ হবে ৩০ জানুয়ারি। এ কারণে নির্বাচন পিছিয়ে দিতে গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের দিন ৩০ জানুয়ারিই রেখেছে।

রিট আবেদনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র তৈরি করা হবে। আর সরস্বতী পূজাও শিক্ষা প্রতিষ্ঠানে। বিধায় বিষয়টি ধর্মীয় আয়োজনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। এ কারণে ৩০ জানুয়ারির নির্ধারিত ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি কের্পারেশনের নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র কেনা, দাখিল, বাছাই ও চূড়ান্ত করা হয়েছে।