Home Blog Page 3226

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে তার সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই সিংহাসনে আরোহণকে তার নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমি মনে করি আপনার বিপুল অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার মাধ্যমে আপনি চলমান অগ্রগতি বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনসহ দেশে ওমানকে আরো এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবেন।

শেখ হাসিনা বলেন, পারস্পরিক স্বার্থে দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক বজায় রাখতে তিনি নতুন সুলতানের সঙ্গে আরো আলাপ-আলোচনাসহ কাজ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, আপনার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও বৈচিত্র্যময় হবে বলেও আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী নতুন সুলতানের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি ভ্রাতৃপ্রতীম ওমানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর হাইথাম বিন তারিককে ওমানের নতুন শাসক হিসাবে ঘোষণা করা হয়।

ইছামতি নদী দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

0

পাবনা শহরের ভেতর দিয়ে প্রবাহিত ইছামতি নদী দখলকারী ও দূষণকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এই তালিকা তৈরি করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

ইছামতি নদীর দখল ও দূষণ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকটে মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রুলে পাবনা সদর, আটঘরিয়া, সাঁথিয়া ও বেড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত ৮৪ কিলোমিটার ইছামতি নদীকে কেন প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা হবে না এবং সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, দূষণ ও দখলমুক্ত করে দখলকারীদের তালিকা তৈরি করে কেন তাদের উচ্ছেদ করা হবে না, ক্ষতিকর স্থাপনা অপসারণ করে নদীর প্রবাহ কেন বাড়ানো হবে না এবং নদী দূষণ রোধ করার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

ভূমি, পরিবেশ ও পানি সম্পদ সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পাবনার ডিসি-এসপিসহ ১৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর সাঈদ আহমেদ কবীর সাংবাদিকদের বলেন, পাবনার জেলায় প্রবাহিত ইছামতি নদী এক সময় সচল ছিল। কিন্তু বর্জ্য ও দূষণে বর্তমানে নদীটি মৃত প্রায়। নদী দখল ও বাধ দেওয়ায় নদীর মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নির্মিত স্লুইসগেট দিয়ে পর্যাপ্ত পানি প্রবেশ না করতে পারায় এ নদীর প্রবাহ কমে পাবনা শহর এলাকায় নদীটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধযুক্ত আবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা-মাছি। নদী দখল করে উভয় পাড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা, বাড়ি-ঘর ও কল-কারখানার বর্জ্য, পয়:বর্জ্য এ নদীতেই ফেলা হচ্ছে নিয়মিত।

ইতিমধ্যে পাবনা সদর উপজেলার শুধুমাত্র পৌরসভা এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২৮৫টি এবং সাঁথিয়া উপজেলার দুটি ইউনিয়নে মোট ৬৬টি অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে। এলাকাবাসী নদী রক্ষায় দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে নদী রক্ষায় আদালতে রিট আবেদন করা হয়েছে।

কাল ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

0

চারদিনের ভারত সফরে আগামীকাল ঢাকা ত্যাগ করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।

দু’দেশের তথ্যখাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এসফরে ড. হাছান নয়া দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

একইসাথে সমগ্র ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে।

উল্লেখ্য, ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্বলাভের পর গত ২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম রূপায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ মন্ত্রীর সফরসঙ্গী হবেন।

খালেদা জিয়া এই মুজিববর্ষে কি অবদান রাখতে পারবেন?

0

‘১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনকারী বেগম খালেদা জিয়া মুজিববর্ষে কি অবদান রাখতে পারবেন?’ প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক স্বদেশ প্রতিদিন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি বিষয়ে তিনি এপ্রশ্ন রাখেন। স্বদেশ প্রতিদিন এর সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াকিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একেএম রহমতুল্লাহ এমপি, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন জনগণের কাছে কতটুকু পৌঁছুবে! আমার সবিনয় প্রশ্ন- বঙ্গবন্ধুকে যে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিনটিকে যে বেগম খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটেন, তিনি এই মুজিববর্ষে কি অবদান রাখতে পারবেন? তিনি জেল থেকে মুক্ত হয়ে কি আবার ১৫ আগস্ট কেক কাটার সুযোগ চান?’

এছাড়া, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা-অসুস্থতা নিয়েও বিএনপি ক্রমাগত অপরাজনীতি করছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বেগম জিয়ার আর্থরাইটিস, হাঁটু ও কোমরের ব্যাথা বহু পুরনো। এনিয়ে তিনি দু‘বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধীদলের ও বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন, এসমস্যাগুলো বয়সের সাথে বাড়ে। কিন্তু খালেদা জিয়া যতটুকু না অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা হচ্ছে, এতে বেগম জিয়াকেই বিএনপি মানুষের সামনে খাটো করছে।’

‘সরকার বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসা সেবা দেয়ার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে মাসের পর মাস রাখছে, তার ইচ্ছে অনুযায়ী একজন গৃহপরিচারিকা তার সাথে আছে এবং তাকে প্রতিদিন ডাক্তারেরা রুটিন চেক আপ এবং মাঝে-মধ্যেই মেডিকেল বোর্ড চেক-আপ করছে’ জানিয়ে ড. হাছান বলেন, ‘এতকিছুর পরও বিএনপি’র কথা শুনলে মনে হয়, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা ডাক্তার নন, ডাক্তার হচ্ছেন মীর্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব, মওদুদ সাহেব, ড: মোশাররফ সাহেব, তারা। কারণ, তারা বলছেন, বেগম জিয়ার অসুস্থতা না কি গোপন করা হচ্ছে! আসলে তিনি যতটুকু না অসুস্থ, তার চেয়ে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বেগম জিয়াকে মানুষের সামনে খাটো করা হচ্ছে। বিএনপি’কে এই পথ অনুসরণ না করার অনুরোধ জানাই।’

তথ্যমন্ত্রী এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমকে শুধু রাজনৈতিক সংবাদের জন্যই উন্মুখ হয়ে থাকলে হবে না, দেশে আরো বহু বিষয় আছে, সেগুলোর দিকেও নজর ও গুরুত্ব দেয়া প্রয়োজন। গণমাধ্যম যাতে জাতির বিবেক হিসেবে কাজ করতে পারে, সেই লক্ষ্য গণমাধ্যমকর্মীদের মনে রাখা প্রয়োজন।

দৈনিক স্বদেশ প্রতিদিন এর শুভযাত্রা ও শতবর্ষব্যাপী এর অব্যাহত যাত্রা কামনা করেন তথ্যমন্ত্রী। স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন ও স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো: মজিবুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

আবুধাবির পথে প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়োজিতব্য ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে রওয়ানা হয়েছেন।

আজ রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথার প্রধানমন্ত্রীর।

আবুধাবি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা ১৩ জানুয়ারি আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি) এর আইসিসি হল-এ বেলা ১১টায় ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরিমনি’তে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে এনভয়ে’স কনফারেন্সে যোগ দিবেন।

পর দিন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবি’র সাথে দেখা করবেন। বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী হল-১১, এডিএনইসি-তে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ এর উপর সাক্ষাতকার অধিবেশনে যোগ দিবেন।

ইউএই-তে তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি দেশে ফিরবেন।

ইরানে হাজারো জনতার বিক্ষোভ

0

গত বুধবার ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহী প্রাণ হারান। ওই দুর্ঘটনার তিনদিন পর এই ঘটনার দোষ স্বীকার করেছে ইরান। এই বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

ওই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমদিকে নিজেদের দোষ স্বীকার করেনি ইরান। তবে গতবার শনিবার ইউক্রেনের বিমান দুর্ঘটনায় নিজেদের ভুলের কথা স্বীকার করে নেয় ইরানি কর্তৃপক্ষ। তারা স্বীকার নেন যে, ভুলবশত ইউক্রেনের ওই বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ কেন দীর্ঘ সময় ধরে ইউক্রেনের যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটনা নিয়ে মিথ্যা বলেছেন সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ জনতা।

জানা গেছে, বিক্ষোভকারীরা দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। বিক্ষোভকারীরা শরীফ বিশ্ববিদ্যালয় এবং আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। প্রথমদিকে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ করেন। কিন্তু সন্ধ্যার দিকে বিক্ষোভে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন, যারা বিমান বিধ্বস্তের পেছনে দায়ী এবং যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কমান্ডার ইন চীফ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগ এবং মিথ্যাবাদীদের মৃত্যুর দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে এই বিক্ষোভকে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করে টুইট করেছেন।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধানের লে. জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। এরপর গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। তবে বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো প্রথমদিকে সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। পরে ইরান জানিয়েছে, তারা ভুলবশত বিমানটি ভূপাতিত করেছে।

বিধ্বস্ত বিমানটির অধিকাংশ আরোহীই ছিলেন ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অন্যদিকে নয় ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি

‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব ‘

0

ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য তৈরি রয়েছে। সংসদ চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা। ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এ কথা বলেছেন।

গতকাল শনিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ভারতের ২৮ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ইঙ্গিত দিয়েছিলেন। যে চেয়ারে বসে সাংবাদিক বৈঠক করেছিলেন তার ওপর ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাক্ষরিত হওয়া চুক্তির ছবি। আর এভাবেই নতুন বছরের শুরুতেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন আগামীর লক্ষ্য! পরিষ্কার বলেছিলেন, নির্দেশ পেলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাবে ভারতীয় সেনাবাহিনী। আর তারপর থেকে তা ভারতের মধ্যেই থাকবে। শনিবার ফের একই কথার পুনরাবৃত্তি করলেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য সবরকমভাবে তৈরি রয়েছে। সংসদ চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা। তারপর থেকে তা ভারতের অধীনেই থাকবে। কারণ এই বিষয়ে সংসদে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জম্মু ও কাশ্মীরের সমস্ত অংশ ভারতের অন্তর্গত। সেই অনুযায়ী, পাকিস্তানের দখল করে নেওয়া অংশও রয়েছে। তাই সেনা নির্দেশ পেলেই সঙ্গে সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নেবে।

নিজের সহকর্মীদের ভারতীয় সংবিধান এর প্রতি সর্বদা অনুগত থাকার বার্তা দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছি আমরা। একথা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। কোনও অবস্থাতেই তা ভুলে গেলে চলবে না।

পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব দেখালেও চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন এম এম নারাভানে। চীনের সঙ্গে থাকা সীমান্ত সমস্যার পাকাপাকি সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন। বিভিন্ন সময় দু’দেশের সেনার মধ্যে হওয়া সীমান্তগত বিবাদের দ্রুত মীমাংসা করা ও একে অপরের সমস্যা সম্পর্কে আলোচনার জন্য একটি হটলাইন চালু করারও প্রস্তাব দেন তিনি।

ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত আটক; এরপর…

0

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করেছে ইরান। শনিবার কয়েক ঘণ্টার জন্য রব ম্যাকএয়ারকে আটক করে ইরানি কর্তৃপক্ষ। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর দায়ে তাকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে, এক বিবৃতিতে এই গ্রেপ্তারকে আর্ন্তজাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ব্রিটেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে তেহরানে একটি ইউক্রেনের জেটলাইনারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য নজরদারিতে অংশ নেওয়ার পরে চুল কাটার জন্য নাপিতের দোকানে যাচ্ছিলেন রব ম্যাকায়ার। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মার্চ ২০১৮ সাল থেকে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

জানা গেছে,তেহরানের অদূরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় কিছু দুস্কৃতিকারীর শৃঙ্খলাবিরোধী তৎপরতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমাবেশকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সমাবেশকারীদের মধ্যে পাওয়া যায় এবং তিনি পুলিশের বিরুদ্ধে দুস্কৃতিকারীদের উসকে দেয়ার মতো অপতৎপরতা চালান।

গত বুধবার ৮ জানুয়ারি ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

গতকাল শনিবার ইরানের সশস্ত্র বাহিনী সকালে এক বিবৃতিতে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র মনে করে ভুলবশতঃ যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে এটি ভূপাতিত হয়েছে।

সূত্র : ফক্স নিউজ, ওয়েবসাইট

সোলাইমানির বিরুদ্ধে ফের কাল্পনিক অভিযোগ ট্রাম্পের

0

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিসহ ইরান ও ইরাকের ১০ জন সেনা কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এদিকে, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলাইমানির বিরুদ্ধে কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এক টুইট বার্তায় বিশ্ব জনমতকে ধোকা দেয়ার উদ্দেশে জেনারেল সোলাইমানির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, সোলাইমানি বিশ্বশান্তির জন্য একজন ভয়ঙ্কর ব্যক্তি হয়ে উঠছিলেন বলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ডেমোক্র্যাটরা ইরানি জেনারেলকে হত্যার ঘটনায় হোয়াইট হাউসের অবস্থানকে সমর্থন করা সত্ত্বেও ট্রাম্প তার টুইটার বার্তায় দাবি করেন, ডেমোক্র্যাটরা ইরানের কুদস ফোর্সের কমান্ডারের প্রতি সমর্থন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট তার এই টুইটার বার্তায় ডেমোক্র্যাটকদেরকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন।

ট্রাম্প এর আগে শুক্রবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, জেনারেল সোলাইমানি চারটি দূতাবাসে হামলা চালাতে চেয়েছিলেন।

তিনি এমন সময় এ দাবি করেন যখন খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনেই ভিন্ন তথ্য পরিবেশন করা হয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ সম্পর্কে লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যা করাকে বৈধ হিসেবে তুলে ধরার জন্য এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করছেন।

দুবাই বিমানবন্দর পানির নিচে, সব ফ্লাইট স্থগিত

0

ভারি বৃষ্টির পর বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার এক টুইট বার্তায় একথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ঢুকে পড়েছে বন্যার পানি। তাই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে সব ফ্লাইটের সময়সূচি স্থগিত করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। যত দ্রুত সম্ভব কার্যক্রম আবারো স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরে দুবাইয়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।