Home Blog Page 3227

‘দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব’

0

দেশের ১৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন ‘আমার স্বপ্ন হচ্ছে দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব।’

আজ রবিবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক অনুষ্ঠানে দেশের সব সরকারি কলেজ/বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে ওয়াইফাই চালুকরণ প্রকল্পের আওতায় এই সেবা উদ্বোধন করেন জয়।

জয় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে সবারই দাবি সব জায়গায় ওয়াইফাই জোন করে দেয়ার। বিশেষ করে আমাদের ছাত্র-ছাত্রীদের, সেই কারণেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব। এটা হচ্ছে আমাদের ওয়াদা।’

তিনি বলেন, ‘আমরা গত ১০ বছরে ১০ কোটি মানুষকে অনলাইনে এনেছি। আমাদের তরুণদের যে দাবি সব জায়গা তাদের ওয়াইফাই করে দেয়া, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এই প্রকল্প হলো সেটারই অংশ, সরকারি সব বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ বিভাগ ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াইফাই জোন করে দিচ্ছে। এই কাজ চলমান থাকবে।’

আমরা কাউকেই ছাড় দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সমাজের অধিপতি হোক, রাজনীতিবিদ হোক কিংবা নির্বাচনের জনপ্রতিনিধি হোক অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

আজ রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নারকোটিক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইএমএস) ওয়েবসাইট ও মাদকবিরোধী বিজ্ঞাপন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোরিয়ার সহযোগিতায় তৈরি নার্কোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। এর মাধ্যমে অধিদফতরের কর্মকর্তারা যেকোনো জায়গা থেকে ল্যাপটপে বসে মামলার ফলোআপ, লাইসেন্স ম্যানেজমেন্ট, স্যাম্পল এনালাইসিস ম্যানেজমেন্ট, অপারেশন ও হসপিটাল ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন। অধিদফতরের সেবা পেতে আগ্রহীরা দেশের যেকোনো প্রান্তে বসে আবেদন করে যেকোনো সেবা পেতে পারবেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেননি, পাশাপাশি তিনি সমাজে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। যারা মাদক বিক্রি করে অন্যায়ভাবে টাকা উপার্জন করে তারা সেটি অন্যায়ভাবেই ব্যয় করে। অনেকে নির্বাচন করে জনপ্রতিনিধি সেজে নিজেকে জাহির করতে চান। তবে আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। সমাজের অধিপতি হোক, রাজনীতিবিদ হোক কিংবা নির্বাচনের জনপ্রতিনিধি হোক অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এসব কার্যক্রমের পাশাপাশি আমরা দেশে মাদকের চাহিদা কমানোর চেষ্টা করছি। কারণ চাহিদা হ্রাস পেলে মাদকের সাপ্লাই হ্রাস পাবে। এরই অংশ হিসেবে আজকের এ অনুষ্ঠান।

ধূমপানের প্রচারণা বিষয়ে তিনি বলেন, ‘ধূমপানের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রচারণা চালিয়েছিলাম। আমাদের প্রচেষ্টার কারণে আজ ধূমপান অনেকটাই নিয়ন্ত্রণে। আজ কেউ প্রকাশ্যে ধূমপান করে না, করলে আড়ালে গিয়ে করে।’

সীমান্তে হত্যায় বাংলাদেশ উদ্বিগ্ন- বললেন পররাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যায় বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ রবিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর আবুধাবি সফরসংক্রান্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশের এ উদ্বেগের কথা প্রকাশ করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নীতি হলো সীমান্তে একজনও যেন মারা না যায়। ভারত এ বিষয়ে একমত হয়েছে। তবে তার পরও হত্যার ঘটনা ঘটছে।’

অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ‘রাইসিনা সংলাপে’ অংশ নিতে নয়াদিল্লি সফর প্রতিমন্ত্রী বাতিল করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ নিয়ে ভারতীয় মিডিয়া একটু বেশি করে। কাশ্মীরের শিক্ষার্থীদের বাংলাদেশে ভিসা না দেওয়ার যে খবর ভারতীয় মিডিয়ায় ছেপেছে তা মিথ্যা বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আজ রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন। বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি সেখানে পৌঁছাবেন। দেশটির রাজধানী আবুধাবিতে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ ছাড়াও প্রধানমন্ত্রী ওই অঞ্চলের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। আরব আমিরাত সফর শেষে ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমিরাতে যাওয়াটা নির্ধারিত বলে ওই সময়ে ভারতে একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যোগ দেওয়া হচ্ছে না। একই সময়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রতিমন্ত্রীর আমিরাতে যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। ফলে রাইসিনা সংলাপের আমন্ত্রণ পেলেও তার যোগ দেওয়ার প্রশ্নেই ওঠে না। তাছাড়া এই রাইসিনা সংলাপটি দ্বিপক্ষীয় কোনো অনুষ্ঠান নয় বলেও তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যেপ্রাচ্যে বাণিজ্য, জনশক্তি বাড়াতে চাই। বিশেষ করে মধ্যেপ্রাচ্য থেকে রাজস্ব সবচেয়ে বেশি আসছে। এ রাজস্ব ১৮ বিলিয়ন ডলার পার হবে বলে আশা করি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ছয় বছর পর সংযুক্ত আরব আমিরাত জনশক্তি বাজার খুলে দিয়েছে।

প্রচারণার জন্য মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

0

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচার প্রচারণার জন্য আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর প্রথম সভা শেষে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচার প্রচারণার জন্য আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই। বিএনপি প্রার্থীদের মোকাবেলা করতে আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামই যথেষ্ট।’

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর আগে ‘মন্ত্রিত্ব ছেড়ে প্রচারণায় আসুন,’ ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। সে বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আজ এ মন্তব্য করলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আখেরি মোনাজাতে গণভবন থেকে অংশ নিলেন প্রধানমন্ত্রী

0

টঙ্গীর তুরাগ পাড়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এতে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বেলা ১১টার কিছুক্ষণ পর আখেরি মোনাজাত শুরু হয়। এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। তাঁর সঙ্গে মোনাজাতে হাত তোলেন লাখো মুসল্লি। টঙ্গীর ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

মোনাজাতে শান্তি, পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

১৭ থেকে ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন।

আবরার হত্যা মামলার আসামী মোরশেদের আত্মসমর্পণ

0

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামী মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন মোরশেদ। এ সময় জামিনেরও আবেদন করেন তিনি। তবে জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মোরশেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রামে।

চকবাজার থানার প্রসিকিউশন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নথিসুত্রে এখনও পলাতক থাকাদের মধ্যে রয়েছেন এজাহারভুক্ত আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও চার্জশিটের আসামি মোস্তফা রাফিদ।

গত ৫ জানুয়ারি এই মামলার চার্জশিটভুক্ত চার পলাতক আসামিকে ১৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চারজনের মধ্যে মোরশেদ একজন। যে চার আসামির বিরুদ্ধে এ বিজ্ঞপ্তি জারি হয় তাঁরা হলেন মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান (বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার কে সি রায় রোড), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (বাড়ি সৈয়দপুরের নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রাম), মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রাম) ও মুজতবা রাফিদ (বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উত্তর বালুবাড়ি)। রংপুর, নীলফামারী, গোমস্তাপুর ও দিনাজপুর থানা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়ে জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে এই চার্জশিট দেয়। মোরশেদের আত্মসমর্পণের পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন পলাতক রয়েছেন।

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু

0

৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাতে হাত মিলিয়েছেন লাখো মুসল্লি।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন তবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমেদ।

এর আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে ও আশপাশে অবস্থান নিয়েছেন। আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় মোনাজাতে শরিক হতে তাঁরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রয়েছেন বিদেশ থেকে আসা বহু অতিথিও।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারিরা।

শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের স্রোত দেখা যাচ্ছে। যানবাহন না পেয়ে অনেকেই পায়ে হেটে অংশ নিতে তুরাগ তীরে রওনা দিয়েছেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার প্রথম পর্বের শুরু হয়। শুক্রবার বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। পরে তা বাংলায় বয়ান তরজমা করেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

এদিকে ময়দানের আশপাশের এলাকায় পুরুষদের পাশাপাশি অবস্থান নিয়েছেন বহু নারীও।

আজ রবিবার ভোর থেকে ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ ও স্টেশন রোডের মাঝখানে অবস্থান নিয়েছেন কয়েক লাখ মানুষ।

ইজতেমার প্রথম পর্বে ১২ মুসল্লির মৃত্যু

0

বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে আরো তিনজন মুসল্লি মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে ও দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে। মূলত বার্ধক্যজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। শেষ হবে ১৯ জানুয়ারি।

শনিবার বিকেল সোয়া ৫টায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাত সাড়ে ১০টায় কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও রাত পৌনে ১টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫) মারা যান। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চার দিনে ১২ মুসল্লি মারা গেলেন।

আরো কয়েকদিন থাকবে তীব্র ঠাণ্ডা

0

আজ রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থা আরো দুই-তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

গতকাল শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, ঠাণ্ডা বেড়ে গেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তীব্র ঠাণ্ডার সঙ্গে বয়ে চলেছে ঠাণ্ডা বাতাসও। এর সঙ্গে কুয়াশা বিরাজ করায় সূর্যের দেখাও পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই অবস্থা বিরাজ করছে রাজধানীতেও। আগামী কয়েকদিন এ অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল সাতটা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পরে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী দুই-তিন দিন পর আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গেছে। তবে শীতের তীব্রতা দুই-তিন দিন একই রকম থাকবে। মঙ্গলবার পর্যন্ত তীব্র শীত বিরাজ করে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ অবস্থায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিকেলে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

তিন দিনের সরকারি সফরে আজ রবিবার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন।

দেশটির রাজধানী আবুধাবিতে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ ছাড়াও প্রধানমন্ত্রী ওই অঞ্চলের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত দূত সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।