Home Blog Page 3228

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ

0

পাইপলাইন সংস্কার কাজের জন্য আজ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। লিকেজ সমস্যা নিরসনে চলমান কাজের অংশ হিসেবে এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস সূত্র। সন্ধ্যা ৬টার পর আবার সচল হবে লাইনগুলো।

আজ রবিবার সকাল ৯টা থেকে প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশে আজ রাতকানা রোগ নেই

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের যথাসময়ে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ফলেই দেশে পোলিও নির্মূলসহ রাতকানা রোগ এখন এক ভাগেরও নিচে নেমে এসেছে।

আজ শনিবার রাজধানীর শিশু হাসপাতালে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে টীকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ দেশে রাতকানা রোগ আর নেই বললেই চলে। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে এবং টীকাদান কর্মসূচিকে সফল করতে হবে।

তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্বার্থক হবে যদি দেশের প্রতিটি মা ভিটামিন ‘এ’ এর বিষয়ে সচেতন হন আর যদি মায়েরা তাদের সন্তান নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের মুখে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে অনুযায়ী শনিবার থেকেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যসেবা সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যা এম এ আজিজ এমপি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু আওয়ামী লীগ করবে না’

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু আওয়ামী লীগ করবে না। তিনি বলেন, আমরা ঘরোয়াভাবে অফিসে সভা করতে পারবো। আমরা একটা মহল্লায় গিয়ে ঘরের মধ্যে সভা করতে পারবো। সেগুলোতে কোনো বাধা নেই।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সুন্দর, গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবো। যেহেতু আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দল, এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। সে প্রসঙ্গ বলতে গিয়েই আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, আচরণ বিধিতে বলা আছে- সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র প্রচারে অংশ নিতে পারবেন না। এই যে সুবিধাভোগী এবং অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি-এমপিরা কিন্তু সুবিধাভোগী না। আমিও ব্যক্তিগতভাবে সুবিধাভোগী না।

তিনি বলেন, শেখ সেলিম সাবেক মন্ত্রী, মাহবুব-উল আলম এরা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। আব্বাস, গয়েশ্বর সাবেক মন্ত্রী। এরা প্রত্যেকেই কিন্তু মন্ত্রী ছিলেন। তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। মওদুদ তো একসময় প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনিও গুরুত্বপূর্ণ ব্যক্তি।

তোফায়েল বলেন, আচরণ বিধির যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে স্ববিরোধীতা আছে। আমাদের ব্যাখ্যায় তারা ইসি একমত হয়েছে। কিন্তু তারা ইসি বলেছে, আমাদের কিছু করার নেই। এখন যদি কিছু করি (বিধি সংশোধন) মানুষের চোখে সরকারের জন্য ভালো হবে না। আমাদের চোখেও এটা ভালো হবে না। কিন্তু আপনাদের বক্তব্যটা ঠিক।

তিনি বলেন, সুবিধাভোগী বলতে বোঝায় অফিস অব প্রফিট। আমরা এমপিরা তা পাই না। মন্ত্রিরা পায়। হুইপরা পান। প্রধানমন্ত্রী, স্পিকার তারা তো পানই। এটাকে কমিশন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সম্ভব হয়নি। আমরাও বলেছি, ঠিক আছে, এটা পরিবর্তন করতে বলবো না। আমরাও মেনে নিয়েছি। কিন্তু মাহবুব তালুকদার সেদিন যে কথা বলেছেন, তিনি আজকেও বলেছেন, তাদের ভেতরের কথা, ওই যে একটা কথা বলেছেন, সেটা হলো-আমি আমার ঘরে, অফিসে বসেও নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবো না। বৈঠকে তিনি (মাহবুব তালুকদার) ছাড়া সবাই একমত হয়েছেন যে, এটা বাস্তব সম্মত না।

তোফায়েল আহমেদ বলেন, মুজিববর্ষে আমরা আগামী এক বছর কর্মসূচি নিতে পারবো। কিন্তু আমাদের মতো যারা এমপি, তারা যেন ভোট না চায়। আমার সঙ্গে যে এমপি নয়, সে কিন্তু ভোট চাইতে পারবে। এজন্য আমাদের আলোচনা খুব পরিষ্কার হয়েছে। খুব ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, আরেকটা বিষয় আমরা উল্লেখ করেছি। শেখ সেলিম, মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম আমরা প্রত্যেকেই বক্তব্য রেখেছি। অনেকের নামে মামলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে। আইন-প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এ নিয়ে ইসির কিছু করার নেই। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, এটা করলেও আমাদের আপত্তি নেই। না করলেও আপত্তি নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আলোচনা করে আমরা পরিষ্কার হলাম। আমরা এমপিরা ভোট চাইবো না। কিন্তু মাহবুব তালুকদার যে বলেছেন- আমরা ঘরে বসেও কোনো কিছুই করতে পারবো না, এটা কিন্তু ঠিক না। আমার বাসায় লোক আসবে, আমি কেন কথা বলতে পারব না। এখন একটা মিলাদ মাহফিলে যাচ্ছি। মিলাদ মাহফিলে তো কোনো বাধা নেই।

তিনি বলেন, পথসভা হবে আমরা যাব না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার হয়তো সেটা আমরা করব না। কিন্তু আমরা নির্বাচনী অফিস, যেমন আমাকে শেখ সেলিম, হানিফ, মির্জা আজমকে নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। আমরা অফিসে বসে পরিকল্পনা করতে পারি। এতে কোনো বাধা নেই। এমপিরা নির্বাচনী কোনো প্রচারে যেতে পারবো না। এটা আমরা মেনে নিচ্ছি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকার রাস্তা-ঘাট পুনর্বিন্যাস করে ভোগান্তি কমাব : তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করব।

আজ শনিবার রাজধানীর ওয়ারীতে ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।

ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলব। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় বসবাসকারী মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আবুধাবি যাচ্ছেন কাল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়োজিতব্য ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল রবিবার আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আগামীকাল বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা ১৩ জানুয়ারি আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি) এর আইসিসি হল-এ বেলা ১১টায় ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরিমনি’তে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে এনভয়ে’স কনফারেন্সে যোগ দিবেন।

পর দিন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সাথে দেখা করবেন। বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী হল-১১, এডিএনইসি-তে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ এর উপর সাক্ষাতকার অধিবেশনে যোগ দিবেন।

ইউএই-তে তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি দেশে ফিরবেন।

উন্নয়ন কর্মকাণ্ডে যেন পরিবেশ নষ্ট না হয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর আরো যত্নবান হওয়া প্রয়োজন। অনেক সরকারি প্রতিষ্ঠান পরিবেশ রক্ষার বিষয়টি খেয়াল করে না।

আজ শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস. এম. মতিউর রহমান, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর গিয়াস উদ্দিন, ফরেস্ট্রি’র এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর মতো একটি প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নামে রাস্তা বানাতে গিয়ে আজ থেকে দেড়-দুই বছর আগে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশে ৩০০ ফুট পাহাড় কেটে সমতল করে ফেলেছে। এটি আমাকে প্রচণ্ড পীড়া দিয়েছে। যেভাবে পাহাড় কেটে সেখানে রাস্তা করেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম শহরের সৌন্দর্য হচ্ছে পাহাড়। সেই পাহাড়কে সংরক্ষণ করে, পাহাড়কে বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড করা যায়।

চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ড করার সময় পরিবেশ রক্ষার বিষয়টি ভাবার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভবন বানাতে গিয়ে, উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে যেন এই পরিবেশ-প্রকৃতি নষ্ট না হয়, এই নান্দনিকতা যেন হারিয়ে না যায়। সেটি মাথায় রাখতে হবে।

দেশে বনের বাইরে ও ভেতরে গাছের সংখ্যা বেড়েছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজ থেকে ১১-১২ বছর আগে বাংলাদেশের বৃক্ষাআচ্ছাদিত এলাকার পরিমাণ ছিল ১৯ শতাংশের নিচে, এখন সেটি ২৪ শতাংশের বেশী। মানুষ বেড়েছে গত ১১ বছরে, মানুষের জন্য নতুন বসতি নির্মাণ করতে হয়েছে, শহরগুলোর আকার বেড়েছে, একইসাথে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, দুই লেনের রাস্তা চার লেন হয়েছে, শিল্পায়ন হয়েছে, এরপরও বৃক্ষাআচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। এর কারণ হচ্ছে, মানুষের মধ্যে গাছ লাগানোর চেতনা জাগ্রত হয়েছে। আগে আমাদের বনভূমিতেই শুধু গাছ ছিল। এখন দেখা যায়, বনভুমির বাইরেও লোকালয়ে প্রচুর গাছ আছে, লাগানো হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি ছোট্ট দেশ বাংলাদেশ। প্রতি বর্গকিলোমিটারে ১১শ’র বেশী মানুষের বসবাস। মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিন্ম। এরপরও বাংলাদেশ পৃথিবীকে অবাক করে দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে একটি কেস স্টাডি। কিভাবে পৃথিবীর ঘনবসতিপূর্ণ একটি দেশ, যে দেশে মাথাপিছু জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিন্ম , ঝড়-বন্যা, জলোচ্ছ্বাস যে দেশের নিত্য সঙ্গী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত যেখানে দৃশ্যমান, বিদ্যমান, সেই দেশ কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হল, এটি আজকে বিশ্ব সম্প্রদায়ের কাছে, বিশ্ব খাদ্য সংস্থার কাছে বড় বিস্ময়, একটি কেস স্টাডি। এটি সম্ভব হয়েছে, আমাদের দেশ ছোট হলেও উর্বর দেশ। এখানে বায়ো ডাইভারসিটি এত ব্যাপক, এত প্রাচুর্যময়, সেই কারণে এটি সম্ভবপর হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাছ লাগানোর প্রস্তাব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমার তিন সন্তানের মধ্যে দ্ইু সন্তানের জন্ম হয়েছে বেলজিয়ামে। জন্মের কয়েকদিন পর আমরা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেলাম, সেখানে লেখা তোমাদের সন্তানদের নিয়ে অমুক দিন অমুক জায়গায় হাজির হতে হবে। সেখানে একটি গাছ লাগানো হবে এবং একটি নেমপ্লেট দেওয়া হবে। সেই গাছটি থেকে যাবে, নেমপ্লেটটিও থেকে যাবে। অর্থ্যাৎ প্রতি সন্তান জন্মলাভের পর সেখানে সন্তানের নামে একটি গাছ লাগানো হয়। সেই গাছটি থেকে যাই। সেটি কাটা হয় না। সে যখন বড় হয়, তখন সে নেমপ্লেট থাকায় গাছটাকে খুঁজে পায়।

তিনি বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানাবো, ফরেস্টি ডিপার্টমেন্ট সেক্ষেত্রে সহায়তা করতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত নবজাতকের জন্ম হবে, তাদের নামে যেন একটি করে গাছ লাগানো হয়, সেজন্য একটি এলাকাকে নির্ধারণ করে দেয়া হয়। এটি যদি আপনারা করেন, আপনারা বাংলাদেশে প্রথম কর্তৃপক্ষ হবেন, এই কাজটি করার ক্ষেত্রে। অনেকেই চাইলেও এই কাজটি করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলেও পারবে না, কারণ তাদের গাছ লাগানোর জায়গা নেই।’

ড. হাছান মাহমুদ বলেন, অস্ট্রেলিয়া ও আফ্রিকার কোনো কোনো জায়গায় এখন দাবানল ও খরতাপ দেখা যাচ্ছে। পাকিস্তানের মত জায়গায় হচ্ছে বন্যা। এটি হচ্ছে পৃথিবীর মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে। মানুষ যেভাবে নির্বিচারে কার্বন নিঃসরণ ঘটাচ্ছে, প্যারিস চুক্তিতে বিভিন্ন দেশ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো যদি পুরোপুরি বাস্তবায়নও হয়, পৃথিবীর তাপমাত্রা সাড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে যেখানে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। সেখানে তাপমাত্রা সাড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়লে কী পরিস্থিতি দাঁড়াবে সেটি অনুমান করাও কঠিন।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকি নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আমরা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের মোকাবেলা করছি। জলবায়ু পরিবর্তন এখানে বাস্তবতা, হুমকি নয়। এখানে আসবে তা নয়, এটা এসে গেছে। যখন আগ্রাবাদে আবাসিক এলাকা গড়ে তোলা হয়, তখন উচ্চ মধ্যবিত্ত সবাই সেখানে প্লট নিয়েছে, এখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কারণ বর্ষাকালে জোয়ারের পানি সেখানে সবসময় আসে। চট্টগ্রাম শহরে আমার পৈত্রিক বাড়ি আশির দশকে আমার বাবা তৈরি করেন। সেখানে কখনো দেখিনি পানি আসে। প্রায় ১৫ বছর আগে বাড়ির অভ্যন্তরে ড্রেনের মধ্যে দেখি জোয়ারের পানি আটকে আছে। এর আগে কখনো দেখিনি জোয়ারের পানি বাসা পর্যন্ত চলে আসতে। জোয়ার-ভাটার পানি যেভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় এখন আসছে, এটি আগে ছিল না।

এ সময় চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ-শ্যামল ও ছোট ছোট পাহাড় দ্বারা বেষ্টিত। তাই বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সুবজ সমারোহকে অক্ষুন্ন রেখে। আমরা আমাদের সিনিয়র শিক্ষক ও যারা এসব বিষয় বুঝেন, তাদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছি, যা শীঘ্রই সাবমিট করা হবে।

তিনি আরো বলেন, এই ইনস্টিটিউটের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের গবেষণা কর্মের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ আসনে অধিষ্ঠিত রয়েছেন। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে ১ নম্বর দেশ। বিভিন্ন দুর্যোগে সবার আগে ছুটে আসে সেনাবাহিনী। শিক্ষা ক্ষেত্রেও এই বাহিনী অনন্য অবদান রেখে চলেছে। সেনাবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচীতেও সম্পৃক্ত।

এদিকে সকাল থেকেই পুনর্মিলনী অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত ইন্সিটিউটের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের ফেলা আসা দিনগুলোয় নানা স্মৃতিচারণার মধ্য দিয়ে ফিরে যান।

ইশরাকের বাসায় গিয়ে ভোট চাইলেন তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের আরকে মিশন রোডস্থ গোপীবাগের বাসায় গিয়ে ভোট চান তিনি।

এ সময় তাপস বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। কেননা সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, আমরা অচল ঢাকাকে সচল ঢাকায় পরিণনত করতে চাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে স্বায়ত্তশাসনের মাধ্যমে দুর্নীতিমুক্ত করবো। সুশাসিত ঢাকার আওতায় সকল নাগরিক তাদের মৌলিক সুবিধা দৌড়গোড়ায় পাবে।

এর আগে শনিবার রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রীও

0

রাইসিনা সংলাপে অংশ নিতে ভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আগামী সোমবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে চলতি বছরের প্রথম ‘রাইসিনা সংলাপ’। এই সংলাপে অন্যতম বক্তা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের নাম ছিল। তিনি যেতে পারবেন না বলে জানানোর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামটি সামনে চলে আসে। তবে শেষ পর্যন্ত তিনিও যাচ্ছেন না বলে জানা গেছে।

ভারতের ওই সম্মেলনের সময় প্রধানমন্ত্রী আরব আমিরাত সফর করবেন। গুরুত্বপূর্ণ ওই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেসরকারি সংস্থা আয়োজিত রাইসিনা সংলাপের বিষয়টি ভারত-বাংলাদেশের কোনো রাজনৈতিক কারণে ঘটছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

রাইসিনা সংলাপের বক্তার তালিকায় নাম ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে তিনি ভারত সফরে যাচ্ছেন, এমন কোনো নিশ্চয়তা আগেও দেওয়া হয়নি। তিনি ওই সংলাপে যেতে পারছেন না, এ বিষয়টি এবার জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে।

এবারের রাইসিনা সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানির হত্যার পর এই প্রথম সে দেশের কোনো মন্ত্রী দেশের বাইরে পা রাখছেন। ফলে সংলাপটি এবার বাড়তি এবং পৃথক কূটনৈতিক গুরুত্ব পেতে চলেছে।

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আতিকুল

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মিরপুর থেকে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ শনিবার নির্বাচনী প্রচার শুরু করে আতিকুল ইসলাম বলেন, আমার জন্য, আওয়ামী লীগের জন্য এবং সর্বোপরি এই নগর ও নগরবাসীর জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন ও ভোট দেবেন।

আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এ আশাবাদ ও ব্যক্ত করেন আতিক।

রাজধানীর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আতিক বলেন, নারীবান্ধব শহর হবে আমাদের এই ঢাকা। জলাবদ্ধতা নিরসন হবে, যানজট দূর হবে। আপনারা জানেন, নগরকে আলোকিত করতে আমি প্রায় ৪৪ হাজার এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করেছিলাম। এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক মান্নান কচিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন সমন্বয়কের দায়িত্বে আমু-তোফায়েলের থাকা বারণ

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং আরেক সদস্য তোফায়েল আহমেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

আমু ও তোফায়েল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তাঁরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন।