Home Blog Page 3229

আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই : তোফায়েল

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করবেন না বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ মাসের ৩০ তারিখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আমরা এমন কিছু করবো না। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

অবৈধভাবে অর্জিত টাকা ব্যবহার করতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

0

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে, তাকে সেটা ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের বিনিয়োগ বন্ধ করা হবে।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুদক-সিটিটিসি’র উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, দুর্নীতিবাজ যেসব কর্মকর্তারা আছেন, তাদেরকে আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে টাকা কামিয়ে, তা নিয়ে সুখে থাকবেন।

শফিকুল ইসলাম বলেন, আমরা যাকে ধরতে চাই তাকে শক্ত করেই ধরতে চাই। প্রযুক্তি ব্যবহার করে অবৈধ টাকার উৎস খোঁজা হচ্ছে। টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে সব খোঁজ খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে, তাকে সেটা ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের বিনিয়োগ বন্ধ করা হবে।

কর্মশালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দিইনি। ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদেরও মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।

ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করেছিল ইরান

0

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ‘অনিচ্ছাকৃতভাবে’ গুলি করে ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভির এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ইরানের বিপ্লবী গার্ডের অন্তর্গত একটি সংবেদনশীল সাইটের কাছে যাওয়ার পরে ‘মানবিক ত্রুটি’-এর কারণে এটি করা হয়েছিল।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যারা দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে।
ইরান এর আগে জানিয়েছিল যে, বুধবার রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি তারা ভূপাতিত করেনি। সে সময় এ সংক্রান্ত অভিযোগ দেশটি প্রত্যাখ্যান করেছিল।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা জানিয়েছিল, তারা বিশ্বাস করে যে ইরান সম্ভবত দুর্ঘটনাক্রমে মিসাইল দিয়ে
বিমানটি ভূপাতিত করেছিল।
বিমানটিতে থাকা অধিকাংশ আরোহীই ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অন্যদিকে নয় ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার ইরানের রাজধানী তেহরান থেকে ইউক্রেনগামী একটি বিমান উড্ডয়নের তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।
এতে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন। যুক্তরাষ্ট্র ও কানাডার দাবির পর এবার ইরানের সামরিক বাহিনী স্বীকার করেছে তারা ভুল করে সেদিন ওই বিমানটি ভূপাতিত করেছিল।
সূত্র : বিবিসি, আল-জাজিরা

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু

0

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত মোট সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী এলাকার মৃত সোবাহানের ছেলে তমিজ উদ্দীন (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান (৬৫)। মো. শাহজাহানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া সাতজনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকর মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক, সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলীর (৭০) মারা যান।

এবারের শৈত্যপ্রবাহ থাকবে দুই-তিন দিন

0

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। আগামী দুই থেকে তিন দিন শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।
আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা ও তীব্র ঠাণ্ডা অনুভূত হয়। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১।
তাপমাত্রার হিসাব অনুযায়ী আজ শনিবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামীকাল থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।
আগামীকাল থেকে পরবর্তী দুই-তিন দিন সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে।
এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে এক দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া জানুয়ারির মাঝামাঝিতে বইতে পারে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আপাতত দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তীব্র শৈত্যপ্রবাহ বলতে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ছয় থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং আট থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আটক

0

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে সাভারের ব্যাংক কলোনি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। অভিযুক্তের নাম রতন (১৮)।
র্যাব-১০, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩-এর কম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা করে অভিযুক্ত রতনসহ অন্যরা। এর মধ্যে পাঁচজনকে আগেই আটক করা হয়। মূল অভিযুক্তকে আটক করার জন্য ছায়াতদন্ত শুরু করে র্যাব। অতঃপর গতকাল দিবাগত রাত আড়াইটার সময় রতনকে সাভারের ব্যাংক কলোনি থেকে আটক করা হয়।
মেজর আনিস আরো বলেন, আটক রতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭-৮টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকায় নির্মাণাধীন ভবনে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এর আগে তার এক বান্ধবী তাকে মিথ্যে বলে সেখানে ডেকে নিয়ে যায়।
শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই কিশোরীর বান্ধবীসহ পাঁচজনকে আটক করেছে আগেই।
আটক রতনকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।

রাজধানীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

0

রাজধানীর কামরাঙ্গীরচরে বৃহস্পতিবার রাতে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। কিশোরীর বান্ধবীর সহায়তায় ৫ জন মিলে তাকে ধর্ষণ করে।

শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই কিশোরীর বান্ধবীসহ পাঁচজনকে আটক করেছে। এক আসামি পলাতক।

কামরাঙ্গীর চর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মশিউর রহমান কালের কণ্ঠকে জানান, কিশোরীকে পাঁচজন মিলে ধর্ষণ করেছে। কিশোরীর এক বান্ধবী ধর্ষণে সহযোগিতা করেছে। বান্ধবী তাকে ডেকে নিয়ে যায়।

ধর্ষিত কিশোরীর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৭-৮টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকায় নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। এর আগে তার এক বান্ধবী তাকে মিথ্যে বলে সেখানে ডেকে নিয়ে যায়।

‘সে কালো অধ্যায় যেন আর কোনোদিন ফিরে না আসে’

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে, ‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি, তাকে জীবন দিতে হয়েছিল বাংলার মাটিতে। বাংলাদেশে মাঝখানে যে কালো অধ্যায় গেছে, সে কালো অধ্যায় যেন আর কোনোদিন ফিরে না আসে। এবার মুজিবীয় আদর্শেই বাংলাদেশকে গড়ে তোলা হবে।’

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়ে গেছেন। তার জীবনের ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তিনি জাতিকে মুক্ত করেছিলেন। পাকিস্তানের শাসক কোনোদিনও চাইনি বাঙালি রাষ্ট্রক্ষমতায় যাক।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর পাকিস্তানের শাসন মূলত অচল হয়ে পড়েছিল এ দেশে। তাদের কোনো নির্দেশনা কেউ মানতো না। তাদের নির্দেশ অনুযায়ী কোনো কাজ হতো না। বাঙালি যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা (পাকিস্তানিরা)।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপের কারণেই পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পুরোনো বিমানবন্দরে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা।

এরপর ‘বিমান এসে অবতরণ করে রানওয়েতে, খুলে যায় বিমানের দরজা। বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে পর্দাপণ করেন।’ এমন রূপক মুহূর্তে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একুশবার তোপধ্বনি দিয়ে বরণ করে নেয়া হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

দেশজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

0

দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকালো অনুষ্ঠানে ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন তিনি।

জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও সদস্য সচিব কামাল নাসের প্রধানমন্ত্রীর হাতে মুজিববর্ষের লোগো তুলে দেন। এসময় মঞ্চে তার পাশে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহানা।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

এই আয়োজনে প্রতীকী বিমান অবতরণ ছাড়াও রয়েছে আলোক প্রক্ষেপণে বঙ্গবন্ধুর অবয়ব তুলে ধরা, ২১বার তোপধ্বনি ও গার্ড অব অনার। ১৯৭২ সালে যেভাবে এদেশের সংগ্রামী জনতা বঙ্গবন্ধুকে বরণ করে নিয়েছিল, প্রতীকীভাবে সেই ক্ষণটিও ফুটিয়ে তোলা হয়, ওড়ানো হয় এক হাজার লাল-সবুজ বেলুন এবং অবমুক্ত করা হয় একশ’টি সাদা পায়রা।

অনলাইনে রেজিস্ট্রেশন করা ১০ হাজার দর্শক এবং আমন্ত্রিত দুই হাজার দেশি-বিদেশি অতিথি বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাও এতে উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী। এতে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিদেশি কূটনীতিক। এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

0

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। দুর্ঘটনায় আহত তার বাবা-মাকে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার এসআই আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে বিস্তারিত জানানো হবে। শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে।’

হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।