Home Blog Page 3230

মুজিববর্ষের লোগো-ক্ষণগণনার ঘড়ি উন্মোচন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের লোগো উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন তিনি। পাশাপাশি ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করেন শেখ হাসিনা।

এসময় মঞ্চে তার পাশে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহানা।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

এই আয়োজনে প্রতীকী বিমান অবতরণ ছাড়াও ছিলো আলোক প্রক্ষেপণে বঙ্গবন্ধুর অবয়ব তুলে ধরা, ২১বার তোপধ্বনি ও গার্ড অব অনার। ১৯৭২ সালে যেভাবে এদেশের সংগ্রামী জনতা বঙ্গবন্ধুকে বরণ করে নিয়েছিল, প্রতীকীভাবে সেই ক্ষণটিও ফুটিয়ে তোলা হয়, ওড়ানো হয় এক হাজার লাল-সবুজ বেলুন এবং অবমুক্ত করা হয় একশ’টি সাদা পায়রা।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে।

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৮

0

ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের হাশদ আশ-শাবির আট সদস্য নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌ জানিয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে অজ্ঞাতপরিচয় বিমান হামলা চালায়।

তবে লেবানিজ গণমাধ্যম আল-মায়াদিন দাবি করছে, এই হামলা ইসরাইলি বিমানই করেছে।

ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির প্রধান বলেন, অজ্ঞাত হামলায়, হাশদ আশ-শাবির আট সদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক বাহিনীর পাশাপাশি যারা যুদ্ধ করছে, তাদের ওপর ইসরাইল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই বিমান হামলা চালায়।

মোদি আসছেন কলকাতা, মমতার সঙ্গে একান্তে সাক্ষাতের সম্ভাবনা

0

v

দু’দিনের সফরে কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার চেয়েও বড় খবর কলকাতা রাজভবনে কাল শনিবার হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার একান্ত সাক্ষাত।

কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তির অনুষ্ঠানে এবং কলকাতার ঐতিহ্যবাহী কিছু ভবনকে জাতির জন্য উৎসর্গ করতে পশ্চিমবঙ্গ আসছেন মোদি।

সূত্র জানায়, ‘মুখ্যমন্ত্রী মোদিজির সাথে সব ক’টি অনুষ্ঠানে থাকবেন … তাছাড়াও শনিবার রাতে তাদের একান্ত সাক্ষাত হবে।’

বর্তমানে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরোধিতা করতে গিয়ে মোদিকে বারবার আক্রমণ করেছেন মমতা। ওদিকে মোদিও মমতাকে ছেড়ে কথা বলেননি।

সেই আবহে দু’জনের এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা শুরু হয়েছে। মমতার কাছের মানুষরা বলছেন, রাজ্যে প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী দেখা করাটা একটা সৌজন্যের এবং তা নিয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। বিরোধীরা অবশ্য বলছেন, আবার প্রমাণ হলো, মোদি এবং দিদির ভেতরে একটা বোঝাপড়া আছে।

রাজপরিবার ছাড়ায় হ্যারি-মেগানকে শাস্তি পেতে হবে

0

ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও মেগানের রাজপরিবার ছাড়ার আকস্মিক ঘোষণার পর বিশ্বজুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যত নির্ধারণে সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তবে রানির সঙ্গে আলোচনা ছাড়া জনসম্মুখে বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করে জ্যেষ্ঠ রাজসভার সদস্যরা জানিয়েছেন, রাজপরিবার ছাড়ার জন্য শাস্তি পেতে হবে এই দম্পতিকে।

তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মাদাম তুসো জাদুঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে হ্যারি ও মেগানের প্রতিমূর্তি।

ব্রিটিশ সিনিয়র রয়ালস প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবার থেকে বিচ্ছেদকে এভাবেই ‘মেক্সিট’ শিরোনামে খবর প্রকাশ করে ব্রিটেনের সকালের ট্যাবলয়েড দৈনিকগুলো। সাবেক অভিনেত্রী স্ত্রী মেগানের প্ররোচনাতেই প্রিন্স হ্যারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ব্রিটিশ দৈনিকগুলো অনেকটাই তা পরিষ্কার করে দিল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের আকস্মিক রাজপরিবার ছাড়ার ঘোষণায় হতবাক ব্রিটেনবাসী। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তাদের মাঝে।

তারা বলছেন, আমি মনে করি তাদের ইচ্ছে মত সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আশা করি জনগণের পকেট থেকে নয় বরং নিজ উদ্যোগেই তারা তাদের জীবিকার জন্য তহবিল গঠন করতে সক্ষম হবেন।

রাজপরিবার ছাড়া নিয়ে দেশের তেমন কোন কিছু যাবে আসবেনা। তাই এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নয়। আশা করি অন্যদেরও এ বিষয়ে চিন্তার কিছু নেই।

ঘোষণার একদিনের মাথায় মাদাম তুসো ওয়েক্সওয়ার্ক মিউজিয়ামের রাজপরিবার থেকে সরিয়ে দেয়া হয়েছে প্রিন্স হ্যারি ও মেগানের প্রতিকৃতি। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, হ্যারি-মেগানের ঘোষণার পরিপ্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতিমূর্তির কাছ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন থেকে তাদের জায়গা হবে জাদুঘরের অন্য স্থানে।

হ্যারি-মেগানের রাজপরিবার ত্যাগের আকস্মিক ঘোষণায় ব্যথিত ব্রিটিশ রাজপরিবার। এমনকি এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজপরিবারের কোন সদস্যের সঙ্গে আলোচনাও করা হয়নি। হ্যারি মেগানের ভবিষ্যত নির্ধারণে সুষ্ঠু সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ এজন্য প্রিন্স অব ওয়েলস ও ডিউক অব ক্যাম্ব্রিজের সদস্যদের নির্দেশনাও দেয়া হয়েছে। রাজসভার সদস্যদের বরাতে গণমাধ্যম জানিয়েছে, সিনিয়র রয়ালস পদ ছাড়ার জন্য শাস্তি পেতে হবে হ্যারি ও মেগানকে।

‘পরমাণু অস্ত্র বানাতে ইরানের সময় লাগবে এক-দুই বছর’

0

২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই ইরান পরমাণু অস্ত্রের মালিকানা অর্জন করতে পারবে বলে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স।

শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান জার্মানির রেডিও আরটিএলে দেওয়া এক সাক্ষাৎকারে এ উদ্বেগের কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রতিক্রিয়ায় ২০১৫ সালে হওয়া ওই পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার হুমকি দেয় ইরান। ইরানের পরমাণু কার্যক্রম ও সক্ষমতা সীমিত রাখতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার তাদের সঙ্গে ওই চুক্তি করে। কিন্তু পরবর্তীতে ২০১৮ সালের মাঝামাঝি একপাক্ষিকভাবে চুক্তিটি থেকে বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুধু তাই নয়, এরপরপরই ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে থাকে ওয়াশিংটিন। আর তাই নতুন পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান বৈরিতাকে উস্কে দেয়। এরপর যুক্তি দেখিয়ে কয়েক ধাপে পরমাণু চুক্তির কিছু অংশ থেকে সরে যায় তেহরান। কিন্তু সম্প্রতি সোলেমানি হত্যার জেরে চুক্তিটি থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি জানিয়েছে তারা।

এ প্রসঙ্গেই উদ্বেগ প্রকাশ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ইরান ওই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়, তাহলে খুব কম সময়ের মধ্যেই, দুই থেকে এক বছরের মধ্যেই তারা পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করতে পারে। এটা কোনো প্রত্যাশিত সুরাহা হতে পারে না।

এ ব্যাপারে শুক্রবার জরুরি এক বৈঠকে বসতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানকে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে আনার ব্যাপারে কী করা যায় তা নিয়ে আলোচনা হবে। চলমান উত্তেজনায় দুপক্ষের যে কেউ অনাকাঙ্ক্ষিত কিছু করে ফেললে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে প্রবেশ করতে পারে বলে শঙ্কা রয়েছে। তেমন পরিস্থিতিতে ইরানও পারমাণবিক সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পিছপা হবে না।

গত নভেম্বরে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক নিশ্চিত করে, চুক্তির কিছু অংশ থেকে সরে গিয়ে এরই মাঝে ইরান নিজেদের ভূগর্ভস্থ কেন্দ্র ফোরদো-তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। দিন দিন দেশটি নিজের পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলে বিশেষজ্ঞরা জানান।

ট্রাম্প মিথ্যাবাদী, মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন ফুরায়নি যুক্তরাষ্ট্রের

0

মধ্যপ্রাচ্যের তেল যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে তার সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলোতে এখনো মধ্যপ্রাচ্যের বড় একটা পরিমাণ তেল ব্যবহার করা হয়।

এর আগে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের এক নম্বর তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। আমরা এখন স্বাধীন এবং আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই।

ইরাকে থাকা মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার সময় এ কথা বলেন। তবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র তেল আমদানি কমিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

তারা আরো জানিয়েছে, এখনো এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র ১০ ভাগ তেল আমদানি করে। যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে নতুন রেকর্ড স্থাপন করলেও এখনো মার্কিন কম্পানিগুলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভর করে।

ইরান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৬০

0

ইরানের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৬০ জন নিহত হয়েছেন। তালেবানের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। কিন্তু হামলায় নিহতরা সবাই সাধারণ আফগান নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার হেরাত প্রদেশের এ হামলায় আহত হন আরও অনেকে।

হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় এ হামলা চালানো হয়েছে।

আফগান প্রশাসনের মতে, মার্কিন ড্রোন ব্যবহার করে ওই বিমান হামলা চালানো হয়।

তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালা নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছে।

এদিকে, বেসামরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আফগান সরকার।

সূত্র: আল-জাজিরা

পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিল ইরান

0

ইরাকে মার্কিন দু’টি ঘাঁটিতে হামলায় ইরান ‘ফতেহ-৩১৩’ এবং ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। জানা গেছে, ‘ফতেহ’ অর্থ বিজয়ী এবং ‘কিয়াম’ অর্থ জাগরণ।

‘ফতেহ-৩১৩’ ক্ষেপণাস্ত্র পাঁচশ কিলোমিটার এবং ‘কিয়াম’ সাতশ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ইরানের আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিযাদেহ এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ইরাকে মার্কিন দুই ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র মেরেছি আমরা। প্রথম কয়েক ঘণ্টায় কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত ছিলাম। ভেবেছিলাম উভয়পক্ষ সংযম না দেখালে যুদ্ধ সীমিত পর্যায়ে তিন দিন থেকে এক সপ্তাহ চলবে। এজন্য আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিলাম।

তিনি আরো জানান, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ১৫ মিনিট পর ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হয়। ফলে মার্কিন ড্রোন ও বিমানগুলো কয়েক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর এ ঘটনায় মার্কিন সেনাদের মনোবল ভেঙে যায় এবং হতবিহ্বল হয়ে পড়ে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ‘আইন আল আসাদ’ ঘাঁটির কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্পের ক্ষমতা হ্রাসে কংগ্রেসে প্রস্তাব পাস

0

ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিতে না পারেন সেজন্য তার যুদ্ধ ক্ষমতা কমাতে ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্যরা। এমন এক সময় এটা ঘটনা ঘটেছে, যখন ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান।

ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর বৃহস্পতিবারের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২২৪ সদস্য, বিপক্ষে পড়েছে ১৯৪টি। ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এই ভোটের বিরোধিতা করেছেন। কংগ্রেসের সম্মতি ছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীকে ব্যবহারের ক্ষমতার অবসান ঘটাতে এই পদক্ষেপে নির্দেশ দেয়া হয়েছে। এখন এই প্রস্তাব রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে উঠবে, যাতে এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপটি রিপাবলিকান অধ্যুষিত সিনেটে পাস হওয়া দুরূহ হবে বলেই মনে করা হচ্ছে। রিপাবলিকনরা বেশিরভাগই সোলাইমানিকে হত্যার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। কংগ্রেসের অনুমোদন না পেলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সব ধরনের সামরিক ব্যবস্থা বন্ধ রাখতে হবে-এমন একটি পদক্ষেপ নিতেই ভোট দিয়েছে প্রতিনিধি পরিষদ।

ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা নেই বলে ট্রাম্প এরই মধ্যে উত্তেজনা প্রশমনের সুরে কথা বললেও কংগ্রেসের ডেমোক্র্যাটরা সোলাইমানির ওপর হামলা এবং এর পেছনে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখিয়েছে তাতে সন্তুষ্ট নয়। সেকারণেই তারা এখন ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতার রাশ টেনে ধরার চেষ্টা করছে।

ট্রাম্পের নির্দেশেই ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় সোলাইমানি নিহত হয়েছিলেন। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বিবৃতিতে বলেছেন, ট্রাম্প প্রশাসন সোলাইমানিকে হত্যা করে আমাদের সেনা সদস্য, কূটনীতিক এবং অন্যান্যদেরকে বিপদে ফেলেছেন এবং ইরানের সঙ্গে মারাত্মক উত্তেজনার ঝুঁকি সৃষ্টি করেছেন।

পেলোসি আরো বলেন, প্রেসিডেন্টের কৌশল নিয়ে কংগ্রেসের কিছু সদস্য উদ্বিগ্ন। আর ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ এর আওতায় প্রশাসন হামলার ব্যাপারে কংগ্রেসকে ঠিকমত কিছু অবহিতও করেনি।

ফলে ওয়ার পাওয়ারস প্রস্তাবনা নিয়ে ভোটাভুটির ঘোষণা দিয়ে পেলোসি বলেন, পরবর্তী আর কোনো সহিংসতা এড়াতে অবিলম্বে একটি কার্যকর এবং উত্তেজনা প্রশমনের কৌশল নিয়ে এগুনোর জন্য প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের সঙ্গে কাজ করে যেতে হবে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানে বিমান বিধ্বস্ত হয়েছে : দাবি পশ্চিমা নেতাদের ইরানের প্রত্যাখ্যান

0

ইরানই ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের প্লেনটিকে ভূপাতিত করেছে বলে দাবি করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। এ ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা।

মার্কিনসহ বিভিন্ন দেশের গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরানের কাছে ইউক্রেনের যে প্লেনটি বিধ্বস্ত হয়েছিল, ইরানই ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটি ভূপাতিত করেছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর। সে সময় মার্কিন সম্ভাব্য প্রত্যুত্তরের অপেক্ষায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সে সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলক্রমে যাত্রীবাহী বিমানটিকে মার্কিন বিমান ভেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিমানটিকে রাশিয়ায় নির্মিত ‘টর’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে মার্কিন ও ইরাকি সামরিক গোয়েন্দারা।

বুধবার (৮ জানুয়ারি) তেহরানের কাছে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরেই বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহী প্রাণ হারান।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে জেনারেল কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বাক্সটি খুঁজে পেয়ে সেটির নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং বা মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করার ঘোষণা দেয় দেশটি। পরে অবশ্য বোয়িংয়ের কর্মকর্তাদের ইরানেই তা পরীক্ষার আমন্ত্রণ জানানো হয়।

তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন দাবি মানতে নারাজ ইরান। বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে সেই গুজব কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুহাম্মদ এসলামি বলেছেন, ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ার কারণে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সে ব্যাপারে ইরানের মন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলা, বিস্ফোরণ কিংবা গুলি করে বিমানটি ভূপাতিত করার গুজব ছড়ানো হচ্ছে। তবে সেই গুজব সত্য নয়। বিমানটি কারিগরি ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে।

তিনি আরো বলেন, ইরানের হাত থাকলে বিমানটি আকাশেই বিস্ফোরিত হতো। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটিতে কারিগরি ত্রুটির কারণে আকাশে থাকতে আগুন ধরে যায় এবং পরে এটির উচ্চতা কমতে থাকে এবং এক সময় মাটিতে আছড়ে পড়ে।