Home Blog Page 3232

কাল থেকে বদলে যাচ্ছে ২৮ ট্রেনের সময়সূচি

0

আগামীকাল ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে বদলে যাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৮টি আন্তনগর ট্রেনের সময়সূচি। একই সময় বদলে পাল্টাচ্ছে ১৬টি ট্রেনের বন্ধের দিনও। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস

এখন থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসে কোনো বন্ধের দিন থাকছে না। সপ্তাহের প্রতিদিনই এ দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে।

সীমান্ত এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস
এছাড়া চিলাহাটি থেকে খুলনা রুটে চলাচলরত সীমান্ত এক্সপ্রেস ও সান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলরত দোলনচাঁপা এক্সপ্রেসের নতুন বন্ধের দিন ঠিক করা হয়েছে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাঁপা এক্সপ্রেস রবিবার বন্ধ থাকবে।

কপোতাক্ষ এক্সপ্রেস,  ধূমকেতু এক্সপ্রেস
রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

সাপ্তাহিক বন্ধ পরিবর্তন করা হয়েছে আরো কয়েকটি ট্রেনের। পাবনা এক্সপ্রেস (রাজশাহী-পাবনা) সোমবার, বনলতা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) বুধবার, ঢালারচল শাটল ট্রেন (ঈশ্বরদী-ঢালারচর) সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন (ঢাকা-টাঙ্গাইল) শুক্রবার বন্ধ থাকবে।

রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। অন্যদিকে গোবরা থেকে রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

সময়সূচি পরিবর্তন

কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকেল সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বেলা ১২টায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

বিরতিহীন বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১১টায়। ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

পদ্মা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

সিল্কসিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন পৌনে ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে।

বিশ্ব ইজতেমায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

0

আগামীকাল শুক্রবার বাদ ফজর তাবলিগ জামাতের নিয়মানুসারে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিশ্ব ইজতেমার সূচনা ঘটবে। তবে ইজতেমার  মূল আকর্ষণ আম ও খাস বয়ান শুরু হবে আজ বৃহস্পতিবার ভোর থেকেই। ধর্মীয় মহাসমাবেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ এতে সমবেত হন।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ থেকে ১২ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৭ থেকে ১৯ হবে।

ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নির্দেশনা দিয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব নির্দেশনা।

গাড়ি পার্কিংয়ের বিধিনিষেধ

রেইনবো ক্রসিং হতে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ হতে প্রগতি সরণি পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনগুলো নিম্ন বর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন।
ক। চট্টগাম বিভাগ পার্কিং : গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত হতে পশ্চিমপ্রান্ত হয়ে গরিবে নেওয়াজ রোড)।
খ। ঢাকা বিভাগ পার্কিং : সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত।
গ। সিলেট বিভাগ পার্কিং : উত্তরার ১৫ নং সেক্টর খালপাড় হতে দিয়াবাড়ি গোলচত্ত্বর পর্যন্ত।
ঘ। খুলনা বিভাগ পার্কিং : উত্তরার ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)।
ঙ। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং : প্রত্যাশা হাউজিং।
চ। বরিশাল বিভাগ পার্কিং : ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ছ। ঢাকা মহানগর পার্কিং : উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।

নির্র্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা (শুধু ১২ ও ১৯ জানুয়ারি)

ডাইভারশন পয়েন্টে (শুধু আখেরি মোনাজাতের দিন আগামী ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি ভোর ৪টা হতে) মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২, ধউর ব্রিজ, বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখ।

ডাইভারশন চলাকালে যেসব নিয়ম মানতে হবে

আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব প্রকার যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী, মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানকে হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন দেয়া হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

কাকলী, মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন দেয়া হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহন কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন দেয়া হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন বিমান অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স বিমানবন্দর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে। এদিন বিমানের অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব প্রকার যানবাহনের চালককে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা হতে বিদেশগামী বা বিদেশফেরৎ যাত্রীদের নিকুঞ্জ-১ হতে বিমানবন্দরে আনা-নেয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় দুটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস ফ্রি পরিবহন সেবার জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে মোতায়েন থাকবে।

ট্রাফিক সম্পর্র্কিত আরো তথ্যের জন্য যোগাযোগ-

সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন, ডিএমপি, ঢাকা।
০১৭১৩৩৯৮৪৯৮
সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট ট্রাফিক জোন, ডিএমপি, ঢাকা।
০১৭১৩৩৯৮৬৭৯
টিআই, উত্তরা ট্রাফিক জোন, সিদ্দিক-উর রহমান ভূঁঞা
০১৭১৭৬৬৮১১৮

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন থেকে আনুষ্ঠানিক নিজেদের প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকার দুই সিটিতে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই হাজার ২৬০ প্রার্থী। এর মধ্যে এক হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ৪৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তবে মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত বাতিলদের মধ্যে ২৬ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর। পরে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে কাল প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

মনোনয়ন প্রত্যাহার করছেন জাপার মেয়র প্রার্থী মিলন

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে প্রত্যাহারপত্র জমা দেবেন বলে জানা গেছেন।

হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি আমি। বিকেল ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন জমা দেবো।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাতিল হয়ে যায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র।

মিলনের মনোনয়ন প্রত্যাহার হলে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটির নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকবে না। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের শেফ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন।

 

ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানালেন ইতালিয়ান অর্থনীতিবিদ

0

বিশ্বখ্যাত ইতালিয়ান অর্থনীতিবিদ ও পাবলিক স্পিকার নিকোলো অ্যান্দ্রিইউয়েলা বলেছেন, ‘এ মুহূর্তে বসবাসের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করাই ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বুধবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ মিলনায়তনে একক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন নেতিবাচক খবর দেখে ঢাকা ভ্রমণের ইচ্ছার কথা উল্লেখ করে নিকোলো বলেন, এখনো অনেক সম্ভাবনাময় বাংলাদেশ।

কিছু সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সেবা সংস্থার কাজকর্ম তদারকি আর নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিলে ঢাকা এখনও উদাহরণযোগ্য শহরে পরিণত হতে পারে বলেও জানান তিনি।

বক্তৃতায় শুধু প্রবৃদ্ধি আর অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেও সমান গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান নিকোলো অ্যান্দ্রিইউয়েলা।

মজনুর ৭ দিনের রিমান্ড

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সিরিয়াল র‌্যাপিস্ট মজনুকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ দুপুরের পর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। বেলা আড়াইটায় মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে হাজির করা হয় তাকে। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন সিরিয়াল র‌্যাপিস্ট। রাস্তার হকার। মাদকাসক্ত। তাকে ঢাবির ছাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আটক করা হয়। আটকের পর নিজেই ওই ছাত্রীকে জোর করে ধর্ষণ ও তাকে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে। কেন এই কাজ করেছে, তাকে আর কেউ সহযোগিতা করেছে কিনা তা জানার জন্য ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত বুধবার ভোরে মজনুকে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। মজনুর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। মজনু এর আগেও কুর্মিটোলা এলাকায় আরো কয়েকজন মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।

গত রবিবার সন্ধ্যার পর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা দেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ধর্ষণের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। জ্ঞান ফেরার সিএনজি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এই ঘটনার পরই রাতে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও অভিযোগ যাচাই-বাছাই শেষে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলাটি তালিকাভুক্ত করে থানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেন।

ইভিএম’র মাধ্যমে নির্বাচন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

0

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এবং এর বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ইভিএম সংক্রান্ত আইন সংসদে পাস হয়নি এবং আরপিও ধারা ২৬-এ অনুযায়ী ইভিএম বাধ্যতামূলক নয়। সুতরাং এ আইন জরুরি ছিল না। এটি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, অনুচ্ছেদ ৯৩ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংসদ না থাকলে অধ্যাদেশ জারি করতে পারে। ২০১৮ সালে সংসদ বহাল ছিল এবং ইভিএম জরুরি ছিল না। ২০১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি কেন্দ্রে ইভিএম চালু ছিল। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি।

রিটে মো. ইউনুছ আলী আকন্দ আরও বলেছেন,  এছাড়া সংবিধানের ৬৫ অনুচ্ছেদে এবং অন্য আইনে জনগণের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিধান আছে, কিন্তু যন্ত্রের মাধ্যমে নয়। যন্ত্রের মাধ্যমে প্রকৃত ভোটার যাচাই বাছাই করা যেতে পারে, কিন্তু ভোট ব্যালটের মাধ্যমেই সরাসরি দিতে হবে। আমেরিকা, যুক্তরাজ্যসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশে ইভিএম নেই। ওই আইন পাস করতে জনগণের গণভোটও নেওয়া হয়নি। ওই আইন সংবিধানের ৭, ১১, ১৯, ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ ও ৯৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া গণতন্ত্রই হচ্ছে সংবিধানের মূল ভিত্তি, গণতান্ত্রিক রাষ্ট্রে ইভিএম অসাংবিধানিক। তাই এই আইনে নির্বাচন না করার নিষেধাজ্ঞা চেয়েছি।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা কমছে?

0

আপাতত একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থেকে বিরত থাকল ইরান ও যুক্তরাষ্ট্র। এর ফলে এখনই নতুন করে সামরিক সংঘাতে জড়াচ্ছে না দেশ দুটি। যুদ্ধ ঘোষণা না করে  বিচক্ষণতার পরিচয় দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। কিছুটা হলে যুদ্ধের আশঙ্কা কমেছে মধ‌্যপ্রাচ্যে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ন

গগতকাল বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাষণে তিনি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজনও মার্কিন সেনা মারা যাননি। একজন ইরাকি সেনাও মারা যায়নি। সেনাঘাঁটির সামান‌্য ক্ষতি হয়েছে মাত্র।

ট্রাম্প বলেছেন, সোলাইমানিকে হত‌্যা করে আমরা ইরানের সন্ত্রাসবাদকে উচিত শিক্ষা দিয়েছি। ইরান ওদের মনোভাব না বদলালে ওদের উপর আরও শক্তিশালী আর্থিক নিষেধাজ্ঞা বহাল করবে আমেরিকা। আমি যতদিন প্রেসিডেন্ট আছি ততদিন পর্যন্ত ইরান পরমাণু শক্তিধর হতে পারবে না। ইরান যে পরমাণু চুক্তি ভেঙেছে তার ফলে ইরানের বিরুদ্ধে ব‌্যবস্থা নিক ওই চুক্তির অংশীদার ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন।

এরপরই নাটকীয়ভাবে ট্রাম্প ইরানের প্রশংসা করে বলেন, আমরা জানি, ইসলামিক স্টেট, আল কায়দা হলো ইরানের স্বাভাবিক শত্রু। এরা আমেরিকারও শত্রু। এদের ধ্বংস করতে ইরানও সর্বশক্তি দিয়ে আন্তরিকভাবে লড়েছে। আমরা চাই ইরান একটা সমৃদ্ধ আর্থিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক। কিন্তু মধ‌্যপ্রাচ্যে শান্তি আনতে গেলে ইরানকে জেহাদ ও সামরিক আগ্রাসন ত‌্যাগ করতে হবে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি টুইট করেন, জেনারেল সোলাইমানি আল কায়দা, ইসলামিক স্টেট, আল নুসরা ইত‌্যাদি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াই করে তাদের হারিয়ে দিয়েছিলেন। ইরান এই লড়াইটা না লড়লে এতদিনে পূর্ব ইউরোপের শহরগুলো সন্ত্রাসবাদীদের হাতে চলে যেত। এই লড়াইগুলো যদি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ না হয়, তাহলে কোনটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ? কিন্তু এই এলাকা থেকে মার্কিন বাহিনীকে সরতে হবে।’

রাজনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের বক্তব্যে কিন্তু যুদ্ধের হুংকার ছিল না। ছিল না বদলার হুমকি। ফলে ইরানের মিসাইল হামলার পরেও এদিন যুদ্ধংদেহি আবহটা অনেকটা স্তিমিত হয়ে যায়। বুধবার সকালটা শুরু হয়েছিল অবশ্য ভিন্ন সুরে। সাত সকালেই ইরান দাবি করে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৮০ জন মার্কিন সেনা।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ যখন প্রবল শৈত‌্যপ্রবাহ এবং তুষারপাতে কাঁপছে গোটা পশ্চিম এশিয়া তখন অন্ধকার আকাশের বুক চিরে উড়ে যায় ইরানের একগুচ্ছ ব‌্যালেস্টিক মিসাইল। তা আছড়ে পড়ে ইরাকে  দুটি মার্কিন সেনাঘাঁটিতে। প্রবল বিস্ফোরণ ও আলোর ঝলকানিতে কেঁপে ওঠে বাগদাদ ও আশপাশের এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় বেশ কয়েক কিলোমিটার এলাকা।

ইরানের দাবি, হামলায় নিহত হয়েছেন ৮০ জন মার্কিন সেনা। ধ্বংস হয়েছে মার্কিন সেনা শিবির। কয়েকটি কপ্টার ও বহু সামরিক সরঞ্জাম।

ইরানের সরকারি টিভিতে ঘোষণা করা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানি ও ছ’জন ইরানি যোদ্ধার মৃত‌্যুর বদলা নিল ইরান। আমরা খতম করেছি ৮০ জন মার্কিন সন্ত্রাসবাদীকে।

হামলার পরেই ১৯৭৮ সালের ঐতিহাসিক কোওম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে জাতির উদ্দে‌শে‌ ভাষণ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ  আলি খামেনি। তিনি সগর্বে ঘোষণা করেন, আজ আমরা আমেরিকার গালে সপাটে থাপ্পড় মেরেছি।

পশ্চিমি সংবাদমাধ‌্যম জানিয়েছে, ইরাকে মার্কিন সেনা শিবিরের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বিশ্বাসযোগ‌্য ছবি বা তথ‌্য মেলেনি। ফলে ইরানের দাবির সত‌্যতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তবে ইরাক সরকার দাবি করেছে, ইরান তাদের মাটিতে ১৫টি নয়, ২২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুই হয়নি এরকম ভঙ্গি করে বলেছেন ‘অল ইজ অয়েল’ (সব ঠিক আছে)। এদিকে, ইরানের হামলার জেরে দেশের সেনাকে চূড়ান্ত প্রস্তুত নিয়ে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

 

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স দেবে না ইরান

0

ইরানের রাজধানী তেহরানে ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের ওই বিমানটির ব্ল্যাক বক্স নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কিংবা যুক্তরাষ্ট্রকে দেবে না ইরান।  বৈশ্বিক বিমান বিধিমালার অনুযায়ী এই ঘটনার তদন্তে নেতৃত্ব দেয়ার অধিকার ইরানের রয়েছে।

সাধারণত এসব তদন্তে নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, খুব অল্প দেশই ব্ল্যাক বক্সগুলো বিশ্লেষণ করতে সক্ষম। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান প্রধান আলী আবেদজাদেহ বলেন, আমরা ব্ল্যাক বক্সটি বিমানটির প্রস্ততকারক সংস্থা বোয়িং অথবা যুক্তরাষ্ট্রকে দেব না।

তিনি বলেন, এই দুর্ঘটনাটি ইরানের বিমান সংস্থা তদন্ত করবে তবে ইউক্রেন চাইলে উপস্থিত থাকতে পারে। আবেদজাদেহ বলেন, এটি এখনও পরিষ্কার নয় যে কোন দেশ এই ব্ল্যাক বক্সগুলো বিশ্লেষণ করবে।

এদিকে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে, তার দেশ তদন্তে ভূমিকা রাখতে চায় এবং এজন্য তিনি প্রযুক্তিগত সহায়তারও প্রস্তাব দিয়েছেন। বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথমে এতে মোট ১৮০ আরোহী ছিলেন বলে বিমান সংস্থাটি দাবি করলেও পরে এর আরোহী সংখ্যা ১৭৬ বলে নিশ্চিত করে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হন। ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান

0

গতকাল বুধবার ভোরে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনটাই জানিয়েছে একটি ইরাকি সূত্র।

ওই সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আইআরআইবির সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইআরআইবি-এর সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার আহত ২২৪ মার্কিন সেনাকে ইরাক থেকে চিকিৎসার উদ্দেশে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন।

গতকাল বুধবার ভোররাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

প্রসঙ্গত, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। কাসেম সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।