Home Blog Page 3233

আদালতে তোলা হচ্ছে মজনুকে, ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুকে আদালতে তোলা হবে আজ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার আদালতে পাঠাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এর আগে গতকাল মজনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, আজ দুপুরে ঢাকা নিম্ন আদালতে গ্রেপ্তার মজনুকে তোলা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে আজই তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। তবে চিকিৎসার প্রয়োজনে আগামী সপ্তাহে তাকে আসতে বলা হয়েছে বলে জানা গেছে।

ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তাঁর বাবা। এদিকে ওই ধর্ষণের ঘটনায় মজনু নামে ওই ভবঘুরেকে গ্রেপ্তার করে র‌্যাব।

হাসপাতাল ছেড়েছেন ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢামেক কর্তৃপক্ষ তাকে এ ছাড়পত্র দেয়। ছাড়পত্র পেয়ে আজই তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই ছাত্রী সব ধরনের ট্রমা ও সমস্যা কাটিয়ে এখন সুস্থ আছে। তাই বোর্ড চিকিৎসকদের পরামর্শে তাকে রিলিজ দেয়া হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসায় শারীরিক উন্নতি হওয়ায় আপাতত তাঁর হাসপাতালে থাকার দরকার না হলেও চিকিৎসার প্রয়োজনে আগামী সপ্তাহে তাকে আসতে বলা হয়েছে বলে জানা গেছে।

ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তাঁর বাবা। এদিকে ওই ধর্ষণের ঘটনায় মজনু নামে এক ভবঘুরেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল

0

গাজীপুরের টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। আলমে সুরার তত্ত্বাবধানে তাবলিগ জামাতের প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।

এরই মধ্যে তুরাগ নদীর তীরে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমায় যোগ দিতে গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেল থেকেই টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের আনাগোনা শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে তা কয়েকগুণ বেড়ে যায়।

আগামীকাল শুক্রবার বাদ ফজর তাবলিগ জামাতের চিরাচরিত নিয়মানুসারে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সভাপতি-প্রধান অতিথিবিহীন এই আন্তর্জাতিক ধর্মীয় মহাসমাবেশের সূচনা ঘটবে। তবে ইজতেমার মূল আকর্ষণ আম ও খাস বয়ান শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ভোর থেকেই।

এদিকে, আজ সকালে গাজীপুরে হয়ে গেছে কয়েক দফা বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন ইজতেমায় আগতরা। এর মধ্যেই চলছে সেখানে মুসল্লিদের ঢল। মুসল্লিদের এই ভিড় অব্যাহত থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, উত্তরার কামারপাড়া এলাকায় নেমে হেঁটে ময়দানে এসে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টি শুরু হয় টঙ্গীতে। এতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। এর পর চলতে থাকে  থেমে থেমে বৃষ্টি। তবে বেশিরভাগ মুসল্লিদের দেখা যায় তাঁরা  ময়দানের খিত্তায় অবস্থান নিয়েছেন পলিথিন-কাগজ সঙ্গে নিয়ে।

নিরাপত্তা নিশ্চিতকরণে ইজতেমার প্রতিটি প্রবেশপথেই তাবলিগ ও প্রশাসনের নজরদারি শুরু হয়েছে। ইজতেমা ময়দানের চারপাশে র‌্যাব ও পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার থেকে কড়া নজরদারি চলছে। আগতদের দেহ তল্লাশি করে ময়দানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

প্রথম পর্বের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমার তিন দিনের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে এরই মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রায় দুই মাস ধরে প্রস্তুতির কাজ চলেছে। তুরাগ নদের দুই তীরেই আগত পুণ্যার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নদের পূর্ব ও পশ্চিম তীরের বিস্তৃত ভূমিতে চটের তৈরি বিশাল শামিয়ানা ৯১টি খিত্তায় বিভক্ত করে বিভিন্ন জেলার মুসলিমদের অবস্থান নির্ধারণ করা হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম দিকে প্রায় ১০ হাজার বিদেশি মেহমানের থাকার ব্যবস্থা রেখে আন্তর্জাতিক নিবাস নির্মাণ করা হয়েছে। এ ছাড়া দেশ-বিদেশের প্রতিবন্ধী মুসলিমদের জন্য পৃথক নিবাস তৈরি করা হয়েছে।

আগত বিদেশি মেহমানদের সব ধরনের সেবাদানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের নিজ দেশীয় আবহাওয়া ও রুচির দিকে লক্ষ রেখে থাকার ব্যবস্থা ও শতাধিক আইটেমের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

তুরাগ নদের এপার-ওপার দুই তীরে সহজ যাতায়াতের জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ সাতটি ভাসমান সেতু নির্মাণ করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, ইজতেমা উপলক্ষে টঙ্গীজুড়ে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯ হাজার পুলিশ সদস্যসহ র‌্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ১০ হাজার সদস্য নিয়োজিত করা হয়েছে। ময়দানের চারপাশে প্রায় ৪০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ ছাড়া তুরাগ নদে নৌ টহল, আকাশপথে হেলিকপ্টার টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। ময়দানের আশপাশের উঁচু ভবন, রাস্তা ও প্যান্ডেলের ভেতরে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সতর্কতার সঙ্গে। পাঁচটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির।

সপ্তাহে প্রতিদিনই চলবে পঞ্চগড়ের ৩ ট্রেন

0

আগামীকাল ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের বেশ কিছু পরিবর্তন আসছে। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার তিনটি ট্রেনের মধ্যে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন আর থাকছে না। আগে থেকেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নেই।

নতুন সময়সূচির ফলে ঢাকা থেকে যাওয়া পঞ্চগড়ের প্রতিটি ট্রেনেরই সাপ্তাহিক কোনো ছুটি থাকছে না। এছাড়া বদলে যাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৮টি আন্তনগর ট্রেনের সময়সূচি। পাশাপাশি পাল্টাচ্ছে ১৬টি ট্রেনের বন্ধের দিনও। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এখন থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসে কোনো বন্ধের দিন থাকছে না। সপ্তাহের প্রতিদিনই এ দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে।

আরো পড়ুন : কাল থেকে বদলে যাচ্ছে ২৮ ট্রেনের সময়সূচি

বস্ত্রমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

0

জাতীয় বস্ত্র দিবস ২০১৯ ও বস্ত্রমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন তিনি।

জাতীয় বস্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘বস্ত্রখাতের বিশ্বায়ন, টেকসই উন্নয়ন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম ও মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

বস্ত্রখাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বস্ত্রমেলা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।

খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার গণহত্যার শামিল : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শাক সবজি, ফলমূলসহ খাদ্য দ্রব্যে ফরমালিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মেশানোর বিরুদ্ধে সরকার, সামাজিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফলমূল শাকসবজি ও নানা খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের কারণে প্রতিবছর অনেক লোক ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটা এক ধরনের গণহত্যার শামিল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি বড় লোক হওয়ার জন্য এসব কাজ করছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারের ও উচিত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এটা যদি না হয় তাহলে আমরা জাতি হিসেবে পঙ্গু হয়ে যাবো। তিনি বিশ্ববিদ্যালয়-কলেজ-মাদ্রাসাসহ সকল ছাত্র-ছাত্রীদেরকে রাস্তাঘাটসহ সর্বত্র পরিষ্কার পরিছন্নতা অভিযানের ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সকলকে দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে আসতে হবে। কাঁধে নিতে হবে দেশ ও জাতির দায়ভার। আমি মনে করি তোমাদের মেধা ও শ্রমে গড়ে উঠবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

রাষ্ট্রপতি বলেন, পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের শক্ত ভিত্তি গড়ে তুলছে। বাংলাদেশকেও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এর জন্য প্রয়োজন ক্ষেত্র বিশেষে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন। এর প্রসারের উপরই নির্ভর করে দেশের সমৃদ্ধি।

তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে রাষ্ট্র ও জনগণের চাহিদা মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞান বিতরণ তথ্য প্রযুক্তিতে সক্ষমতার উন্নয়নকে আজ দেশের আপামর জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

রাষ্ট্রপতি আশা করেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মানব কল্যাণে কাজে লাগবে। জ্ঞানকে কর্ম ও মানবমুক্তির হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে। এই জ্ঞান শুধু যে নিজের চাকরি বা অন্য যে কোনো চাকরি করতে ব্যবহার করবে এটা জাতি প্রত্যাশা করে না। তোমরা নিজেরা চাকরির নতুন নতুন ক্ষেত্র তৈরি করবে। তোমাদের তৈরি করা ক্ষেত্রের মাধ্যমে দেশের বেকারত্ব নিরসন ঘটবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে হামিদ বলেন বিশ্ববিদ্যালয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের মহান আদর্শে অনুপ্রাণিত ও জঙ্গি ও মৌলবাদ মুক্ত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে ভবিষ্যতে তার সুনাম অক্ষুন্ন রাখবে। তিনি শিক্ষকমণ্ডলীর উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বাতিঘর। আপনাদের মেধাশ্রম ও ভালোবাসায় তৈরি হয় তরুণ প্রজন্ম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে তিরি বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলে পৃথিবীর তাবৎ জ্ঞানের দরজা খুলে মানবজাতির কল্যাণ ও অগ্রগতির পথ দেখাব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ ছাড়া প্রখ্যাত সাহিত্যিক ও লেখক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সমাবর্তনে ৬ হাজার ৭৫০ জন শিক্ষার্থী সনদ পত্র গ্রহণের জন্য নাম নিবন্ধন করে। পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ২০ জন শিক্ষার্থীকে ‘রাষ্ট্রপতি স্বর্ণ পদক’ প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বিভাগে প্রথম স্থান অধিকারী ৮৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চান্সেলর পুরস্কার’ প্রদান করা হয়।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

‘আমি প্রেসিডেন্ট থাকলে ইরানের পরমাণু যুদ্ধ করার ক্ষমতা নেই’

0

ইরাকে থাকা মার্কিন দু’টি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত এবং দুই শতাধিক সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে ইরানের পরমাণু যুদ্ধ করার ক্ষমতা নেই।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরাকে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্পের নেতৃত্ব এবং নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। এ ধরনের পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে তার দেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কেবল খারাপই হয়েছে। মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর তা আরো খারাপ হয়েছে।

এর প্রতিশোধ নিতে ইরান শুরু করে পাল্টা হামলা। ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ২২টি মিসাইল হামলা চালায় ইরান। যদিও এই হামলার পরও কড়া কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তার দাবি, সব ঠিকই আছে।

ইরাককে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

0

ইরাক সরকারকে জানিয়েই সে দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাওয়াদ জারিফ। ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে তেহরান অত্যন্ত গুরুত্ব দেয় বলেই এটি করা হয়েছে।

জারিফ আরো বলেন, ইরান সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে কাসেম সোলাইমানি ও ইরাকের কমান্ডার আবু মাহদিসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।

এর আগে ইরাকের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মুহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইরানের জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদির শাহাদাতের মধ্য দিয়ে দু’দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি চিরদিনের জন্য নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় তাদের উপস্থিতির অবসান ঘটবে।

তিনি আরো বলেন, এই অঞ্চলে ক্ষয়ক্ষতি ও গুণ্ডামি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি যুক্তরাষ্ট্র। এসব বিবেচনায় আজ সকালে ইরান ইরাকে থাকা মার্কিন দু’টি ঘাঁটিতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা ইরানের

0

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে মঙ্গলবার। জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর ইরান এই পদক্ষেপ নিলো।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় ইরানি এই জেনারেলের মৃত্যু হয়।

ইরানের পার্লামেন্টে আনা নতুন বিলে মার্কিন সব বাহিনী, পেন্টাগনের সব কর্মকর্তা-কর্মচারী এবং পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা, অ্যাজেন্ট এবং কমান্ডার; যারা কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

ওই বিলে বলা হয়, ‘সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কারিগরি সহায়তার পাশাপাশি অন্যান্য সেবা বা লজিস্টিকস সহায়তা যারা এই বাহিনীগুলোকে দেবে তারাও সন্ত্রাসী কাজের সহযোগী হিসেবে বিবেচিত হবেন।’

ইরানের সংসদ সদস্যরা দেশটির সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বিদেশি শাখা কুদস ফোর্সকে উৎসাহ দেয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরো প্রণোদনা দেয়ার পক্ষেও ভোট দিয়েছেন।

১৯৯৮ সালে কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে এই বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের নেপথ্যের কারিগর ছিলেন কাসেম সোলাইমানি।

গত বছরের এপ্রিলে ইরানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ এবং ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাস হয়। সোলাইমানি হত্যাকাণ্ডের পর সেই প্রস্তাবে সংশোধনী এনে মার্কিন সব বাহিনী ও তাদের সহযোগীদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিলো তেহরান।

ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির প্রতিবাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিলো।

সৌদির সঙ্গে ইরানের বন্ধুত্ব ঠেকাতেই সোলাইমানিকে হত্যা!

0

চিরশত্রু সৌদি আরবের সঙ্গে সমঝোতার পথে অনেকদুর এগিয়ে গিয়েছিলেন সোলাইমানি। আর সে কারণেই যুক্তরাষ্ট্র তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কেননা সৌদি-ইরান এক হয়ে গেলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো চিহ্নই আর থাকবে না।

ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সবচেয়ে শক্তিশালী ও দক্ষ ব্রিগেড ‘কুদস ফোর্স’। আর এই বাহিনীরই প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। বাহিনীর প্রধান হিসেবে ছাড়াও সোলাইমানির ছিল অসাধারণ সমর দক্ষতা। তাকে ইরানের গণমাধ্যমে ‘মহাবীর’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

আল কুদস ফোর্স ও সোলাইমানির হাত ধরেই ইরানি সামরিক বাহিনী নিজেদের ছায়া শক্তির আন্তর্জাতিক বিস্তৃতি ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যের আনাচে-কানাচে সোলাইমানি ছড়িয়ে দিয়েছে কুদসের ছায়া বাহিনী। যারা ইরানের পক্ষে ওইসব অঞ্চলে কাজ করছে।

ইরাকের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি, রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্বও হয়েছে সোলাইমানির সামরিক-কূটনৈতিক দক্ষতায়। বিশ্বজুড়ে সমরবিদ্যায় সোলাইমানি নতুন মাত্রা যোগ করেছেন সামরিক পদে থেকে কূটনৈতিক সাফল্য অর্জনের মাধ্যমে।

মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু সৌদি আরব ও ইসরায়েল। সৌদি-ইসরাইল আবার ঘনিষ্ঠ বন্ধু। সৌদির মতো শত্রুর সঙ্গেও ইরানের বন্ধুত্বের সম্পর্ক তৈরির পথে অনেকদুর এগিয়ে গিয়েছিলেন সোলাইমানি। ইরাকের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয় তার। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক আতঙ্ক হয়ে ওঠে সোলাইমানি।

সোলাইমানির এসব তৎপরতা না থামলে আর সৌদির সঙ্গে ইরানের বন্ধুত্ব হলে সেটি হতো, ইরানের জন্য সবচেয়ে বড় শত্রুকে বসে আনা আর যুক্তরাষ্ট্রের পোষা বিড়াল বাঘে খাওয়া। ফলে এবার আর সোলাইমানি হত্যা করা ছাড়া বিকল্প নেই যুক্তরাষ্ট্রের হাতে। যদিও আগে থেকেই যুক্তরাষ্ট্রের তালিকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিল সোলাইমানি।

গত শুক্রবার (০৩ জানুয়ারি) বাগদাদের বিমানবন্দরের সামনে সোলাইমানির গাড়ি বহরে ক্ষেপণাস্ত্র হামলা করে তাকে হত্যা করা হয়। কিন্তু এ হত্যার মাধ্যমে ট্রাম্প সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে ইরানিরা একত্রিত হয়েছে। গোটা ইরান নতুন করে জেগে উঠেছে।

এমন অবস্থায় কুদস বাহিনীর নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তিনি কমান্ডার কাসেম সোলাইমানির বহুদিনের সহযোদ্ধা ও কুদস বাহিনীর ডেপুটি ছিলেন তিনি।

গত শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েই সোলেইমানির হত্যাকাণ্ডের জন্য ইরান ‘চরম প্রতিশোধ’ নেয়ার যে অঙ্গীকার করেছে তা পুনর্ব্যক্ত করেছেন জেনারেল কানি।

সোলাইমানির মতোই কানিও সাদ্দাম হোসেনের শাসন আমলে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলমান রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধের অংশগ্রহণকারী অভিজ্ঞ সেনা কর্মকর্তা।

জেনারেল সোলাইমানির হত্যার প্রতিশোধ নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘শহীদ সোলাইমানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে প্রতিশ্রুতি নিচ্ছি। নিশ্চিতভাবেই সেই পদক্ষেপ নেয়া হবে।’

বুধবার সকালেই দেখা গেল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। ইরাকে যুক্তরাষ্ট্রের দুইটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু হামরঅ চালিয়েছে কুদস বাহিনী। পরপর ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি জেনারেল কিয়ানির দায়িত্ব পাওয়ার পর কোনো শত্রুর ওপর প্রথম আক্রমণ।

এ হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে শুধুমাত্র ‘থাপ্পড়’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কিন্তু এই হামলায় লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, ইরান যে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার একটি ক্ষেপণাস্ত্রও প্রতিরোধ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সেনারা। ফলে নতুন প্রশ্ন দেখা দিয়েছে, ইরানের সামান্য থাপ্পড়ই কেন ঠেকাতে পারলো না মার্কিনিরা?

ইরানের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসেনি। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটা দুর্বল হওয়ার কথা নয়। তাহলে কি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনন্য উচ্চতায় নিয়েছে? নাকি মার্কিনিরা ইরানকে ছোট কোনো প্রতিশোধ নেয়ার সুযোগ দিয়ে পরবর্তী পদক্ষেপের পরিবেশ তৈরি করছে?