Home Blog Page 3234

ইরান কোনো হুমকি দেয়নি, আমিরাত সম্পূর্ণ নিরাপদ

0

মার্কিন বিমান হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় আজ বুধবার প্রতিশোধ নিয়েছে তেহরান। সবমিলিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জেরে আমিরাত ক্ষতিগ্রস্ত হবে না।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত মনে করে কথোপকথন এবং রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে বর্তমানের সঙ্কট মোকাবিলা করা সম্ভব। ইরান এবং যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক আমিরাতের নাগরিক কিংবা পর্যটকদের কোনোভাবেই ক্ষতির মধ্যে ফেলবে না। সে দেশের সবকিছুই স্বাভাবিক আছে বলেও জানানো হয়েছে।

আজ বুধবারই দুবাই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দুবাই নিরাপদ নয়। এটা একেবারেই ভ্রান্ত ধারণা। এটা একেবারেই গুজব এবং কোনো সরকারি কর্মকর্তার সূত্র ব্যবহার করে এ ধরনের খবর প্রকাশ/সম্প্রচার করা হয়নি।

এ ধরনের গুজব প্রচার না করার ব্যাপারে আমিরাত সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে অনুরোধ জানানো হয়েছে। ইরান যে দুবাইকে টার্গেট করছে বলে খবর বেরিয়েছে, সেটা পুরোটাই গুজব। ইরান এ ধরনের কোনো হুমকিই দেয়নি।

ইরানের ৫২ স্থানকে টার্গেট ও ৫২ যুদ্ধ বিমান ওড়ানোর নেপথ্যে

0

গত শুক্রবার ইরানের জেনারেল সোলাইমানিকে হত্যার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, ইরান যদি এই হত্যার বদলা নিতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ওপর হামলা চালায় তবে ইরানের গুরুত্বপূর্ণ ৫২টি স্থান এবং স্থাপনায় হামলা চালানো হবে।

এক টুইট বার্তায় ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২ স্থানকে টার্গেট করেছে। এর মধ্যে কিছু ইরানের প্রথম সারির এবং খুবই গুরুত্বপূর্ণ স্থান। এগুলো ইরানের সংস্কৃতি এবং ইরানিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এসব স্থানে খুব দ্রুত ভয়াবহ হামলা চালানো হবে।

এরপর সোমবার ৫২টি এফ-৩৫এ যুদ্ধবিমানের মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে ৫২টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমানের বিশাল মহড়া চালানো হয়।

এফ-৩৫ মডেলের এই যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। ‘যুদ্ধের মুখোমুখি হতে হবে’-শক্র বিমান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের।

এই বিমানের গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চ প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারেন।

এফ-৩৫এ যুদ্ধবিমানের পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় চার দশমিক দুই বিলিয়ন ডলার। স্থানীয় সময় সোমবার উতাহ অঙ্গরাজ্যের হিল এয়ার ফোর্স বেস থেকে যুদ্ধবিমানগুলো মহড়ার প্রস্তুতি নেয়।

কয়েক মাস ধরেই এই মহড়ার পরিকল্পনা করা হচ্ছিল। এফ-৩৫ এ বিমানগুলো পুরোপুরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে। ৪১৯তম ফাইটার উইংস এক টুইট বার্তায় বলেছে, আমরা ওড়ার জন্য, যুদ্ধ করতে এবং জয়ী হতে প্রস্তুত রয়েছি।

যুক্তরাষ্ট্র ইরানের যে ৫২ স্থানকে টার্গেট করেছে সেখানে হামলার জন্যই এই ৫২টি যুদ্ধবিমানের মহড়া শুরু হয়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এখন প্রশ্ন হলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র কেন এই ‘৫২’ সংখ্যাটিই বেছে নিলো?

এর ইতিহাস অনেকে পুরোনো। ইরানের ইসলামি বিপ্লবের সময় ১৯৭৯ সালের নভেম্বরে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ৫২ জন আমেরিকানকে জিম্মি করা হয়েছিলো। সেই প্রসঙ্গটিই টেনে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প। জিম্মি হওয়া ওই লোকজন ৪৪৪ দিন বন্দি ছিলেন ইরানের বিপ্লবীদের হাতে। ওই ৫২ জনের কথা স্মরণ করেই ইরানের ৫২ স্থানকে টার্গেট করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘১৪০ স্থাপনা’ টার্গেট করেছে ইরান। আক্রান্ত হলে তেহরান এই স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে পরিকল্পনা নিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন খবরটি পাওয়া গেল।

ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ওয়াশিংটন যদি ফের কোনো ভুল করে তবে তাদের কড়া জবাব দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ১৪০টি স্থাপনার তালিকা বানিয়ে টার্গেট ঠিক করে রেখেছে ইরান।

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু কাল

0

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহবান করেন।

বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন কাল সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দিবেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ি এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন দীর্ঘস্থায়ী হওয়ার কথা রয়েছে। তবে মুজিব বর্ষ উপলক্ষে মার্চের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন আহবান করার কথা রয়েছে। সে হিসাবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ৬ষ্ঠ অধিবেশন চলতে পারে।

এছাড়াও ৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য আগামীকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত হবে।

এদিকে একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন গত ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হয়। মোট ৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৩টি সরকারি বিল পাস হয়।

এছাড়া পঞ্চম অধিবেশনে কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাব সাধারণ আলোচনায় জলবায়ু পরিবর্তনে জরুরি অবস্থা ঘোষণা শীর্ষক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

বিএনপিকে ভোট দিয়ে লাভ কী? : নাসিম

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ব‌লে‌ছেন, বিএনপি প্রার্থীদের অনেক দুর্নীতির অভিযোগ আছে। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী? এই সিটি নির্বাচনের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা দেখতে চাই। যার কার‌ণে আমরাই জয় পা‌বো।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি আরো বলেন, সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে, সেখানে ভোট কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলবো আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন। আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলমসহ অনেকে।

‘প্রচারণায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি মহাসুবিধায় আছে’

0

ঢাকা দুই সিটি নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি মহাসুবিধায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ার‌ম্যান এইচটি ইমাম।

আজ বুধবার দুই সিটির নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণ-বিধি অনুযায়ী সরকারিসুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। এক্ষেত্রে বিএনপি মহাসুবিধায় আছে। তাদের তো সব নেতাই প্রচারে অংশ নিতে পারবেন। কিন্তু আমাদের তো মুখে কুলুপ লাগানো।

তিনি আরো বলেন, ২০০৪ সালের লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি আমিই সামনে এনেছিলাম। কিন্তু পরিস্থিতিতে আমাদের চাইতে বিএনপির অনেক উপরে। তাদের প্রচার কাজ চালাতে বাধা নেই।

এইচটি ইমাম বলেন, আচরণ-বিধিতে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী, এমপিদের বাধা রয়েছে। কিন্তু ঢাকার দুই সিটি ভোটের কার্যক্রমে এমপিদের সম্পৃক্ত করেছে আওয়ামী লীগ। বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তো দলীয় কার্যক্রম। নির্বাচনী কার্যক্রম নয়। এ ছাড়া নির্বাচনী প্রচারও এখন শুরু হয়নি। সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ডিএনসিসি নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন ক্যাম্প উদ্বোধন করেছেন, এই ধরনের কর্মকাণ্ড সরকার দলীয় এমপিরা আরও করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো বলতে পারবো না।

তিনি আরো জানান, আমরা নির্বাচন কমিশনের কাছে ইভিএমের ট্রেনিং সরঞ্জাম ও প্রচার সম্পর্কে জানতে চেয়েছি। প্রতিটি কেন্দ্রে কতজন পোলিং এজেন্ট থাকবেন, কতজন নারী থাকবেন, তাদের ট্রেনিংয়ের কি ব্যবস্থা করা হয়েছে – এসব বিষয়ে জানতে চেয়েছি। ইসি জানিয়েছে তারা ইভিএম নিয়ে ব্যাপক প্রচারে নেমেছে। তারা জানিয়েছেন – ইভিএম ব্যবহারের সময় যাতে কোনো যান্ত্রিক ত্রুটি না হয় এজন্য সেনাবাহিনী থেকে টেকনিশিয়ান নিয়েছেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ভোট কারচুপির কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে। মেশিন তো কাউকে চেনে না। এত ভাবে পরীক্ষা করার পরও কারচুপির কোনো সুযোগ নেই। তারা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। আমরা দেখব নির্বাচন কমিশন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।

বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ নিয়ে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো ঘটনা দেখিনি। এমন অভিযোগ যারা করছেন, তারা সবসময়ই করেন। সবসময়ই এমন বলেন। কাউকে ধরপাকড় ও এলাকা ছাড়ার মতো পরিস্থিতি ঘটেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়নি। নিয়োগ দেওয়া হলে তখন দেখবো, দলীয় কেউ নিয়োগ পেয়েছে কিনা।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠ ও অবাধ ভোটগ্রহণ হোক। এজন্য সরকার কী সহায়তা করতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম বলে জানা তিনি।

প্রধানমন্ত্রীর সত্যভাষণে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সত্য কথা বলায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সত্য কথা বলার সৎ সাহস আছে। যেখানে অপরাধ হয়েছে তিনি সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার, যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। সারা দুনিয়াতে দুর্নীতি আছে, আমাদের দেশেও আছে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজ যেই হোক যত শক্তিশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না। এই যে অঙ্গীকার নিয়ে জাতির কাছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ হচ্ছে। আমরা আমাদের যা করণীয় তা করে যাবো, দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যৎ সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হয়তো আরো কথা আসবে, এটার মোটিভ কী, তবে তা এখনও পুরোপুরি জানা যায়নি বলে জানা তিনি।

‘পৃথিবীর সবার চেহারা ভুলে যেতে পারি, কিন্তু ওই ধর্ষকের চেহারা কখনো ভুলবো না’

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ‌‌‘ধর্ষক’ মজনুকে (৩০) ছবি দেখে চিনতে পেরেছেন ওই ছাত্রী। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। র‌্যাবের পক্ষ থেকে ধর্ষককে শনাক্ত করার জন্য তিনজনের ছবি ওই ছাত্রীকে দেখানো হয়। সে সময় ওই ধর্ষক মজনুকে শনাক্ত করে ওই ছাত্রী।

আজ বুধবার ধর্ষক মজনুকে ধরার পর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম এ বিষয়টি তুলে ধরেন।

ধর্ষক মজনুর ছবি কয়েকবার ওই ছাত্রীকে দেখানো হলে তিনি ওই ব্যক্তিকে নিশ্চিত করেন এবং জানান, ‘পৃথিবীর সবার চেহারা ভুলে যেতে পারি, কিন্তু ওই ধর্ষকের চেহারা কখনোও ভুলবো না।’

ধর্ষক মজনুর পরিচয় প্রসঙ্গে সারোয়ার বিন কাশেম বলেন, মজনু একজন সিরিয়াল র‌্যাপিস্ট। ঢাকায় আসার পর বিভিন্ন রেলস্টেশনে কিংবা এর আশপাশে থাকতো। সে একজন মাদকাসক্ত। তার স্ত্রী মারা যাওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়।’

ঢাকায় এসে সে প্রতিবন্ধী ও নারী ভিক্ষুকদের ধর্ষণ করতো বলে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে।

আটক মজনুর বাড়ি হাতিয়ায়। বয়স ৩০। সে মূলত দিনমজুর ও হকার। পাশাপাশি ছিনতাই রাহাজানি, চুরি করা অভ্যাস রয়েছে। এছাড়া সে নিরক্ষর। তার বাবার নাম মৃত মাহফুজুর রহমান।

র‌্যাব জানিয়েছে ধর্ষণের পর ঢাবির ওই শিক্ষার্থীকে কয়েকবার গলা টিপে হত্যার চেষ্টাও করেছিল মজনু।

পিলখানা হত্যা মামলার রায়: ১১ সুপারিশ হাইকোর্টের

0

পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি)  সকালে সংশ্লিষ্ট কোর্টের বিচারপতিদের স্বাক্ষরের পর রায়টি প্রকাশিত হয়।

এই রায় প্রকাশের মধ্য দিয়ে ছয় বছর আগে, ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালতের দেওয়া রায় অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো। ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার পূর্ণাঙ্গ রায়ে ১১ দফা সুপারিশ করেছেন হাইকোর্ট। নির্দেশনাগুলো হলো :

১. (ক) বাংলাদেশ রাইফেলসের নিরাপত্তা বিষয়ক ইউনিট (আরএসইউ) বিজিবির মেধাবী, সৎ ও চৌকস সদস্যের সমন্বয়ে নুতন ভাবে ঢেলে সাজানো এবং পিলখানায় বিডিআর বিদ্রোহে দায়িত্বে অবহেলার জন্যে ঘটনাকালীন সময়ে দায়িত্বে থাকা আরএসইউর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

(খ)  ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকের দরবারে সশস্ত্র আক্রমণ এবং পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পূর্বাভাস সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা।

২. (ক) গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা কর্মীদের বাহ্যিক তৎপরতা দৃশ্যমান হলেও ভেতরে অন্তঃসারশূন্যতা পরিলক্ষিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের অধিকতর সতর্ক করা।

(খ) বিডিআরে তীব্র অসন্তোষ এবং প্রকাশ্যে লিফলেট বিতরণ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাসহ কমান্ডিং অফিসারদের নজরে আসা সত্ত্বেও তাঁরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ না করে উদাসীনতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্টদের জন্য মনোযোগী ও সতর্ক হওয়া।

৩. (ক) মানবিক গুণাবলী সম্পন্ন মেধাবী, দূরদৃষ্টি সম্পন্ন দক্ষ, তড়িৎ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী, উপযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্য থেকে বিজিবির মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

(খ) বিজিবি কর্মকর্তাসহ সব পদের সদস্যদের মানবিক গুণাবলী, দায়িত্ব, কর্তব্য, বিভাগীয় আইন ও শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক শিক্ষা গ্রহণের কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৪. (ক) সামরিক/বেসামরিক সকল শ্রেণির কর্মকর্তাদের বৃটিশ আমলের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে সকলকে সেবার মানসিকতা নিয়ে দেশপ্রেমের সঙ্গে কাজ করার প্রশিক্ষণ প্রদান করা।

(খ) ৩০ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামে পেশা, পদবি, সামাজিক পরিচয়কে প্রাধান্য না দিয়ে সংবিধানে উল্লেখিত মূলনীতি অনুসরণ করে সকলের প্রতি মানবিক আচরণ ও সম্মান প্রদর্শনের মানসিকতায় বাহিনীকে গড়ে তোলা।

৫. (ক) স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিজিবিসহ অধীস্থ সকল বাহিনীর সদস্যদের সুবিধা/অসুবিধা সংক্রান্ত যাবতীয় বিষয় আন্তরিকতা ও বিচক্ষণতার সঙ্গে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা।

(খ) বাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টির পূর্বেই কর্তৃপক্ষকে আইন সম্মত ও সম্মানজনক উপায়ে তার সমাধান খুঁজে বের করা।

৬. (ক) বিজিবিসহ অন্যান্য বাহিনীর মধ্যে চাকরি বিধি মতে মর্যাদার পার্থক্য যতদূর সম্ভব কমিয়ে আনা এবং সবাইকে সংবিধান সম্মত উপায়ে আইনি প্রক্রিয়ায় সম্মানের সঙ্গে প্রজাতন্ত্রের চাকরি করার সুযোগ সৃষ্টি করা।

(খ) বিজিবির সদস্যদের পদোন্নতি, বেতন, ভাতা, রেশন, ছুটি, আবাসিক সমস্যা, চিকিৎসা ও সন্তানদের শিক্ষা গ্রহণের সুবিধাসহ অন্যান্য ক্ষেত্রে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানে মন্ত্রণালয়সহ সরকারের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা।

৭. (ক) আইনি কোনো বাধা না থাকলে অন্যান্য বাহিনীর ন্যায় বিজিবির সদস্যদের জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা।

(খ) বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি সম-আচরণ করা। দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার কর্তৃক অধীনস্তদের প্রতি আত্মমর্যাদা হানিকর যে কোনো আচরণ থেকে বিরত থাকা, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী।

৮. (ক) ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় নিহত সামরিক, আধা-সামরিক ও বেসামরিক ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

(খ) সেনা কর্মকর্তাসহ নিহতদের সন্তান বা পরিবারের উপযুক্ত সদস্যদের আর্থিক, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিধানে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা গ্রহণ করা।

(গ) সামরিক কর্মকর্তাসহ নিহতদের সম্মানে পিলখানাসহ দেশের সকল সেনানিবাস, বিজিবির সকল সেক্টর হেড কোয়ার্টারে নাম ফলক নির্মাণ করা।

৯. (ক) পুনর্গঠিত বিজিবি সংবিধান ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে দেশের সীমান্ত রক্ষাসহ তাদের উপর অর্পিত সকল দায়িত্ব পেশাদার বাহিনী হিসেবে দেশ-প্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে  পালনের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিজিবির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা।

(খ) দেশের সীমান্তরক্ষী হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রাথমিক নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যকর পদক্ষপ গ্রহণ করা।

১০. (ক) সেনা বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে ‘অপারেশন ডাল ভাতের ন্যায়’ অন্য কোনো আর্থিক কর্মসূচিতে সম্পৃক্ত করার সিদ্ধান্ত পরিহার করা। আর্থিক লেনদেন ও লাভ-ক্ষতির হিসাব-নিকাশ বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে অহেতুক বিভেদ ও নৈতিক স্খলনের সম্ভাবনা সৃষ্টি হয়। বাংলাদেশ রাইফেলসের ক্ষেত্রে ‘অপারেশন ডালভাত’ উৎকৃষ্ট উদাহরণ।

(খ) পিলখানা হত্যাকাণ্ডে ‘ঘটনার পেছনের ঘটনা’ উদঘাটন করে জাতির সামনে প্রকৃত স্বার্থান্বেষী মহলের চেহারা উন্মোচনের জন্য  জনস্বার্থে সরকার প্রয়োজন মনে করলে আইনি প্রক্রিয়ায় উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

১১. (ক) সমাজের সব স্তরে নৈতিকতা পুনরুদ্ধার ও জাতিগঠনের জন্যে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় বাধ্যতামূলক নীতিশাস্ত্র (এথিকস) শিক্ষাদান অতি জরুরি। নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজের প্রতিটি স্তরে অসম প্রতিযোগিতা দৃশ্যমান। আইনের শাসন, ন্যায়বিচার, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠায় নীতিশাস্ত্রের অধ্যায়ন বাধ্যতামূলক হওয়া অপরিহার্য।

(খ) রাষ্ট্র ও সমাজের বৃহত্তর স্বার্থে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী উন্নত ও টেকসই সমাজ প্রতিষ্ঠার জন্যে নিজ নিজ ধর্মীয় ও পারিবারিক অনুশাসনে শিশুদের চরিত্র গঠনের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিশুদ্ধ পরিবেশ সৃষ্টি করা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি।

মোবাইলের সূত্র ধরেই গ্রেপ্তার মজনু : র‌্যাব

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ধর্ষক মজনুকে (৩০) ভিকটিমের মোবাইলের সূত্র ধরেই গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার বেলা দেড়টার পর ব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে আটক করা মজনুর কাছ থেকে উদ্ধারকৃত বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়। এ সময় আজ বুধবার আটক মজনুকে র‌্যাবের মিডিয়া সেন্টারে হাজির করেছে র‌্যাব।

ভিকটিমের মোবাইলটি ধর্ষণের পর ছিনতাই করে সে অরুণা নামে একজনের কাছে বিক্রি করে দেয়। পরে সেই মোবাইলটি তিনি অন্য একজনের কাছে বিক্রি করে। সে ব্যক্তির কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে র‌্যাব। সে সূত্র ধরেই মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেছেন, শ্যাওড়া সেটশনের কাছ থেকেই মজনুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধীদের ধর্ষণ করত বলেও র‌্যাবের কাছে স্বীকার করেছে র‌্যাব।

আটক মজনুর বাড়ি হাতিয়ায়। বয়স ৩০। সে মূলত দিনমজুর ও হকার। পাশাপাশি ছিনতাই রাহাজানি, চুরি করা অভ্যাস রয়েছে। এছাড়া সে নিরক্ষর। তার বাবার নাম মৃত মাহফুজুর রহমান।

র‌্যাব জানিয়েছে ধর্ষণের পর ঢাবির ওই শিক্ষার্থীকে হত্যার চেষ্টাও করেছিল মজনু।

র‌্যাব জানায়, আটক মজনুর একটি দাঁত ভাঙা, যা ভিকটিমের কাছ থেকে জানা গেছে। পরে সে তথ্য মজনুকে শনাক্ত করতে কাজে লাগে।

পরে ওই ছাত্রী ছবি দেখে ধর্ষক মজনুকে শনাক্ত করেছে। ধর্ষক মজনুর চেহারা তার স্পষ্ট মনে আছে বলেও জানিয়েছে ওই ছাত্রী।

সিরিয়াল র‌্যাপিস্ট হিসেবেও মজনু স্বীকার করেছে। বিশেষ করে প্রতিবন্ধী ও ভবঘুরে নারীদের সে ধর্ষণ করে থাকে। এছাড়া সে মাদকাসক্ত বলেও জানায় র‌্যাব।

র‌্যাবের মিডিয়া সেন্টারে ধর্ষক মজনু

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ধর্ষক মজনুকে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া সেন্টারে হাজির করেছে র‌্যাব।

আজ রবিবার বেলা দেড়টার সময় রাজধানীর কারওয়ান বাজারে এ বিষয়ে র‌্যাবের ব্রিফিং হবে তা আগেই জানানো হয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত কারণে ব্রিফিংয়ে কিছুটা দেরি হয়।

ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেছেন, ধর্ষক মজনুর স্ত্রী মারা যাওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়। ঢাকায় এসে সে প্রতিবন্ধী ও নারী ভিক্ষুকদের ধর্ষণ করতো বলে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।

তিনি বলেন, ‘১২ বছর আগে ট্রেন থেকে পড়ে তার দুটি দাঁত ভেঙে যায়। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তার বাবার নাম মৃত মাহফুজুর রহমান। ভুক্তভোগী ওই ছাত্রীর দেওয়া বক্তব্য ও আমাদের তদন্তে মজনুকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিনগত রাতে।’

‘ওই ছাত্রী ওইদিন ভুল করে কুর্মিটোলা বাসস্টপেজের কাছে ভুল করে নেমে যান। এরপর মজনু তাকে ফলো করে এবং তার ওপর নির্যাতন চালায়।’

এছাড়া ব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে আটক করা মজনুর কাছ থেকে উদ্ধারকৃত বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়।

এর আগে ওই ছাত্রী ছবি দেখে মজনুকে শনাক্ত করেছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আটক মজনু মূলত ভবঘুরে হলেও হকারের কাজ করত সে। বিমানবন্দর রেল স্টেশনের বগিতে থাকত সে। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করে র‌্যাব।

এর আগে বুধবার সকালে সন্দেহভাজন ধর্ষককে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে ঢাবির বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।