Home Blog Page 3236

এবার ৫২টি যুদ্ধবিমান উড়ালো যুক্তরাষ্ট্র

0

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান। এর পরই ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনায় হামলার পাল্টা হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একযোগে ৫২টি অত্যাধুনিক যুদ্ধবিমান উড়িয়ে ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের হিল বিমানঘাঁটি থেকে মঙ্গলবার অর্ধশতাধিক এফ-৩৫এ মডেলের যুদ্ধবিমান উড়িয়েছে মার্কিন বাহিনী। তবে অস্ত্রশস্ত্রে পুরোপুরি সজ্জিত হলেও যুদ্ধবিমানগুলো এখনই হামলার জন্য নয়, বরং ইরানকে ভয় দেখাতেই এ মহড়ার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এসব যুদ্ধবিমানের একেকটির দাম প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৭০০ কোটি টাকা)। মহড়ায় অংশ নেন ৩৮৮তম ও সংরক্ষিত ৪১৯তম ফাইটার উইংসের সদস্যরা।

এর আগে, গত শুক্রবার ভোর রাতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের ক্ষমতাশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। হামলার পরই সোলাইমানি হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান।

আমাকেও হত্যা করতে পারে যুক্তরাষ্ট্র : মাহাথির

0

ইরাকের মাটিতে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে যেভাবে ড্রোন থেকে হত্যা করা হয়েছে তাতে আর কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘সোলাইমানির মতো মার্কিন ড্রোন এখন মাহাথির মোহাম্মদকেও টার্গেট বা হত্যা করতে পারে।’

মঙ্গলবার কুয়ালালামপুরে এক সম্মেলনে অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেসটিভির খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘জেনারেল সোলাইমানির ওপর মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা এখন আর নিরাপদ নই। মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এটাই উপযুক্ত সময়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মাহাথির মোহাম্মাদ বলেন, ‘কাউকে অপমান করেন বা কারো ব্যাপারে কোনো কিছু বলেন, যেটা তার পছন্দ নয়; তাহলে ওই ব্যক্তিকে হত্যার জন্য অন্য দেশ থেকে একটি ড্রোন পাঠিয়ে দেন। আমাকেও এই ড্রোন নিশানা বানাতে পারে।’

গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এই জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধোন্মাদনা বিরাজ করছে।

ট্রাম্প-মোদির ফোনালাপ, শুভেচ্ছা বিনিময়

0

সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে চলা উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে জানানো হয়েছে, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই নেতা। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, ইরান নিয়েও তাদের কথা হয়েছে।

সংবাদসংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি জানিয়েছে, নরেন্দ্র মোদি ফোন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। দুই নেতা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরালো করার কথা বলেছেন। মোদি ট্রাম্পকে জানান, দুই দেশের স্বার্থ যেখানে জড়িত, সেই সব ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করতে চান। আর গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক যেভাবে আরো ঘনিষ্ঠ হয়েছে ট্রাম্প তাতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সম্পর্কের আরো উন্নতি করতে হবে।

কিন্তু মোদি-ট্রাম্প কথা হয়েছে এমন এক সময়ে, যখন ইরানে মার্কিন ড্রোন হানায় সোলাইমানির মৃত্যু হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দুই নেতার আলোচনায় ইরান প্রসঙ্গ আসাটা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়ের মতে, ইরান প্রসঙ্গ আলোচনায় উঠে আসাটা খুবই স্বাভাবিক। তিনি বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের আক্রমণে নিহত সোলাইমানির মৃত্যুর পর ইরাক পর্যন্ত ইরানের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি ভারতের পক্ষে অস্বস্তির। কারণ, একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, দুই দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক আছে। সেটা বজায় রেখেই চলতে হবে। ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তেল নিয়ে ভারত সমস্যায় পড়বে। আবার যুক্তরাষ্ট্রকেও চটানো যাবে না। তাদের বোঝাতে হবে ভারতের অসুবিধার কথা।

ইরানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রখাটা খুবই জরুরি। কারণ, এর সঙ্গে ভারতের বানিজ্যিক স্বার্থ রয়েছে। ইরান ভারত থেকে প্রচুর পরিমাণে চা, চাল ও অন্য জিনিস নেয়। ইরান থেকে তেল পাওয়াটা ভারতের কাছে খুবই জরুরি।

ঢাবি ছাত্রীর বর্ণনানুযায়ী ধর্ষককে খুঁজছে পুলিশ

0

রাজধানীর কুর্মিটোলায় রাস্তার পাশে ঝোপের আড়ালে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী জানিয়েছেন ধর্ষককে দেখলে তিনি চিনতে পারবেন। সেই সঙ্গে ধর্ষকের চেহারার স্কেচও তৈরি করে দিতে পারবেন তিনি। তিনি আরো জানান, ধর্ষকের বয়স ২৫-৩০ বছরের মতো।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বর্ণনা থেকে ধর্ষকের শারীরিক গড়ন ও চেহারা সম্পর্কে পুলিশ যে ধারণা পেয়েছে তার ভিত্তিতেই এখন ধর্ষককে গ্রেপ্তারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

ধর্ষেণের শিকার ওই ঢাবি ছাত্রীকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেলের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।

সেখানে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্ষককে দেখলে চিনতে পারবে সেই শিক্ষার্থী। সেই সঙ্গে ছবির স্কেচও তৈরি করে দিতে পারবে সে। স্কেচ দেখে ধর্ষকে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন ওই শিক্ষার্থী। কুর্মিটোলায় বাস থেকে নামার পরপরই তিনি আক্রান্ত হন। মুখ চেপে ধরে তাকে তুলে সড়কের পাশের ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করা হয়। সেদিন গভীর রাতে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এদিকে মেয়েটির দেয়া বর্ণনা থেকে পুলিশ ধারণা পেয়েছে, ধর্ষণকারী একজনই, তার বয়স ২৫-৩০ বছরের মতো। মেয়েটির বাবা ক্যান্টনমেন্ট থানায় যে মামলা করেছেন, সেখানেও একজনকেই আসামি করা হয়েছে।

বাংলাদেশের প্রথম ‘স্মার্ট সিটি’ হতে যাচ্ছে সিলেট

0

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেট সুপরিচিত চা-বাগান, পাহাড় টিলা এবং মাজারের শহর হিসেবে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বেড়াতেও যান এই শহরে।

কিন্তু হঠাৎ করেই ভিন্ন একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনায় এসেছে এই শহর। ডিজিটাল স্মার্ট প্রকল্পের অধীনে সিলেটই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ঝুলে থাকা তার আর বৈদ্যুতিক খুঁটিবিহীন শহর।

ইতোমধ্যে শহরের দরগা গেইট এলাকার সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে সব তারের জঞ্জাল ও বিদ্যুতের খুঁটি।

ফলে পুরো এলাকাটি পেয়েছে একটি ভিন্নরূপ, বলছেন শহরটির একজন অধিবাসী কানিজ ফাতেমা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বিবিসিকে বলছেন, পাইলট প্রকল্পের অধীনে দরগা গেইট থেকে আম্বরখানা সড়ক সহ দরগা এলাকা থেকে সব বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া হয়েছে।

‘পুরো এলাকা এখন দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। পর্যায়ক্রমে পুরো শহর থেকে তার আর খুঁটি সরিয়ে নেয়া হবে। বিদ্যুতসহ সব পরিষেবার লাইন নেয়া হবে মাটির নিচ দিয়ে। এ কার্যক্রম এখন চলমান রয়েছে’।

তিনি বলেন মাজার এলাকায় কাজ শেষ হয়েছে এবং বাকী কাজ চলছে। বিদ্যুৎ বিভাগ তাদের খুঁটি ও তার সরিয়ে মাটির নীচে প্রতিস্থাপন করছে আর সিটি কর্পোরেশন তাতে সহযোগিতা করছে বলছে জানান তিনি।

সিলেটের সাংবাদিক আহমেদ নূর বিবিসি বাংলাকে বলছেন, কর্তৃপক্ষ যে পরিকল্পনা নিয়েছে তাতে মাজার এলাকা, আম্বরখানা থেকে বন্দর বাজার, জিন্দাবাজার থেকে চৌহাট্রা পর্যন্ত আবার চৌহাট্রা থেকে বাগবাড়ী এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লক এ প্রকল্পের আওতায় খুঁটি ও তারমুক্ত করার কাজ চলছে।

তিনি বলেন পূর্ব দরগা গেইট থেকে শাহজালাল মাজার পর্যন্ত – পুরো মাজার এলাকা হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক খুঁটি ও তারমুক্ত হয়ে যাবে।

সূত্র: বিবিসি বাংলা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আজ মঙ্গলবার গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় অর্জন করলে শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি একটানা তৃতীয় মেয়াদ এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ধারাবাহিক সাফল্যের আরো একবছর : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বছরকে ধারাবাহিক সাফল্যের আরো একবছর বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সেইসাথে তিনি বলেন, নেতিবাচক রাজনীতি না থাকলে অগ্রগতি আরো বেশি হতো।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ নেতিবাচক রাজনীতি ও সংঘর্ষের রাজনীতি পরিহারের পক্ষে। কিন্তু একপক্ষ হাত প্রসারিত করলে তা সম্ভব নয়, বিরোধী পক্ষকেও এগিয়ে আসতে হবে। তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এসময় উপস্থিত ছিলেন।

দিনটি সম্পর্কে মন্ত্রী বলেন, গতবছরের ৭ জানুয়ারি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এদিন টানা তৃতীয়বার এবং দেশে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। একইসাথে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছিলেন। সেই হিসেবে সরকারের আজকে একবছর পূর্তি।

দশ বছরের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে গতবছরও বাংলাদেশের জন্য আরেকটি সাফল্যের বছর ছিল, উল্লেখ করে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর ২০০৯ সালের দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশ অব্যাহতভাবে, ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই অভিযাত্রায় বাংলাদেশ এখন আর স্বল্পোন্নত নয়, ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন আর খাদ্যঘাটতির দেশ নয়, খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে।

ড. হাছান বলেন, গত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৮.১৫ শতাংশ, যেটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইসাথে মূল্যস্ফীতি ছিল৬ শতাংশের নিচে, এবং গত ১১ বছরে পৃথিবীর সমস্ত রাষ্ট্রসমূহের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি যোগফল নেয়া হয় তাহলে, বাংলাদেশে গত ১১ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল পৃথিবীতে সর্বোচ্চ। জাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন জাতিকে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের ক্ষেত্রে, স্বপ্নপূরণের অভিযাত্রা দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে চলার স্বাক্ষর।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মাথাপিছু আয় যেটি ২০০৮ সালে ছিল ৬০০ ডলার, সেটি গতবছর ২০০০ ডলারে উন্নীত হয়েছে। প্রবাসী আয় ১৮ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ কোটি ডলারে যা আগের বছর ছিল ১ হাজার ৫৫৩ কোটি ডলার। আজকে বাংলাদেশ সমস্ত অর্থনৈতিক ও সামাজিক সূচকে পাকিস্তানকে এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বের সাফল্য সেখানেই পাকিস্তানে টেলিভিশনে আলোচনা হয় পাকিস্তানকে যেন পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বানানোর চেষ্ট করা হয়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনিও অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশ আজকে সমস্ত সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

আমি আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই-উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অসামন্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে শিক্ষিতের হার প্রায় ৭৫ শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশে প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এতো ব্যাপকভাবে বিনামূল্যে বই বিতরণ পৃথিবীর আর কোনো দেশে নাই। ২০২০ সালে পহেলা জানুয়ারি ৪ কোটি ২৬ লক্ষ ১৯ হাজার ৮শ ৬৫জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শুধুমাত্র বাংলা বই বিতরণ করা হয় তা নয়, দেশে ৫টি নৃ-গোষ্ঠির জন্য তাদের ভাষা ৭৭ লক্ষ বই বিতরণ করা হয়েছে। মায়ের হাসি প্রকল্পের মাধ্যমে ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ছাত্রছাত্রীর মায়েদের কাছে মোবাইল ফোনে উপবৃত্তির টাকা পাঠানো হচ্ছে, যা পৃথিবীতে একটি অনন্য নজির।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠন করি তখন দেশে ৪০ শতাংশের মতো মানুষ বিদ্যুৎ পেত, বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৩শ মেগাওয়াট। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের সূচনাকাল ১৯০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ১০৬ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছিল ৩৩শ মেগাওয়াট। আর ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১ বছরে সেই উৎপাদন দাঁড়িয়েছে ২২ হাজার ৭৬৩ মেগাওয়াট। ৯৫ শতাংশ মানুষ আজ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। মুজিববর্ষে আমরা আশা করছি দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।

সরকার পৃথিবীর দীর্ঘতম সেতু পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করছে, উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পদ্মাসেতুর ৮৪.৫ ভাগ কাজ শেষ হয়েছে। উপমহাদেশের প্রথম নদীর তলদেশ দিয়ে মোটর টানেল কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দ্রুত নির্মাণ হচ্ছে, যার ৪০% এর বেশি কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, বলেন ড. হাছান। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় চলাচলের সুবিধার্থে মেট্রোরেল নির্মাণের কাজ চলছে, যা ২০২১ সালের ১৬ ডিসেম্বর উন্মুক্ত হবে। ইতোমধ্যে চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, বলেও জানান তিনি।

খাদ্য উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ১৯৫০ এর দশকে দেশের জনসংখ্যা যখন ৪ কোটি ছিল, তখন দেশ ছিল খাদ্যঘাটতির। এখন আমরা বিশ্বের সবচেয়ে কম আয়তনের জনবহুল দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্তের দেশ, যা শুধু অন্য দেশগুলোর কাছে নয়, বিশ্ব খাদ্যসংস্থা কাছেও বিস্ময়। বর্তমানে খাদ্যশস্য উৎপাদন ৪ কোটি ৪৪ লাখ মেট্রিক টন যা ২০০৬ সাল অর্থাৎ তুলনায় ৬১ ভাগ বেশি। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়। সবজি উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। আলু উৎপাদনে সপ্তম। বিএনপি-জামাত আমলে কৃষি ভর্তুকি ছিল না বললেই চলে। বরং ন্যায্য মূল্যে সার দাবি করায় বিএনপি ১৮ জন কৃষককে হত্যা করেছিল।

নিজ মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানো প্রচেষ্টা চালানো হয়েছিল কয়েক যুগ আগে থেকে। কিন্তু সেটি সম্ভপর হয়নি। গত বছর ২ সেপ্টেম্বর থেকে দুরদর্শনের ফ্রি ডিশের মাধ্যমে সমগ্র ভারতে অফিসিয়ালি বাংলাদেশ টেলিভিশন প্রদর্শিত হচ্ছে। এ মাসেই বাংলাদেশ বেতারও সমগ্র ভারতে সম্প্রচারিত হবে। এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন চ্যানেলগুলো ক্রম নির্ধারণের জন্য বারং বার তাগাদা দেয়া হয়েছিল, যা গত বছর আমরা ঠিক করতে পেরেছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপর তথ্য মন্ত্রণালয়ের অধিনে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে যার কাজ অনেক দূর এগিয়ে গেছে, জানান তিনি।

ড. হাছান বলেন, বিদেশি টেলিভিশনের মাধ্যমে দেশি বিজ্ঞাপন বন্ধ করেছি। অনেকগুলো টেলিভিশনে বিদেশি সিরিয়াল কোনো অনুমতি ছাড়া প্রদর্শিত হচ্ছিল, যেটি আমরা একটি নিয়মনীতির মধ্যে এনেছি। অবৈধ ডিটিএইচ সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট চলছে। চলচ্চিত্র শিল্পীদের দাবি ছিল একটি কল্যাণ ট্রাস্ট করা। সেই কল্যাণ ট্রাস্ট গঠন করতে ট্রাস্ট আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে ড. কামাল হোসেন সংবিধানের প্রসঙ্গ তোলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জামিন দেয়া সংবিধান বা সরকারের বিষয় নয়, আদালতের। ড. কামাল কি আদালতের বিরুদ্ধে বলছেন!’ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকদের কাছে পাওয়া খবর অনুযায়ী বেগম জিয়ার শারিরীক অবস্থা বিএনপিনেতারা যেমন বলছেন, তেমনটি নয়, বলেও জানান ড. হাছান।

সেখানে পড়ে রয়েছে বই হাতঘড়ি ইনহেলার প্যান্ট চশমা

0

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের যাত্রী ছাউনি থেকে গলফ ক্লাবের দূরত্ব ১৫০ থেকে ২০০ মিটার। ক্লাবে প্রবেশের রাস্তার পাশে থরে থরে সাজানো ফুলের গাছ। বোগেনভিলার লাল ফুল ফুটেছে। হেঁটে ওই জায়গাটুকু পার হতে সময় লাগে চার-পাঁচ মিনিট। ফুলগাছ সৌন্দর্য বাড়ালেও বড় বড় ঝোপ সৃষ্টি হয়েছে। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটিকে ধর্ষণ করা হয়।

গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লম্বা একটি গাছের আড়াল ও গলফ ক্লাব লাগোয়া বাউন্ডারির পাশে ছাত্রীটিকে ধর্ষণ করা হয়। গাছের ডালপালার কারণে পাশ দিয়ে কেউ গেলেও বুঝতে পারেনি। পাশে ব্যস্ততম সড়কে গাড়ি চলাচলের শব্দে কারো চিৎকারও বোঝার উপায় নেই।

ধর্ষণস্থলে গিয়ে দেখা যায়, একটি লম্বা গাছের পাশে ঢালু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বই-খাতা। থিসিসের নির্দেশনাসংবলিত একটি বইও পড়ে ছিল। শ্রেণিকক্ষের কিছু নোট রয়েছে পড়ে থাকা ব্যাগে। সেখানেই একপাশে পড়ে ছিল একটি হাতঘড়ি ও চশমা। তার পাশে পড়ে ছিল দুটি ইনহেলার। কালো প্যান্ট, একটি টি-শার্ট।

দুপুর পৌনে ১টার পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল কর্ডন করেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে আলামত সংগ্রহ করার পর জায়গাটি উন্মুক্ত করা হয়।

আগের রাতে ধর্ষণের ঘটনার পর গতকাল সকাল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা ঘটনাস্থল শনাক্ত করতে মাঠে নামেন। পরে গলফ ক্লাবে প্রবেশের ৫০ মিটার আগে স্থানটির সন্ধান পান। এরপর সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়।

আলামত সংগ্রহ করা গোয়েন্দা কর্মকর্তারা জানান, ধর্ষণস্থলে ঝোপের মধ্য থেকে বই, দুটি চাবির রিং, কালো প্যান্ট, পুরুষের এক জোড়া স্যান্ডেল, ঘড়ি, দুটি ইনহেলারসহ ১৫টির বেশি আলামত সংগ্রহ করা হয়েছে। ওই স্থানে পড়ে থাকা ফেনসিডিলের বোতলও সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তারা।

দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদিপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলার পর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে কিছু আলামত পাওয়া গেছে। বিভিন্ন সোর্স থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। অপরাধীকে চিহ্নিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘এই জায়গাটি কিছুটা বিচ্ছিন্ন। এখানে জনসমাগমও বেশি থাকে না। অপরাধ করার মতো জায়গা নয় এটি। তবু গাছের আড়ালের সুযোগ নিয়ে অপরাধ করেছে অপরাধী।’

ভিকটিমের মোবাইল ফোন খোয়া গেছে : ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর মোবাইল ফোন খোয়া গেছে। প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশেই আছে মোবাইল ফোনটি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে গতকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি।

কাল অস্ট্রেলিয়ায় ১০ হাজার উট গুলি করে মারা হবে

0

আগামীকাল- বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উট গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস (এওয়াইপি) এলাকার এক আদিবাসী নেতা এ নির্দেশ দিয়েছেন।

এক আদিবাসী নেতার পক্ষ থেকে এ বিষয়ে আদেশ আসার পর উটগুলো মারার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার হেলিকপ্টার থেকে বন্য এ উটগুলোকে গুলি করে মারার প্রক্রিয়া শুরু হবে। প্রশিক্ষিত শুটার দিয়ে এ উটগুলো মারতে কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে জানা গেছে।

এতগুলো উট একসঙ্গে মারার কারণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খুবই খরাপ্রবণ এলাকা। যে কারণে এ অঞ্চলে পানির খুব সংকট রয়েছে। বন্য এই উটগুলো খুব বেশি করে পানি খেয়ে নিচ্ছে। পানির খোঁজে তাদের বিচরণের কারণে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া মিথেন গ্যাস সৃষ্টির জন্যও দায়ী তারা।

এওয়াইপির নির্বাহী বোর্ডের সদস্য মারিতা বেকার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, আমরা যে অঞ্চলে থাকি সেখানে খুব গরম পড়ে। খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি। এর মধ্যে উটগুলোর উৎপাত আমাদের বিষিয়ে তুলেছে। তারা পানির জন্য ঘরবাড়িতে হানা দিচ্ছে, বেড়া ভেঙে দিচ্ছে। ক্ষেত মাড়িয়ে এসে ফসলের ক্ষতি করছে।

দেশটির জাতীয় বন্য উট ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের দাবি, এই উটদের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে প্রতি নয় বছরে সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। দেশটির কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উট দায়ী। প্রতি বছর তাদের মলমূত্র থেকে যে পরিমাণ মিথেন গ্যাস বের হয় তা এক টন কার্বনডাই অক্সাইডের সমপরিমাণ।

কার্বনডাই অক্সাইড নিয়ন্ত্রণে কাজ করা কার্বন ফার্মিং স্পেশালিস্টস রিজেনকোর প্রধান নির্বাহী টিম মুরে বলেন, এক মিলিয়ন উট প্রতিবছর এক টনের সমপরিমাণ কার্বন নিঃসরণের জন্য দায়ী। অর্থাৎ, ৪ লাখ গাড়ি থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড সৃষ্টির জন্য দায়ী উট। অবশ্য দেশটির জ্বালানি ও পরিবেশ বিভাগ বলছে, বন্য উটগুলো যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে, তা দেশের হিসাবে আসবে না। কারণ তারা গৃহপালিত না।

সূত্র-ডেইলি মেল, নিউজ ডটকম ডট এইউ, দ্য হিল

বিয়ে ভাঙার পর ৪ বার আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

0

কুশল পাঞ্জাবির মৃত্যুর পর এবার মুখ খুললেন আরও এক অভিনেত্রী৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপশিখা নাগপালের বোন আরতি নাগপাল এবার মুখ খুললেন নিজের হতাশা নিয়ে।

আরতি বলেন, কুশল পাঞ্জাবির আত্মহত্যার খবরে হতাশ হয়ে পড়েছিলেন তিনি৷ কিন্তু জীবন শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার সবদিক ভেবে দেখা উচিত ছিল কুশলের৷ জীবনের সমস্যা নিয়ে কুশল তাঁর সঙ্গে আলোচনা করতেই পারতেন কারণ তিনিও এক সময় নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান আরতি।

তিনি আরও বলেন, একবার নয়, পরপর ৪ বার নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ৪ বার সিদ্ধান্ত নিয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে আসেন তিনি৷ শুধু তাই নয়, বিয়ের পর তাঁর জীবনে ২ সন্তান এসেছে৷ তারপরই ব্যর্থ বিয়ে এবং সম্পর্ক থেকে বার বার পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ কিন্তু কোনও বারই সফল হননি তিনি৷ বিয়ে সফল হয়নি বলে, নিজের জীবন শেষ করে দিতে হবে, এমন ভাবনা থেকে কুশলেরও বেরিয়ে আসা উচিত ছিল বলে মনে করেন আরতি৷

প্রসঙ্গত, কুশল পাঞ্জাবির মৃত্যুর পর বিষয়টি নিয়ে মুখ খোলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা অর্জুন বিজলানি৷ তিনি বলেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেভাবে অভিনেতারা দিনের পর দিন মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়েন, এবার তা সবার জানা উচিত৷ কিন্তু মানসিক চাপ নিয়ে অভিনেতারা কখনও মুখ খোলেন না কাজ হারানোর ভয়ে৷ কিন্তু এবার সেই সমস্ত ভয় থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন অর্জুন বিজলানি৷

গত ২৬ ডিসেম্বর ব্যান্দ্রার পালি হিলে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় কুশল পঞ্জাবির মৃতদেহ৷ স্ত্রী অড্রে ডেলহান এবং ছেলে কিয়ানের সঙ্গে দূরত্ব মেনে নিতে পারেননি কুশল। সেই কারণেই তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করে প্রয়াত অভিনেতার পরিবার। জিনিউজ