Home Blog Page 3237

দেশে ফিরেছেন শাবানা

0

দেশে ফিরেছেন অভিনেত্রী শাবানা। স্বামী-সন্তান-সংসার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে স্থায়ী হয়েছেন একসময়কার পর্দা কাঁপানো অভিনেত্রী শাবানা। বছর দুয়েক পরপর তিনি চেষ্টা করেন জন্মভূমিতে ফিরে সময় কাটানোর। সেই ধারাবাহিতায় গত ২৭ ডিসেম্বর কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেত্রী তার স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিককে নিয়ে দেশে ফিরেছেন।

শাবানার ঘনিষ্ঠজনকে জানান, এর আগে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন শাবানা। এবার তিনি এসেছেন পারিবারিক কিছু কাজে। আরও সপ্তাহখানেক থাকবেন বাংলাদেশে। তারপর ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

চলচ্চিত্রের সোনালি অতীতের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা তার ৩৬ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটান ১৯৯৯ সালে। সন্তানদের উন্নত ভবিষ্যৎ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে ওই বছরই স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। শাবানার বড় মেয়ে ফারহানা সাদিক সুমি এমবিএ ও সিপিএ পাস করে, চাকরি করতেন। পরে তার দুই বাচ্চাকে দেখাশোনার জন্য তিনি চাকরি ছাড়েন।

ছোট মেয়ে সাবরিনা সাদিক বিশ্বখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে শিকাগোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে শাহীন সাদিক নিউজার্সির রাদগার্স ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে এখন সেখানকার স্বনামধন্য ব্লুমবার্ড কোম্পানিতে কর্মরত।

প্রথমবারের মতো যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

0

প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এই যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি জন্য রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি)। বিকেল ৪টায় শুরু হয়ে আগামী ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ও এলএলবি শেষ বর্ষের এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পন্ন করেছেন, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আণবিক বোমা তৈরির পথে হাঁটছে ইরান?

0

শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহত হন। এরপর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দ্রুত ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। এ পরিস্থিতিতে ইরান জানিয়েছে, ২০১৫ সালের পরমাণু চুক্তি তারা মানবে না। ইরানের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে গোটা বিশ্ব। প্রশ্ন জেগেছে, তাহলে কি আণবিক বোমা তৈরির পথে হাঁটছে ইরান?

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের চপেই পরমাণু চুক্তিতে সায় দিয়েছিল ইরান। তবে সোলাইমানির মৃত্যুর পর পাল্টে গিয়েছে পরিস্থিতি। নিষেধাজ্ঞা ভেঙে ইরান এবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা শুরু করতে পারে। আর তা হলে ভবিষ্যতে ওই অঞ্চলে আণবিক যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হবে। এদিকে, উত্তেজনা আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে তাঁর হুঁশিয়ারি,ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ এলাকাকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে মার্কিনি সম্পদ বা কর্মকর্তাদের ক্ষতি করার চেষ্টা করলে, পাল্টা সেইসব গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালাবে মার্কিন সেনা।

সিএনএন জানিয়েছে, রবিবার তেহরানে ক্যাবিনেট মিটিংয়ের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরমাণু চুক্তি আর মানা হবে না। ২০১৬ চুক্তিটি বলবৎ হয়। এর ফলে সমস্ত পারমাণবিক কার্যকলাপ বন্ধ করে দেয় ইরান। পাল্টা সে দেশের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় যুক্তরাষ্ট্র।

ইরানের সরকারি টিভি চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন,পরমাণু চুক্তি অনুযায়ী গবেষণায় অনেক নিষেধাজ্ঞা মেনে চলতাম। কিন্তু ইসলামিক রিপাবলিক অব ইরান আর কোনও বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়।

এদিকে, দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাদের বহিষ্কার করার প্রস্তাবে সিলমোহর দিয়েছে ইরাকের সংসদ। পাল্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে এই পদক্ষেপ গ্রহণ করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ইরাককে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে যুদ্ধের আশঙ্কা। এবং এর প্রভাব যে গোটা বিশ্বজুড়ে পড়বে তা বলাই বাহুল্য।

জাটকা রক্ষায় অভিযান শুরু হচ্ছে আজ

0

জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভি ও পোনা রক্ষায় আজ মঙ্গলবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সাত দিন প্রথম ধাপের অভিযান শুরু হচ্ছে। পরে দ্বিতীয় ধাপে ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আরো আট দিন অভিযান পরিচালিত হবে।

এই সময়ে ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে সম্মিলিত বিশেষ অভিযান চলবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেবেন।

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দেবেন।’

প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় অর্জন করলে শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি একটানা তৃতীয় মেয়াদ এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

একদিনেই পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে নেমে ৬ ডিগ্রিতে

0

দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ বয়ে চলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল-সন্ধ্যা বেড়েছে শীতের তীব্রতাও। এবার পৌষের শুরু থেকেই বেশিরভাগ সময় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আজ মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

কয়েকদিন ধরে এ জেলায় সন্ধ্যায় শুরু হচ্ছে কুয়াশাপাত। রাত ও ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এর মধ্যেই বেশি ঠাণ্ডা অনুভূত হয়। এই সময় হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ঠাণ্ডা বাতাসে হাত-পা অবশ হয়ে আসে। শীতের প্রকোপ বৃদ্ধিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারা সময়মতো কাজে যেতে পারছেন না। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত কাটাচ্ছেন তারা। তাদের ঘরে অল্প কিছু শীতবস্ত্র থাকলেও তা দিয়ে শীত কাটছে না। তাই যখনি শীতের প্রকোপ বাড়ে তারা খড়কুটো জ্বালিয়ে আগুনের কাছে বসে উষ্ণতা নেন।

এদিকে, এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার শীতবস্ত্র ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার ও এক লাখ টাকার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আজ মঙ্গলবার সূর্যের দেখা মেলে সকাল সাড়ে ৭টায়। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে। তবে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাস বয়ে চলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, জানুয়ারির শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। বৃষ্টি থেমে যাওয়ায় আবারো বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে। দ্রুত তাপমাত্রা নিচের দিকে নেমে আসছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সামনে আরো তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে।

দেখে মনে হচ্ছিলো সে সিরিয়াল কিলার : ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

0

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালে ভর্তির আগে ও পরে কয়েকজন শিক্ষক ও বন্ধুকে তার ধর্ষণের শিকার হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। সেসময় তিনি ওই ধর্ষককে খুবই দাম্ভিক, ঠাণ্ডা মাথার সিরিয়াল কিলার এবং এর আগেও একাধিকবার ধর্ষণের মতো অপরাধকারীর মতো মনে হয়েছে বলে মন্তব্য করেছেন।

ধর্ষনের শিকার ওই ছাত্রী বলেন, ‘ধর্ষক বারবার আমার নাম জিজ্ঞেস করছিল। আমি ভাবছিলাম, আমি ঢাবি শিক্ষার্থী বললে আমাকে মেরে ফেলবে। আমার পরিচয় জানলে আমি বাঁচবো না। ওই লোক খুব দাম্ভিক ছিল। আমি তাকে প্রতিরোধ করতে পারিনি।’

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর সঙ্গে রাতে হাসপাতালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম ও সামিনা লুৎফা। ভিকটিম শিক্ষার্থীর সঙ্গে তারা সহমর্মীতা নিয়ে কথা বলেছেন, যার অনেক কিছু তারা গণমাধ্যমকেও জানাতে রাজি হননি।

ঘটনার বিবরণে ভিকটিম কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, ‘মেয়েটির সামনে পরীক্ষা। স্টাডি সার্কেলে পড়ালেখা করে শিক্ষার্থীরা। সে কারণেই বান্ধবীর বাসার উদ্দেশে রওনা দিয়েছিল। তার সঙ্গে বাড়তি পোশাক ছিল, পড়ালেখার বই-নোটস আর প্রয়োজনীয় কিছু জিনিস। মেয়েটির বিবরণীতে ধর্ষক একজনই ছিল।’

ধর্ষক কেমন ছিল দেখতে তা বলতে পেরেছে কিনা প্রশ্নে অধ্যাপক সাদেকা বলেন, ‘দেখে মনে হচ্ছিলো সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় যে ধর্ষণের মতো অপরাধ ঘটিয়েছে একাধিকবার। এবং মেয়েটিকে জোর করে পোশাকও পরিবর্তন করিয়েছে, আবার ধর্ষণ করেছে। ভিকটিম জানিয়েছে, ধর্ষক তার পরিচয় জানতে চেয়েছে বারবার। মেয়েটি আন্দাজ করছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পেলে তাকে মেরে ফেলা হতে পারে। তাই সে মুখ খোলেনি।’

ধর্ষণের শিকার ওই ছাত্রীর দেওয়া বিবরণ অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৭টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামার পরে থেকে শেওড়ার যে বন্ধুর বাসায় রওনা দিয়েছিলেন তিনি, সেই বন্ধুর বাসায় পৌঁছানো পর্যন্ত সময় লাগে মোট সাড়ে ৩ ঘণ্টা। এই সময়ের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে। ঠিক কতক্ষণ তিনি জ্ঞান হারিয়ে পড়ে ছিলেন তা বলতে পারেননি। তবে জ্ঞান ফিরে আসার পর বুঝতে পারেন, ঘণ্টা দুয়েক পার হয়েছে এবং ধর্ষক তখনও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

কীভাবে পালিয়ে এলেন সে বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ধর্ষণের কোনও একসময় মেয়েটি জ্ঞান হারায়। এরপর যখন জ্ঞান ফেরে তখন সে ধর্ষককে দেখতে পায়। ধর্ষক পেছন ফিরে ভিকটিমের ব্যাগ থেকে কিছু বের করার চেষ্টা করছিল। এই সুযোগে সে ওই স্থান থেকে পালিয়ে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা জানান, ‘কিছু দূর হেঁটে সে (ভুক্তভোগী শিক্ষার্থী) চেষ্টা করেছে সিএনজি বা গাড়ি থামাতে। না পেরে রাস্তা পার হয়ে বন্ধুর বাসায় পৌঁছাতে সক্ষম হয়, তখন রাত সাড়ে ১০টা।’

সামিনা লুৎফা বলেন, ‘ঘটনাস্থল এত অনিরাপদ হবে- এটা না জানা থাকলে আন্দাজও করার কথা না। মেয়েটির বয়স খুবই কম। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হয়েছে, হাতে নানা জায়গায় কালসিটে। মেয়েটি বেঁচে আছে অনেক ব্যথা নিয়ে। অসম্ভব মানসিক শক্তি ছিল বলে প্রায় তিন ঘণ্টা পরে সে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছে।’

ধর্ষকের চেহারার বিষয়ে তিনি কিছু জানিয়েছেন কিনা, জানতে চাইলে অধ্যাপক সামিনা বলেন, ‘চেহারার বিষয়ে পুলিশকে বিস্তারিত জানিয়েছেন সেই শিক্ষার্থী। লোকটি দাম্ভিক ছিল বলেও জানিয়েছেন। তাকে পেছন থেকে ধরে নিয়ে গেছে সে।’

মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস নয় : র‍্যাব

0

আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম ধাপে এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। মুসলমানদের এই অন্যতম বৃহৎ সম্মিলন ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কাকরাইল মারকাজ পরিচালিত মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের পর ২০২০ সালের ২ পর্বের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়। মানুষের যানজটজনিত দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করে আয়োজন করা হচ্ছে।

বিশাল এই জমায়েতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয় বিশেষ নিরাপত্তা সেল। আর এই নিরাপত্তাব্যবস্থায় অন্যতম ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বরাবরের মতো এবারও তারা নিয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আর এই পুরো বিষয়টি তদারক ও সমন্বয় করছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল। আর এ কাজে তাঁকে সহায়তা করছেন র‍্যাব ১, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানি ও গাজীপুর ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন।

বিশ্ব ইজতেমার নিরাপত্তাব্যবস্থার বিষয়ে কালের কণ্ঠের পক্ষ থেকে কথা হয় লে. কমান্ডার আবদুল্লাহ আর মামুনের সঙ্গে। নিরাপত্তার বিষয়ে তিনি প্রথমেই বলেন, নিরাপত্তার সঙ্গে কোনো আপস নেই। আমরা আমাদের মহাপরিচালক জনাব বেনজীর আহমেদের নেতৃত্বে সর্বোচ্চ নিরাপত্তা দানের ব্যবস্থা করেছি। প্রতিটি মুসল্লির নিরাপত্তার বিষয়ে যা যা করা প্রয়োজন, আমরা সব করব।

তিনি বলেন, আমরা এর মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডগ স্কোয়াড দিয়ে পুরো ইজতেমা ময়দান স্যুইপ করা হয়েছে। ইজতেমা শুরু হওয়ার আগের দিন আমরা বিদেশি খিত্তায় আরেকবার স্যুইপ করব। এ ছাড়াও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

পোশাকে, সাদা পোশাকে এবং গোয়েন্দা হিসেবে সারা ইজতেমা ময়দানে ছড়িয়ে থাকবে র‍্যাব সদস্যরা, যোগ করেন তিনি। ৮৭টি দেশি ও একটি বিদেশি খিত্তায় গোয়েন্দা সদস্যরা থাকবেন। তাঁদের প্রতি রয়েছে বিশেষ নির্দেশনা। থাকবে ফুট পেট্রলিং, প্রস্তুত রাখা হবে স্ট্রাইকিং ফোর্স। প্রতি মুহূর্তে সজাগ থাকবে কন্ট্রোল রুম। সেই সঙ্গে মোটরসাইকেল পেট্রলিং ও হেলিকপ্টার টহল তো থাকছেই।

৯০ বা ততোধিক ক্লোজড সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে ইজতেমা ময়দানকে। বসানো হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। শক্তিশালী দূরবীন হাতে সেগুলোতে নিয়মিত দায়িত্ব পালন করবেন র‍্যাব সদস্যরা। যেকোনো প্রয়োজনে প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স। প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য র‍্যাবের মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

র‍্যাবের নির্দিষ্ট কন্ট্রোল রুমের সামনে আমরা যথেষ্ট পরিমাণ সুপেয় পানির সরবরাহ রাখব। থাকবে সদাপ্রস্তুত চিকিৎসা সহায়তা কেন্দ্র। আর এবারের ইজতেমায় আমাদের পক্ষ থেকে নতুন সংযোজন ‘শাটল বাস’- যোগ করেন তিনি। শাটল বাসগুলো মহাখালী থেকে ইজতেমা ময়দান পর্যন্ত নিয়মিত চলাচল করবে বলেও জানান তিনি।

‘পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য’ বাক্যটির ব্যাখ্যা দিতে গিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, র‍্যাবের মোট ১৫টি ব্যাটালিয়ন থেকে সদস্য তলব করা হয়েছে। তাঁর এরই মধ্যে র‍্যাব ১ ও সদর দপ্তরে সংযুক্ত হয়েছেন।

তবে সবশেষে তিনি বলেন, সবার স্বতঃস্ফূর্ত ও সৌহাদ্যপূর্ণ অংশগ্রহণেই এই বিশাল আয়োজনটি কোনোরকম সমস্যা ছাড়াই এতদিন সম্পন্ন হয়ে এসেছে। আশা করি, এবারও তার ব্যতিক্রম হবে না। সবশেষে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নতুন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আনিছুর রহমানের যোগদান

0

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে মো. আনিছুর রহমান রবিবার অপরাহ্নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেছেন। তিনি শরিয়তপুর জেলায় ৩১ ডিসেম্বর ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য মো. আনিছুর রহমান ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে চাকুরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করে মাঠ ও নীতি নির্ধারণী পর্যায়ে কর্ম অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব এবং উক্ত মন্ত্রণালয়ে ০৪ এপ্রিল ২০১৮ তারিখ হতে সচিব হিসেবে কমর্রত ছিলেন।

মো. আনিছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্মাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত কারণে তিনি ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালী, সংযুক্ত আরব আমিরাত, কাতার, রাশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তুরস্ক, নরওয়ে, স্পেন, পর্তুগাল, গ্রেনেডা, কানাডা, যুক্তরাষ্ট্র, মালাওয়ি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।