Home Blog Page 3238

হারি জিতি নাহি লাজ : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত পরাজয় জেনে ডিজিটাল ভোটদান পদ্ধতি ইভিএম নিয়ে বিষোদগার করছে। আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। হারি জিতি নাহি লাজ। কারণ এই নির্বাচন স্থানীয় সরকারের। হেরে গেলে আমাদের উপর আকাশ ভেঙ্গে পড়বে না। সোমবার সাভারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাভার উপজেলায় সোমবার সকালে দশ হাজার শীতার্তের মাঝে কম্বল,শিশু খাদ্য ও শুকনা খাবার বিতরণ করা হয়। এজন্য আয়োজন করা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘এই নির্বাচন নিয়ে বিএনপি যে কথাই বলুক, আমি জনগণকে আশ্বস্ত করছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি আমাদের জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বলেছেন। আমাদের কোন খারাপ উদ্দেশ্য থাকলে কেন ঘরে ঘরে গিয়ে ভোট চাইছি। কারণ আমরা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করতে চাই।’
মন্ত্রী বলেন,‘ইভিএমে ভোট কারচুপি হবে বলে বিএনপি অভিযোগ করছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে। মূলত ডিজিটাল ভোট পদ্ধতি তথা ডিজিটাল বাংলাদেশ তারা চায় না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা আজেবাজে বক্তব্য দিচ্ছে।’

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, কাউন্সিলর মানিক মোল্লা,যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন প্রমুখ।

পাঁচ হাজার চিকিৎসক ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবছরই নতুন করে অন্তত পাঁচ হাজার চিকিৎসক ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

জরুরি ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে অধিক সংখ্যক ডাক্তার,নার্স ও অন্যান্য লোকবল প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ক্যান্সার হাসপাতালে গত মাসেই ২শ’ বেড থেকে ৫শ’ বেডে উন্নীত করা হয়েছে।

দেশের ৮ বিভাগে ৮ টি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। এবছরই দেশের সকল আইসিইউ বেড সংখ্যাও দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ২৫০টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস অব হসপিটালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আজ নিউরোসায়েন্সেস হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন করা হলো যা বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশের মধ্যে একটি। চিকিৎসা ক্ষেত্রে এটি আমাদের এক বিরাট অর্জন বলেও জানান তিনি।

স্ট্রোক চিকিৎসায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া ভারত,পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালেয়েশিয়াসহ বিশ্বের আর কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই। সুতরাং সরকারের এই মহতী উদ্যোগকে সকলে মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পদায়ন করা গেলে জেলা পর্যায় থেকে ঢাকায় আসা রোগীদের চাপ আরো কমে যেতে পারে।

অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী নতুন বেডগুলি ঘুরে ঘুরে দেখেন ও চিকিৎসারত রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের যুগ্ম পরিচালক ডাঃ বদরুল আলম উপস্থিত ছিলেন।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বাড়ছে তেলের দাম, ধাক্কা শেয়ারবাজারেও

0

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনায় আকাশ ছুঁয়েছে তেলের দাম। পাশাপাশি বড় সড় ধাক্কা খেল বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারগুলোতেও। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বের এক তৃতীয়াংশ তেলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় কূটনৈতিক মহলে তোলপাড় চলছে। লাফ দিয়ে বাড়ছে তেলের দামও। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৪৯ ডলার হয়েছে। প্রভাব পড়েছে পেট্রোল-ডিজেলের দামেও। এক ধাক্কায় পেট্রোলের দাম ১৫ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়েছে। এই একই জেরে সোনার দামও বেড়েছে। গত ৬ বছরে রেকর্ড বৃদ্ধি হয়েছে সোনার দামে।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় স্থিতিশীলতা হারিয়েছে বিশ্বের প্রভাবশালী স্টক মার্কেটগুলো। সাংহাই ও হংকং শেয়ার মার্কেটের দর পতন হয়েছে। সূচক কমেছে তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে। মার্কিন সরকারের বন্ডের দামও পড়ে গেছে। কমে গেছে প্রযুক্তি ভিত্তিক কম্পানি, স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ও এয়ার লাইনসগুলোর শেয়ারের দাম।

ইরানকে হুমকি দিয়ে নিজের দেশেই বিপাকে ট্রাম্প

0

দীর্ঘ টানাপড়েন, হুমকি-পাল্টা হুমকির পর অবশেষে ইরানের ওপর বড় আঘাত হানল মার্কিন বাহিনী। ইরাকে মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানি। এই ঘটনায় ভয়ঙ্কর প্রতিশোধের ঘোষণা দেন খামেনি। পাল্টা হুমকি হিসেবে ইরানের ‘৫২টি জায়গায়’ হামলার কথা বলেন ট্রাম্প।

ইরানে হামলার হুমকি দিয়ে দেশের ভেতরেই প্রবল সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সমালোচনায় সরব হয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, ইরানের সাংস্কৃতিক স্থানগুলোতে হামলার হুমকি দিয়ে আদতে নারী, শিশু নির্বিশেষে ইরানের নিরীহ মানুষকে মেরে ফেলার কথাই বলেছেন ট্রাম্প, যা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার এমন আচরণ শোভনীয় নয়।

কাসেম সোলাইমানির হত্যা নিয়ে উত্তেজনার আবহেই সম্প্রতি ইরানকে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি লেখেন, সোলাইমানি হত্যার বদলা হিসাবে কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের ওপর হামলা হলে, যুক্তরাষ্ট্র ইরানের আরো ৫২টি জায়গায় আক্রমণ করার জন্য চিহ্নিত করে রেখেছে। তার মধ্যে এমন কয়েকটি জায়গা রয়েছে যা ইরান ও তার সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। এই সব লক্ষ্যবস্তুতে খুব দ্রুত এবং খুব কঠোর আঘাত হানা হবে। আর কোনো হুমকি সহ্য করবে না যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই মন্তব্য নিয়েই তীব্র সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) তুলনা টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, কয়েক বছর আগে এভাবেই পশ্চিম এশিয়ার ঐতিহ্যশালী জায়গাগুলো ধ্বংস করে দিয়েছিল আইএস।

এভাবে প্রকাশ্যে হামলার হুমকি দেওয়ায় ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন ডেমোক্র্যাটরাও। যাদের মধ্যে অন্যতম হলেন দেশটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং ম্যাসাচুসেটস’র সেনেটর এলিজাবেথ ওয়ারেন।

ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন বাইডেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, গোটা বিষয়টি সম্পর্কে মার্কিন নাগরিকদের না জানিয়ে, তাদের সম্মতি ছাড়া দেশকে যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার অধিকার নেই কোনো মার্কিন প্রেসিডেন্টের। আর এই লোকটার মাথায় কী ঘুরছে, আমরা কেউই তা জানি না। তার জন্যই ক্রমশ একঘরে হয়ে পড়ছি আমরা। ন্যাটো সহযোগী দেশগুলোর থেকেও আমাদের দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট নিজের মতো করে টুইটারে ঝড় বইয়ে দিচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক এবং একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ।

ইমপিচমেন্ট প্রক্রিয়া থেকে নজর ঘোরাতেই ট্রাম্প দেশকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এলিজাবেথ ওয়ারেন। একটি সাংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা জানি যে ইমপিচমেন্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রাম্প। তার মধ্যেও কী করছেন দেখুন। আমাদের যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০ বছর ধরে পশ্চিম এশিয়ায় পড়ে রয়েছি আমরা। এখন যুদ্ধ আরো বর্ধিত করার কথা বলছেন। পশ্চিম এশিয়ায় না জানি কতো হাজার মার্কিন নাগরিকের প্রাণ গেছে। দেশের সব নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রেসিডেন্টের কর্তব্য, দেশকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নয়।

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়’ এই দাবিতে আমেরিকার ৩৪টি প্রদেশের ৮০টি শহরে পথে নামেন অসংখ্য মানুষ। টুইটারেও ট্রাম্পের তীব্র সমালোচনা করেন এলিজাবেথ ওয়ারেন। ট্রাম্পের উদ্দেশে তিনি লেখেন, যুদ্ধাপরাধ ঘটানোর হুমকি দিচ্ছেন আপনি। ইরানের সঙ্গে কিন্তু কোনো লড়াই নেই আমাদের। আমেরিকানরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চান না। এটা গণতান্ত্রিক দেশ। এভাবে আপনি যুদ্ধ শুরু করতে পারেন না। মার্কিন বাহিনী এবং দেশের কূটনীতিবিদদের এভাবে বিপদে ফেলতে পারেন না আপনি।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস’র ডেমোক্র্যাট সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ টুইটারে লেখেন, এটা যুদ্ধাপরাধ। সাংস্কৃতিক জায়গায় হামলার হুমকি দিয়ে আসলে নিরীহ পরিবার, নারী ও শিশুদের মেরে ফেলার কথা বলছেন আপনি। এতে আপনার পৌরুষ প্রমাণ হয় না। এতে আপনি সুকৌশলী, তাও প্রমাণ হয় না। বরং এতে আপনার দানব রূপটাই প্রকাশ পায়।

তবে সমালোচনার মুখে পড়েও নিজের অবস্থানেই অনড় ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, তারা মারলে আমরা মারব না কেন? তারা আমাদের লোকজনকে খুন করতে পারে, বিস্ফোরণ ঘটাতে পারে, অথচ ওদের সাংস্কৃতিক জায়গাগুলো ছোঁয়ার অধিকার নেই আমাদের?

যে কারণে ইরাক সফরে যান সোলাইমানি

0

জেনারেল সোলাইমানির ইরাক সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরাকি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদের আমন্ত্রণে ইরাক সফরে এসেছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু তার আগেই মার্কিন হামলায় তিনি নিহত হন।

ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আরো বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের যে সংলাপ চলছিল সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছিলেন জেনারেল সোলাইমানি। ইরাকের প্রধানমন্ত্রী রবিবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে একথা জানান। ওই অধিবেশনে ইরাক থেকে দখলদার মার্কিন সেনা বহিষ্কার করার বিল পাস হয়।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।

সোলাইমানির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো

0

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সোলাইমানিকে নিয়ে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার ভিত্তিতেই ট্রাম্পের মিথ্যা প্রমাণিত হলো।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘কাসেম সোলাইমানি বাগদাদের আমন্ত্রণে ইরাক সফরে এসেছিলেন এবং শুক্রবার সকাল সাড়ে ৮টায় আমার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু তার আগেই মার্কিন হামলায় তিনি নিহত হন।’

তিনি আরও বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের যে সংলাপ চলছিল সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছিলেন জেনারেল সোলাইমানি।’

ইরাকের প্রধানমন্ত্রী রবিবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে একথা জানান। ওই অধিবেশনে ইরাক থেকে দখলদার মার্কিন সেনা বহিষ্কার করার প্রস্তাব পাস হয়।

ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেন, ‘সৌদি আরব এর আগে ইরাকের মাধ্যমে ইরানকে যে বার্তা দিয়েছিল সে ব্যাপারে তেহরানের জবাব নিয়ে জেনারেল সোলাইমানি বাগদাদ সফরে এসেছিলেন।’

অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন জেনারেল সোলাইমানি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

ইরাকি প্রধানমন্ত্রীর এ চাঞ্চল্যকর তথ্য জেনারেল সোলাইমানিকে হত্যা করার পেছনে আমেরিকার দাবি মিথ্যা প্রমাণ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ‘জেনারেল সোলাইমানি একটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিলেন এবং তাকে হত্যা করার মাধ্যমে সে হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।’

অথচ বাগদাদ বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আলোচনায় বার্তা বিনিময়ের দূত হিসেবে কাজ করছিলেন জেনারেল সোলাইমানি।

গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।

মধ্যপ্রাচ্য সংঘাতে নিরপেক্ষ থাকার ঘোষণা পাকিস্তানের

0

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে নিরপেক্ষভাবে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তান কোনো পক্ষ হয়ে জড়াতে চায় না বলেও মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। রবিবার পাকিস্তানের এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় আসিফ গফুর বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাতে, কোন পক্ষকেই আমাদের ভূমি ব্যবহার করতে দেব না। সেই সঙ্গে কোনো পক্ষের বিরুদ্ধে আমাদের ভূমি ব্যবহার করা হবে না। পাকিস্তান এ বিষয়ে কারও বা কোনো পক্ষের সঙ্গী নয়, একমাত্র শান্তির অংশীদার হবে।

তিনি আরও বলেন, ইরানি সেনা কমান্ডার হত্যায় আঞ্চলিক পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে প্রতিনিয়ত ভূমিকা রাখছে পাকিস্তান। আমরা আরও একটি যুদ্ধ দেখতে চাই না।

টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ গফুর পাকিস্তানের জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানি জনগণ ও গণমাধ্যমকে আমি সঠিক উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের অনুরোধ করছি। রাষ্ট্রবিরোধী উপাদানগুলোর দ্বারা যে গুজব ছড়ানো হচ্ছে সেদিকে নজর দেবেন না।

এদিকে ইরানি সেনা নায়ক সোলাইমানি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আলাদাভাবে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।

কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩

0

ইরাকের হামলার পর কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ও কেনিয়ার যৌথ সেনা এই ঘাঁটিতে থাকে। লামু কাউন্টির কমিশনার ইরুঙ্গু মাচিয়ারা হামলার কথা স্বীকার করে জানান, একটি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিদেরও জবাব দেওয়া হচ্ছে।

জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকি সেনা ঘাঁটির একটি অংশ দখল করে রেখেছে। আমেরিকা এবং কেনিয়ার সেনার অনেকে হতাহত হয়েছেন বলেও দাবি জঙ্গি গোষ্ঠীর।

আল শবাব জঙ্গিদের প্রধান ঘাঁটি সোমালিয়ায়। কয়েক বছর আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উৎখাতের সময় প্রতিবেশী দেশ কেনিয়াও প্রচুর সেনা পাঠিয়েছিল। তাই কেনিয়াতেও একাধিকবার হামলা চালিয়েছে আল শবাব জঙ্গিরা। এবারর ফের বড় ধরনের হামলা চালাল আল শবাব। আর এই ঘটনায় তিন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ায় মুসলিম-খ্রিস্টানের প্রার্থনার পর নামল বৃষ্টি!

0

চারিদিকে শুধু দাউদাউ করে আগুন জ্বলছে। যেগুলো সব প্রায় নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরইমধ্যে ৬ রাজ্যের তিন রাজ্য আগুনে পুড়ে ছাই। ৫০ কোটি বন্য প্রাণী আগুনে পুড়ে মারা গেছে। এবার চতুর্থ রাজ্যেও আগুন লেগেছে। ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং পশুসম্পদ ও দেশীয় বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এমন অবস্থায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে গতকাল বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন দেশটির সব ধর্মাবলম্বী মানুষ। রবিবার অ্যাডিলেডের বোনিথন পার্কে নামাজের আয়োজন করেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়। যাতে যোগ দেন খ্রিস্টানরাও।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল ও আমিরাতের দৈনিক খালিজ টাইমসে এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, গতকাল মুসলিম ধর্মাবলম্বীদের আয়োজিত ওই নামাজের জামাতে যোগ দিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও। ধর্মের ভেদাভেদ ভুলে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তারা।

দুই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার অস্ট্রেলিয়ার একদল মুসলিম দাবানল সংকট থেকে উত্তরণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে জমায়েত হয়েছিলেন ওই পার্কে। তাতে অংশ নেন অর্ধশতাধিক পুরুষ, নারী এবং শিশু। তারা সমবেতভাবে নামাজ আদায় করে দুহাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

অস্ট্রেলিয়ার ধর্মীয় সংগঠন ‘সেন্টার ফর খ্রিষ্টান অ্যান্ড মুসলিম রিলেশনস’ এই আয়োজনটি করেছিল। তাতে অংশ নেয়া খ্রিষ্টান পাদ্রী প্যাটরিক ম্যাকনেরনি বলেন, ‘আজ আমি মুসলিম ভাই-বোনের সঙ্গে বৃষ্টির এই প্রার্থনায় যোগ দিয়েছি। আমার বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ খুতবায় সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস ও তওবার ওপর জোর দিয়েছেন।’

আশ্চর্যের ব্যাপার হলো, রোববার অ্যাডিলেডের বোনিথন পার্কে নামাজের পর দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। দেশটির কিছু অংশে বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমে গেলেও কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগুন আবার জ্বলবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত পূর্বাঞ্চলীয় উপকূলে হালকা বৃষ্টি হয়েছে। ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে হয়েছে ভারী বৃষ্টিপাত। তবে কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ফের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে আগুনের মাত্রা আরও তীব্র হতে পারে।

বৃষ্টিপাতের পর নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য সরকারের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান সোমবার সকালে সবাইকে সতর্ক করে বলেছেন, ‘আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। আজকের সকালের পুরোটা পুনরুদ্ধারের জন্য। যারা বাস্ত্যুচুত হয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান কাজ।’

কিছুটা স্বস্তির বৃষ্টিতে দক্ষিণ উপকূলীয় শহরগুলো থেকে ঘর ছেড়ে যাওয়া বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। সিডনি মর্নিং পত্রিকার খবরে বলা হয়েছে, বেগা, বারমাগুই, তাতরা, মেরিমবুলা, পামবুলা এবং ইডেন শহর থেকে দাবানলের ফলে ঘর ছেড়ে যাওয়া মানুষরা ফিরে আসছেন।

নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিসের মুখপাত্র মার্টি ওয়েববার বলেছেন, বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। তাই ওই এলাকার বাসিন্দাদের ঘরে ফিরতে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘আমরা এখনো শঙ্কামুক্ত নই; কিন্তু বিভিন্ন স্থানে লাগা আগুনগুলো কিছু প্রশমিত হয়েছে। এটা আমাদের অগ্নি নির্বাপনের কাজকে সহজ করেছে।’

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা : আলোচনায় বসছে রাশিয়া-জার্মানি

0

ইরানের প্রভাবশালী সেনা জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট নতুন উত্তেজনা নিয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকে আগামী ১১ জানুয়ারি মস্কো যাচ্ছেন তিনি।

সোমবার রুশ প্রেসিডেন্টের গণমাধ্যম শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ক্রেমলিন বলছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল রাশিয়া আসছেন। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ছাড়াও সিরিয়া, লিবিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন এ দুই নেতা।

মেরকেলের মুখপাত্রের বরাত দিয়ে মস্কো টাইমস এক প্রতিবেদনে বলছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস চ্যান্সেলর মেরকেলের সঙ্গে রাশিয়া সফর করবেন।

ইরানিদের কাছে ‘জাতীয় বীর’ হিসেবে পরিচিত কাসেম সোলেইমানিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হয়। গত ২৩ বছর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। গত শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশে জাতীয় বীর হলেও ইরানি এই সামরিক কমান্ডারকে সন্ত্রাসী হিসেবে মনে করতো মার্কিন যুক্তরাষ্ট্র। তাকে হত্যার পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন সোলেইমানি।

ইরানের সামরিক বাহিনীর শীর্ষ এ হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই ওয়াশিংটন-তেহরানের এ উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনিসংকেত পাচ্ছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৫২টি স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলার নিশানায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরান জেনারেল সোলেইমানি হত্যার জবাব যথাসময়ে, উপযুক্ত পরিবেশে সামরিক উপায়ে দেয়া হবে বলে পাল্টা হুমকি দিয়েছে।

কুদস ফোর্সের এই প্রধান মার্কিন হামলায় নিহত হওয়ার পর রোববার রাতে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত না মানার ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি আগের চেয়ে দ্রুতগতিতে এগিয়ে নেয়ারও অঙ্গীকার করেছে ইরান।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধানের মরদেহ তেহরানে পৌঁছায় সোমবার সকালে। ইরানের শীর্ষ এই জেনারেলের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় নামে লাখো জনতা ঢল।

এদিকে, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তৈরি হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তারা সোলেইমানি হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা করেন।

মস্কো টাইমস বলছে, প্রেসিডেন্ট পুতিনকে নিজ থেকে টেলিফোন করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ। টেলিআলাপনে এ দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে বলে একমত হন।