Home Blog Page 3239

সৌদি আরব থেকে ফিরলেন আট নারীসহ ১৩৭ বাংলাদেশি

0

নতুন বছরের শুরুতেও সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফেরা অব্যাহত আছে। গতকাল রবিবার রাতে দেশটি থেকে ফিরেছেন আরও ১৩৭ বাংলাদেশি। রাত ১১ টা ২০ মিনিটে ও রাত দেড়টায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ও এসভি ৮০২ দুটি বিমানযোগে দেশে ফেরেন ১৩৭ জন। এ নিয়ে গত পাঁচ দিনে ৪৫৪ জন বাংলাদেশি ফিরলেন।

বরাবরের মতো গতকালও ফেরত আসাদের মাঝে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ী পৌছানোর জন্য জরুরী সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিদেশ থেকে ফেরা মানুষদের কাউন্সিলিং ও আর্থিকভাবে পুনরেকত্রীকরণের কর্মসূচি নিয়েছে ব্র্যাক।

গতকাল ফেরা আকমিনা আক্তারের (৩০) বাড়ী সুনামগঞ্জ জেলার নরুত্তমপুর গ্রামে। তিনি জানান, সাত মাস আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন। কিন্তু সেখানে নিয়োগকর্তার শারীরিক নির্যাতনে শিকার হয়ে শুন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন আকলিমা।

আকলিমা বলেন সৌদি যাবার পর থেকে আমাকে ১৮/২০ ঘণ্টা কাজ করতে হত। কাজ শেষে ঘুমাতে গেলে মালিক বিরক্ত করতেন। কাজ করলেও বেতন দিতেন না। বেতন চাইলে বলতেন তাকে নাকি বিক্রি করে দেওয়া হয়েছে।

আরেক নারী গৃহকর্মী হাসিনার (২৭) বাড়ী হবিগঞ্জ। তিনি আট মাস পূর্বে গিয়েছিলেন সৌদি আরবে। তারও গল্প একই। কিন্তু হাসিনার ওপর নির্যাতনের মাত্রা এতই বেশি যে বিমানবন্দরে দাঁড়াতেই পারছিলেন না তিনি। হাসিনা বলেন, মালিক ভালা না খালি মারে আর খারাপ খারাপ কথা বলে। কথা না শুনলে মারে।

ফেরত আসা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সাদ্দাম হোসেন জানান, মাত্র এক বছর পূর্বে এসি টেকনিশিয়ানের কাজ নিয়ে চার লাখ দশ হাজার টাকা খরচ করে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে চার মাস কাজ করলেও সঠিক বেতন পাননি সাদ্দাম। তার পরেও হাল ছাড়েননি। কাজ থেকে রুমে ফেরার পথে পুলিশ ধরে আকামা থাকা সত্ত্বেও দেশে ফেরত পাঠান সাদ্দামকে।

সুনামগঞ্জের আবুল কালাম জানান, দুই বছর আগে প্রিন্টিংয়ের কাজ নিয়ে পাঁচ লাখ চাকা খরচ করে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ভাগ্যের চাকা না ঘুরতেই দেশে ফিরে আসতে হল তাকে।

একই পরিস্থিতির শিকার হয়ে ফিরেছেন চট্রগ্রামের সগির হোসেন, সিরাজুল কবির,সিলেটের ফুরকান, মোঃ শাহ আলম, রফিক, নোয়াখালীর শামসুদ্দিন।

দেশে ফেরা অনেক যুবকের অভিযোগ, আকামা তৈরীর জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেয়নি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সাথে যোগাযোগ করলেও গ্রেপ্তারকৃত কর্মীর দায়-দায়িত্ব নিচ্ছে না। বরং কফিল প্রশাসনকে বলেন ক্রুশ (ভিসা বাতিল) দিয়ে দেশে পাঠিয়ে দিতে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, গত বছর ২০১৯ সালে সৌদি আরব থেকে ২৪ হাজার ২৮১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন বছরের শুরুর পাঁচ দিনে ফিরলেন ৪৫৪ জন। এইভাবে ব্যর্থ হয়ে যারা ফিরছেন তাদের পাশে সবার দাঁড়ানো উচিত। পাশাপাশি এভাবে যেন কাউকে প্রতারিত না হতে হয়, যে কাজে গিয়েছেন সেই কাজই যেন পান এবং খরচের টাকাটা তুলে ভাগ্য ফেরাতে পারেন সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্র ও দূতাবাসকে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। আর সরকারের নেয়া সাম্প্রতিক ১২ দফা নির্দেশনা বাস্তবায়িত হলে নারী কর্মীদের নিপীড়ন কমে আসবে বলে আমরা মনে করি।

সেই রেনুর সন্তানদের পাশে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান

0

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তসলিমা বেগম রেনুর দুই সন্তানের পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে রেনুর সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাবরিনা সোবহান। এসময় কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম উপস্থিত ছিলেন।

নিহত রেনুর পুত্র তাহসিনের বয়স ১১ এবং কন্যা তুবার বয়স ৪ বছর। বর্তমানের তারা তাদের খালার বাসায় থাকে। বসুন্ধরা পরিচালক তাদের জন্য ১০ লাখ টাকা ডিপোজিটের ব্যবস্থা করে দিয়েছেন খালার নামে। এর লভ্যাংশ দিয়ে যেন রেনুর এ দুই সন্তান চলতে পারে তাই এ উদ্যোগ।

এসময় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ বরাবরই আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। সে ধারাবাহিকতায় সাবরিনা সোবহান আজ রেনুর সন্তানদের পাশে দাঁড়িয়েছেন।

গত ২০ জুলাই তুবার ভর্তির জন্য বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিতে গিয়ে তসলিমা বেগম রেনু গণপিটুনিতে নিহত হন।

‘ভোট না হতেই বিএনপি ইভিএম নিয়ে অপপ্রচার চালাচ্ছে’

0

‘ভোট না হতেই বিএনপি ইভিএম নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তাঁরা আধুনিক বাংলাদেশ চান না। তাঁরা আধুনিক ভোট পদ্ধতিও চান না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ইভিএমের বিরুদ্ধে লেগেছে দলটি।’

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের আয়োজনে সাভারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করছি, আসন্ন সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, সিটি নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে। আমাদের খারাপ উদ্দেশ্য থাকলে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি কেন? আমরা অবাধ ও সুষ্ঠু ভোট চাই। আমরা নির্বাচন কমিশনকে সবধরনের সুবিধা দিতে চাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সিটি নির্বাচন হওয়ার আগেই ভোট নিয়ে নানা অবান্তর মন্তব্য করছে। আমি ঢাকাবাসীকে বলবো, আপনারা যাকে খুশি ভোট দেবেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারি জিতি নাহি লাজ। জনগণ যেন ইচ্ছেমতো ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি।’

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের সবচেয়ে কাছের। আমি অনুরোধ করবো, আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সাহায্য করবেন। নৌকায় ভোট দিলে দুস্থ মানুষেরা কষ্ট পাবে না, উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নতি হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ থেকে এ বছর এটিই প্রথম আনুষ্ঠানিক শীতবস্ত্র বিতরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, সারা দেশে একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, শীতে প্রাণহানি না ঘটে। সেজন্য আমরা আজ দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতোমধ্যে উত্তর জনপদসহ সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ ও শিশুদের মধ্যে প্রায় দুই কোটি টাকার শীতবস্ত্র দিয়েছে। যতদিন শীত থাকবে, ততদিন আমাদের শীতবস্ত্র বিতরণ করা হবে।’

‘কাউকে গ্রেপ্তারের এখতিয়ার দুদকের নেই’

0

‘কাউকে গ্রেপ্তারের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তাঁরা নির্দেশ দিতে পারেন। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।’

আজ সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যানলয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের কিন্তু কোনো গ্রেপ্তার করার এখতিয়ার নেই। গ্রেপ্তার করতে হলে কিন্তু তাদের আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তাঁরা নির্দেশ দিতে পারেন। কিন্তু তারা ধরে রেখে ওখানে হাজতখানা বানাবেন, হাজতে রাখবেন-এটি দুর্নীতি দমন কমিশনের কাজ নয়। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশে বিরাট একটা পরিবর্তন হয়েছে। যখন ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসি তখন অনেক কম বাজেট পেয়েছি। এখন সব ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ ভাগ, মাথাপিছু আয় বেড়েছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমাদের লক্ষ্য অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন, সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এখানেই ঢাবি ছাত্রীর মুখ চেপে ধরে অজ্ঞাতপরিচয় কয়েকজন, ঘটনাস্থলে চলছে আলামত অনুসন্ধান

0

গতকাল রবিবার কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামলে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। কুর্মিটোলার সেই ঘটনাস্থলে চলছে অনুসন্ধান। এই এলাকাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে রাস্তার পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পড়ে থাকতে দেখা গেছে একটি ব্যাগ, হাতঘড়ি, কলম ও একটি প্যান্ট।

আজ সোমবার বেলা একটার দিকে ঘটনাস্থলে দেখা যায়, সেখানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ক্রাইম সিনের দল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বলে জানান তারা।

সেখানেই পড়ে থাকতে দেখা গেছে একটি ব্যাগ, হাতঘড়ি, কলম ও একটি প্যান্ট। এগুলো গত রাতের ওই ধর্ষণ ঘটনার আলামত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সূত্রে জানা গেছে, ছাত্রীকে ধর্ষণের সব আলামত রয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। ছয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফ।

দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী। গতকাল কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে তিনি নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

ঢাবি ছাত্রী ধর্ষণে ক্যান্টনমেন্ট থানায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন মেডিকেল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন মেডিকেল বোর্ড গঠন করে ওই ছাত্রীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে ধর্ষণের ঘটনার বিচার দাবি করে কয়েক হাজার শিক্ষার্থী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য ও মধুর ক্যান্টিনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

নতুন বছরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা সভা

0

গত বছরের ডেঙ্গুজনিত বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার বছরের শুরুতেই কাজে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে মিলনায়তনে শুরু হয়েছে সামনে সম্ভাব্য ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকৌশল নির্ধারণী সভা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা। এছাড়াও সভায় আই ই সি আর এর পরিচালক অধ্যাপক ডঃ মীরজাদী সেবরিনা ফ্লোরা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনেরদুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ দেশের বিভিন্ন এলাকার পৌরসভার মেয়র ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত মহাপরিচালক সানিয়া তাহমিনা বিগত সময়ের ডেঙ্গু পরিস্থিতি সার্বিক চিত্র তুলে ধরেন। পরে দিকনির্দেশনামূলক নানান পরামর্শ তুলে ধরছেন সভায় উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন পি পি আর সি চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

জড়িতদের কঠোর শাস্তি চাইলেন প্রোভিসি

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদ।

আজ সোমবার (৬ জানুয়ারি) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দেখতে গিয়ে এই দাবি জানান প্রোভিসি।

বিষয়টিকে কলঙ্কজনক ঘটনা বলে মন্তব্য করেন প্রোভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক, নিন্দা জানানোর ভাষা নেই। আমাদের লজ্জার শেষ নেই। মেয়েটিকে প্রথমে পেটানো হয়েছে, পরে তাকে অপমান করেছে দুর্বৃত্তরা। আমরা সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাই।’

প্রোভিসি বলেন, ‘মেয়েটি শারীরিকভাবে ভালো আছে। তবে তার মানসিক ক্ষত নিয়ে আমরা উদ্বিগ্ন। তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তার চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছি।’ তিনি বলেন, ‘সরকারের নিরাপত্তা সংস্থাগুলো খুবই সক্রিয়। অচিরেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করি।’

বিশ্ববিদ্যালয় এ ঘটনায় কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে প্রোভিসি মুহাম্মদ সামাদ আরও বলেন, ‘মাত্র অফিস খুললো। আমি যাচ্ছি, ভিসির সঙ্গে কথা বলে বাকি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, সরকারের কাছে আমরা অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাই। আমরাও এ বিষয়ে ব্যবস্থা নেবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ সময় প্রোভিসির সঙ্গে ছিলেন।

গতকাল রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঘটনার শিকার ওই ছাত্রী। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে রিকশায় করে বান্ধবীর বাসায় যান ওই ছাত্রী। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বাড়ল

0

ঢাকা-বেনাপোল বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যাত্রাবিরতি করবে। ফলে যাত্রীরা পোড়াদহ জংশন থেকে ওঠা-নামা করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আগামী শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের সুবিধা হবে। প্রায় পাঁচ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে তাদের পক্ষে।

রবিবার পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পোড়াদহ জংশন স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ৫৫টি আসন রাখা হয়েছে। এর মধ্যে শোভন চেয়ার ৫০টি, এসি চেয়ার ৫টি। ৫০টি শোভন চেয়ারের মধ্যে ২৫টি টিকিট অ্যাপসের মাধ্যমে কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

গভীর রাতে ঢাবি ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে গভীর রাতে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। একইসঙ্গে বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার রাত আড়াইটার দিকে এই মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় `আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই; ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দেয় তারা। সমাবেশে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয় সংগঠনটি।

এই বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, কিছু মানুষরূপী নরপিশাচ এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা এসব নরপিশাচদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, আমরা নারীর ওপর নিপীড়নমুক্ত পৃথিবী দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বোনের নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার বেদনাহত। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে দশটায় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা প্রতিবাদী মানবন্ধনের ডাক দিয়েছি। বিচার প্রত্যাশী সকলকেই অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।

এছাড়াও এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।