Home Blog Page 3241

ইসলামী জলসার নামে ধর্মীয় উস্কানি চলছে, ব্যবস্থাগ্রহণের সুপারিশ

0

শীতের শুরুতে দেশের বিভিন্ন স্থানে ইসলামী জলসা শুরু হয়েছে। এ ধরণের ইসলামী জলসা থেকে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। এমনকি সরকারবিরোধী প্রচারণাও চলছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে ধর্মীয় উস্কানি বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনা শেষে সারাদেশে ইসলামী জলসার নামে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়। এর আগে কমিটির সদস্যরা দেশের বিভিন্ন স্থানে উস্কানিমূলক ঘটনা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতি উত্তরণে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় জলসা আয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা এবং রাত ১১টার পর কোনো অনুষ্ঠান না রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কোনো জলসায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলে সেই বক্তার পাশাপাশি আয়োজনকদের বিরুদ্ধেও ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লক্ষ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করার সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লক্ষ ২০ হাজার জন। এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কমিটির বৈঠকে আলোচনা শেষে হজযাত্রীদের আরো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমে সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে সংসদীয় কমিটি প্রতিটি সংসদীয় আসনে মসজিদের মেরামত ও সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয় হতে বার্ষিক ১০ লক্ষ টাকা, মাদ্রাসার জন্য ৫ লক্ষ টাকা এবং মন্দিরের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্টের জন্য নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থায়ী জমি বরাদ্দের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

‘রোহিঙ্গা ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি গুরুত্ব দিতে হবে’

0

রোহিঙ্গা ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি স্থানীয় সম্প্রতি বজায় রাখার জন্য পারিপার্শিক বিভিন্ন সমস্যা ও স্থানীয় জনসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেন।

আজ রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কক্সবাজারস্থ প্রধানগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন-এর সভাপতিত্বে ওই সভায় স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, সাইমুম সরোয়ার কমল, আশেকউল্লাহ রফিক ও শাহীন চৌধুরীসহ বিভিন্ন সরকার ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্পিকার বলেন, মিয়ানমারে নির্যাতিত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বে বিরল। যে কারণে তিনি মাদার অব হিউম্যানিটি খ্যাতিও অর্জন করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সুন্দর জীবন সুরক্ষিত করতে ইতোমধ্যেই পরিকল্পিত ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করেছে সরকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রয়াসের কারণে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘ সময় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। তবে পাহাড় কেটে আবাসস্থল তৈরি ও অন্যান্য কারণে পরিবেশগত ক্ষতি, স্থানীয় জনগণের সাথে রোহিঙ্গাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একইসঙ্গে দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

0

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দেওয়া আদেশ বাস্তবায়ন না করায় এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ২৬ জানুয়ারির মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের পর জেলা প্রশাসন কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিছু স্থাপনা বন্দর এলাকার মধ্যে থাকায় সেটি আর উচ্ছেদ করা যায়নি। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তিন মাস সময় দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ফের সময় আবেদন করায় বন্দরের চেয়ারম্যানকে তলব করে আদেশ দিলেন আদালত।

এর আগে হাইকোর্টের এক আদেশে কর্ণফুলী নদীর পাড়ে চট্টগ্রাম বন্দরের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দরের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১০ সালে রিট আবেদন করে এইচআরপিবি। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালের ১৬ আগস্ট এক আদেশে কর্ণফুলী নদীর তীরে থাকা ২ হাজার ১৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্নিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু বিবাদীদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনে হাইকোর্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এরপরই জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।

বিএনপি পরিবারতন্ত্র লালন করে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্টপোষক এবং তারা পরিবারতন্ত্র লালন করে।

আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, পরিবারতন্ত্রের মধ্যে বসে তিনি যে কথা বলেছেন, এটি তার দলের বেলায়ই প্রযোজ্য।

আজ রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, তিনি কি আগে কখনো রাজনীতি করেছেন? নাকি সাদেক হোসেন খোকার ছেলে বলেই তাকে এই পদে মনোনয়ন দেয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এখন বিএনপির চেয়ারপার্সন হচ্ছেন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হচ্ছেন তারই পুত্র তারেক রহমান। দু’জনই দণ্ডপ্রাপ্ত আসামি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন, তা তাদের বেলায় প্রযোজ্য। আমাদের দলে কখনো পারিবারিক কারণে কোন পদ দেয়া হয় না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি বেগম সুলতানা কামালের পরিবেশ নিয়ে এক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমি সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। যেভাবে ঢালাওভাবে কথাগুলো বলেছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বর্তমান সময়ে বাংলাদেশের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা পরিচালিত জরিপের ডাটা দেখার আহবান জানিয়ে তিনি বলেন, এগুলোর দিকে তাকালে তিনি নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন এবং বক্তব্যের জন্য লজ্জা পাবেন।

আবরার হত্যা : চার আসামিকে হাজিরে বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

0

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২২) নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর আদালত আবরার হত্যা মামলার পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেন। কিন্তু আসামিদের ব্যক্তিগত কোনো সম্পত্তি না থাকায় ক্রোক করা যায়নি। এরপর আদালত আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আজ যে পলাতক আসামিদের আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে তারা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার পাকপাড়ার বাসিন্দা ডা. মো. আব্দুল জলিল মণ্ডলের ছেলে বুয়েটের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মুহাম্মাদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান (২২), নিলফামারী জেলার সৈয়দপুর থানার নেয়ামতপুর মুন্সিপাড়ার আবু মো. কাউছার ওরফে পিন্টুর ছেলে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র এহতেশামুল রাব্বি ওরফে তানিম (২০), চাঁপাইনাবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজী গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মোর্শেদ অমত্য ইসলাম (২২) ও দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উত্তর বালু বাড়ীর ছায়েদুল হকের ছেলে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র মুজতবা রাফিদ (২১)।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন বেদম মারধর করে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের বিবৃতি

0

মার্কিন হামলায় ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলায়মানির নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস। সেখানে এ হামলাকে বর্বরোচিত এবং কাসেম সোলায়মানিকে শহীদ বলে উল্লেখ করা হয়। পবিত্র কুরআনের আয়াতসহ বাংলাদেশের জনগণকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছে দূতাবাস।

বিবৃতিতে সুরা আহযাবের ২৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে-

مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
[الأحزاب: 23]

‘মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা পূরণ করেছে, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। সুরা আহযাব, আয়াত-২৩)’

বাংলাদেশের মানুষকে ‘বীর জনগণ’ সম্বোধন করে বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঢাকাস্থ দূতাবাস ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইরানের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে ইসলামের জন্য নিবেদিতপ্রাণ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের নির্মুল অভিযানের অক্লান্ত সৈনিক, ইসলামের বীর সেপাহসালার শহীদ জেনারেল কাসেম সোলায়মানির বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেনারেল সোলায়মানি শুধুমাত্র ইরানি জনগণের নয়; বরং তিনি বিশ্বের সকল মুসলমান এবং নিপীড়িত ও বঞ্চিত মানুষের মর্যাদা ও গর্বের প্রতীক হয়ে উঠেছিলেন।

মার্কিনীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের লেলিহান শিখা ছড়িয়ে দিতে অত্যন্ত বর্বরোচিত হামলার মাধ্যমে ইরানের কুদস ব্রিগেডের এই স্বনামধন্য কমান্ডারকে শহীদ করেছে। তারা এই জঘন্য অপরাধের মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক রীতি-নীতি পদদলিত করেছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করতে চেয়েছে। তবে এই জঘন্য অপরাধের নির্বোধ হোতারা যেন মনে রাখে যে, তারা তাদের অপরাধের দাঁতভাঙা জবাব পাবে।

জেনারেল সোলায়মানির শাহাদাতের ঘটনা আবারো এ কথা প্রমাণ করলো যে, যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর কাছে সর্বাধিক ঘৃণ্য রাষ্ট্র ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীকে পরিণত। হোয়াইট হাউজ ও পেন্টাগনের কর্মকর্তাদের জেনে রাখা উচিত যে, গুণ্ডামী ও সীমালঙ্ঘনের যুগ শেষ হয়ে গেছে এবং যারা জেনারেল সোলায়মানির মত স্বাধীনচেতা ব্যক্তি ও অন্যান্য শহীদদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে তাদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে।

শহীদ জেনারেল কাসেম সোলায়মানি ইসরাইল, আল-কায়দা ও আইএস জঙ্গিদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন। তিনি ইরাক ও সিরিয়াকে আইএসের মত রক্তপিপাসু জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর একমাত্র অপরাধ ছিল, তিনি যুক্তরাষ্ট্রের লালিত জঙ্গিগোষ্ঠী আইএস নির্মুলে আপসহীন ভূমিকা পালন করেছেন। তাই যুক্তরাষ্ট্র তাকে পথের কাঁটা মনে করেছিল। এতে কোনো সন্দেহ নেই যে, এই মহান শহীদের পবিত্র রক্ত প্রতিরোধ সংগ্রামকে আগের চেয়ে বেগবান করবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী নীতিকে অকার্যকর করতে সাহায্য করবে।

জেনারেল কাসেম সোলায়মানি তাঁর পুরো বরকতময় জীবন আল্লাহর রাস্তায় জিহাদে নিবেদিত করেছেন। নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও সংগ্রামের জন্য শাহাদাতের উচ্চমর্যাদা তাঁর প্রাপ্য ছিল।

এই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে শহীদ জেনারেল সোলায়মানি ও শহীদ আবু মাহদি আল মুহান্দিসের নাম ও স্মৃতি অনন্তকাল বিশ্বের স্বাধীনচেতা মানুষের মনে অমর হয়ে থাকবে। আর এই অপরাধের যারা হোতা তারা চিরদিন ইতিহাসে ধিকৃত হয়ে থাকবে।

বিবৃতির শেষে সুরা শোয়ারার ২২৭ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে-

(وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ (الشعرء: 227

‘জালিমরা শীঘ্রই জানতে পারবে তারা কোন স্থলে প্রত্যাবর্তন করবে। (সুরা শোয়ারা, আয়াত-২২৭)’

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) পলাতক ১১ আসা‌মির বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা জা‌রির নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভি‌যো‌গে এ প‌রোয়ানা জা‌রি করা হয়।

আজ রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কা‌য়েশ এ আদেশ দেন। পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন জমা দিতে ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও সাবেক ফারমার্স ব্যাংকের সাবেক এমডি একেএম শামীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, সাভারের শ্রীমতি সান্ত্রী রায় (সিমি), শ্রী রনজিৎ চন্দ্র সাহা ও মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী)। আসা‌মিদের ম‌ধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) অন্য মামলায় কারাগা‌রে আছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা প্রভাব বিস্তার করে অবৈধভাবে ভুয়া ঋণ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন ও বিভিন্ন পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করে অর্জিত অপরাধলব্ধ আয় উত্তোলন, স্থানান্তর ও নিজেদের ভোগদখলে রেখে অবৈধ প্রকৃতি উৎস অবস্থান গোপন করে পাচার করেছেন বা পাচারের ষড়যন্ত্রে সংঘবদ্ধভাবে সম্পৃক্ত থেকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

‘পুলিশের দায়িত্বশীল ভূমিকা মানুষের প্রশংসা পেয়েছে’

0

‘গণতন্ত্রের উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের দায়িত্বশীল ভূমিকা মানুষের প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে।’

আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে এগুলো মোকাবিলা করছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয। এটা শুধু আমাদের দেশে নয়, বিদেশেও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে।’ তিনি জাতীয় সম্পদ রক্ষা করার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, বিএনপির সন্ত্রাসীরা যখন অগ্নিসন্ত্রাস করেছে, তখন তাদের হাতে ২৯ জন পুলিশ নিহত হয়েছিলেন। এ সময় পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে জনগণের জানমাল রক্ষা করেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমাদের দেশে এই বিনিয়োগ সন্ত্রাসের কারণে কোনোক্রমেই যেন ব্যাহত না হয় সেদিকে পুলিশকে ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগ এবং পুলিশের শহীদ হওয়ার ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এর উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, পুলিশ জনগণের সেবক। বাংলাদেশের পুলিশ ইতোমধ্যেই জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছে। এখন ৯৯৯-এ ফোন করলেই পুলিশ দ্রুত ছুটে গিয়ে সেখানকার সমস্যার সমাধান করছেন। এতে জনগণ অত্যন্ত উপকৃত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন। এই পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কোনো ঘুষ এবং দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি । এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এই ঘটনা একটি সততার ইতিহাস সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নির্বাচনের আগে ঢাকায় ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন হওয়ার আগে এ দুটি এলাকায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনের আগ পর্যন্ত ভিজিডি ও ভিজিএফ কার্ড দেওয়া এবং ত্রাণ বিতরণও স্থগিত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণে ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব চিঠি আলাদা আলাদা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে জরুরি পরিস্থিতিতে অনুমতি নিয়ে এসব কাজ করা যাবে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অনুদান, ভিজিডি, কাবিখা, ত্রাণ, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন না করার নির্দেশ রয়েছে। তবে আগের প্রকল্পে অর্থ ছাড় বা অর্থ দেওয়ায় নিতান্ত আবশ্যক হলে জরুরি ভিত্তিতে ইসির সম্মতি নিতে হবে।

এসব কার্যক্রমে ভোটাররা প্রভাবিত হওয়ার আশঙ্কায় বিধিতে ভোটের সময় এসব বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন, চলবে ড্রিমলাইনার

0

দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট পুনরায় চালু করা হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী৷

আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। এবার প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।

ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান প্রমুখ।