Home Blog Page 3243

দাবানলের গ্রাসে ৫০ কোটি বন্যপ্রাণী!

0

দাবানলের আগুনে দাউদাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে গেছে প্রায় কয়েক লক্ষ একর জমি। ভস্মীভূত হয়েছে প্রায় দু’শরও বেশি বাড়ি। কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বুধবারই দেশের বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির জেরে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। এর মাঝেই জানা গেল এই ভয়াবহ দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যপ্রাণীদেরও। মৃত্যু হয়েছে প্রায় ৫০ কোটি জন্তুর।

এক আন্তর্জাতিক সংস্থা গত বৃহস্পতিবারই এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদদের দেওয়া তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে এ যাবৎকাল প্রায় ৫০ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপের মৃত্যু হয়েছে দাবানলে ঝলসে গিয়ে। যার সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

সেই তথ্য থেকেই জানা গেছে, দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় হাজার হাজার কোয়েলা। প্রায় বিলুপ্তির তালিকায় থাকা এই প্রজাতির বেশিরভাগেরই বাস ছিল অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। যা বর্তমানে দাবানলে ছারখার হয়ে গিয়েছে। মূলত, নিউ সাউথ ওয়েলসের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়েলার মৃত্যু হয়েছে। যা এই অঞ্চলের কোয়েলা-সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং একাধিক ছবিতেও দেখা গিয়েছে যে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে ক্যাঙারুরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্নস্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গিয়েছে। কাকাতুয়া-সহ অন্য অনেক পাখির মৃতদেহও গাছের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিধ্বংসী দাবানল থেকে বাঁচতে যেসব কৃষক আগুন থেকে বাঁচার জন্য অন্য স্থানে আশ্রয় নিয়েছিলেন, পরে বাড়ি ফিরে তাঁরা দেখেন পুড়ে ছাই হয়ে গিয়েছে ফসলি জমি এবং গৃহপালিত প্রাণীরা।

পরিবেশ সংরক্ষণ পরিষদের পরিবেশবিদ মার্ক গ্রাহাম জানান, দাবানলের জেরে সৃষ্টি হওয়া তীব্র গরম এবং দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ঝলসে মারা গিয়েছে অসংখ্য প্রাণী। বিশাল এলাকা এখনও জ্বলছে। যাতে ভবিষ্যতে মৃত বন্যপ্রাণীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান

0

ইরানের জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামিনি ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। সেনাবাহিনীর (ইসলামিক রেভলুশনারি গার্ডস বা আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফও এক বিবৃতিতে কড়া জবাব দেওয়া কথা জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার জন্য কতটা সক্ষমতা আছে ইরানের সামরিক বাহিনীর?

যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে, প্রায় পাঁচ লাখ ২৩ হাজার সক্রিয় সদস্য আছে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্তরে। এর মধ্যে তিন লাখ ৫০ হাজার নিয়মিত আর্মি আর কমপক্ষে এক লাখ পঞ্চাশ হাজার ইসলামিক রিভলিউশানারি গার্ড কর্পস বা আইআরজিসি। এছাড়া আরো বিশ হাজার আছে আইআরজিসির নৌ বাহিনীতে। তারা হরমুজ প্রণালীতে আর্মড পেট্রল বোট পরিচালনা করে। আইআরজিসি বাসিজ ইউনিটও নিয়ন্ত্রণ করে যারা মূলত স্বেচ্ছাসেবী ফোর্স। মূলত অভ্যন্তরীণ অসন্তোষ মোকাবিলায় তারা কাজ করে। তারা দ্রুত হাজার হাজার মানুষকে জমায়েত করতে পারে।

আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল ৪০ বছর আগে যা পরে বড় মিলিটারি, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। এটাকে ইরানর সবচেয়ে প্রভাবশালী ফোর্স বলে মনে করা হয়।

কুদস ফোর্স যার নেতৃত্বে ছিলেন জেনারেল সোলাইমানি, সেটি বিদেশে অনেক গোপন অভিযান পরিচালনা করে এবং তারা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে জবাবদিহি করে। এই ইউনিটকেই সিরিয়াতে মোতায়েন করা হয়েছিল যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সশস্ত্র শিয়া মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করেছে। ইরাকে তারা শিয়া নিয়ন্ত্রিত একটি প্যারা মিলিটারি ফোর্সকে সমর্থন করতো যারা ইসলামিক স্টেট গ্রুপের পরাজয়ে সহায়তা করেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে কুদস ফোর্স অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও উপকরণ দিয়েছে এমন সংগঠনকে যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে মনে করে। এর মধ্যে লেবাননের হিজবোল্লাহ আন্দোলন এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদও রয়েছে।

অর্থনৈতিক সমস্যা ও অবরোধ ইরানের অস্ত্র আমদানিকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশটির প্রতিরক্ষা খাতে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদির আরবের মোট সামরিক আমদানির তিন দশমিক পাঁচ শতাংশ মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে এবং এর পরেই আছে চীনের অবস্থান।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে, দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। তারা আরো বলছে, ইরান স্পেস টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যাতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরান স্থগিত করেছিল ২০১৫ সালের পরমাণু চুক্তির পর, বলছে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট। তবে তারা এও বলছে যে এটি আবার শুরু হয়ে যেতে পারে ওই চুক্তির অনিশ্চয়তার কারণে।

অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক টার্গেট ইরানের স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতাতেই আছে, বিশেষ করে ইসরায়েলে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো। এছাড়া আরো প্রমাণ আছে যে তেহরানের আঞ্চলিক মিত্ররাও ইরানের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও গাইডেন্স সিস্টেম ব্যবহার করে বিশেষ করে সৌদি আরব, ইসরায়েল ও আরব আমিরাতের টার্গেটগুলোর ক্ষেত্রে।

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করে মধ্যপ্রাচ্যে যা ইরানের সাথে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর মানে হলো পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও অগ্রবর্তী এয়ারক্রাফট।

এদিকে, কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ২০১৬ সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। ২০১৯ সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে তারা এই অভিযোগে যে ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর বাইরে তারা ড্রোন প্রযুক্তি তাদের মিত্রদের কাছেও স্থানান্তর বা বিক্রিও করেছে।

ইরানের সাইবার আক্রমণের সক্ষমতাও রয়েছে। ২০১০ সালে ইরানের পরমাণু কর্মসূচির ওপর বড় ধরনের সাইবার অ্যাটাকের পর তারা সাইবার স্পেস সক্ষমতায় জোর দেয়। আইআরজিসিরি নিজস্ব সাইবার কমান্ড আছে বলে মনে করা হয়।

সূত্র: বিবিসি বাংলা।

দাবানলে ক্ষতিগ্রস্তদের তোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

0

গত কয়েক দিনে দাবানল ভয়ঙ্কর আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ায়। দাউদাউ করে জ্বলছে দেশটির পাঁচটি প্রদেশ। হাজারেরও বেশি ঘর-বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। স্তন্যপায়ী, সরীসৃপ মিলিয়ে বন্যপ্রাণী মারা গেছে অন্তত ১২ কোটি। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপর এসে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন মরিসন। ইডিয়ট বলে তাকে তাড়িয়ে দিলেন ক্ষতিগ্রস্তরা।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদরাও। অথচ গত কয়েক দিনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার সময় পাননি স্কট মরিসন। বরং সপরিবারে হাওয়াইয়ে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। তারপর সমালোচনার মুখে পড়ে ফিরে এলেও, সঙ্গে সঙ্গে দুর্গতদের কাছে ছুটে যাননি তিনি। বর্ষবরণের রাতে সিডনি হারবারে আতসবাজি দেখে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের কোবারগোয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই সাধারণ মানুষের তোপের মুখে পড়েন তিনি। গাড়ি থেকে নামতে দেখেই মুখ ফিরিয়ে নেন অনেকে। হাত ছাড়িয়ে চলে যান কেউ কেউ। মরিসনকে লক্ষ্য করে কটূক্তিও উড়ে আসতে শুরু করে।

মরিসনের ওপর ক্ষোভে ফেটে পড়েন এক ব্যক্তি। তিনি বলেন, ‘আপনি একটা ইডিয়ট। এখন কী করতে এসেছেন? এখানে আর ভোট পাবেন না।’ স্থানীয় এক নারী বলেন, বন্যা হোক বা দাবানল, আমাদের কথা কেউ মনে রাখে না। যান গিয়ে আতসবাজি দেখুন।

তবে এসব তিনি গায়ে মাখেননি। স্কট মরিসন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কষ্টে আছেন তারা। রাগে আমাকেই কথা শুনিয়ে দিয়েছেন। তবে আমি কিছু মনে করিনি। তাদের মনের অবস্থা বুঝতে পেরেছি। তাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব।

রাজনীতিতে বিভেদের দেয়াল তৈরি করেছিল বিএনপি : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আজ একটা অলঙ্ঘনীয় দেয়াল উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এই দেয়াল আমাদের কর্ম সম্পর্কের পথে গণতান্ত্রিক রাজনীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাজনীতিতে বিভেদের দেয়াল সৃষ্টি করেছিল বিএনপি

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জাতীয় পার্টি (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও গণতন্ত্রের বিকাশে অপরিহার্য শক্তি। বিরোধী দলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের ওপর বিভিন্ন সময়ে আঘাত আসার পরও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে বারবার আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু বিএনপির অসহযোগিতার কারণে সেই সম্পর্ক আরো খারাপ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিকরা এখন সামাজিক অনুষ্ঠান এবং মৃত্যুর সংবাদ শুনেও সেখানে যেতে অনীহা প্রকাশ করেন। এটি রাজনীতি ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এ অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও শক্তিশালী করতে হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র কল্পনাও করা যায় না। এটা আমাদের বিশ্বাস করতে হবে। যা আমরা বিশ্বাস করি তা পালন করি না। এটাও বাংলাদেশের রাজনীতির আরেক বাস্তবতা।

তিনি আরো বলেন, ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। কারা তখন ক্ষমতায়, কারা প্লানার, কারা মাস্টারমাইন্ড, সবাই তা জানে। তারপরও এই অলঙ্ঘনীয় দেয়াল কীভাবে ভাঙবো। আমাদের চেষ্টার কমতি ছিলো না। এতোকিছুর পরও খালেদা জিয়ার সন্তানের মৃত্যুর পর শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়েছিলো। ২০১৪ সালের আগে শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন খালেদা জিয়াকে। তিনি ঘৃণাভরে গালাগাল করে যে ভাষা প্রয়োগ করেছিলেন আপনার কি তা শোনেননি?

জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী উদ্যান

0

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেইটের আশপাশ এলাকায় বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। বেলা এগারোটার দিকে গেইট খোলা হলে দলে দলে মুহুর্মুহু জয় বাংলা স্লোগানে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হাজার নেতাকর্মী। বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানেত আশপাশ এলাকা ঘুরে এইসব চিত্র চোখে পড়ে। ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীর আয়োজন করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় ভিড় জমাতে থাকে দেশের নানা প্রান্ত থেকে আসা তৃণমূলের নেতাকর্মীরা। কারো মাথায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সম্বলিত টুপি, পরনে সাদা টি-শার্ট। অপেক্ষা অনুষ্ঠানস্থলের গেইট খোলার। বেলা এগারোটার দিকে গেইট খুলে আগত নেতাকর্মীরা একে একে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, দোয়েল চত্ত্বর এলাকা এসব চিত্র চোখে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকালে থেকে একে একে আসতে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা। ফলে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই বিষয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের কর্মী আরিফ হোসনে কালের কণ্ঠকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের জন্যই অত্যন্ত আনন্দের। এটা আমাদের জন্য উৎসব। উৎসবে অংশ নিতে এসেছি। একইসঙ্গে আপা (শেখ হাসিনা) আমাদের দিক-নির্দেশনা দেবেন। যা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

নীলফামারি থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে অংশ নিতে এসেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সরাসরি কখনো দেখিনি। আজকে দেখতে পারবো। এজন্য আলাদা ভালোলাগা কাজ করছে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হতে নিয়েছে ছাত্রলীগ। ৪ জানুয়ারি সকাল সাড়ে ছয়টায় সকল সাংগঠনিক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সাতটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়াও ৬ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৭ জানুয়ারি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১১টি সাংগঠনিক জেলার সাবেক বর্তমান নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাদের নির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উৎসবমুখর করতে আগেই প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ। এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হয় কেক।

গত এক বছরে ৫২২৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

0

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন, যা ২০১৮ সালে ছিল ৪ হাজার ৪৩৯ জন বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আয়োজিত ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

সড়ক দুর্ঘটনা রোধ করতে সরকার এবং আমাদের সবার একযোগে এগিয়ে আসতে হবে মন্তব্য করে অনুষ্ঠানে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৮ সালে ৩১০৩টি সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ছিল ৪৪৩৯ জন।

তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৭৮৮ জন বেশি। আর সড়ক দুর্ঘটনার সংখ্যা ১৫৯৯টিরও বেশি। যা আগের বছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেড়েছে।

১১টি জাতীয় দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল, ও শাখা সংগঠনের রিপোর্ট অনুযায়ী এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিসচা।

সড়ক পরিবহন আইন ২০১৮ নিয়ে কিছু কুচক্রী মহল জনসাধারণ ও চালকদের মাঝে ভীতির সঞ্চার করছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আসলে এই আইনটি কোন জেল-জরিমানার জন্য নয়, এই আইনটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য করা হয়েছে। সকলেই যদি আইন মেনে চলে তবে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, যেখানে জেল-জরিমানার কথাই আসে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা ছেলের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসানুল হক কামালসহ নিসচা সংগঠনের নেতৃবৃন্দ।

মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশি আটক

0

বছরের প্রথম দুই দিনে মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশিসহ ৪৭৪ প্রবাসী অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশের অভিবাসন বিভাগ।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশি অবৈধ কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ ছিল। এরপর ১ জানুয়ারি থেকে পূর্বঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ১২৪টি অভিযান চালিয়ে এই অবৈধ কর্মীদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়া সরকার গত বছর ১ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দিয়েছিল। এর পরেও যারা মালয়েশিয়ায় রয়ে গেছেন, তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন পুলিশ।

আড়াই কেজি স্বর্ণসহ বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক

0

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শনিবার সকালে তাদের স্বর্ণসহ আটক করা হয় বলে জানা গেছে।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

0

রাজধানীর পল্লবীর কালশীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মিরপুরের কালশীতে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।