Home Blog Page 3250

মেয়র হলে ৯০ দিনে মৌলিক সেবা নিশ্চিত করা হবে

0

আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যে নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা হবে।

আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তার একথা বলেন।

ব্যারিস্টার তাপস বলেন, আমাদের তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। আমি লক্ষ্য করেছি ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার সুবিধা নেই। এটা আমাদেরকে করতে হবে। এটা একটা দীর্ঘ মেয়াদী কার্যক্রম। আমরা ত্রিশ বছর মেয়াদী মহাপরিকল্পনা করবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নের পরিকল্পনা এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, প্রথম ৯০ দিনে মৌলিক সেবাগুলো নিশ্চিত করবো।

ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হিসেবে তিনি নতুন মুখ এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, যদিও এই সিটি করপোরেশন নির্বাচনে আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন এমপি হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মাঝে উন্নয়নের কাজ করেছি।

ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেয়ার জন্য কাজ করবেন বলে জানান ফজলে নূর তাপস।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইনকাল ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।

ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

পুরনো সব ফাইলের কাজ শেষ করে নতুন বছর শুরু প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও পুরাতন বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন।

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বুধবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’

‘টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরানো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তাঁর কাছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরাতন বছরের সব কাজ শেষ করেছেন।’

‘হঠাৎ সরকার পতনের’ বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় : তথ্যমন্ত্রী

0

‘হঠাৎ করে সরকারের পতন হবে’ বিএনপি নেত্রী সেলিমা রহমানের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেলিমা রহমানের এই বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’

আজ বুধবার সচিবালয়ে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমানের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সেলিমা রহমান তথা বিএনপির মুখে ধরনের কথা আমরা গত ১১ বছর ধরে শুনে আসছি। সরকারের পতন করার একটি পথ, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন জনগণ যদি আমাদেরকে সমর্থন না জানায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকব না। অন্য কোন পথ নেই যে পথে সরকার পতন করানো যাবে।

তথ্যমন্ত্রী বলেন, যদিও বিএনপি সরকার পতনের জন্য নানা পথকে বিশ্বাস করে। তারা রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেলিমা রহমানের এই বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

অতীতের মতো আর কোনো ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে তিনি বলেন, সরকারকে বিদায় দেওয়ার একটি মাত্র পথ সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। নচেৎ অন্য কোন পথ এখানে প্রয়োগের সুযোগ নেই।

সুষ্ঠু ভোট আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

0

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে লেভেল সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন।

এগুলো হলো- আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। দুই সিটিতে ১৪ মেয়র প্রার্থীসহ ১ হাজার ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের মুজিববর্ষ পালনের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গতকাল বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে লেখা এক পত্রে স্বাগতিক দেশের সরকার, সুশীলসমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে মুজিববর্ষ পালন করার নির্দেশনা দেন।

ড. মোমেন বলেন, মুজিববর্ষ পালন আমাদের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জাতি হিসেবে আমাদের পরিচয়, বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন।

পররাষ্ট্রমন্ত্রী মুজিববর্ষকে সাম্প্রতিককালে বাংলাদেশের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি বিরাট সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বিশ্বের সকল দেশের সরকার, ব্যবসায়ী মহল, সুশীলসমাজ এবং জনগণের কাছে বাংলাদেশের সাফল্যসমূহ তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরো সক্রিয় ভূমিকা রাখতে বাংলাদেশের বৈদেশিক মিশনগুলোকে নির্দেশনা দেন।

ড. মোমেন উল্লেখ করেন, বর্তমান বছরে আমাদের প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশ এবং অচিরেই বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১০ শতাংশের কোঠা স্পর্শ করবে বলে আমরা নিশ্চিত। গত একদশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ এবং বর্তমানে তা প্রায় দুই হাজার ডলার। বর্তমানে আমাদের জিডিপি ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০০৯ সালে ছিল মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে আজ ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলারের উর্ধ্বে। গত দেড় দশকে বিনিয়োগ-জিডিপির শতকরা হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৩১.৫ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে বেসরকারি খাতে বিনিয়োগ ৫ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৭১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য।

কারওয়ান বাজারে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0

রাজধানীর কারওয়ান বাজারের একটি বহুতল ভবনের ১০ম তলায় থাই গ্লাসের কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুমন (২২)।

আজ বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

নিহত সুমনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংস্থ নাসিরের থাই ওয়ার্কশপে কাজ করতেন।

এশিয়া ব্যাংক ভবনের ১০ম তলার থাই গ্লাসের কাজ করার সময় সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যান তিনি।

নিহত সুমনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সুপ্রিম কোর্ট খুলছে কাল

0

আজ ১ জানুয়ারি (বুধবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

তবে ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামান বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৪ ও ৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ৮টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে এ ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়। এসব বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদীর শুনানি ও নিষ্পত্তি হয়।

‘নতুন বছরে ৫-৬ লাখ মামলা নিষ্পত্তির আশা’

0

‘নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৫-৬ লাখ মামলা কমানো। বিচারিক প্রোগ্রাম, আদালতের লোকবল প্রস্তুত করে আমরা সেইভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব নয়।’

আজ বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে বলেই মামলা বাড়ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের এই বছর লক্ষ্য থাকবে অন্তত পক্ষে ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। আমরা সেইভাবে বিচারিক যে প্রোগ্রাম, আদালতের লোকবল সেই ভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব নয়।’

আনিসুল হক বলেন, আমরা একটি সিস্টেম চালু করেছি। সেটি হচ্ছে জাস্টিস অডিট। প্রত্যেক তিন বছরে আমরা একটি হিসাব নিই। শুধু যে মামলা তা নয়। কী প্রকার মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে- সেসব বিষয়ে একটি ধারণা নেওয়া হয়।

আইনমন্ত্রী আরো বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে নিশ্চয়ই আরো জোরদার করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনো জনগনের কাছে তেমনভাবে পরিচিত নয়। সেই ক্ষেত্রে যেসব ফৌজদারি মামলা আপোষযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেন, কোর্টের বাইরে মীমাংসা করে দেন।

প্রয়াত সাব‌েক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীর প্রথম জানাজা সম্পন্ন

0

প্রয়াত সাব‌েক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর স্টেট গেস্ট হাউস পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। তারপর সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

মোয়াজ্জেম আলীর সম্মানে রাখা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, তিনি একজন মহান ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অবিস্মরণীয়।

গত সোমবার সৈয়দ মুয়াজ্জেম (৭৫) বার্ধক্যজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। হাইকমিশনার হিসেবে ভারতে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ করে নয়াদিল্লি চলে আসার কয়েকদিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

তাঁর নামাজে জানাযায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী,
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সদ্য বিদায়ী পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার রীভা দাশ গাঙ্গুলি।

মেট্রোরেলের লাইন বসানোর কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

0

দেশের প্রথম মেট্রোরেলের লাইনের (এমআরটি-৬) ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের উত্তরা ডিপোতে এ কাজের ফলক উন্মোচন করেন মন্ত্রী। এ সময় সেতু সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০ দশমিক ১০ কিলোমিটার এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই লোকজন যাতায়াত করতে পারবে।

প্রকল্প বিবরণী অনুযায়ী, এমআরটি লাইন- ৬ প্রকল্পের আওতায় সিপি-০৩ প্যাকেজটি হলো উত্তরা-উত্তর থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের জন্য আর সিপি-০৪ হলো পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের জন্য।

এমআরটি লাইন- ৬ হচ্ছে এলিভেটেড মেট্রোরেল সিস্টেম। রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত এ মেট্রোরেল ১৬টি স্টেশনে থামবে। দ্রুতগতির এ মেট্রোরেল প্রতি চার মিনিট পরপর একটি স্টেশনে থামবে এবং প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১৬ হাজার ৬০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে। বাকি প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হচ্ছে।

উত্তরা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের প্রকল্পটি ২০.১ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে উত্তরা-উত্তর, উত্তরা-সেন্টার, উত্তরা-দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, শাহবাগ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদালয় দোয়েলচত্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেড়িয়াম, মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে ১৬টি স্টেশন থাকবে।