Home Blog Page 3251

চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি, সারাদেশের তাপমাত্রা কমার সম্ভাবনা

0

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা বাদে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে ‘জেএমবি সদস্য’ আটক

0

রাজধানীর খিলগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। আটক ওই ব্যক্তির নাম মো. জোবাইদুল ইসলাম (৩৫)। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কিসামত মাদাতী (ভোটমারী) এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জোবাইদুল ইসলাম। তিনি স্থানীয় মাদ্রাসায় দাখিল এবং কামিল পাস করেন। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেটে এলএলবি এবং কামিল পড়াশোনা শুরু করেন। স্থান ও সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকায় লেখাপড়া চলাকালে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে আসেন জোবাইদুল। তিনি জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করে আসছিলেন। এ জন্য তিনি ঢাকা, গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে গমন করেন। নিজের সংগঠনের কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছেন জোবাইদুল।

বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর

0

বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকা। বিস্ফোরণে এখন পর্যন্ত একজন সাধারণ মানুষ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যদিও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সীমান্ত সংলগ্ন পুঞ্চ সেক্টরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী এবং পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিস্ফোরণের পর থেকেই বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চালানো হচ্ছে তল্লাশি অভিযান।

আজ বর্ষশেষের রাত। সারা ভারত মেতে আছে উৎসবে। এই সময়কে পাখির চোখ করতে পারে পাকিস্তানি জঙ্গিরা বলে আগেই সেনাবাহিনীকে সতর্ক করা হয়। সে অনুসারে সীমান্তে কড়া নজর রাখছে সেনা-জওয়ানরা।

ব্যাপক ঠান্ডার মধ্যেই চলছে নজরদারি। এরই মধ্যেই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর। বিস্ফোরণের তীব্রতা তেমনটা না থাকায় বড়সড় ঘটনা এড়ানো গেছে বলেই বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে।

তবে ঘটনার পরই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। আর কোথাও জঙ্গিরা কোনো ল্যান্ডমাইন পুঁতে রেখেছে কিনা, সেটাও দেখা হচ্ছে। একই সঙ্গে জঙ্গিরা কোনো জায়গায় লুকিয়ে রয়েছে কিনা সেটা জানতে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

২০২০ সালকে সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

0

আন্তর্জাতিক সময় অনুযায়ী ২০২০ সালকে সবার আগে স্বাগত জানানোর সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। আতশবাজি আর হাজারো আলোকছটায় রাতের আকাশকে সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সেখানকার মানুষ। এর কিছুক্ষণ পরই ২০২০-কে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যেই আতশবাজি, নাচ, গান আর শ্যাম্পেন ওড়ানোর মধ্য দিয়ে ২০২০ সালকে বরণ অর্থাৎ নতুন এক দশকে পদার্পণের উদযাপন শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।

আতশবাজি প্রদর্শনের মাধ্যমে অস্ট্রেলিয়ার সিডনি শহরের হারবার ব্রিজেও শুরু হয়ে গেছে নববর্ষ উদযাপন। কিন্তু সেই হারবার ব্রিজের পাশেই ভয়াবহ দাবানলে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর আতঙ্কিত হাজারও বাসিন্দা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ছুটছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলসহ দেশটির অনেক শহরে আতশবাজিতে বর্ষবরণ বাতিল করা হয়েছে। ভয়াবহ দাবানল থেকে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতে গিয়ে শুয়ে পড়েছেন। এদিকে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের কারণে হংকং সরকারও ভিক্টোরিয়া হারবারে তাদের জনপ্রিয় বর্ষবরণের আয়োজন বাতিল করেছে।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভরত ভারতের হাজার হাজার মানুষ বর্ষবরণের রাতকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে নতুন বছর তথা নয়া দশককে স্বাগত জানানোর পরিকল্পনা করছেন। ভারতের কট্টরপন্থী সরকার মুসলিম বিরোধী আইন পাস করে বিক্ষোভ উসকে দেয়ায় ফিকে হয়ে গেছে এবারের বর্ষবরণ আয়োজন।

অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষ

ভয়াবহ দাবানলে হাজার হাজার মানুষ যখন ছোটাছুটি করলেও আতশবাজি প্রদর্শন বাতিল করার আহ্বানে সাড়া না দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ঠিকই উজ্জ্বল হয়েছে কৃত্রিম আলোয়। সিডনির মেয়র উৎসব শুরুর আগে বলেন, ‘আমরা আশা করছি, আজ রাতে হারবারে লাখ লাখ মানুষের উপস্থিতিসহ বিশ্বের শত কোটি মানুষের নজর থাকবে সিডনিতে।’

অস্ট্রেলিয়ার শহরগুলোতে আটকে পড়া অনেকেই রক্তবর্ণা আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সমুদ্র সৈকতের কাছাকাছি থাকা একজনের ছবিতে অসংখ্য মানুষকে বালির মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে; এদের মধ্যে কারও কারও মুখে গ্যাস মাস্ক দেখা যাচ্ছে।

অক্টোবরে শুরু হওয়া দাবানল এখন অস্ট্রেলিয়ার চারটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সোমবার দুজনসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১তে। পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীসহ যুক্তরাষ্ট্র ও কানাডার দমকল কর্মীদেরও সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। দাবানলে অক্টোবর থেকে অনেক শহর ও গ্রাম বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন।

আতশবাজি বাতিল না করা এবং আগুনে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তহবিল জমা না দেয়ার সিদ্ধান্তের পক্ষ নিয়ে সিডনির মেয়র মুর বলেন, ‘পরিকল্পনা শুরু হয়েছিল ১৫ মাস আগে এবং বেশিরভাগ বাজেট ইতোমধ্যে বরাদ্দ হয়ে গেছে। তাছাড়া নিউ সাউথ ওয়েলসের অর্থনীতিতেও এর প্রভাব আছে।’ তবে অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক অস্ট্রেলিয়ান লিখেছেন, ‘দেশের অর্ধেক যখন দাবানলে পুড়ছে তখন সিডনি কীভাবে রাতজুড়ে জমকালো আয়োজন আর আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানানোর ব্যাপারে অটল থাকতে পারে। এটা খুবই আশ্চর্যজনক।’ তার মতো এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই।

দায়িত্ব গ্রহণ করেই পাকিস্তানকে হুমকি দিলেন ভারতের নতুন সেনাপ্রধান

0

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানকে ইঙ্গিত করে হুমকি প্রদান করেছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান এম এম নারাভানি। তিনি বলেন, ভারত জঙ্গিবাদের শিকড়ে হামলা করার ক্ষমতা রাখে। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

এম এম নারাভানি বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা আছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।’

সেনা প্রধান আরও বলেন, ‘আমার প্রথম কাজ হবে বাহিনীকে এমন ভাবে প্রস্তুত করা যাতে যে কোনো শত্রুকে সহজেই দমন করা সম্ভব হয়।’

এম এম নারাভানি গত সেপ্টেম্বরে সেনাবাহিনীর উপ-প্রধান পদে যোগ দিয়েছিলেন। সে সময় তিনি বর্তমান প্রতিরক্ষা বাহিনীর (তিন বাহিনী) প্রধান বিপিন রাওয়াতের ডেপুটি ছিলেন। এর আগে তিনি ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন। ইস্টার্ন কমান্ড অন্তত ৪০০০ কিলোমিটার দীর্ঘ ইন্দো-চিন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন নাহিদা

0

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনিই হবেন মধ্যপ্রাচ্য অঞ্চলে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত।

নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। বর্ণাঢ্য কূটনীতিক জীবনে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী নাহিদা নেদারল্যান্ডের হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’ থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডিমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফরাসি, ইংরেজি ও বাংলায় পারদর্শি। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিবকে বিএফএসএ-এর অভিনন্দন

0

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে তার প্রথম কর্মদিবসে অভিনন্দন জ্ঞাপন করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন (বিএফএসএ)।

আজ মঙ্গলবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে অভিনন্দন জ্ঞাপন করেন বিএফএসএ -এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএফএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ মাহমুদ খন্দকার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাস্তগীর এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অভিনন্দন জ্ঞাপনকালে নব নিযুক্ত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব পালনকালে বিএফএসএ-এর পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করা হয়।

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

0

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে এ রাতে যাতে কোনো ধরনের বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে (র‌্যাব)।

তিনি বলেন, এ ধরনের দিবস কিংবা অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে ফেক নিউজ, মিথ্যা খবর ও গুজব ছড়ানো হয়। সম্মানহানিকর তথ্য প্রচার হয়। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই উন্মুক্ত বা খোলা জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে না। কারণ, উন্মুক্ত স্থানের নিরাপত্তা বিধান করা একটু কঠিন। এবারও উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান, নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি থাকছে না। এমনকি ইনডোরে কেউ কোনো অনুষ্ঠান করতে চাইলেও তাদের পুলিশকে অবহিত করতে হবে। সেখানে পুলিশ নিরাপত্তা বিধান করবে।

ডিএমপি সূত্রে জানা যায়, নববর্ষ উদযাপনকালে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব করা যাবে না। এছাড়া কোথাও কোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর স্টিকার ও পরিচয়পত্র ছাড়া বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। মাদক সেবনের বৈধতা ছাড়া কাউকে যেন পাঁচ তারকা হোটেলে অ্যালাও না করা হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে কোন ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

এবার মাদক সেবন করে কেউ বেপরোয়াভাবে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি।

গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলি ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে, নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না, তাদের ওইসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

এবার রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশি মিশনসমূহকে আরো প্রবাসীবান্ধব হতে নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বিদেশস্থ বাংলাদেশের মিশন প্রধানদের কাছে লেখা এক পত্রে মিশনসমূহকে আরো প্রবাসীবান্ধব হওয়ার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, মিশনগুলোতে কনস্যুলার সেবা প্রদানে অধিকতর মনোযোগী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখারও নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন কনস্যুলার সেবার মানন্নোয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে মিশনসমূহের যেকোন মতামত বিবেচনা করার আশ্বাস দিয়ে বলেন, ২৪ ঘন্টা হটলাইন, দূতাবাস অ্যাপস, অভিযোগবাক্স স্থাপন, এয়ারপোর্টে সিসিটিভি স্থাপনের মাধ্যমে সেবার মান উন্নীতকরণ ও হয়রানি বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

তবে প্রবাসীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে ত্বরিতবেগে বিবেচনা করার উপর গুরুত্বারোপ করে তিনি পত্রে আরো উল্লেখ করেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ঘোষণা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে স্বাগতিক দেশ কিভাবে সহযোগিতা করতে পারে, তা পরীক্ষা করে সে অনুযায়ী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার জন্যও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরি হলে একদিকে যেমন বিদেশী বিনিয়োগকারীরা তার ফল উপভোগ করবে, একইসঙ্গে আমাদের দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় তাঁর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গঠিত হয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এ প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা করেন।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের উন্নয়নের গতি ধরে রাখতে দক্ষ জনশক্তি গড়ার প্রথম এবং প্রধান পদক্ষেপ শিক্ষিত, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং সামাজিকভাবে সচেতন তরুণ সমাজ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে।

দক্ষ মানবসম্পদ তৈরির অংশ হিসেবে সারাদেশে ৫,৮০০ ডিজিটাল সেন্টার তৈরির মাধ্যমে ৬০০ ধরনের সরকারি সেবা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আজ ৯ কোটির ওপরে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও যোগাযোগ এবং সম্প্রচার ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।

নতুন বছরের অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের। আগামীকাল ১ জানুয়ারি খ্রিস্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২০ বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছরই উদ্যাপিত হতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমরা ২০২০ খ্রিস্টাব্দকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছি।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা। তাই নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের।

শেখ হাসিনা বলেন, নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি।

তিনি বলেন, পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আবাহন করা মানুষের সহজাত ধর্ম। অতীতের সফলতা-ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সময়। গত বছরের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন, সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ২০১৯ ছিল একটি উল্লেখযোগ্য বছর। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের ৫ টি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। পূর্ববর্তী বছরের ধারাবাহিকতা বজায় রেখে গত অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮.১৫ শতাংশ। দেশে দারিদ্র্যের হার ২০.৫ শতাংশে হ্রাস পেয়েছে।

দেশের মানুষের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার দাঁড়িয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। শিক্ষার হার ৭৩.৯ শতাংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছরের বেশি হয়েছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রেখেছি। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা অব্যাহত রয়েছে।