Home Blog Page 3252

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

0

খ্রিস্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আগামীকাল ১ জানুয়ারি খ্রিস্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নববর্ষ ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক এই কামান করে আবদুল হামিদ বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ-খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।

তিনি বলেন, ২০২০ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে। এ জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।

রাষ্ট্রপতি বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন।

তিনি বলেন, খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টাব্দ তাই জাতীয় জীবনে প্রাত্যাহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।

‘বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণহানি বেড়েছে তিনগুন’

0

গত এক বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা তিন গুন বেড়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও আইনি সহায়তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হচ্ছে, ২০১৯ সালে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছে ৩৮ জন বাংলাদেশি। এরমধ্যে ৩৩ জন গুলিতে প্রাণ হারিয়েছে এবং বাকি ৫ জনকে নির্যাতন করে মারা হয়েছে।

এবছর বিএসএফ এর হাতে আহত হয়েছে ৩৯ জন এবং আটক হয়েছে আরো ৩৪ জন। বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে আইন ও সালিশ কেন্দ্র-আসক।

কিন্তু এক বছর আগে অর্থাৎ ২০১৮ সালে সীমান্তে এমন প্রাণহানির সংখ্যা ছিল মাত্র ১৪ জন। সে হিসেবে মাত্র এক বছরের ব্যবধানে প্রাণহানির সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, ‘সীমান্তে হত্যার বিষয়টি এক বছরে প্রচুর বেড়েছে। সীমান্ত রক্ষী বাহিনীরা সীমান্ত পার করছেন এমন কাউকে দেখলেই গুলি করে ফেলছে। এটা বদলাতে হবে।’

তিনি বলেন, দুই দেশের সীমান্তে অভিন্ন পাড়া রয়েছে। যেখানকার মানুষেরা একে পাড়া হিসেবেই দেখে এবং ভারতের বাসিন্দারা বাংলাদেশে আসে আবার বাংলাদেশিরা ভারতে যায়। আত্মীয় স্বজনদের সাথে দেখা করা ছাড়াও জীবিকার সন্ধানেও মানুষ সীমান্ত পারাপার হয়ে থাকে।

‘দু দেশেরই আইন অনুযায়ী, এসব মানুষদের গ্রেপ্তার ও বিচার করার কথা। দুদেশের সরকারি বাহিনীই যদি এটি মেনে চলেন তাহলে দেখা মাত্রই গুলি করার কথা না। কিন্তু সেটা হচ্ছে,’ বলেন তিনি।

এ ধরণের ঘটনাকে মারাত্মক ধরণের মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন আইন ও সালিশ কেন্দ্রের এই নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে এসব বাংলাদেশিদের অবৈধ ব্যবসায়ী বলে উল্লেখ করা হচ্ছে।

শিপা হাফিজ আশঙ্কা করে বলেন যে, ভারতে নতুন যে নাগরিকত্ব আইন করা হয়েছে এর কারণে আরো বেশি মানুষ সীমান্ত পার করতে পারে।

সীমান্ত হত্যা ঠেকাতে এ বিষয়টিও মাথায় রেখে সামনের বছরে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

বিএসএফ-এর গুলিতে ফেলানী খাতুনের হত্যার পর বাংলাদেশের দাবির মুখে ২০১৪ সালে দিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালকদের বৈঠকের পর ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল।

কিন্তু সেটিও ফিকে হয়ে আসছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

তারা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, সীমান্ত চৌকিতে টহল বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক এবং সেসময় নতুন সিদ্ধান্ত মেনে চলার প্রবণতা থাকার কারণে মাঝে একটা সময় সীমান্তে হত্যা কমে এসেছিল।

কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এসব ভুলে যায় বলে হত্যাকাণ্ডের ঘটনা আবার বাড়তে থাকে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বলেন, আমরা ভারতীয়দের গুলি করি না, কিন্তু তারা(বিএসএফ) বাংলাদেশিদের মারে।

তিনি বলেন, বিএসএফ-এ যারা কাজ করে তারা সাধারণত নিজের বাড়ি-ঘর ছেড়ে অনেক দূরে অবস্থান করে। যার কারণে তারা মানসিকভাবে সুখী থাকে না। এ কারণেই তারা ট্রিগার হ্যাপি হয়ে যায়। মানসিকভাবে চাপের মুখে থাকে বলেই এ অবস্থা হয় বলে অনেকে মনে করেন। এটা একটা কারণ।

দ্বিতীয় কারণটি হচ্ছে, বিএসএফ এর এসব সদস্যরা যাদের নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ যারা অধিকর্তা তারাও এদের দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করে না। যার কারণে সীমান্ত হত্যা বেশি ঘটে।

যারা বিএসএফ এর হাতে যারা প্রাণ হারাচ্ছে তাদেরকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, এদের বেশিরভাগই সীমান্ত পার হয়ে গিয়ে গরু বা অন্যান্য ব্যবসা সামগ্রী নিয়ে আসতো।

ফয়েজ আহমেদ বলেন, ‘অনেকে বলে যে এখানে ভাগাভাগির একটা বিষয় থাকে। যদি তাদের খুশি করা যায় তাহলে তারা গোলাগুলি করে না। এর ব্যতিক্রম হলে তখন হয়তো দেখলে গুলি করে এবং লোকজন মারা যায়।’

তবে সীমান্ত হত্যা বন্ধে দুদেশের মধ্যে সমঝোতা হওয়ার পর এই হার কমতে শুরু করেছিল। কিন্তু কখনোই পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানান তিনি।

হত্যা বন্ধে কি করতে হবে?
ফয়েজ আহমদ বলেন, সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের হত্যা থামাতে হলে রাজনৈতিক প্রচেষ্টা ও নিয়ন্ত্রণ দরকার।

তাঁর মতে, সীমান্তে হত্যা বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে হত্যা বন্ধ করতে হলে ভারতের সাথে এ নিয়ে নতুন করে আলোচনা করে তাদের বোঝাতে হবে যে এ ধরণের হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

‘এ বিষয়টি বিরতি দিয়ে নয় বরং মাঝে মাঝেই আমাদের বন্ধুদেরকে মনে করিয়ে দিতে হবে যে, সীমান্ত হত্যা গ্রহণযোগ্য নয়,’ বলেন তিনি।

বিশ্বের প্রায় সব খানেই অভিন্ন সীমান্তের দেশগুলোতে মানুষ আসা-যাওয়া করে। কিন্তু তাই বলে তাদের মেরে ফেলাটা সমাধান নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশের দিক থেকে গুলির ঘটনা তেমন একটা ঘটে না বললেই চলে। তবে এ বছর এ ধরণের দু-একটা ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন সাবেক এই রাষ্ট্রদূত।

তিনি বলেন, এক সময় অধৈর্য হয়ে দুপক্ষই যদি গোলাগুলি শুরু করে তাহলে এ ধরণের ঘটনা আরো বাড়বে।

এর পরিবর্তে দুপক্ষকেই ধৈর্য ধরতে হবে এবং যেসব মানুষ এভাবে সীমান্ত পারাপার করে থাকে তাদেরকে গ্রেফতার এবং এর পরবর্তীতে কী ব্যবস্থা নেয়া যায় আলোচনার মাধ্যমেই দুদেশকে ঠিক করতে হবে। এ বিষয়ে দুদেশের সম্মতিতে কিছু প্রোটোকল থাকতে হবে বলেও মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।

‘এ ধরণের কোন সুচিন্তিত সিদ্ধান্তও এখনো দুদেশের মধ্যে নেই,’ বলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ।

তবে সীমান্ত হত্যার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি বাংলা

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

0

পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে মো. শহিদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। শহিদুল হক সোমবার অবসর নিয়েছেন।

মাসুদ বিন মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি নিউ ইয়র্ক, ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

মাসুদ বিন মোমেন যুক্তরাষ্ট্রের বোস্টনের টুফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে ডিস্টিংশনসহ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

জেএসসি-জেডিসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৭.৯০ শতাংশ

0

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

গতবারের চেয়ে এ বছর পাশের হার ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত বছর এই হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। আর দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

এর আগে আজ মঙ্গলাবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনির সংবাদ সম্মেলনের পরই প্রকাশ পায় পরীক্ষার ফল।

এসএমএসের মাধ্যমে জেএসসির ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। জেডিসির ক্ষেত্রে একই নিয়মে শুধু JSC-এর জায়গায় JDC লিখতে হবে।

জানা যায়, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

‘ইউনিয়নেও ব্রডব্যান্ড দিয়েছি, নতুন প্রযুক্তিতে শিক্ষা দিন’

0

আমরা সাড়ে তিন হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিয়েছি। মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে। এই সমস্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নতুন প্রযুক্তিতে শিক্ষা দিন। বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে হলে সমাজকে সুশিক্ষিত করতে হবে।’

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তরকালে শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাকে আরও আধুনিক, উন্নত এবং বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই। যাতে একজন ছেলেমেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। আমরা কোনো সেশনজট রাখব না।’ তিনি বলেন, ভালো ফল করতে হলে আমাদের শিশুদের আরও মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে।

সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেয়াসহ বৃত্তি প্রদান করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সংবিধানে শিক্ষার কথা বলা আছে গুরুত্বের সঙ্গে। বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। এই দেশটাকে আমরা আরও উন্নত করতে চাই। উন্নত এবং সমৃদ্ধশালী দেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই । আমরা এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোনো দরিদ্রতা, বৈষম্য। থাকবে উন্নত সমাজ ব্যবস্থা।

প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরাও ২৬ হাজার প্রাথমিক স্কুলকে সরকারিকরণ করেছি। যেখানে স্কুল নেই সেখানে আমরা স্কুল করারও ব্যবস্থা করে দিচ্ছি। গরিব বাবা-মার ওপর যেন চাপ না পড়ে, সেজন্য আমরা বছরের শুরুতেই বই দিচ্ছি।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তাদের লেখাপড়ার ব্যবস্থা করবেন। এখন আমরা সাড়ে তিন হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিয়েছি। মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে। এই সমস্ত ক্লাসের মাধ্যমে তাদেরকে নতুন প্রযুক্তিতে শিক্ষা দিন। তিনি বলেন, প্রতিটি পরীক্ষা সময়মতো হবে এবং ফলাফলও সময়মতো হবে। আমরা কোনো সেশনজট রাখব না। সেশনজট থাকলে ছেলেমেয়েদের পড়াশোনায় অমনোযোগ চলে আসে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মৌলিক দায়িত্ব হবে নাগরিক সুবিধা প্রদান: তাপস

0

আমি আশা করি আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে পারবো। আমাদের অনেক করণীয় রয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। প্রথমত তাদের নাগরিক সুবিধা প্রদানকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করবো। যদি ঢাকাবাসী আমাকে নির্বাচনে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন, তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবো। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বর্তমান মেয়রকে আপনার পাশে দেখতে পাচ্ছি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম সংগঠন। কেউ এর বাইরে নয়, সকলকে নিয়েই আমরা কাজ করবো।

বিশেষ করে আমি ঢাকাবাসীর পক্ষে সকল সুশীল সমাজ, ঢাকা নিয়ে যারা চিন্তা করেন, নাগরিক সুবিধা নিয়ে যারা চিন্তা করেন, আপামর জনগণ সবাইকে আমি আহ্বান জানাবো, এই সুযোগটাই (তাপসের মনোনয়ন) আপনারা কাজে লাগাবেন। আমাকে পরীক্ষা করে দেখবেন। আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

এসময় তিনি বলেন, আমরা সবসময় চেষ্টা করবো নির্বাচন যেন সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়। আমি আশা করবো ঢাকাবাসী যেন স্বতঃস্ফুর্তভাবে এই নির্বাচনে ভোট দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মেয়র প্রার্থী তাপসের সমর্থকদের শ্লোগান ও উল্লাস

সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা-১০ আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছি। তারা (ভোটাররা) আমাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন। আমি সুযোগ পেয়েছি তাদের সেবা করার। তারাসহ ঢাকাবাসীর সেবা করার সুযোগ চেয়েই মেয়র পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি আমার দক্ষতা, যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা ও কাজকে বিচার বিশ্লেষণ করেই লোকজন আমাকে সুযোগ দেবেন।

এ সময় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক এস এম কামাল, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রাথমিক-জেএসসি’র ফল জানা যাবে দুপুরে

0

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেন।

বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এরপর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পর ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

এসএমএসের মাধ্যমে জেএসসির ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। জেডিসির ক্ষেত্রে একই নিয়মে শুধু JSC-এর জায়গায় JDC লিখতে হবে। পিইসির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ইবতেদায়ির ক্ষেত্রে একই নিয়মে শুধু DPE-এর জায়গায় EBT লিখতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।

মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ সকালে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ৬ নম্বর রোডের ২৯১ নম্বর বাড়িতে আগুন লাগে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাসুদ রানা কালের কণ্ঠকে বলেন, নবোদয় হাউজিংয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুটি ইউনিটি গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতিরও পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন লাগার পর পরই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, আশপাশের মানুষ আতঙ্ক নিয়ে রাস্তায় নেমে আসে। আগুন লাগা বাড়ির গ্যারেজ থেকে গাড়ি পোড়ার বিকট শব্দ আসছিল।

প্রাথমিক-জেএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

0

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেন। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পরই শিক্ষার্থী-অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবে।

আজ গণভবনে ফলাফল হস্তান্তরের পর ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক উৎসবেরও আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বছরের প্রথম দিন আগামীকাল বুধবার উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

এসএমএসের মাধ্যমে জেএসসির ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। জেডিসির ক্ষেত্রে একই নিয়মে শুধু JSC-এর জায়গায় JDC লিখতে হবে। পিইসির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ইবতেদায়ির ক্ষেত্রে একই নিয়মে শুধু DPE-এর জায়গায় EBT লিখতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। আর ২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে; যা আগামীকাল থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

পদ্মা সেতুতে আজ বসছে বছরের শেষ স্প্যানটি

0

আজ ৩১ ডিসেম্বর। চলতি বছরের শেষ দিন। পদ্মা সেতুতে বসছে এ বছরের শেষ স্প্যান। সেতুর মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে ‘৩এফ’ নম্বরের ২০তম স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকালে এটি নিয়ে রওনা দিয়েছে ভাসমান ক্রেন। এখন কেবল বসানোর অপেক্ষা।

আবহাওয়াসহ সব কিছু ঠিকঠাক থাকলে আজ এটি বসানোর মধ্য দিয়ে ২০১৯ সালে বসতে যাচ্ছে সর্বোচ্চ ১৪টি স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে তিন কিলোমিটার বা সেতুর অর্ধেক অবকাঠামো।

এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সর্বমোট বাজেট ৩০১৯৩.৩৯ কোটি টাকা। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় হয়েছে ২১৩১৭.১১ কোটি টাকা বা ৭০.৬০ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫.৫০ ভাগ। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৫.৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮১.৬০ভাগ।

মূল সেতুর কাজের মূল্য ১২১৩৩.৩৯ কোটি টাকা। আর এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯৭৫১.১৯ কেটি টাকা। নদী শাসনের কাজের অগ্রগতি ৬৬ ভাগ আর অর্থিক অগ্রগতি ৫২.৪৭ ভাগ। নদী শাসনের কাজের চুক্তিমূল্য ৮৭০৭.৮১ কোটি টাকা। ব্যায় হয়েছে ৪৫৬৯.০৪ কোটি টাকা। সংযোগ সড়ক ও সার্ভিস এড়িয়ার কাজ শত ভাগ শেষ হয়েছে। এ খাতে ব্যয় হয়েছে ১৪৯৯.৫১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশের জন্য মোট ব্যয় হচ্ছে ৪৩৪২.২৬ কোটি টাকা।

অন্যান্য খাত যেমন প্যানেল অব এক্রপার্ট, পরামর্শক, সেনা রিাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন , তেন ও ভাতাদিসহ অন্যান্য ব্যায় ৩৫১০.৪২ কোটি টাকা।

এ পর্যন্ত ৪১টি স্প্যানের মধ্যে ৩৩টি স্প্যান চীন থেকে মাওয়ায় পৌঁছেছে। এরইমধ্যে ১৯টি স্প্যান খুঁটির ওপর স্থাপন করা হয়ে গেছে। এছাড়া পাঁচটি স্প্যান মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ও ৯টি স্প্যান পদ্মার চর এলাকায় অস্থায়ী স্টক ইয়ার্ডে রাখা আছে। যা খুঁটির ওপর স্থাপনের অপেক্ষায়। আরো দুইটি স্প্যান চীন থেকে মাদার ভ্যাসেলে করে সমুদ্র পথে রওনা হওয়ার প্রস্তুতি চলছে। আরো ছয়টি স্প্যান চীনে তৈরি হচ্ছে।

এছাড়া সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৬টি সম্পন্ন হয়েছে। সর্বশেষ ৩০ নম্বর খুঁটির কাজ গত সপ্তাহে শেষ হয়েছে। এছাড়া সেতুর ৮, ১০, ১১, ২৬, ২৭ ও ২৯ নম্বর খুঁটির কাজও এগুচ্ছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান বসবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের আরো জানান, পদ্মা সেতুর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল মাওয়া প্রান্তে কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ নিয়ে। সেসব জটিলতা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সেতুতে স্প্যান বসানোর মাধ্যমে দ্রুত গতিতে সেতুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে ২০২১ সালের জুন মাসেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। সেভাবেই সিডিউল নিয়ে সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। এবছর সর্বোচ্চ সংখ্যক স্প্যান পিলালের ওপর সফলভাবে বসানো হয়েছে। আজ ২০তম স্প্যানটি বসানো হলে এ বছরই ১৪টি স্প্যান বসানো হয়ে যাবে। আর আগামী মাসে অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে অন্তত চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১৩টি স্প্যান বসেছে। এ সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ১৪টি স্প্যান বসানো হচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রধান মন্ত্র শেখ হাসিনা পদ্মা সেতুর কাজের উদ্বোধনের পর পদ্মাসেতুতে প্রথম স্প্যান ‘৭-এ’ জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।

স্প্যান ‘৭-বি’ সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারে বসে ২০১৮ সালের ২৮ জানুয়ারি। স্প্যান ‘৭-সি’ সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারে বসে ২০১৮ সালের ১১ মার্চ। স্প্যান ‘৭-ই’ সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারে বসে ২০১৮ সালের ১৩ মে। স্প্যান ‘৭-এফ’ সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারে বসে ২০১৮ সালের ২৯ জুন। স্প্যান ‘১-এফ’ সেতুর ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসানো হয় ২০১৮ সালের ১২ অক্টোবর।

স্প্যান ‘৬-এফ’ সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২৩ জানুয়ারি। স্প্যান ‘৬-ই’ সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি। স্প্যান ‘৬-ডি’ সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২২ মার্চ। স্প্যান ‘৩-এ’ সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ১০ এপ্রিল। স্প্যান ‘৬-সি’ সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২৩ এপ্রিল।

স্প্যান’৩-বি’ সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২৫ মে। স্প্যান ‘৩-সি’ সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২৯ জুন। স্প্যান ‘৪-এফ’ সেতুর ২৪ ও ২৫ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর। স্প্যান ‘৪-ই’ সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারে বসে ২০১৯ সালের ২২ অক্টোবর এবং স্প্যান ‘৩-ডি’ সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসে ২০১৯ সালের ১৯ নভেম্বর। ২৬ নভেম্বর সেতুর ২২ ও ২৩ নম্বর পিলারে বসে স্প্যান ‘৪-ডি’। ১১ ডিসেম্বর ‘৩-ই’ স্প্যান বসে সেতুর ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর। ২১ ও ২২ নম্বর পিলারের ওপর এ মাসের ১৮ তারিখে সর্বশেষ ১৯তম স্প্যনটি বসানো হয়।

শিডিউল মতো স্প্যান বসাতে পারলে আগামী বছর জুলাইয়ের মধ্যে সেতুর ৪১টি স্প্যান বসানো সম্ভব হবে। আর ২০২১ সালের জুন মাসের মধ্যে আনুসাঙ্গিক কাজ শেষ করে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন ও রেল চলাচলের পরিকল্পনা রয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।