Home Blog Page 3253

টিকিট নেই, অথচ যাত্রীও নেই!

0

মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-মালয়েশিয়া রুটে চলতি মাসে নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তবে যাত্রী বেশি হওয়ায় বিমানের টিকিটের জন্য হাহাকার চলছে। অথচ খালি আসন নিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফিরছে বিমান। প্রতি ট্রিপেই অর্ধশত আসন খালি থাকছে বলে জানা গেছে।

কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, মালিন্দ এয়ার এশিয়া ও মালয়েশিয়া এয়ারলাইনসের কোনো শ্রেণিরই টিকিট স্বাভাবিক দামে পাওয়া যাচ্ছে না। এমনকি একমুখী যাত্রায় যেখানে বিমানের ভাড়া ছিল ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত (১০ থেকে ১২ হাজার টাকা), সেখানে এখন গুনতে হচ্ছে এক হাজার ৭০০ রিঙ্গিত। বেসরকারি এয়ারলাইনগুলো দুই হাজার ২০০ থেকে আড়াই হাজার রিঙ্গিতে টিকিট বিক্রি করছে।

অভিযোগ রয়েছে, বেসরকারি এয়ারলাইনসের সঙ্গে কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

আগামী পরশু মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চার মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে। এরপর অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে। সে দেশের ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লে জেল, বেত্রাঘাতের সাজা হবে। সে সাজা এড়াতে জরিমানা গুনতে হবে ১০ হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) বা বাংলাদেশি দুই লাখ টাকা।

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া সরকার ব্যাক ফর গুড (চিরতরে ফেরা) কর্মসূচির আওতায় চার মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। এ সময়ের মধ্যে অবৈধ শ্রমিকসহ প্রবাসীদের দেশে ফিরতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ মনিরুছ সালেহীন কালের কণ্ঠকে বলেন, ‘ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় যেসব অবৈধ শ্রমিক স্বেচ্ছায় দেশে ফেরত আসছেন, ওই সব শ্রমিকের বিমান বাড়ায় ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকরা যাতে কোনো হয়রানি ছাড়া দেশে ফেরত আসতে পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে হাইকমিশনের লেবার উইংকে।’

উল্লেখ্য, গত জুলাই থেকে অবৈধদের ধরতে অভিযান শুরু করে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। প্রতি মাসেই শত শত বাংলাদেশি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যেতে থাকেন। অনেকেই হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরত আসেন। সাধারণ ক্ষমা ঘোষণার পর অবৈধ প্রবাসীদের দেশে ফেরার হার বাড়তে থাকে।

প্রবাসীরা বলছেন, মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অবৈধ প্রবাসীরা দেশত্যাগ না করলে পরবর্তী সময় সে দেশের সরকার কঠোর অভিযান পরিচালনা করবে। প্রতিটি শহর এবং গ্রামের অলিগলি, মার্কেট, কারখানা কোথাও বাদ রাখবে না। গ্রেপ্তার হলেই চলবে ভয়ংকর নির্যাতন। মালয়েশিয়ার পুলিশের নির্যাতনের আতঙ্কে অনেকেই দেশে ফিরে যেতে চাচ্ছেন। কিন্তু বেশি দামে টিকিট এবং জরিমানাসহ লক্ষাধিক টাকা জোগাড় করতে না পেরে অনেকেই দেশে ফিরতে পারছেন না। কেউ কেউ বেশি দামে টিকিট কাটলেও দালালদের প্রতারণার কারণে ভুয়া টিকিট ধরিয়ে দেওয়ায় দেশে ফিরতে না পারার ঘটনাও ঘটছে।

কেউ কেউ বলছেন, মালয়েশিয়া সরকার ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির মেয়াদ আরো দুই মাস বাড়ালে কম মূল্যের টিকিটে হয়তো তাঁরা দেশে ফিরতে পারতেন। কিন্তু সে দেশের ইমিগ্রেশন বিভাগ মেয়াদ না বাড়ানোর বিষয়ে অনড়।

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

0

ঢাকার দুই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা আজ মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন।

মেয়র পদে দলীয়ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধীপক্ষ বিএনপি, জাতীয় পার্টিসহ (জাপা) নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন। গতকাল সোমবার পর্যন্ত বড় দলগুলোর কেউই মনোনয়নপত্র জমা দেননি। তবে আজই সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের শোডাউন বা মিছিল করতে পারবেন না প্রার্থীরা।

উত্তর ও দক্ষিণের রিটার্নিং অফিসার আবুল কাসেম ও আবদুল বাতেন গতকাল জানান, মনোনয়নপত্র জমার সময় প্রার্থীরা পাঁচজনের বেশি লোক সমবেত করতে পারবেন না। নির্বাচনী আইন অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

দুই সিটিতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর পদে দুই হাজার ২৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পক্ষান্তরে দুই সিটিতে তিনজন মেয়র প্রার্থীসহ ১৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই সিটিতে মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন হলেও দলীয় সমর্থনে প্রার্থী করেছে দলগুলো। এখন পর্যন্ত যেসব প্রার্থী দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তাঁরা আজ মঙ্গলবার বিকেলের মধ্যে তা জমা দিয়ে প্রার্থী হতে পারবেন।

ইসির হিসাব মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে গতকাল পর্যন্ত মেয়র পদে ১০, সাধারণ কাউন্সিলর পদে ৮২৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আতিকুল ইসলাম ও সালাউদ্দিন মাহমুদ।

বিএনপির পক্ষে তাবিথ আউয়াল, জাতীয় পার্টির (জাপা) জি এম কামরুল ইসলাম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক এবং স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন মনোনয়নপত্র নেন। এ পর্যন্ত উত্তরে মেয়র পদে শুধু পিডিপির শাহীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আট, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৪৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেয়র পদে দক্ষিণে আওয়ামী লীগের পক্ষে দুজন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাঁরা হলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজি মো. সেলিম।

বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ, ইসলামী আন্দোলনের আবদুর রহমান, পিডিপির বাহারানে সুলতান বাহার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ সুজন মনোনয়ন ফরম কিনেছেন। মেয়র পদে বাংলাদেশ কংগ্রেস ও ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারের কার্যালয়ে গতকাল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের আসতে দেখা গেছে সবচেয়ে কম। তবে নির্দলীয় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীদের বেশি দেখা গেছে।

জানা যায়, আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে অনেকেই পরিচয় গোপন রেখে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে কেউ কেউ নিজেকে দলের মনোনীত প্রার্থীর চেয়েও বেশি যোগ্য বলে মনে করেন বলেই নির্বাচন করছেন বলে মন্তব্য করেন। ৩২ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন রনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি বলে দলের সমর্থন চেয়েছিলাম। কিন্তু দেওয়া হয়নি। তবে এলাকার মানুষের কথা ভেবে নির্বাচন করছি। নির্বাচনে প্রমাণ হবে কার জনপ্রিয়তা কতটুকু।’

ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

0

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল বিপুল জয় পেয়েছে। কার্যকর পরিষদে ১৫টি পদের মধ্যে ১৪ পদেই নীল দলের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল একটি পদে জয় পেয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক হাসিবুর রশিদ এই ফল ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ বছর ২ হাজার ১১ শিক্ষকের মধ্যে ১ হাজার ৪৩৪ শিক্ষক ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৩ শতাংশ।

এবছর নীল দল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ নিয়ে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল টানা চারবারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মতো অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া নির্বাচিত হয়েছেন।

সাদা দল থেকে সহ-সভাপতি পদে নীল দলের প্রার্থী অধ্যাপক সাদেকা হালিমকে পরাজিত করে সাদা দলের শিক্ষক অধ্যাপক লুৎফুর রহমান জয়ী হয়েছেন। অধ্যাপক সাদেকা হালিম মাত্র তিন ভোটে পরাজিত হয়েছেন।

বিজয়ীরা হলেন, আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল থেকে যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন নির্বাচিত হয়েছেন।

দশটি সদস্যপদে নীল দলের শিক্ষক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন; সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা; চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন; অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ; রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ; ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী; অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান; ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক হাসিবুর রশিদ বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো পক্ষই নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ করেন নি। নীল দলের শিক্ষকরা নিরঙ্কুশ জয় পেয়েছে।

সভাপতি পদে নির্বাচিত অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল কালের কণ্ঠকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষক সমিতি কাজ করবে। এ বছর আমাদের প্রধান নির্বাচনী অঙ্গিকার ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা অর্জন করা। যেটা পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ঘোষণা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সপরিবারে নিহত হওয়ায় তা সম্ভব হয়নি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চাই।

মোদির নিরাপত্তা গেটে আগুন, নিয়ন্ত্রণে এনেছে রক্ষীরা

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে গিয়েছে।

ঘটনার পর নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেটি খুব ক্ষুদ্র আকারে। মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এর রিসিপশন গেটে এ ঘটনা ঘটেছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

ঘাড়ধাক্কার পর জরিমানাও গুণতে হলো প্রিয়াঙ্কা গান্ধীকে!

0

আধুনিক ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বহনকারী স্কুটারের মালিককে জরিমানা করেছে ভারতের ট্রাফিক পুলিশ। কারণ হেলমেট না পরেই তার স্কুটারে চড়েছিলেন প্রিয়াঙ্কা।

স্কুটারটির মালিককে লখনৌ ট্রাফিক পুলিশ ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য করে হেলমেট না পরেই শনিবার স্কুটারে চড়েছিলেন প্রিয়াঙ্কা।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার অভিযোগে প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে কারাগারে বন্দি সমাজ কর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে শনিবার সন্ধ্যায় দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এ সময় বাধা দেয় পুলিশ।

প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, পুলিশ তাকে ঘাড় ধরে ধাক্কা মেরে হেনস্তা করেছে।

তিনি জানান, এসআর দারাপুরির বাসার উদ্দেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার সময় পথে পুলিশ তার শোভাযাত্রায় বাধা দেয়। এ সময় দলের কর্মী ধীরাজ গুজারের স্কুটারে করে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে পুলিশ।

স্কুটারে চড়ার পরে স্কুটার চালক ও প্রিয়াঙ্কার কারোর মাথায় হেলমেট ছিল না। হেলমেট পরা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও হেলমেট না পরায় জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এখনো বিক্ষোভ চলছে ভারতে

0

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এখনো বিক্ষোভ চলছে ভারতে। এর মধ্যেই ক্ষমতাসীন বিজেপিবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একঝাঁক বিরোধী নেতা।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে উত্তপ্ত ছিলো রাজধানী নয়াদিল্লির রাজপথ। সোমবারও বিতর্কিত আইনের বিরুদ্ধে নিজেদের ঐক্যের জানান দেন ভারতবাসী। ধর্মনিরপেক্ষ ভারতে কোন ভাবেই অসাংবিধানিক এই আইন মেনে নেয়ে হবে না বলে হুঁশিয়ার করেন বিক্ষোভকারীরা।

তারা বলছেন, আমরা ভারতীয়, আমরা এক এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ধর্ম কখনো আমাদের আলোচনার বিষয় নয়। তবে বাস্তবতা হচ্ছে এই ধর্মের কারণেই আমাকে এখন মুসলিমদের প্রতি সহমর্মিতা জানাতে হচ্ছে।

তারা বলেন, আমাদের এই প্রতিবাদ নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় জংসংখ্যাপঞ্জী এনপিআরের বিরুদ্ধে। এটি দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে যা অযৌক্তিক এবং অমানবিক।

সংবিধান রক্ষার আহ্বান জানিয়ে প্রতিবাদ হয় মহারাষ্ট্রের পুনেতেও।

উত্তর প্রদেশে আইনবিরোধীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব বলেছেন, যে কোনো মূল্যে এনআরসি ও জনসংখ্যাপঞ্জী এনপিআর প্রতিহত করবে তার দল।

সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব বলেন, এনআরসি আর এনপিআর যাই বলিনা কেন এগুলো দরিদ্র, সংখ্যালঘু ও মুসলিমদের বিরুদ্ধে। প্রয়োজন হলে আমিই সবার আগে এগিয়ে আসব। আমি কোন ফরম পূরণ করবো না।

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভের মধ্যেই নিজেদের ঐক্যের জানান দিলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইয়ের ডি রাজা, আরডেজির তেজস্বী যাদবসহ এক ঝাঁক বিরোধী নেতা। ঝাড়খণ্ডে সদ্য অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’র কার্যকরী সভাপতি হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে বিরোধী নেতারা ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে নিজেদের একতা প্রকাশ করেন।

পালিয়েও বাঁচতে পারলেন না মায়া

0

২০১৯ সালের শুরুর দিকে, মায়া পালিয়ে যান- তবে তিনি এজন্য বেশ খুশি ছিলেন। তিনি উত্তর পাকিস্তানের নওশেরা থেকে এসেছিলেন, যেখানে সমাজ অনেক রক্ষণশীল এবং ভিন্ন মানুষদের জন্য সহনশীলতা খুব কম। আর মায়া সেই রক্ষণশীলতা মেনে চলেননি। তিনি হিজড়া ছিলেন, অর্থাৎ তিনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করলেও তিনি নারী হিসাবে নিজের পরিচয় দেন এবং নারীদের মতো জীবনযাপন করেন।

তিনি নিজ বাড়িতে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এ নিয়ে তিনবার পালিয়ে গিয়েছিলেন। প্রতিবার অনেক দূরে চলে গিয়েছিলেন তিনি। পরে তিনি নতুন একটি সম্প্রদায়ে নিজের সুখ খুঁজে পান তবে এরপর তিনি পেশাওয়ারে তার পরিবারের কাছাকাছি যাওয়ার সুযোগ নেন।

তার শৈশবের বন্ধু মেহেক খান বলেন, ‘আমরা নিজেদের আরও ভালোভাবে চিনতে পারলে ভাল হতো।’ কারণ মায়ার পরিবার তাকে খুঁজে বের করে এবং তিনি পালিয়ে যাওয়ার এক মাসের মাথায় মারা যান।

পুলিশ সন্দেহ করেছে যে তার ভাই এবং চাচা তাকে হত্যা করেছে, তবে তারা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

মানবাধিকার কর্মীদের অভিযোগ যে, পুলিশ এই মামলায় অনেক ফাঁকফোকর রেখে দিয়েছে, যার অর্থ মায়া হয়তো কখনোই ন্যায়বিচার পাবেন না, যেমনটা পাননি পাকিস্তানের খুন হওয়া বহু হিজড়া নারী।

‘আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছি’
খাইবার পাখতুনখোয়া রাজ্যে মায়ার বাড়িতে, হিজড়া নারীদের তৃতীয় লিঙ্গ হিসাবে চিহ্নিত করার প্রবণতা রয়েছে – তারা নিজেদের প্রায়ই ‘শি-মেইল’ হিসেবেও উল্লেখ করে থাকে। ২০০৯ সাল থেকে পাকিস্তানের আদালতের একাধিক রায়ে তৃতীয় লিঙ্গকে আইনি স্বীকৃতি দেয়া হয়েছে। তবে এর বাস্তবায়ন এখনও ত্রুটিপূর্ণ রয়ে গেছে।

দেশটিতে সামাজিকভাবে, এখনও হিজড়াদের নিম্নশ্রেণীর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। গোপনীয়তা, ব্যক্তিগত মর্যাদা বা এমনকি নিজেদের সুরক্ষা দাবি করার কোনও অধিকার তাদের নেই।

মায়ার গল্পটি সেই বাস্তবতার অন্ধকার দিকটি তুলে ধরেছে। ‘আমরা প্রথম থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম,’ মেহেক বলেন। ‘এটির একটা কারণ হতে পারে যে আমরা জানতাম, আমাদের লিঙ্গ বৈশিষ্ট্য একই ধরণের।’ মায়া ও মেহেক নওশেরা গ্রামেই বেড়ে উঠেছেন। তাদের বাড়ির দূরত্ব রাস্তার এপার আর ওপার।

উভয়ই পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তবে তারা সবসময়ই নিজেদের নারী হিসেবে অনুভব করতেন, বলেন মেহেক। তিনি মাঝে মধ্যে মাথায় ওড়না জড়াতেন, নখে নেইলপলিশ লাগাতেন। মেহেকের বাবা এবং চাচা তাকে বাড়ির কলঙ্ক বলে মনে করেছিলেন।

‘তারা প্রায়শই আমাকে মারধর করত, আমাকে একটি ঘরে আটকে রাখত … তবে আমি নারীর মতো বেশ ধরা থামাতে পারিনি,’ মেহেক বলেন।

নারীদের মতো পোশাক পরার জন্য মায়াও তার পুরুষ আত্মীয়দের কাছ থেকে একই ধরণের আচরণের শিকার হয়েছিলেন। কৈশোর বয়সে পা রাখার সাথে সাথে এই বিষয়গুলি আরও কঠিন হয়ে ওঠে।

মেহেক বলেন, ‘এই সময়ে শি-মেইলরা অনুভব করতে শুরু করেন যে, মানুষ তাদেরকে যা ভাবে, আসলে তারা তেমন নয়। যখন এমনটা হয়, তখন পরিবারের সাথে জীবনযাপন করা ক্রমশ কঠিন হয়ে পড়ে এবং আপনি বেরিয়ে আসার সুযোগের জন্য অপেক্ষা করেন।’

মায়া ও মেহেক দুজনই বাড়ি থেকে পালিয়ে নামকরা নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। তারপর ২০১৬ সালে, মেহেক অবশেষে এটি করতে পেরেছিলেন। তিনি পেশাওয়ারে পালিয়ে যান, সেখানে তার একজন প্রেমিক তাকে একটি পোশাক কারখানায় কাজ খুঁজে দেন।

মায়ার সাথে মেহেকের সবশেষ কথা হয়েছিল এক বছর আগে। মেহেককে, মায়া বলেছিল যে সেও পালানোর পরিকল্পনা করছে। ‘আমি খুশিতে কেঁদেছিলাম,’ মেহেক বলেন। পরে মায়া ও মেহেক একসাথে পাঞ্জাব প্রদেশের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা কামরায় একজন গুরুর কাছে আশ্রয় নেন।

সমাজের বেঁধে দেয়া নিয়মের চাপে পড়ে, পাকিস্তানের হিজড়া নারীরা সাধারণত ছোট একটি সম্প্রদায় হিসেবে জোট বাঁধেন। হিজড়া নারীদের উপার্জন করা অর্থের একটি অংশের বিনিময়ে প্রবীণ হিজড়া নারীরা সেখানে গুরু হিসাবে, সম্প্রদায়ের অভিভাবক এবং সুরক্ষকর্তা হিসাবে কাজ করেন।

গুরু তাদের শিখিয়ে দেন কীভাবে পোশাক পরতে হবে এবং কিভাবে পারফর্ম করতে হবে। যেন তারা, হিজড়াদের জন্য নির্ধারিত হাতে গোনা কয়েকটি উৎস থেকে যেমন বিয়ে বাড়িতে নাচ দেখিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

বিশ্বাসঘাতকতা করে বাড়িতে নিয়ে যাওয়া
সে বছর দু’জনই তাদের নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে সময় ব্যয় করেন। মেহেক বলেন, ‘ওই বছরটি আমাদের জীবনের শ্রেষ্ঠ বছর ছিল’।

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার একটি সস্তা বিকল্প হল হিজড়া নাচ। এছাড়া বিয়ে বাড়িতে হিজড়াদের আমন্ত্রণ জানানোর আরেকটি কারণ হল, বিয়েতে তাদের ডাকলে ওই সম্প্রদায়ের প্রবীণদের তিরস্কার থেকে রেহাই পাওয়া যায়। আর হিজড়াদের জন্য এই নাচ হল, ভিক্ষা করা বা যৌনকর্মী হিসেবে কাজ করা এড়ানোর একটি উপায়।

‘আমরা পুরো পেশাওয়ারের প্রায় সবখানে গিয়েছিলাম, বিয়েতে এবং অন্যান্য পার্টিতে নেচেছি, এবং আগের চেয়ে বেশি অর্থ উপার্জন করেছি।’

তবে এই সুখের সময়টা ছিল অনেক ছোট – তাদের দুজনই শেষ পর্যন্ত তাদের প্রেমিকদের বিশ্বাসঘাতকতার শিকার হন। দুজনের প্রেমিক ফন্দি করে তাদের খবর যার যার পরিবারের কাছে জানিয়ে দেয়। পরে তাদের দুজনকেই বাসায় টেনে নিয়ে যাওয়া হয়। দুজনের চুল কেটে দেয়া হয় এবং নির্যাতন করা হয়।

মেহেক বলেন, মায়াকে ভয়াবহ মারধর করা হয়েছিল, এবং তার ভাই তাকে বেশ কয়েক দিন ধরে বাড়ির বেজমেন্টে একটি বিছানায় বেঁধে রেখেছিল।

অব্যাহত নির্যাতনের মুখে মার্চ মাসে, তারা দুজনেই আবারও পালিয়ে যান, শেষ পর্যন্ত পেশাওয়ারে এসে পৌঁছান, যেখানে টমি নর্তকীর প্রচলন রয়েছে।

টমি নর্তকী বলতে হিজরাদের নাচই বোঝায়, তবে এখানে হিজরাদের সাজসজ্জায় নারীর বেশ কম থাকে। এর অর্থ ন্যাড়া মাথা সত্ত্বেও তারা বিয়ের কাজ পাবে।

সেখানে নায়না খান হয়ে গেলেন তাদের নতুন গুরু। তিনি ব্যাখ্যা করেন যে মায়া কীভাবে পেশাওয়ারে বেশ ভালভাবে টিকে গিয়েছিলেন। ‘মায়া বেশ স্বচ্ছন্দ্য, সাহসী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন,’ তিনি বলেন।

কিন্তু তারপরে এক শনিবার, ‘ডোরবেল বেজে ওঠে এবং মায়ার পূর্ব পরিচিত এক ব্যক্তি হাতে একটি ফোন নিয়ে আসেন। তিনি নয় রুমের ওই অ্যাপার্টমেন্টে বসেন। যেখানে প্রায় ২০জন শিষ্যকে জায়গা দেয়া হয়েছে।’

মায়া সামনের ঘরের একটি খাটে হেলান দিয়ে ফোনে কথা বলছিল। ওই ব্যক্তি অন্য খাটে বসেছিলেন এবং তার ফোনের দিকে তাকিয়ে ছিলেন। মাঝে মাঝে মায়ার দিকেও এক ঝলক তাকাচ্ছিলেন।

নায়না বলছেন, ‘এখন আমার সন্দেহ হয় ওই ব্যক্তির ফোনে নিশ্চয়ই মায়ার ছবি ছিল এবং তিনি মায়ার উপস্থিতি নিশ্চিত করতে চেয়েছিলেন।’

এরপর ওই ব্যক্তি হঠাৎ চলে যান। এর কয়েক মিনিট পরে আবার দরজায় ঘণ্টা বাজে, এবং তিন জন ঘরের ভেতরে ঢোকে।

‘আমি দেখলাম মায়া তাড়হুড়ো করে ঘরে ঢুকেই তার কানের দুল এবং নাকফুল খোলে আর মোবাইল ফোনটি বন্ধ করে দেয়, সবকিছু একটি পার্সে রেখে আমার হাতে দেয় সে। খুব ভয় পেয়েছিল মায়া। আমাকে সে জানায় যে তার ভাই এবং চাচা তাকে নিতে এসেছেন।’

এরপর লম্বা গড়নের এক যুবক ঘরে ঢুকে মায়াকে পেটায়। নায়না ও তার শিষ্যরা সাথে সাথে ঘরে ঢোকে। ওই লোকটি একটি বন্দুক বের করলেও ভয় পায়নি বলে জানান নায়না। পরে সবার সহায়তায় তারা ওই তিনজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিতে সক্ষম হন।

কিন্তু আধ-ঘণ্টার মধ্যে একটি একদল পুলিশ হাজির হয় এবং পুলিশ কর্মকর্তা মায়াকে তার সাথে যাওয়ার আদেশ দেন। নায়না হস্তক্ষেপ করলে ওই পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন যে, মায়া তার নিজের বাড়ি থেকে সোনা চুরি করেছে।

কোনও উপায় না পেয়ে নায়না ও তার শিষ্যরা সিদ্ধান্ত নেন যে তারা মায়ার সাথে থানায় যাবে। পরের কয়েক ঘণ্টা ধরে, তাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়।

মায়া যেহেতু নিজে থেকে বাড়ি যেতে চাচ্ছে না তারপরও তাকে কেন থানায় আনা হয়েছে, সে নিয়ে বাকবিতণ্ডা চলতে থাকে। মায়া প্রাপ্তবয়স্ক এবং সে যেটা চায় না, তাকে এমন কিছু করতে বাধ্য করা যাবে না।

এরপর থানার প্রধান তাকে আশ্বাস দেন যে তারা কেবল মায়াকে তার বাবার সাথে কথা বলিয়ে দিতে চান, যিনি নওশেরা থেকে এই পেশাওয়ারের পথে রয়েছেন। তারপরে মায়া তার যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যেতে পারবে।

নায়না ও তার শিষ্যরা এরপর একটি বিয়ে বাড়ির কাজের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু তারা যখন ফিরে আসেন তখন মায়াকে আর থানায় দেখতে পান না।

যে আইন খুনিদের রেহাই দিতে পারে
সেই রাতে মায়ার সাথে কী হয়েছিল তা পরিষ্কার নয়, এবং কখনই হয়তো তা জানা যাবে না। পেশাওয়ার শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তা জহুর আফ্রিদি বিবিসিকে বলেন যে, মায়া নিজের ইচ্ছায় তার বাবা, চাচা এবং অন্যান্য পুরুষ আত্মীয়দের সাথে চলে যায়।

তবে হাস্টনাগরী পুলিশের একটি গোপন সূত্র বিবিসিকে সাদা কাগজে লেখা একটি অনুমতিপত্র দেখায়, যেখানে শুধু মায়ার বাবা এবং চাচা স্বাক্ষর করেছিলেন, মায়ার কোনো স্বাক্ষর ছিল না।

নওশেরা পুলিশের তদন্তে প্রমাণ হয় যে মায়াকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা তার চাচার মালিকানাধীন একটি পেট্রোল স্টেশনে কিছু সময়ের জন্য থামে।

সেখান থেকে মায়া আরেকটি গাড়িতে ওঠেন। ওই গাড়িতে তার চাচা এবং ভাই ছিলেন। এরপর পরিবারের বাকী সবাইকে বাড়ি চলে যেতে বলা হয়।

পরদিন সকালে মায়াকে মৃত অবস্থায় পাওয়া যায়, নওশেরার কাছে একটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় মায়ার মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় মায়ার বাবা, তার ভাই, চাচা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়। আদালতে বিবৃতিতে তারা সবাই মায়াকে হত্যার বিষয়টি অস্বীকার করেন। তাদের সবাইকে জামিনে মুক্তি দেয়া হয়।

হিজড়া অধিকার কর্মী তৈমুর কামাল বলেন, এই মামলায় যথেষ্ট শক্তিশালী প্রমাণ রয়েছে। তবে পুলিশ ‘এই মামলায় কিছু প্রাসঙ্গিক ধারা অন্তর্ভুক্ত করতে চাইছে না, যেটা অপরাধীদের শাস্তি এড়ানো কঠিন করে তুলতো।’

পাকিস্তানে বছরের পর বছর ধরে, একটি প্রাচীন আরবদেশের রীতি প্রচলিত রয়েছে। যেখানে খুন হওয়া ব্যক্তির পরিবার, অর্থের বিনিময়ে খুনি ব্যক্তিকে ক্ষমা করার অধিকার রাখে। সেই অর্থকে ব্লাড মানি বলা হয়।

তবে ২০১৬ সালে তথাকথিত সম্মানের জন্য হত্যাকাণ্ড বা অনার কিলিং রোধে – এবং খুনি পরিবারগুলোকে অর্থের বিনিময়ে হত্যার দায় থেকে পালানো ঠেকাতে- পাকিস্তানের পার্লামেন্ট সম্মান রক্ষার নামে অপরাধ করার অধিকার বাতিল করেছে।

‘মায়া পরিষ্কারভাবে এই অনার কিলিং এর শিকার ছিলেন।’ তৈমুর কামাল বলেন, ‘তবে পুলিশ এই মামলায় সম্মানের এই ধারাটি অন্তর্ভুক্ত করেনি, এর ফলে মায়ার মা বা বোন যেন খুনিদের ক্ষমা করতে পারে সেই সুযোগ রেখে দিয়েছে।’ এই সম্মান অপরাধ হিসাবে শ্রেণীবদ্ধ সকল ক্ষেত্রে এই অধিকার বাতিল করে দিয়েছে।

যার মরদেহ কেউ দাবি করেনি তবে অর্থ দিয়েছে
পেশাওয়ার ভিত্তিক ট্রান্সজেন্ডার রাইটস গ্রুপ ট্রানজেকশন বলছে যে ২০১৫ সাল থেকে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ৭০জন হিজড়া নারীকে হত্যা করা হয়েছে।

২০১৫ সাল থেকে সংস্থাটি এই সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধের তথ্য সংগ্রহ করতে শুরু করে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে পেশাওয়ারে নাজো নামে এক হিজড়া নারীর হত্যার খবরটিও সামনে আসে।

গত বছর জুলাইয়ে দুই বন্ধু তাকে হত্যা করে এবং তার দেহটি টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভর্তি করে। তবে সেই ব্যাগ ফেলে দিতে যাওয়ার সময় তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়।

নাজোর পরিবার তাদের মর্যাদাহানি হওয়ার ভয়ে তার মরদেহ গ্রহণ করেনি। পরে পেশাওয়ারে পুলিশের কবরস্থানে নাজোর ছিন্নভিন্ন মৃতদেহ দাফন করা হয়।

তবে আদালতে যখন মামলা দায়ের করা হয় এবং খুনিরা যখন নাজোর পরিবারের কাছে ব্লাড মানি বা অর্থের বিনিময়ে ক্ষমা চাইতে আসে। তখন তারা ঠিকই নাজোকে নিজেদের বলে দাবি করেন। দুমাস আগে তাদের ক্ষমার কারণে নাজোর হত্যায় অভিযুক্ত দুই ব্যক্তি খালাস পান।

সাম্প্রতিককালে, মারদানের এক হিজড়া নারীকে তার পরিবার হত্যা করে বলে অভিযোগ ওঠে। মানবাধিকারকর্মীরা তার মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেও কেউ পুলিশের কাছে কোনো হত্যা মামলা দায়ের করেনি, বা পুলিশও এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার কোনো চেষ্টা করেনি।

মানবাধিকারকর্মীদের মতে, বেশিরভাগ সময় প্রেমিকরা রাগের বশে এই ধরণের হত্যা করে থাকে। পরিবারের সদস্যদের দ্বারা হত্যার ঘটনা বিরল, কারণ বেশিরভাগ হিজড়া নারীরা অল্প বয়সেই বাড়ি ছেড়ে চলে যায় এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়।

এই হিজড়া নারীদের ‘আত্মীয়’ বলতে তারা যেখানে বাস করেন সেই সম্প্রদায়ের সদস্যদের বোঝায়। এবং যখন তারা চলে যায়, এই সম্প্রদায়ের মানুষই সবচেয়ে বেশি তাদের স্মৃতি হাতড়ে বেড়ায়।

মায়ার প্রাক্তন গুরু নায়না বলেন যে, তিনি যতবার তার সিন্দুক খোলেন, ততবার তার মায়াকে মনে পড়ে। ‘আমি তার পার্সটি দেখি, এবং কাঁদি। তার সবই সেখানে আছে; কিছু টাকা, তার ফোন, তার জাতীয় পরিচয়পত্র, তার গহনা। সে অনেক কম বয়সী ছিল। আপনি এই বয়সী কারও দিকে তাকিয়ে তার মৃত্যুর কথা ভাবতে পারবেন না।’

মেহেকের কাছে মায়ার স্মৃতি আরও গভীরভাবে গেঁথে আছে। ‘নায়না দয়াবান এবং আমাদের নিরাপত্তা দেন এবং আমাদের এই জায়গাটি বন্ধুত্বপূর্ণ শি-মেইলদের কথায় আর হাসিতে মুখরিত থাকতো। তবে আমার হৃদয় বেদনা অব্যাহত রয়েছে। আমি আমার বন্ধুকে হারিয়েছি এবং কেউই তার স্থান নিতে পারবে না,’ তিনি বলেন।

সূত্র: বিবিসি বাংলার প্রতিবেদন

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

0

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে এ রাতে যাতে কোনো ধরনের বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিকসহ ক্যাব সদস্যরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে ক্র্যাবের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী এরই মধ্যে তথ্য সংগ্রহ করেছে। তবে, থার্টি ফার্স্ট রাতে রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের আলোর দিশারী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্র্যাব সংগঠনের সদস্যদের নিজেদের মধ্যকার ইউনিটি ও ভ্রাতৃত্ববোধ দেখে আমি মুগ্ধ। এ সময় ক্যাব সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামী অর্থবছরে ক্র্যাবের কল্যাণ ফান্ডে ব্যয় করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা বাজেট রাখার আহ্বান জানান।

ডিজি র‌্যাব বেনজীর আহমেদ বলেন, গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।

তিনি বলেন, ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে (র‌্যাব)।

তিনি বলেন, এ ধরনের দিবস কিংবা অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে ফেক নিউজ, মিথ্যা খবর ও গুজব ছড়ানো হয়। সম্মানহানিকর তথ্য প্রচার হয়। এসব মনিটরিং করা হবে।

র‌্যাব ডিজি বলেন, আমরা উৎসব উদযাপন করব, আনন্দ করব, কিন্তু এই উদযাপন যেন অন্য কারও বিরক্তির কারণ না হয়ে যায়। সে দিকটি সবাইকে খেয়াল রাখতে হবে।

সীমান্তের এক কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

0

ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হলে সীমান্ত এলাকায় ইন্টারনেট সেবাও থাকবে না।

রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বিটিআরসি থেকে এ ব্যাপারে চারটি মোবাইল ফোন অপারেটরকে একটি চিঠি দেয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বলা হয় ওই চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বিবিসি বাংলাকে বলেন যে তাঁর মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়নি।

‘সিদ্ধান্তটি সরকারের। সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। বিটিআরসি কি নির্দেশ পেয়েছে, কি বাস্তবায়ন করছে, সেটি বিটিআরসি বলতে পারে’।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক অবশ্য এ চিঠি দেবার কথা বিবিসির কাছে নিশ্চিত করেছেন।

‘এটা একটা সিদ্ধান্ত পাওয়া গেছে উচ্চ পর্যায় থেকে। কিছুটা অসন্তোষের সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে। সেটি বোধ হয় নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তবে আমরা কিছু করিনি এখনো। প্রক্রিয়াধীন আছে – কি করতে পারি চিন্তা করছি’।

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভারতের নাগরিক পঞ্জী নিয়ে যেন কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, কেউ যেন প্রোপাগান্ডা বা গুজব রটনা না করতে পারে, সেজন্য সরকার তৎপর আছে।

কিন্তু এর সঙ্গে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের কি সম্পর্ক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্ডার বিটিএস তো, এপাশের কথা ওপাশে যায়। হয়তো কিছু প্রোপাগান্ডা করার মতো খবর সরকারের কাছে আছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যে গুজব রটনা করতে পারে। বিটিআরসিকে বলেছে, কি করা যায়’।

বিটিএস বা বেস ট্রান্সসিভার স্টেশন ব্যবহার করেই মোবাইল ফোনে যোগাযোগ হয়।

মিস্টার হক বলেন, তারা কিছু করেননি এখনো, তবে কি করা যায় ভাবছেন তারা।

‘কি সক্ষমতা আছে। কিভাবে করবো। করলে কি প্রভাব পড়বে, মানুষের ক্ষতি হবে কি-না। সেটা ভাবছি, ভেবে সিদ্ধান্ত নিবো।’

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গুজব যেন না হয়, কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য কি করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করছেন তারা।

‘মোবাইল বন্ধ হলে মানুষের কষ্ট হবে সেটিও আমরা ভাবছি। অনেক গ্রাহকের সমস্যা হবে। সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করছি। কিছু করলে সাময়িক ভাবে করা হবে। পুরো নেটওয়ার্কের কিছু হবে না। গুজবের সম্ভাবনা না হলে কিছু করবো না’।

তিনি জানান যে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলে সীমান্ত এলাকায় যে বিপুল সংখ্যক টাওয়ার আছে, সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করতে হবে।

‘আমাদের টেকনিক্যাল টিম বিষয়গুলো পরীক্ষা করে দেখছে’।

সূত্র: বিবিসি বাংলা অনলাইন

ইরানে কোরআন প্রতিযোগিতায় নুরুদ্দিন জায়েদ নির্বাচিত

0

ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হয়েছে।

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হন।

আগামী এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক ও পবিত্র নগরী মাসহাদে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিচারকমণ্ডলী ও কারীদের উপস্থিতিতে শতাধিক দেশের কারী ও হাফেজগণ উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নুরুদ্দিন জায়েদ ওস্তাদ শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর বিশ্বসেরা হিফজ মাদ্রাসা মুকাদ্দামাতুল কোরআন হিফজ মাদরাসার ছাত্র।