Home Blog Page 3254

বিশ্ব ইজতেমা ১০ জানুয়ারি

0

গাজীপুরের তুরাগ তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্মিলন বিশ্ব ইজতেমা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ইজতেমাকে সফল করতে প্রস্তুতিমূলক কাজ পুরোদমে এগিয়ে চলছে।

ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে। মুসল্লিদের নিরাপত্তা ও নাশকতারোধে থাকছে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। এরই মধ্যে মাঠের কাজ অনেকটা শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

গতবারের মতো এবারও জেলা প্রশাসনের তত্বাবধানে আলাদাভাবে দু’পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি ইজতেমা শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। পরে ১৭ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই পর্ব।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় র‌্যাব, বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে ইজতেমা ময়দান।

টঙ্গীর তুরাগ তীরের প্রায় ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চলছে ময়দানের প্রস্তুতির কাজ। ময়দানে বিশাল চটের সামিয়ানা টাঙ্গানো হয়েছে। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বৈদ্যুতিক তার টানানো হয়েছে, দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি। মাঠ সমতল করা, রাস্তাঘাট মেরামত, সংস্কার এবং নতুন নতুন রাস্তা তৈরির কাজ চলছে পুরোদমে। ইজতেমার জিম্মাদারদের অধীনে ছোট ছোট দলে ভাগ হয়ে মুসল্লিরা এসব কাজ করছেন।

ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমেই ময়দানের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। মুসল্লিরা বলছেন, কোনো অর্থের লোভে নয়, বিশ্বের লাখ লাখ মেহমান আসবে তাদের থাকা খাওয়া ও বসার জন্য এবং একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য কাজ করে যাচ্ছেন তারা। মুসল্লীরা জানান, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তারা ইজতেমা ময়দানে স্বেচ্ছায় কাজ করতে এসেছেন।

ইজতেমার এক মুরব্বি বলেন, এবারের ইজতেমা সুষ্ঠু ও সফল করার জন্য আলেম-ওলামাসহ সব শ্রেণি-পেশার মানুষ মেহনত করছেন। এজন্য মাঠে গতবারের চেয়ে বেশি মানুষের সমাগম হবে। ময়দানের সার্বিক প্রস্তুতিতে প্রশাসন ও সরকার তাদের পাশে রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অন্যান্য বছরের চেয়ে আরও সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা সম্পন্নের জন্য ইতিমধ্যে ময়দানের আশপাশে সিসিটিভি বসানোসহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। ময়দানে ৪৫০টি সিসিটিভি স্থাপন করার জন্য বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। ময়দানের ভেতর ও বাইরে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এছাড়া র‌্যাবের মোবাইল টহল, গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

গত শনিবার ইজতেমা ময়দান পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী। আগামী ৫ জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয়নুল বারী বলেন, মাঠে সব সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করছে।

ইজতেমায় সকল সেবা নিশ্চিতের জন্য গাজীপুর সিটি করপোরেশন প্রস্তুতির কথা জানিয়ে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে মাটি ভরাট করে ইজতেমা ময়দানকে সমতল করা হয়েছে। ধূলোবালি নিয়ন্ত্রণ ও মশা নিধনে কাজ শুরু হবে। মহাসড়কে ধূলোবালি যাতে না ওঠে সেজন্য প্রয়োজনে বিআরটি প্রকল্পের কাজ যেন বন্ধ রাখা হয় সেজন্য ঠিকাদারকে বলা হবে। পণ্যের গুণগত মান নিশ্চিত ও ভেজালবিরোধী অভিযানসহ যেকোনো অপরাধের তাৎক্ষণিক সাজা দেয়ার জন্য ইজতেমা এলাকায় মোবাইল কোর্ট থাকবে।

নিরাপদ পরিবেশে ইজতেমা আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

তিনি বলেন, এবারের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থায় অন্যবারের চেয়ে বেশি সংখ্যক সদস্য মোতায়েন ছাড়াও নানা নিরাপত্তা সরঞ্জাম রাখা হচ্ছে।

নিরাপত্তার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি আমাদের পাশে থাকবে। ইতিমধ্যে ময়দানে তারা কাজ শুরু করেছেন, ওয়াচ টাওয়ার নির্মাণ করছেন। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, র‌্যাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন, পুলিশের পৃথক নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

প্রতিটি লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের ওপর গুরুত্বারোপ

0

প্রতিটি লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে লাইব্রেরিতে উন্নতমানের গ্রন্থ সংগ্রহ, বিতর্ক ও নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা ও সেলিনা ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় গ্রন্থকেন্দ্রের চলমান কার্যক্রম সর্ম্পকে আলোচনাকালে জানানো হয়, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন ২০২০) জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ছয়টি বিভাগীয় বা জেলা বইমেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ‘সোনার মানুষ গড়ার সুদৃঢ় প্রত্যয়ে’ কার্যকর গ্রন্থাগার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের বেসরকারি গ্রন্থাগার পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে নিয়ে ঢাকায় চারটি বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।

কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেগুলো যথাযথভাবে আর্কাইভস-এ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। আর জাতীয় গ্রন্থকেন্দ্রকে একটি স্বতন্ত্র অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রন্থকেন্দ্রের কার্যক্রম ও কর্মপরিকল্পনা পর্যালোচনা করে কমিটির পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার রাসেল কারাগারে

0

বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার শেখ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ দুই দিনের রিমান্ড শেষে রাসেলকে আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই ফারুক খান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার প্রার্থনা জানান। মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৭ ডিসেম্বর ওই যুবককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

শেখ রাসেল নেত্রকোনা জেলার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। গত ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝামাঝি একটি কাঠাল গাছে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করেন রাসেল। এ সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। পরে নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে হেফাজতে নেয়।

ওই ঘটনায় তেজগাঁও থানার এএসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

বিদেশি নৌযান দেশে মৎস্য আহরণ করলে পাঁচ কোটি টাকা জরিমানা

0

বিদেশি মৎস্য নৌযান বাংলাদেশ সীমানায় মৎস্য আহরণে আইন ভঙ্গ করলে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ফিশিং বোটের লাইসেন্সের মেয়াদ ১ বছরের থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জ সদরে স্থাপন করারও সিদ্ধান্ত হয়।

৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা-বৃত্তি

0

সরকারের ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম’ এর আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, এর মধ্যে ৪৪ লাখ বয়স্ক মানুষ এবং ১৭ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে নিয়মিতভাবে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে।

অপরদিকে জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ১৫ লাখ ৪৫ হাজার প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা এবং মাসিক ৭৫০ থেকে ১৩০০ টাকা হারে ১ লাখ প্রতিবন্ধী শিশুকে দেয়া হচ্ছে শিক্ষা-উপবৃত্তি।

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মাসে যথাক্রমে সাতশ’, আটশ, এক হাজার ও ১৩শ’ টাকা দেয়া হয়ে থাকে।

বেসরকারি এতিমখানায় প্রতিপালিত ১ লাখ এতিমশিশুও মাথাপিছু মাসিক ২০০০ টাকা হারে ক্যাপিট্যাশন গ্রান্ট পাচ্ছে। এমনকি ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হচ্ছে বিশেষভাতা।

৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন ২৬০০ হিজড়া। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ হাজার ৯০০ শিশু এবং ১২৪৭ হিজড়া শিশুও পাচ্ছেন সরকারে বিশেষ উপবৃত্তি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল ভাতা ও বৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে।

পদত্যাগ করলেন আতিকুল ইসলাম

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। আজ সোমবার বিকালে তিনি পদত্যাগ করেন।

আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি একটু আগেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি ২০২০ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি ২০২০। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তাঁর সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।
সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এই পুরস্কার পায়।

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি এসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল এন্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউট হংকং এ অনুষ্ঠিত হয়।

ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কারটি প্রদান করে।

এবছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পূর্বাচল নতুন শহর পকল্পের ১৯ নং সেক্টরে নির্মিতব্য থ্রি এল: ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নং সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪ নং সেক্টরে নির্মানাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

রাজধানীর পূর্বাচলে সর্বমোট ৬ হাজার ২শ ২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে ইসির চিঠি

0

অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ভোটের ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করার জন্য আজ ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ‘নির্বাচন-সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ প্রদান করা হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হবেন। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য মোতায়েন করা হবে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার স্থাপনা/অঙ্গন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।’

নির্বাচনী বিধিমালার বিধি ৮৯ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ব্যতিরেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা যাবে না।

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন-সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত হলে তিনি তার উক্তরূপ নিয়োগের পর নির্বাচনী দায়িত্ব হতে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তার চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকরিরত আছেন বলে গণ্য হবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর দুই সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে আজ বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। এখানে রাষ্ট্রদূত আলী আজ সকালে মৃত্যুবরণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দুপুর দু’টার দিকে সিএমএইচে যান। সেখানে তিনি মুয়াজ্জেম আলীর স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

তিনি আরো বলেন, এছাড়া প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অভিজ্ঞ কূটনীতিবিদ সৈয়দ মুয়াজ্জেম আলী অল্প কিছুদিন আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেব দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন।

আজ সকাল ১১টা ৪৫ মিনিটে আলী সিএমএইচে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময়ে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সিএমএইচে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ছিলেন।

এর আগে এক শোক বার্তায় শেখ হাসিনা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে এবং এর পরে কূটনৈতিক অঙ্গনে আলীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

ইরাকে মার্কিন হামলা : নিহত ২৫

0

ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী । দেশটির জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত পাঁচটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী গতকাল রবিবার ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে । এসব হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৫১ জন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। পেন্টাগন জানিয়েছে, তারা হাশদ আশ-শাবির সঙ্গে সংশ্লিস্ট হিজবুল্লাহ’র কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এ হামলার জের ধরে ইরাকের সবগুলো মার্কিন ঘাঁটিকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

হাশদ আশ-শাবির শীর্ষস্থানীয় নেতা জাওয়াদ কাজেম রাবিয়াভি গতরাতে মার্কিন হামলা সম্পর্কে জানিয়েছেন, পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-কায়েম শহরে হিজবুল্লাহর কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় হাশদ আশ-শাবির ২৫ সদস্য নিহত এবং অপর ৫১ জন আহত হয়েছেন।

এদিকে, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি সে দেশের আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এ হামলার মাধ্যমে ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত্‌য ইরাকের আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন বিমান হামলাকে স্বাগত জানিয়ে একে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের প্ররোচনায় গঠিত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাশদ আশ-শাবি। ২০১৪ সালে দায়েশ ইরাকের বিস্তীর্ন এলাকা দখল করে নেয়ার পর প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির এক ফতোয়া অনুযায়ী দায়েশ দমনের লক্ষ্যে হাশদ আশ-শাবি গঠিত হয়। ২০১৬ সালে ইরাকের পার্লামেন্টে আইন পাস করে এই বাহিনীকে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র : পার্স টুডে