Home Blog Page 3258

দমকল-ডুবুরি ব্যর্থ, যুবকের মরদেহ উদ্ধার করলেন পাতকুয়া মিস্ত্রি

0

কূপে পড়ে যাওয়ার পর যুবককে উদ্ধারের জন্য দফায় দফায় চেষ্টা চালিয়েছেন দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিরা। তার পরেও শেষ পর্যন্ত তারা সফলতার মুখ দেখতে পাননি। অবশেষে পাতকুয়ার মিস্ত্রি মেঘনাদ সর্দারকে ডেকে এনে পড়ে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আজ শনিবার সকালে উদ্ধার করা হয় ভারতের বাঁশদ্রোণীর যুবক সম্রাট সরকার ওরফে বাপির (২৯) মরদেহ।

কলকাতা পুলিশ বলছে, ওই পাতকুয়া মিস্ত্রিকে সিভিক ভলান্টিয়ারের কাজ দেওয়া হবে। অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানা গেছে।

এদিকে মৃতের পরিবারের অভিযোগ, পাতকুয়ার মিস্ত্রিকে যদি আগে আনা হত, তাহলে তাদের ছেলেকে বাঁচানো সম্ভব হত। কেন ডুবুরি নামানোর পরেও যুবককে উদ্ধার করা গেল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনের একটি কুয়ায় স্নান করতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকার বাপি। ওই সময় কোনো ভাবে পিছলে কুয়ায় পড়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, বাপি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। স্নান করার সময় অসুস্থ হয়েই কুয়ায় পড়ে যান তিনি।

বাপিকে উদ্ধার করতে ডাকা হয় দমকল বাহিনীকে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নিয়ে আসা হয়। নামানো হয় ডুবুরি। পাতকুয়া থেকে পানি বার করে বাপিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। যেহেতু কুয়া নিচু জায়গায় ছিল, সে কারণে পানি বের করতে করতেই আবারো পানির স্তর বেড়ে যাচ্ছিল।

রাতভর চেষ্টা চালিয়ে চার বার ডুবুরি নামিয়েও উদ্ধার করা যায়নি ওই যুবককে। অবশেষে শনিবার সকালে ডাক পড়ে কুয়ামিস্ত্রির। সময় যত গড়াচ্ছিল বাপি বেঁচে আছেন কিনা তা নিয়ে পরিবারের লোকজন ও স্থানীয়দের মধ্যে আশঙ্কা বাড়ছিল। আশঙ্কাটা শেষ পর্যন্ত সত্য হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

জাতিসংঘে বিপুল ভোটে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস

0

জাতিসংঘে বিপুল ভোটে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। রোহিঙ্গা মুসলিমসহ সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।

গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবে জরুরি ভিত্তিতে রোহিঙ্গাসহ সব ধরনের সংখ্যালঘুর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।

১৯৩ সদস্যের মধ্যে ১৩৪ সদস্যই প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৯টি। এছাড়া ২৮ সদস্য ভোট প্রদানে বিরত থাকে।

একই অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত কমিটির তদন্ত পরিচালনার ব্যয় অনুমোদন করা হয়।

এ নিন্দা প্রস্তাব মিয়ানমারের জন্য কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি করবে না। তবে এতে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রসঙ্গে কিছুটা হলেও চাপে পড়বে মিয়ানমার। মিয়ানমার বরাবরই রোহিঙ্গাসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে।

মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ও সহিংসতার মুখে বিভিন্ন সময়ে ১০ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশেষ করে ২০১৭ সালের অভিযানের পর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চালানো তদন্তে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে।

মিয়ানমারের প্রতিক্রিয়া

এ প্রস্তাব পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিয়ানমার জানিয়েছে, দেশটির বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে নতুন করে অনাস্থা ও অবিশ্বাসের বীজ বপন করবে।

মিয়ানমারের জাতিসংঘ প্রতিনিধি হাউ দো সুয়ান বলেন, এ নিন্দা প্রস্তাব মানবাধিকার নীতির দ্বিমুখী প্রয়োগের এক উৎকৃষ্ট উদাহরণ। মিয়ানমারকে অনাকাঙ্ক্ষিতভাবে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই এটি পাস করা হয়েছে।

এতে রাখাইন সমস্যার ব্যাপারে মিয়ানমার সরকারের বিভিন্ন প্রচেষ্টাকেও স্বীকার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

যুবসমাজই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান শক্তি

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবসমাজ। ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধানতম শক্তি হচ্ছে এই যুবসমাজ। তাই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে সরকার।

আজ শনিবার ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড কর্তৃক তিন সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী তার বক্তৃতায় বলেন, যুব উন্নয়নে সরকারের অগ্রাধিকার হচ্ছে যুবকদের মানসম্মত শিক্ষা প্রদান, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ।

আনিসুল হক বলেন, আজকের বিশ্ব জ্ঞান ও বিজ্ঞানের বিশ্ব। এই নতুন বিশ্বে শিক্ষার ক্ষেত্রে যে-জাতি যত সাফল্য অর্জন করবে, সে জাতি জীবন-জীবিকার মানোন্নয়নে ও মানবিক গুণাবলি বিকাশে ততটাই অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করবে। সেজন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার অধিকার ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে সল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে, এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে চলেছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল হওয়ার পথে ধাবমান। এই উন্নয়নের সুফল থেকে কেউই যাতে বঞ্চিত না হয় সে-লক্ষ্যে সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সমন্বিত কর্মপন্থা বাস্তবায়ন করে চলেছে। সরকারের বহুমাত্রিক উদ্যোগের ফলে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্ভাবনাময় সম্পদ তরুণ-যুবসমাজের মেধা, সৃজনশীলতা, মনন ও ধীশক্তির উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান। কেননা পরীক্ষার ফলাফল, মেধা ও প্রজ্ঞাসহ অনেক বিষয়াদি যাচাই-বাছাইয়ের পর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর মধ্যে থেকে ডাচ্-বাংলা ব্যাংক এই বৃত্তি প্রদানের জন্য তোমাদেরকে মনোনীত করেছে। সহযোগিতার হাত প্রসারিত করেছে। ভালভাবে লেখাপড়া করে তোমরা যদি ভবিষ্যতে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পার তবেই ডাচ্-বাংলা ব্যাংকের এ উদ্যোগ সার্থক হবে।

মন্ত্রী বলেন, অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর জীবন সংগ্রামের গল্প শুনে মনে হলো চরম দরিদ্রতাও তাদের আকাঙ্খা, ইচ্ছাশক্তি, প্রতিভা এমনকি দৃষ্টিহীনতাকেও পরাস্ত করতে পারেনি। ডাচ্-বাংলা ব্যাংক বৃত্তি দিয়ে তাদের মেধাকে বিকশিত করার সুযোগ করে দিলো, তাদের পিতা-মাতার উপর চাপ কমিয়ে দিলো।

ডাচ-বাংলা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বক্তৃতা করেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগ ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও আসামি করা হয়েছে।

আজ শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলাটি ২৬ ডিসেম্বর নথিভুক্ত করা হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, আমরা মামলাটি তদন্ত করছি। তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

মামলা দায়েরকারী অর্ণব হোড় বলেন, হামলার দিন নুর ও রাশেদ ফেসবুক লাইভে এসে গুজব ছড়ায়। এ ছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, নুর ও রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, উক্ত ফেসবুক লাইভে প্রচারকৃত মিথ্যা ও গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। যার কারণে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার উপক্রম হয়। গত ২৩ ডিসেম্বর উল্লেখিত ফেসবুক পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস সম্পর্কে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জন্য অসম্মানকর ও মানহানিকর। এই কর্মকাণ্ড দেশ ও সমাজের সামাজিক বিশৃঙ্খলা ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে।

বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের যেন কোনোরকম হয়রানি এখানে করা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যারা বিদেশে কাজ করে, যাদের অর্থে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের রিজার্ভ নিশ্চিত হয়, তারা যখন একটা কর্মস্থল থেকে ফেরে, নানাভাবে তাদের অনেক সময় হয়রানি করা হয়।’

তিনি বলেন ‘এখন এটা (যাত্রী হয়রানি) অনেকটা কমে গেছে। তারপরও আমি বলবো যে, যারা আমাদের দেশের নাগরিক বিদেশে যায়, আমরা সেখানে জনশক্তি রপ্তানিও করি এবং সেখান থেকে বিরাট অংকের বৈদেশিক মুদ্রাও অর্জন করি; তাদের সুবিধাগুলো দেখতে হবে, তাদের যেন কোনোরকম হয়রানি এখানে করা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

ভিআইপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনেকের নিয়ম মানেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নিরাপত্তা বিষয়টাতে অনেক গুরুত্ব দিয়েছি, সেভাবে কাজ করে যাচ্ছি। নিরাপত্তার যে নিয়মগুলো আন্তজার্তিক পর্যায়ে আছে, আমাদের সব যাত্রীকে সেটা মেনে নিতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে চাই।’

এর আগে হযরত শাহজালাল বিমানবন্দরে এসেই জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দু’টি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচীন পাখি’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দেশের অ্যাভিয়েশন সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করেন শেখ হাসিনা। এ অ্যাপের মাধ্যমে বিমানের টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানের নতুন অ্যাপ উদ্বোধন প্রধানমন্ত্রীর, থাকছে ১০% ছাড়

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে বিমানের টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠান থেকে মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ (Biman Bangladesh Airlines) নামে এই অ্যাপটি উদ্বোধনের পর মোবাইলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন বিমানের এমডি মোকাব্বির হোসেন। আগামী এক বছর পর্যন্ত অ্যাপে বিমানের টিকিট কাটলে এ সুবিধা পাওয়া যাবে।

মোবাইল অ্যাপটি ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কিনতে পারবেন। বিকাশ বা রকেট অথবা যেকোনো কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকিট বুকিং, সিট নির্ধারণসহ সবকিছু করতে ও জানতে পারবেন।

গুগল প্লে-স্টোর অথবা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

এর আগে বিমানের জন্য নতুন কেনা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রায় একই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে তৃতীয় টার্মিনাল নির্মাণে। তিন তলাবিশিষ্ট এ টার্মিনাল ভবনের আয়তন হবে দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, লম্বা ৭০০ মিটার এবং চওড়ায় ২০০ মিটার। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং—এই তিনটি প্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে কাজ করছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশা করে বিশ্ব দরবারে খ্যাতি কুড়ানো স্থপতি রোহানি বাহারিন এর নকশা করেছেন। এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

রওশন এরশাদকে ছাড়াই কাউন্সিল চলছে জাতীয় পার্টির

0

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির প্রথম কাউন্সিল শুরু হয়েছে। তবে বিশেষ মর্যাদার ঘোষণা দিলেও রওশন এরশাদ অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁকে ছাড়াই দলের জাতীয় কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ শনিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় পার্টির কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত এ কাউন্সিলে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে শেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্চে আসেননি রওশন এরশাদ।

অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, আলহাজ সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ. টি. ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মুজিবর রহমান সেন্টু, আলহাজ সফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মো. মিজানুর রহমান, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, সেলিম ওসমান প্রমুখ।

দুপুরে দ্বিতীয় অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন হবে। গঠিত হবে আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির নতুন কমিটি।

আওয়ামী লীগের নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি

0

আওয়ামী লীগের নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শ‌নিবার রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর গণমাধ্যমের সামনে এ তথ্য জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।

এর আগে আওয়ামী লীগের নতুন কমিটি সদস্য‌রা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের নতুন কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

0

আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যরা।

বিমানের নতুন ২ ড্রিমলাইনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন কেনা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ দুটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রায় একই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে তৃতীয় টার্মিনাল নির্মাণে। তিন তলাবিশিষ্ট এ টার্মিনাল ভবনের আয়তন হবে দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, লম্বা ৭০০ মিটার এবং চওড়ায় ২০০ মিটার। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং—এই তিনটি প্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে কাজ করছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশা করে বিশ্ব দরবারে খ্যাতি কুড়ানো স্থপতি রোহানি বাহারিন এর নকশা করেছেন। এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইনামুল বারি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, বিমান সচিব মহিবুল হক, বিমানের এমডি মোকাব্বের হোসেন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রমুখ।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমানের বহরে ড্রিমলাইনারের ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ এবং চলতি বছরে যুক্ত হয় ‘গাঙচিল’ ও ’রাজহংস’। আগামী বছর কানাডা থেকে কেনা তিনটি ড্যাশ-৮ দেশে আসার কথা রয়েছে।