Home Blog Page 3259

জাতীয় পার্টির সম্মেলন শুরু, এরশাদের জন্য বিশেষ দোয়া

0

জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করছেন জিএম কাদের। । শুরুতে এরশাদের জন্য দোয়া পরিচালনা করেন কারী হাবিবুল্লাহ বেলালী।শোক প্রস্তাব পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি।

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) এ সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে সর্বসম্মতভাবে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং জিএম কাদেরকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত পাস করা হবে বলে জানানো হয়েছে।

সম্মেলনে উপস্থিত আছেন আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গাসহ নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত করা হচ্ছে। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এ পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন, তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবেন না, বিলুপ্ত হয়ে যাবে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনিই হবেন দলের শীর্ষনেতা। দলের যেকোনো পাবলিক মিটিংয়ে চেয়ারম‌্যানের উপরের মর্যাদা ভোগ করবেন তিনি। এছাড়া দলীয় পতাকা একমাত্র তার গাড়িতেই থাকবে। জাতীয় পার্টিতে এমন একটি নতুন পদ সৃষ্টি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম।

শাহজালালে টার্মিনাল-৩ নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে টার্মিনাল-৩ নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, ৪৮ মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে। তিনি বলেছেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ সমাপ্তির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর।

এছাড়া বিমানে সংযুক্ত নতুন দুটি ড্রিমলাইনার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে প্রকল্পটি অনুমোদন হলেও আইনি জটিলতাসহ নানা কারণে এ টার্মিনালের নির্মাণকাজ আটকে যায়। অবশেষে শনিবার দীর্ঘ প্রতীক্ষিত থার্ড টার্মিনাল নির্মাণকাজ উদ্বোধন হলো, যা ২০২৩ সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে তৃতীয় টার্মিনাল নির্মাণে। তিন তলাবিশিষ্ট এ টার্মিনাল ভবনের আয়তন হবে দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, লম্বা ৭০০ মিটার এবং চওড়ায় ২০০ মিটার। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং—এই তিনটি প্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে কাজ করছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশা করে বিশ্ব দরবারে খ্যাতি কুড়ানো স্থপতি রোহানি বাহারিন এর নকশা করেছেন।

এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটি এমন একটি ম্যাকানিজমে নিয়ে আসা হচ্ছে, যাতে কেন্দ্রীয়ভাবে এর প্রতিটি কাজ মনিটরিং করা যাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’

প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধনের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেছেন। তিনি একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপও উদ্বোধন করেন। এই অ্যাপ ব্যবহার করে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

জাপার নবম জাতীয় সম্মেলন শুরু ১০টায়

0

জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সর্বসম্মতভাবে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং জিএম কাদেরকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত পাস করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সম্মেলনে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত করা হচ্ছে। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এ পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন, তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবেন না, বিলুপ্ত হয়ে যাবে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনিই হবেন দলের শীর্ষনেতা। দলের যেকোনো পাবলিক মিটিংয়ে চেয়ারম‌্যানের উপরের মর্যাদা ভোগ করবেন তিনি। এছাড়া দলীয় পতাকা একমাত্র তার গাড়িতেই থাকবে। জাতীয় পার্টিতে এমন একটি নতুন পদ সৃষ্টি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম।

১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ হলো সৌদি আরবে

0

বাল্য বিয়ে নিষিদ্ধ ঘোষণা করলো সৌদি আরবের আইন মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সামানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

তবে এই আইনের একটি ছিদ্র আছে। কেউ যদি ১৮ বছরের আগেই বিয়ে করতে চায় তাহলে তাদেরকে একটি বিশেষ আদালতে পাঠানো হবে। সেই আদালত নানা বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিয়ের উপযোগীতা বিচার করবেন। বাল্য বিয়ের মাধ্যমে ওই বর বা কনের কোনো ক্ষতি হবে না তা নিশ্চিত হতে পারলেই শুধু আদালত তাদেরকে বিয়ের অনুমতি দিবে। এবং ১৮-র নিচের পাত্র বা পাত্রী নিজে পুরোপুরি রাজি থাকলেই শুধু সে বিয়ে হবে।

বাল্যবিয়ে সৌদি আরবে খুব সাধারণ একটি ঘটনা। দেশটিতে প্রতি সাত জনের মধ্যে একজন মেয়ের ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়ে থাকে। সম্প্রতি এ চিত্র পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে সৌদি আরব। এবার বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার মাধ্যমে ১৮ বছরের কম বয়সে বিয়ে নিষিদ্ধ করা হলো। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য। আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান; নিহত ১৪, আহত অনেকে

0

কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৪ জনের করুণ মৃত্যু হয়েছে। উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি। এ ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসনও স্বীকার করে নিয়েছে।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বেক এয়ার বিমান সংস্থার। বিমানটিতে শতাধিক যাত্রী ছিল। অন্তত ১৪ জনের মৃত্যু হওয়া ছাড়াও আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপের মধ্যে আরো কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

জানা গেছে, বেক এয়ার বিমান সংস্থার ওই বিমানটি কাজাখস্তানের রাজধানী নূর-সুলতানে যাচ্ছিল। উড্ডয়নের সময়ই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কংক্রিটের দেয়াল ভেঙে একটি দোতলা বাড়িতে গিয়ে ধাক্কা মারে সেটি। মাঝারি আকারের বিমানটিতে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ

0

শিক্ষাঙ্গনগুলোতে চলমান সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতা মোকাবিলায় নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ১২টি ছাত্র সংগঠনের একাত্মতায় গঠিত হয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য নামের এই প্লাটফর্ম। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংগঠনের ঘোষণা দেয় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও ছাত্র সমাজের স্বার্থে আন্দোলনকারী গণতান্ত্রিক ও প্রগতিশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমজাতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট এবং ছাত্রমঞ্চ।

জোটের প্রথম কর্মসূচি হিসেবে শনিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সন্ত্রাসবিরোধী গণপদযাত্রা করবে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ক্ষমতাশীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার করে তারা ছাত্রদের জোড় করে মিছিল-মিটিংয়ে নিয়ে যায়। বিভিন্ন ক্যাম্পাসে তাদের দখল দারিত্ব চলছে। ক্যাম্পাসে যেন কেউ আর সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে তা নিশ্চিত করাই আমাদের এই সংগঠনের উদ্দেশ্য।

এ সময় জোটের পক্ষ থেকে ৪টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সব শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্থায়ীভাবে বহিষ্কার ও আইনানুগ বিচার করা, ব্যর্থতার দায়ে প্রক্টরকে অপসারণ করা, মিথ্যা মামলা প্রত্যাহার করা ও আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হলে হলে দখলদারিত্ব, গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা।

শনিবার থেকে তিন দিনের শৈত্যপ্রবাহ

0

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে গতকাল বিকেল থেকেই হচ্ছে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পাশাপাশি উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে শুরু হবে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।

তারপর দেশজুড়ে শুরু হতে পারে শীতের স্বাভাবিক আবহাওয়া।

‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে’

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচয়পত্র দেওয়া হবে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মোজাম্মেল হক আরো বলেন, নিবিড় অনুসন্ধান চালিয়ে উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারি মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতিমধ্যে তালিকার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই তালিকা যাচাই করার কাজ চলছে।

তিনি বলেন, জিয়াউর রহমান রাজাকার, আলবদর ও আল শামসদের পিস কমিটির নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন। আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশি দূতাবাসে বিভিন্ন বড় বড় পদে পদায়ন করেছিলেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপাসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দিলেন তাপস ও খোকন

0

আসন্ন ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের একদিন পর তা জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বতর্মান মেয়র সাঈদ খোকন এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন ফরম জমা দেন তারা।

শেখ ফজলে নূর তাপস বিকেলে ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টায় মনোনয়ন ফরম জমা দিতে আসেন তিনি। পরে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলাপ করেন। আলাপ শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফরম জমা দেন।

আরও জমা দেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিরুল্লাহ হিরু এবং ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম।

ঢাকা দক্ষিণে মেয়র পদে মোট ৮ জন ফরম সংগ্রহ করেন।

জনপ্রিয় ব্যক্তিই মনোনয়ন পাবেন : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে সৎ, যোগ্য এবং জণগনের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে। কোনো বিতর্কিত লোককে মনোনয়ন দেওয়া হবে না।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগ রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। কারণ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যাচাই-বাছাই করে যার জনপ্রিয়তা বেশি এবং বিজয়ী হতে পারবেন এমন ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হবে।

কাদের বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে।

সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে কাজ করবে। সরকার তাদেরকে সহায়তা করবে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইভিএম পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয় বলে নির্বাচন কমিশন সেইভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টি এবং বিএনপি সেইভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরে আমাদের চ্যালেঞ্জ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনার কারামুক্তিসহ দলের যেকোনো আন্দোলন সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের অবদান রয়েছে। আমাদের শক্তি ও প্রেরণার উৎস তৃণমূল। সেই কারণে এবার কেন্দ্রীয় কমিটিতে তৃণমূল নেতাদের স্থান দেওয়া হয়েছে।

তিনি বলেন, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হয়। সে কারণে নবীণ-প্রবীণের সমন্বয়ে গঠিত আওয়ামী লীগের এবারের কমিটি দলকে আরো শক্তিশালী ও গতিশীল করবে। নারীদের গুরুত্ব দিয়ে এবারের কমিটিতে ২৫ শতাংশ নারী রাখা হয়েছে।

আগামীকাল সকাল ৯টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে বলেও জানান তিনি।

৩ জানুয়ারি সকাল ৭টায় বাসযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে র‌্যালি এবং বিকালে পূণর্মিলনী অনুষ্ঠান হবে বলেও জানান সেতুমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা শাহবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।