Home Blog Page 3260

মেয়ের বিয়ের দিন বাবার মৃত্যু

0

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন (৭৪) আর নেই। আজ শুক্রবার সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ শুক্রবার ছিল তার একমাত্র মেয়ে অনামিকা স্মৃতির বিয়ে। এতে প্রায় দুই হাজার মেহমান দাওয়াত করেছিলেন। বাড়িতেও আত্মীয় স্বজনে ভরপুর। মেহমানদের খাওয়ানোর জন্য বাড়িতে গরু জবাই করে অন্যান্য খাবার রান্না চলছিল। এ সময় হঠাৎ হৃদরোগে আক্তান্ত হন আকরাম হোসেন। বাড়িতেই ইন্তেকাল করেন তিনি। সকল আয়োজন সম্পন্ন করার পরও নিয়তির বিধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আকরাম। কিন্তু মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি। এরপরও বাবার মৃত্যুকে মেনে নিয়ে অনামিকার বিয়েও সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য এম এ মালেক, পৌর মেয়র গোলাম কবির গভীর শোক ও সমবেদনা জানান।

আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে চান আতিক

0

নয় মাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান মেয়র এবং আসন্ন ডিসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে নিজের এমন প্রত্যাশার কথা বলেন আতিকুল ইসলাম। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা মার্কা প্রত্যাশী আতিক বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনের প্রায় নয় মাস অভিজ্ঞতা হয়েছে আমার। আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘সবাইকে নিয়ে সবার ঢাকা’ গড়ে তুলতে পারবো।

২০১৯ সালে অন্তর্বর্তী নির্বাচনে দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন কাজ করেছেন দাবি করে আতিক বলেন, আপনারা দেখেছেন আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন কাজ করেছি। এমন একটা দিন নেই যেদিন নগরের কাজে, নগরবাসীর প্রয়োজনে আমি ছিলাম না। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একটি ঐতিহ্যবাহী দল। আমি শতভাগ আশাবাদী এই দলের হয়ে মনোনয়ন পাবো।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ইসলামের পক্ষে তার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের শনিবারের (২৮ ডিসেম্বর) সভার সিদ্ধান্ত থেকেই জানা যাবে কারা হচ্ছেন এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মাঝি।

মমতার মানসিক চিকিৎসার প্রয়োজন, ব্যক্তিগত আক্রমণ বিজয়বর্গীয়ের

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক তালিকার প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রশ্ন তুলেছেন সিএএ-এনআরসি’র বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে।

এ নিয়ে আরো একবার তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতার কথায়, আমার মনে হয় মমতা ব্যানার্জি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

সিএএ-এনআরসি বাতিলের দাবিতে পথে নেমে আন্দোলনের পঞ্চম দিন, গতকাল বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কংগ্রেস প্রধান।

মিছিল শুরু ও শেষের সমাবেশ থেকে নাগরিক আইন বিরোধী আন্দোলনে সামিল শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন মমতা। শিক্ষার্থীদের নিশানা করলে ‘আগুন নিয়ে খেলা হবে’ বলে সতর্ক করেন বিজেপিকে।

সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া দিয়েই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন। ওরাই মমতার ভোটব্যাংক। তাই উত্তেজিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। তার মানসিক চিকিৎসার প্রয়োজন।

নাতিকে কুরআন শেখাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট, ছবি ভাইরাল

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বর্তমানে মুসলিম বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট যিনি একাধারে প্রেসিডেন্ট এবং কুরআনে হাফেজ। সেদেশের পার্লামেন্টে মাঝে মাঝেই তিনি নামাজের ইমামতি করেন এবং তুরস্কে অনেক মসজিদে ইমামতিও করেছেন।

এবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক শুক্রবার এরদোয়ান এবং তার নাতীর একটি ছবি ছাপিয়েছে। ছবিটিতে দেখা যায়, অবসর সময়ে নিজ নাতীকে কুরআন শিখাচ্ছেন এরদোয়ান।

মুহূর্তেই সে ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে।

পত্রিকাটি জানিয়েছে, গভীর রাতে কিংবা একদম ভোরে কিছুটা অবসর সময় পান তুরস্কের প্রেসিডেন্ট। সে সময়টাই তিনি পরিবারের সঙ্গে কাটান। আর সময়ে পেলেই নাতিকে কুরআন শিখাতে বসে যান এরদোয়ান।

১৪৫ দিন পর ইন্টারনেট পেল কাশ্মীর

0

ভারতের জম্মু, কাশ্মির ও লাদাখ অঞ্চলে ১৪৫ দিন পর সব ধরণের ইন্টারনেট খুলে দেওয়া হলো। কাশ্মীর বিষয়ক বিশেষ আইন রদ করার পর থেকে এই অঞ্চলে প্রাথমিকভাবে ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখে ভারতের সরকার। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও এতদিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিলো।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিগত চারমাসে কাশ্মীরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটনায় বৃহস্পতিবার সেখানে মোবাইল ইন্টারনেট চালু করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্যের মতই ইন্টারনেট ব্যবহারের সাংবিধানিক অধিকার ফিরে পেলো কাশ্মীরের অধিবাসীরা।

নারায়নগঞ্জের নতুন পুলিশ সুপার জায়েদুল আলম

0

অবশেষে মুন্সীগঞ্জ জেলার বর্তমান এসপি মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমকে নারায়ণগঞ্জের নতুন এসপি করা হয়েছে। আর শরীয়তপুর জেলার বর্তমান এসপি আব্দুল মোমেনকে মুন্সীগঞ্জ জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য পাওয়া যায়। মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ জেলার এসপি জায়েদুল আলম বলেন, ‘আজই বদলির আদেশ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে যোগদান করবো।’
এর আগে, নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নানা কারণে সমালোচিত হওয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরের টিআর শাখায় সংযুক্ত করা হয়।

জানা যায়, জায়েদুল আলম তিন বছর তিন মাস মুন্সীগঞ্জ জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি এসপি থাকাকালীন মুন্সীগঞ্জ জেলার ছয়টি থানার অবকাঠামো উন্নয়ন, থানার প্রধান ফটকে গেট নির্মাণ, রাস্তা প্রস্তুতকরণ, বিভিন্ন স্থাপনার উন্নয়ন এবং মুন্সীগঞ্জের প্রত্যকটি থানাকে সুসজ্জিতভাবে আধুনিক রূপে সাজানো হয়েছে।
এদিকে, চাকরি জীবনে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সহধর্মিনী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

রাজধানীতে সাত বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা

0

রাজধানীর ভাটারার আয়েশা আক্তার (৭) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বার বিঘা এলাকায় তাদের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশের বাসার মেঝে থেকে উদ্ধার হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারের সময় আয়েশার হাত-পা বাঁধা, গলায় কাপড় প্যাঁচানো ও মুখে কাপড় গোজা ছিল। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আয়েশার বাবা ইয়াসিন মুন্সী জানান, আয়েশাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৭টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

এক ভাই এক বোনের মধ্যে আয়েশা ছোট। তারা ভাটারার বার বিঘা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। আয়েশা গুড নিবাস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হুজির ৬ জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম

0

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হরকাতুল জিহাদের (হুজি) ছয় জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাদের কাছ থেকে অজ্ঞান করার ওষুধ, ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের অর্থ সংগ্রহের জন্য হুজির এ গ্রুপটি ডাকাতির করছিল বলে জানিয়েছেন তিনি। তাদের কাছ থেকে উদ্ধার ক্লোরোফর্ম, ছুরি ও খেলনা পিস্তলগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।

মেয়র পদে মনোনয়ন নিলেন যাঁরা

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাজি সেলিম, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেনসহ আট প্রার্থী। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে এক হাজার ৬১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের হাজি সেলিম, বিএনপির ইসরাক হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতউল্লাহ।

ডিএনসিসি সূত্রে জানা যায়, বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম এবং স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাঁদের মধ্যে ডিএনসিসির মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ৫৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ করা হয়েছে ১২৫টি মনোনয়নপত্র। আর ডিএসসিসিতে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৭৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আজ

0

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গুলশান সেন্ট্র্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্যার আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রবিবার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।