Home Blog Page 3263

দুই মুখোশধারীর প্রবেশ, কুপিয়ে খুন, বস্তাভরা টাকা লুট

0

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে বস্তা ভরা টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরের এ ঘটনায় নিহত ব্যক্তির কর্মচারী সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম শাহ মোহাম্মদ তোবারক (৭২)। তিনি মহাখালীর একটি মার্কেটের মালিক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের চর পাড়ে। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শান্তিনিকেতনের ১৭৮ নম্বর বাড়ির চতুর্থ তলার পুরো ফ্লোর কিনে নিয়েছেন। এই ফ্লোরের একটি ফ্ল্যাটে তিনি একা থাকতেন।

তোবারক চট্টগ্রামের শফি মাইজভাণ্ডারির অনুসারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, তোবারকের ফ্ল্যাটের আলমারি ভাঙা পাওয়া গেছে। সেখান থেকে টাকা লুট হয়েছে বলে জানা গেছে। তোবারকের বাসায় মাইজভাণ্ডারির ভক্তরা আসত। ধারণা করা হচ্ছে, মতাদর্শগত বিরোধে বা টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, ‘বস্তা ভরা টাকা নিয়ে গেছে, এমন তথ্য আমরা পাইনি। তদন্ত করে দেখা হচ্ছে।’

গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এসি) মইনুল ইসলাম কালের কণ্ঠকে জানান, মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, শান্তিনিকেতনের ফ্ল্যাটটিতে মোহাম্মদ তোবারকের সঙ্গে থাকতেন সাইফুল নামের এক কর্মচারী বা গৃহকর্মী। যুবক সাইফুল তাঁর দেখাশোনা করতেন। গতকাল ভোরে ফ্ল্যাটের দরজার কল বেলের শব্দ শুনে সাইফুল দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে দুই মুখোশধারী ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে পড়ে।

নিহতের এক আত্মীয় কালের কণ্ঠকে জানান, তাঁরা জানতে পেরেছেন দুর্বৃত্তরা সাইফুলকে বেঁধে রেখে তোবারককে কুপিয়ে জখম করে ফ্ল্যাটে বস্তার ভেতর থাকা টাকাসহ মালপত্র লুটে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সাইফুল নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশকে জানান। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তোবারককে উদ্ধার করে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তোবারকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো জানান, মোহাম্মদ তোবারকের স্ত্রী পারভীন আক্তার তাঁর দুই মেয়ে ফাহবি আক্তার ও মাহবি আক্তারকে নিয়ে নিউ ডিওএইচএসে থাকেন। তাঁদের আরেক মেয়ে তানিয়া আক্তার বিবাহিত। তোবারকের তুষার নামের এক ছেলে আমেরিকায় বসবাস করেন। ১৭৮ শান্তিনিকেতনের ফ্ল্যাটে তোবারককে কর্মচারী সাইফুল ১০ বছর ধরে দেখাশোনার দায়িত্বে আছেন। দু-তিন দিন আগে একটি নতুন ছেলে কাজে যোগ দেয়। ছেলেটির বিষয়ে আর কিছু জানাতে পারেননি তিনি।

নিহতের ভাগ্নে হোসেন মোহাম্মদ সাংবাদিকদের বলেন, তাঁরা শুনেছেন সাইফুলকে বেঁধে রেখে দুর্বুত্তরা তাঁর মামাকে কুপিয়ে হত্যা করে বাসা থেকে বস্তা ভরা টাকা নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সাইফুলকে আটক করে থানায় নিয়ে গেছে।

একটি সূত্র জানায়, তোবারক তাঁর ফ্ল্যাটে বস্তায় ভরে লাখ লাখ টাকা রাখতেন। এ হত্যাকাণ্ড ও টাকা লুটের পেছনে সাইফুলের সম্পৃক্ততা রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শুরু হয়েছে সূর্যগ্রহণ

0

শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে শুরু হয় সূর্যগ্রহণ।

আইএসপিআর জানায়, সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাবে বছরের শেষ এই সূর্যগ্রহণ। এ ছাড়া দেখা যাবে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ এশিয়ার একাধিক দেশ এবং অস্ট্রেলিয়া থেকে।

নিজ নিজ কক্ষপথে চলমান অবস্থায় পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ এসে গেলে চাঁদের ছায়া ঢেকে দেয় পৃথিবীর পৃষ্ঠ, কখনো পুরোটা, কখনো বা আংশিক। সৌরজগতের এই মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ হিসেবে পরিচিত। বছরের এই শেষ সূর্যগ্রহণ যখন ঘটবে তখন চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্যকার কাল্পনিক সরলরেখা থেকে কিছুটা দূরে থাকবে। এ কারণে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর ওপর এমনভাবে পড়বে যে এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে। তাই এমন গ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলা হয়।

কখন দেখা যাবে সূর্যগ্রহণ?
২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। বলয়গ্রাস গ্রহণ শুরু হবে সকাল ৯টা ৩৪ মিনিট ৩৩ সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৫৫ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫ মিনিট ৪০ সেকেন্ডে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ভারত, উত্তর-পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ।

অনলাইনে দেখা যাবে
Slooh.com ওয়েবসাইট থেকে বৃহস্পতিবারের সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এ ছাড়া ইউটিউব থেকে গ্রহণের দিন বাংলাদেশ সময় সকাল ৮টায় অনলাইন স্ট্রিমিং শুরু হবে। মনে রাখবেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখার চেষ্টা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি রেটিনার কোষ ধ্বংস করে দিতে পারে, কর্নিয়া পুড়িয়ে দিতে পারে। তাই খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। প্রতি ১৮ মাসে একবার পৃথিবীর কোথাও না কোথাও থেকে সূর্যগ্রহণ দেখা যায়।

খালি চোখে দেখবেন না
গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে এক্লিপস ব্লাইন্ডনেস বা সোলার রেটিনোপ্যাথি হতে পারে। প্রসঙ্গত, সূর্য যখন পুরোপুরি ঢাকা থাকে (পূর্ণগ্রহণ), তার চেয়ে যখন আংশিক ঢাকা থাকে অর্থাৎ আংশিক সূর্যগ্রহণকালে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অতিবেগুনি রশ্মি প্রতিরোধী বিশেষ চশমা চোখে দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। ছবি তুলতে হলেও ক্যামেরায় সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, অন্যথায় ক্যামেরার ক্ষতি হতে পারে।

ব্যাংক ডাকাতির পর রাস্তায় টাকা উড়িয়ে বড়দিনের শুভেচ্ছা!

0

বড়দিনের দুই দিন আগে তিনি ব্যাংক লুট করেন। এরপর সড়কে সেই টাকা উড়িয়ে বলতে থাকেন ‘মেরি ক্রিসমাস’। এমন অদ্ভুত শুভেচ্ছা জানানোর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোয়।

ওই ব্যক্তির নাম ডেভিড ওয়েইন অলিভার। সাদা দাড়ি-চুলের এই শ্বেতাঙ্গ কলোরাডো স্প্রিংসের একাডেমি ব্যাংকে ডাকাতি করেছিলেন। এরপর ব্যাংক থেকে বেরিয়েই ব্যাগ থেকে সেই টাকা বের করে তা ছড়িয়ে দিতে দিতে তিনি বলেন, ‘মেরি ক্রিসমাস’।

অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ব্যাংক থেকে বেশ কিছু ডলার নিয়ে যান ৬৫ বছর বয়সী অলিভার। তবে কোনো অস্ত্র তিনি ব্যবহার করেননি। কত ডলার নিয়ে গেছেন তাও পুলিশ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ডায়ন প্যাসকেল বলেন, তিনি (অলিভার) ব্যাংক থেকে বের হলেন। এরপর ব্যাগের ভেতর থেকে টাকা বের করে সারা জায়গায় ছড়িয়ে দিয়ে বলতে থাকলেন, ‘মেরি ক্রিসমাস’। পথচারীরা সে টাকা কুড়িয়ে আবার ব্যাংকারের কাছে ফেরত দিয়েছে।

টাকা ছড়ানোর পর অলিভার কাছের একটি স্টারবাকস কফিশপে গিয়ে সামনেই বসে থাকেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের কোনো বেগ পেতে হয়নি। সূত্র : ডেনভার পোস্ট।

সিদ্দিকুল্লাহ বাংলাদেশে আসার ভিসা না পাওয়ায় জল্পনা : আনন্দবাজার

0

বাংলাদেশে আসার জন্য ভিসা পেলেন না ভারতের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়াত-উলেমা-ই-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেও ভিসা না পাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো :

সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশে আসার জন্য আবেদন করেছিলেন। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ব্যক্তিগত কাজে স্ত্রী রাজিয়া ও দেড় বছরের নাতনিকে নিয়ে বাংলাদেশে কাটানোর কথা ছিল তার। কিন্তু, তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়নি বলে বুধবার দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি বলেন, ‘তিনদিন আমার অফিসের এক কর্মীকে দু’ঘণ্টা করে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে বসিয়ে রাখার পর বুধবার পর্যন্ত ভিসা দেওয়া হয়নি। কেন ভিসা দেওয়া হল না তা নিয়েও কিছু জানানো হয়নি।’

বাংলাদেশ উপ-দূতাবাস তাকে কোনো কারণ না দেখালেও, ভিসা না পাওয়ার পিছনে রাজনীতি দেখছেন এই জমিয়তে নেতা। তিনি বলেন, ‘‘সম্ভবত বাংলাদেশ কর্তৃপক্ষকে ভুল বোঝানো হয়েছে, না হলে তারা বেশি বুঝছে।”

সিদ্দিকুল্লা আরও বলেন,‘‘বাংলাদেশে আমার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। একেবারেই ব্যক্তিগত সফর করার কথা ছিল। এছাড়া আমি বাংলাদেশের কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত নই। তারপরেও আমার ভিসা আবেদন বাতিল করা হল। এর পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে।”

সিদ্দিকুল্লা এর বেশি মন্তব্য না করলেও, জমিয়তে উলেমা সংগঠনে তার ঘনিষ্ঠদের দাবি, বর্তমানে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যেভাবে তোলপাড় হচ্ছে তার মধ্যে সিদ্দিকুল্লা বাংলাদেশে গেলে ভারত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে পারে। এই আশঙ্কা থেকেই হয়তো তাকে ভিসা দেওয়া হয়নি।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া নথি অনুযায়ী, ১৩ ডিসেম্বর তারা জানিয়ে দিয়েছে, সিদ্দিকুল্লার বাংলাদেশ সফর নিয়ে তাদের কোনো সমস্যা নেই। সেই অনুযায়ী ‘নো অবজেকশন’ও দিয়েছে মন্ত্রণালয়। ওই নথি অনুযায়ী, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসার আবেদন করেছিলেন সিদ্দিকুল্লা।

সিদ্দিকু্ল্লার পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথমে তিনি সিলেটের একটি মাদ্রাসায় যাবেন প্রতিষ্ঠানের শতবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে। সেখান থেকে শাহ জালাল মাজারে শ্রদ্ধা জানাতে যাবেন। সিলেটেই মন্ত্রীর স্ত্রী-র আত্মীয় থাকেন। সেখানেও যাওয়ার কথা ছিল বলে জানিয়েছিলেন তিনি। সঙ্গে ঢাকা শহরে মন্ত্রীর এক আত্মীয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।

ভিসা বাতিল হওয়ায় সিদ্দিকুল্লা বলেন, ‘‘গোটা ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত।”

এ বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোফাক্খারুল ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়ে হোয়াটস্অ্যাপে মেসেজ করা হলেও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিভিন্ন রাজনৈতিক দল এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে। আগামী ৩০ জানুয়ারি এই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। আমরা এই নির্বাচনে বিএনপিকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশ্বস্ত করছি এটা অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে।

মন্ত্রী আজ বুধবার ঢাবি’র টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউপিডিএএ) আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।

যেই জয়লাভ করুক, আর যেই পরাজিত হোক নির্বাচন প্রতিযোগিতামূলক হবে উল্লেখ করে তিনি বলেন, যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হয়, তবে তা সরকারের জন্য বড় কোন সমস্যা হিসেবে দেখা দিবে না।

তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে, সরকার সে জন্য সব ধরনের সহযোগিতা করে যাবে।

এখনকার দিনের রাজনীতিবিদরা রিকসা চালকের মতো কথাবার্তা বলছেন উল্লেখ করে কাদের বলেন, রাজনীতিতে ভিন্নমত খুবই স্বাভাবিক ব্যাপার। ভিন্নমত থাকবেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা বেড়ে গেছে।

কাদের পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

সেতুমন্ত্রী বিভক্তির রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা নিজেদের মধ্যে সম্পর্কের সেতু তৈরির পরিবর্তে অসহিষ্ণুতার দেয়ার তৈরি করছি।

তিনি আরো বলেন, আমাদের মাঝে আবার সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে। বিভেদের সংস্কৃতি হ্রাসে পরস্পরের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

মন্ত্রী বলেন, মেট্রোরেল একটি পরিবেশ-বান্ধব প্রকল্প। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরো বলেন, রাজধানীতে ছয়টি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে ২০৩০ সাল নাগাদ ঢাকার অবস্থা পাল্টে যাবে।

অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরে এলে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি জীবনের শেষ ভাগে পৌঁছে গেছিলাম। আমি অলৌকিকভাবেই আবার ফিরে এসেছি। আপনাদের দোয়া ও ভালবাসার কারণেই এটা সম্ভব হয়েছে।’

ডিইউপিডিএএ’র সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি নাজমুল হক প্রধান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবির, সাবেক সচিব মাহমুদুল হাসান প্রমুখ।

নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপিত

0

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বুধবার যথাযথ ধর্মীয় মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

নানা আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে এদেশের খ্রিস্টান সম্প্রদায় দিনটি পালন করেছে। এ উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে কেক তৈরি করার পাশাপাশি ছিল বিশেষ খাবারের আয়োজন।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সেখানে একটি ক্রিসমাস গাছ রোপণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ্, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন দেশের পররাষ্ট্র মিশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই অনুষ্ঠানে যোগ দেন। এ সময় একদল সঙ্গীত শিল্পী বড়দিনের গান পরিবেশন করেন।

পরে, রাষ্ট্রপতি বড়দিনের কেক কাটেন ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য, এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে তার আগমন ঘটেছিল।

বড়দিন উপলক্ষে বুধবার গির্জায় গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। দিবসটি উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি।

এ উপলক্ষে দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে ও মোমবাতি জ্বালিয়ে দিনটি উদযাপন করছে।

শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় সান্তা ক্লজ।

বড়দিন উপলক্ষে দেশের সব গির্জায় বর্ণিল আলোকসজ্জা করা হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে গোশালা স্থাপন এবং রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার গির্জা) বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানো হয়। প্রচুর জরি লাগিয়ে গির্জার ভেতর রঙিন করা হয়। সাজানো হয় ক্রিসমাস ট্রি।

এছাড়া বড়দিন উপলক্ষে গির্জার মূল ফটকের বাইরে বসে মেলা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গির্জাগুলোয় আসতে থাকেন যিশু ভক্তরা। কয়েকটি পর্বে প্রার্থনা অনুষ্ঠিত হয়। মঙ্গলযজ্ঞের যিশুকে আহ্বান করে চলে ভক্তদের প্রার্থনা। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এমনটাই প্রার্থনা তাদের।

এছাড়াও রাজধানীর পাঁচ তারকা হোটেলসহ দেশের বড় হোটেলগুলোতেও বড়দিন উদযাপনের জন্য বিশেষ আয়োজন করা হয়। হোটেলগুলোতে মঙ্গলবারই আলোকসজ্জার আয়োজন করা হয়।

রাজধানীর পাশাপাশি গাজীপুরের নিকোলাসের গির্জায়ও ভক্তরা মেতে ওঠেন যিশু বন্দনায়। আজকের দিনে সত্য ও ন্যায়ের বাণী নিয়ে যিশুর আগমন মানব জীবনে যেন বারবার ফিরে আসে সে প্রত্যাশা ভক্তদের।

ভিপি নুরের মামলা ডিবিতে হস্তান্তর

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল নুর বাদী হয়ে যে মামলাটি করেছিলেন সেটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বিকেলে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন শাহবাগ থানায় ভিপি নুরের পক্ষে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

‘ধর্মকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সজাগ থাকুন’

0

কেউ যেন যুবকদের বিভ্রান্ত করে সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

তিনি বলেন, ধর্ম আমাদের আলোর পথ দেখায় এবং অন্যায়, পাপ, অন্ধকার থেকে দূরে রাখে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যেন নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাই সজাগ থাকবেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনে বড়দিন উপলক্ষে আজ বুধবার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

যুবকদের যেন কেউ ধর্মের নামে বিভ্রান্ত করতে না পারে সেজন্য বিশেষ নজর রাখতে রাষ্ট্রপতি অভিভাবকদের আরো ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির জনপদ উল্লেখ করে তিনি বলেন, দেশের এই অর্জন সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষের অক্লান্ত প্রচেষ্টার ফসল।

তিনি ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আব্দুল হামিদ খ্রিষ্টানদের পবিত্র উৎসবে তাদের সুখ, সমৃদ্ধি ও আনন্দময় ভবিষ্যৎ কামনা করেন।

যিশু খ্রিষ্টকে আলো ও মুক্তির দূত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিষ্ট বিশ্বের শান্তির পথ দেখিয়ে গেছেন। তার দর্শন ছিল ভালবাসা, সেবা, ক্ষমা ও ন্যায় বিচারে পরিপূর্ণ একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা।

তিনি আরো বলেন, আমি মনে করি বর্তমানে এই সমস্যা সংকুল ও সংকটময় বিশ্বে জাতিতে-জাতিতে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় যিশুর শিক্ষার একান্ত প্রয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা উল্লেখ করে রাষ্ট্রপতি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্র প্রধান বঙ্গভবনে বড়দিন উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সেখানে একটি ক্রিসমাস গাছ রোপণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ্, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন দেশের পররাষ্ট্র মিশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় একদল সঙ্গীত শিল্পী বড়দিনের গান পরিবেশন করেন।

পরে, রাষ্ট্রপতি বড়দিনের কেক কাটেন ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস চালাচ্ছে

0

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি এখন তথ্যসন্ত্রাস চালাচ্ছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো আজ নতুন নয়, বহু পুরোনো সমস্যা। তার হাঁটুর ও কোমরের ব্যথা দীর্ঘদিনের। এসব রোগ-ব্যাধি নিয়ে তিনি দু’বার প্রধানমন্ত্রী এবং দু’বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার শারীরিক এসব সমস্যাকে নতুন করে দেখিয়ে বিএনপি প্রতিদিন নৈরাজ্য চালাচ্ছে। রিজভী আহমদের আজকের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব বড় চ্যালেঞ্জ কি-না সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও আমার দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। অবশ্যই আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ কাজে যেন সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। নেত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আমার সর্বোচ্চ প্রয়াস থাকবে। ইতোপূর্বে নেত্রী আমাকে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে আমরা সেই ঠিকানায় পৌঁছাতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ সেই লক্ষ্যে পৌঁছাবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ড. হাছান মাহমুদ প্রথম নিজ জেলা চট্টগ্রামে আসার খবরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলে দলে বিমানবন্দরে ভিড় জমান।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল, উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে একটি দল এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক ও ছালে আহমদের নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রিয় নেতাকে বরণে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েকশ’ নেতাকর্মী তাদের আস্থার প্রতীককে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাদের ফুল ও ভালোবাসায় সিক্ত মন্ত্রী এ সময় নিজেও আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং মিশে যান নিজ এলাকার আওয়ামী লীগ-ভক্ত নেতাকর্মীর মাঝে।

‘ভারত থেকে কেউ আসলে জন্মসূত্রে বাংলাদেশি হলেই গ্রহণ নয়তো ফেরত’

0

ভারত থেকে কোনো নাগরিক এলে, তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলেই তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা বলেন।

বুধবার বিকেল ৩টার দিকে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৬ হাজার ১৪৪ কোটি টাকায় রেলের কাজ হবে। বর্তমান সিলেট রেলওয়ে স্টেশন আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনে সংযোজন করা হবে এসি কোচ।

সিলেট ওসমানী বিমানবন্দরের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কাজে ১ হাজার ২২৮ কোটি টাকার বিশাল বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, সরকারের একার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর সরকারের সহযোগিতায় এগিয়ে আসায় বাস মালিকদের ধন্যবাদ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নগর এক্সপ্রেস আমাদের জন্য একটি বড় অর্জন। এতে সিলেটে আসা পর্যটকরাও চলাচলে সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি বলেন, নতুন চালু হওয়া নগর এক্সপ্রেস যেন যত্রতত্র না দাঁড়ায়। আমরা যানজট, মাদক ও হকার মুক্ত সিলেট চাই। ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা ও প্রতিবন্ধীদের জন্য বাসে বিশেষ সিট রাখা ভালো উদ্যোগ।

নগর সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগর বাস সার্ভিস পরিবহন সেক্টরের সঙ্গে প্রতিযোগিতার জন্য নয়, বরং নগরের মানুষের সুন্দর সেবা দেওয়া ও যানজট নিরসনের জন্য চালু করা হয়েছে।

তিনি নগর উন্নয়ন ১ হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে নিয়ে মডেল নগরী গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব ও নিটল টাটা বাংলাদেশের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ।