Home Blog Page 3268

ভিপি নুর ও তাঁর সহযোগীদের ওপর হামলায় তদন্ত কমিটি

0

ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় ভিপি নুর ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে অনুরোধ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম।
এদিকে, ভিপি নুর এবং অন্য আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিন গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘নিউরো সার্জন অধ্যাপক ডা. রাইসুল হকের নেতৃত্বে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মঙ্গলবার (আজ) সকাল ১০টায় আহতের অবস্থা পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবে। ‘
গত রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর এবং অন্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর ও ফারাবীসহ অন্তত ২৫ জন আহত হন।
হামলায় নুরুল হক নুর ছাড়াও আহতরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, এ পি এম সুহেল, মশিউর রহমান প্রমুখ। আহতদের মধ্যে নুর, নুরের ছোট ভাই আমিনুর এবং এ পি এম সুহেল ঢাকা মেডিক্যালের আইসিইউতে রয়েছেন। লাইফ সাপোর্টে রয়েছেন চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ (বুলবুল-মামুন) দুপুর সাড়ে ১২টার দিকে বুলবুল ও মামুনের নেতৃত্বে ডাকসু ভিপি নুরুল হক নুরের কার্যালয়ে যায়। সেখানে বহিরাগতদের রাখার অভিযোগ তুলে নুরদের ওপর হামলা ও অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ডাকসু ভবন থেকে নেমে ভবনের নিচে অবস্থান নেয় তারা। এ সময় ডাকসু ভবনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
ভিপি নুরের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘প্রথমে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে অবস্থানরত ভিপি নুরকে হুমকি দিয়ে কক্ষ ভাঙচুর করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরসহ বেশ কয়েকজনকে রুমে আটকে মারধর করেন। মারধরে নুরসহ প্রায় ৪০ জনের মতো আহত হন। ‘

ঢাকার দুই সিটি নির্বাচন : মনোনয়ন ফরম বিতরণ কাল থেকে

0

কাল মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।

আজ সোমবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে প্রার্থী হতে ইচ্ছুকরা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্ম সচিব আবুল কাসেম ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে আবদুল বাতেনের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম কিনতে হবে।

উত্তর সিটির প্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে ও দক্ষিণের প্রার্থীরা মতিঝিল কমিউনিটি সেন্টার থেকে মনোনয়ন ফরম নেবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র -বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি, আর ভোট হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নূরসহ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

0

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের এক দল নেতাকর্মীর হামলায় আহত নূরসহ পাঁচজনের চিকিৎসার জন্য বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার এ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউল হককে প্রধান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে বোর্ড বৈঠকে বসবে এবং আহতদের দেখে সে অনুযায়ী চিকিৎসা দেবে বলে জানান তিনি।

এর আগে রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় নুরসহ আহত হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী।

ডাকসু ভবনে রবিবার হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার।

‘২২ হাজার পর্ন ও ২ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে’

0

ডিজিটাল নিরাপত্তা আইন আরো ‘কড়া’ করা হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে অত্যাচার সহ্য করছি, তার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের আইনে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কিন্তু ইউরোপিয়ানরা জরিমানা করছে বিলিয়ন ডলার। আমাদেরও বিলিয়ন ডলার জরিমান করার বিধান করতে হবে। তা না হলে যারা কথা শোনে না, তাদের কথা শোনাতে পারবে না। এ ছাড়া আগামীতে ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগকে দেশের আইন না মানলে তালা মারার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন ও রেসপন্স প্রকল্প আয়োজিত ডিজিটাল বাংলাদেশ ডিজিটার সুরক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিনুল আলম, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্পের পরিচালক ড. মো. রফিকুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা এখন উপলব্ধি করছি, আইনটি একটু বেশি দুর্বল হয়ে গেছে। এটি আরো কড়া করা দরকার, বহুকিছু অর্ন্তভূক্ত করা দরকার। বিশেষকরে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় আরো কড়া ধারা অন্তর্ভুক্ত করা দরকার।

ইন্টারনেট একদিকে যেমন সুফল বয়ে আনে অপরদিকে বিপর্যয়ও ডেকে আনে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ২২ হাজার পর্ন সাইট এবং ২ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। গুজবসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিহত করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পুলিশবাহিনী খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে।’

তিনি বলেন, কেবল দেশ ডিজিটাল বাংলাদেশ হলেই চলবে না, তা সুরক্ষিত হতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন পাস করার সময় নানা সমালোচনা, প্রতিবাদ করা হয়। আজকে আমরা যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছি, তখন বলা হচ্ছে আমরা বাক স্বাধীনতা হরণ করছি। অথচ, ফেসবুক, ইউটিউবকে বিলিয়ন ডলার জরিমানা করে ইউরোপিয়ানরা। গণমাধ্যমকর্মীরা সবচেয়ে এই আইন নিয়ে আপত্তি তুলেছিলেন। আইন প্রণয়ন হওয়ার পর একটিও মামলা এই আইনের আওতায় গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়নি। আমরা প্রমাণ করেছি এই আইন নিরাপত্তার জন্য, বাক স্বাধীনতা হরনের জন্য নয়।

ফেসবুক, গুগলকে আমরা বারবার বলেছি, কিন্তু তারা যুক্তরাস্ট্রের কমিউনিটি স্ট্যান্ডার্ডের দোহায় দিয়ে পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আপনারা আর দুর্বল ভাবতে পারবেন না। আমাদের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আপনাদের জন্য তালা দেওয়ার ব্যবস্থা আমরা করবো। যাতে বাংলাদেশে যা খুশি তা আপনারা চলাতে না পারেন। আপনাদের বাংলাদেশে উপস্থিতি থাকতে হলে এখানে অফিস থাকতে হবে। নিজেদের ব্যবস্থা নিজেরা এখানে বসে থেকে করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বিজয় বাংলা সফটওয়্যারের জনক মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট নিরাপদ রাখতে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মেইল একাউন্ট দুই স্তরের ভেরিফিকেশন্স ব্যবহার করতে হবে। এটি নিশ্চিত করতে পারলে কেউ একাউন্ট হ্যাক করতে পারবে না। ডিজিটাল দুনিয়া অনেক ঝুঁকিপূর্ণ। স্পাম কখনো খুলবে না।’ এ ছাড়া বাবা-মায়েদের প্যারেন্টাল গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন।

সেমিনারে মূল প্রবন্ধে জিয়া রহমান বলেন, ‘তথ্য প্রযুক্তির সুবিধাকে বেআইনিভাবে ব্যবহার করে আর্থিক, রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে স্বার্থ অর্জন করে নিচ্চে মুষ্ঠিমেয় কিছু অসাধু গোষ্ঠী। ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহারে সব থেকে ঝুঁকির মধ্যে আছে ব্যাংক খাত। বিআইবিএমের তথ্য মতে, ৬২ শতাংশ ব্যাংক সাইবার ক্রাইমজনিত নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি বলেন, সাইবার অপরাধ দমনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এগুলো হচ্ছে- সাইবার প্রতিরক্ষা, সাইবার ইন্টেলিজেন্স এবং সাইবার অপরাধবিরোধী সামাজিক কার্যক্রম। এজন্য সাইবার অপরাধবিরোধী সামাজিক কার্যক্রম বাস্তবায়ন, কলাকৌশল নিরুপণ, সমাজের মানুষকে সাইবার অপরাধের মতো কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য মৌলিক গবেষণা এবং রাষ্ট্রীয় পলিসিতে সেই ফলাফলের প্রতিফলন দেখাটাও জরুরি।

ফ্রাঙ্কফুটে টেক্সটাইল প্রদর্শনীতে বাংলাদেশের ২০ প্রতিষ্ঠান

0

ফ্রাঙ্কফুর্টের আয়োজনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হেমটেক্সটিল’ প্রদর্শনী। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অংশগ্রহণে বাংলাদেশের ২০ জন হোম টেক্সটাইল প্রস্ততকারক অংশ নিচ্ছেন। টেক্সটাইল খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন এবং ইটালিসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর ক্রেতা আসেন।

আয়োজকরা জানান, হোম, টাওয়েল, কন্টাক্ট টেক্সটাইলের চার দিনের এই প্রদর্শনী বিশ্বের মধ্যে সর্ববৃহৎ। এই প্রদর্শনী কোয়ালিটি ডিজাইন টেক্সটাইল এবং নতুন উদ্ভাবনের একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করে দিয়েছে। গত প্রদর্শনীতে সর্বমোট তিন হাজার ১৬ জন প্রদর্শক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৭ হাজার বাণিজ্য দর্শক অংশ নেন হেমটেক্সটিলে।

বাংলাদেশ থেকে সর্বমোট ২০ জন প্রদর্শক যাচ্ছেন এই প্রদর্শনীতে, এদের মধ্যে কিছু প্রদর্শক যাচ্ছেন ইপিবির অধীনে আর বাকিরা অংশ নিচ্ছেন সরাসরি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রদর্শকদের মধ্যে আছে-যাবের অ্যান্ড যুবায়ের ফোব্রিক্স, নোমান টেরি টাওয়েলস, ইউনিলায়েন্স টেক্সটাইল, এসিএস টেক্সটাইল, মমটেক্স এক্সপো।

এশিয়ার সবচেয়ে বড় বুথ আছে হলো ১০.২ তে এসিএস টেক্সটাইলের যেখানে আরও আছে নোমান গ্রুপের যেখানে থাকছে দুটি স্ট্যান্ড, যাবের অ্যান্ড যুবায়ের ফেব্রিক্স এবং নোমান টেরি টাওয়েল। পরের হোম টেক্সটাইল প্রদর্শনী হবে-সাংহাই, মস্কো, নিউ দিল্লি এবং নিউ ইয়র্কে।

নগরীর যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন : মেয়র আতিক

0

নগরীর যত্রতত্র ময়লা ফেলায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কিছু মানুষ ঢাকা শহরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন। অনেকেই আছেন যারা গাড়ির গ্লাস খুলে পানির বোতল রাস্তা ছুঁড়ে ফেলেন। তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে কিন্তু শহরকে তারা ব্যবহার করেন ময়লার ডাস্টবিন হিসেবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে পরিত্যক্ত ও ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. আবদুল হাই প্রমুখ।

‘বিডি ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্লাস্টিক বোতল দিয়ে তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করা হয়।

প্লাস্টিক বর্জ্য এর ভয়াবহতা তুলে ধরে মেয়র বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে।

তিনি আরো বলেন, ঢাকা শহরে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয় যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে। এখনই সময় আমরা সচেতন হয়ে সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি।

গ্যাস ফিল্ড পরিদর্শনে সংসদীয় কমিটি

0

গ্যাস উত্তোলনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার কমিটির পক্ষ থেকে গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেয়া হয়।

সোমবার হবিগঞ্জ জেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জ গ্যাস ফিল্ড সরেজমিন পরিদর্শন করে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আলী আজগর, মো, নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসনে সওদাগর, মোছা.খালেদা খানম ও বেগম নার্গিস রহমান এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সংসদীয় প্রতিনিধি দল সোমবার সকালে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছলে পৌঁছালে স্থানীয় গ্যাস ফিল্ডের কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে প্রতিনিধি দল হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে গ্যাস ফিল্ডে যান। তারা দু’টি গ্যাস ফিল্ড ঘুরে দেখেন এবং গ্যাস উত্তোলনসহ ফিল্ডগুলোর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা প্রতিনিধি দলকে গ্যাস ফিল্ডের অপারেশনাল কার্যক্রমগুলো সর্ম্পকে বিস্তারিত ধারণা দেন। অপারেশনার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা গ্যাস ফিল্ডগুলোতে স্বচ্ছভাবে রাষ্ট্রীয় স্বার্থ সমুন্নত রেখে গ্যাস উত্তোলন ও বিতরণের আহ্বান জানান।

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো ধর্মের উৎসব আয়োজনে সরকার প্রতিবছরই সহযোগিতা করে থাকে। এবারও খ্রিস্টান ধর্মের বড়দিন উপলক্ষে সহযোগিতা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ধর্মের মানুষ তার নিজের সন্তানের জন্য সম্পদ দিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ২০০৯ সালে খ্রিষ্টান ধর্ম কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। সেখানেও আমরা সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসব এলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা কল্যাণ তহবিল থেকে টাকা দিই। এবারও আমরা টাকা দিয়েছি। কিন্তু সেটা কোনো সংগঠনের জন্য নয়। চার্চের মাধ্যমে সেই টাকা বিতরণ হয়। সবাই যেন অন্তত একটু মিষ্টি মুখ করতে পারে।

তিনি বলেন, আমাদের তো সৌভাগ্য বাংলাদেশ কার্ডিনাল পেয়েছে। সেই জন্য আমি গর্ববোধ করি। এ জন্য পোপকেও আমি ধন্যবাদ জানিয়েছি। ভবিষ্যতে আমরা পোপের জন্য কনটেস্ট করতে পারব, সে সুযোগ আমাদের আছে। আমি আর কিছু বলতে চাই না। এ বিষয়ে খ্রিষ্টান সম্প্রদায় সিদ্ধান্ত নেয়। আপনারা গণভবনে এসেছেন, গণভবনের মাটি ধন্য হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিএসবি) সভাপতি নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার। তারা প্রধানমন্ত্রীর হাতে বড়দিনের শুভেচ্ছা কার্ড তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে সারাবিশ্বে থাকা এ ধর্মের মানুষের প্রতি বড়দিনের শুভেচ্ছা জানান।

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, শেষ হলো আত্মহননে

0

ভারতের নদিয়ার পুরাতন চাপড়া এলাকার বাসিন্দা সুস্মিতা সরকার নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তরুণীর আত্মহত্যার দায়ে কাঠগড়ায় শুভজিৎ রায় ওরফে শুভেন্দু নামে তার গুণধর প্রেমিক। ধানতলা থানায় আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ওই যুবক পলাতক। পুলিশ তাকে খুঁজছে।

শুভজিৎ নদিয়ার ঘোলা এলাকার বাসিন্দা। তবে উত্তরপ্রদেশে তার বোনের বাড়ি রয়েছে। মামার বাড়ি নেপাল সীমান্ত এলাকায়। অভিযুক্ত যুবক সেখানে পালিয়ে গিয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রানাঘাট কলেজের বিএ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা। মাস ছয়েক আগে শুভজিতের সঙ্গে ফেসবুকেই আলাপ। সেখানেই প্রেম নিবেদন করে শুভজিৎ। প্রস্তাবে সম্মতি জানায় সুস্মিতা। এরপর তাদের দেখা হয়েছে অনেক। তবে ফেসবুক চ্যাটেই বেশি কথা হত। অভিযোগ, ভালোবাসার অভিনয় করে প্রায়ই শুভজিৎ মেয়েটিকে নিজের বিবস্ত্র ছবি তুলে পাঠাতে বলত। দিনের পর দিন নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে প্রেমিককে পাঠাতো মেয়েটি। কিন্তু গণ্ডগোল বাধে কিছুদিনের মধ্যেই। ডিসেম্বরের শুরুতেই মেয়েটির কিছু বন্ধু জানায় ফেসবুকে তার কিছু আপত্তিকর ছবি আপলোড করা হয়েছে। বন্ধুদের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় সুস্মিতা। ফেসবুক ঘেঁটে আবিষ্কার করে তার নামে ফেক প্রোফাইল খোলা হয়েছে। যে ছবিগুলো শুভজিৎকে পাঠাতো, সেইসব গোপন মুহূর্তের ছবি আপলোড করে দেওয়া হয়েছে ওই প্রোফাইলে।

সুস্মিতার বাবা বিমল সরকার বলেন, আমাদের মেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। বুঝতে পেরেছিলাম গুরুতর কিছু একটা হয়েছে। কিন্তু ও লজ্জায় আমাদেরও বলতে পারছিল না।

রবিবার সকালে বাজারে গিয়েছিলেন বিমলবাবু। সে সময় প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন সুস্মিতার মা-ও। বাজার থেকে ফিরে বিমলবাবু দেখেন রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ধারণা করেছিলেন কিছু একটা সমস্যা হয়েছে। অনেক ডাকাডাকিতেও বন্ধ রান্নাঘর থেকে কেউ সাড়া দেয়নি। অবশেষে দরজা ভেঙে দেখা যায় রান্নাঘরের সিলিং থেকে ঝুলছে সুস্মিতার দেহ। তড়িঘড়ি করে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় ধানতলা থানায় অভিযোগ করেছেন সুস্মিতার বাবা।

সুস্মিতার বাবা বলেন, মেয়ের মুখ থেকে আমি ওর এই নতুন সম্পর্কের কথা শুনেছিলাম। বারণ করেছিলাম এই ছেলেটির সঙ্গে ফেসবুকে সম্পর্ক রাখতে। কিন্তু আমাদের কথা শোনেনি। তার কথায়, আমার মেয়ের নোংরা ছবি ফেসবুকে দেওয়াতেই আজ এত বড় সর্বনাশ হল। এই ছেলেটিই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। ওর শাস্তি চাই।

নতুন করে শরণার্থী আশ্রয় দেবে না তুরস্ক

0

সম্প্রতি সিরিয়ার ইডলিবে রাশিয়ান সৈন্যরা নতুন করে অভিযান শুরু করলে শহরটির হাজার হাজার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়ে পড়েন। এই কারণে তৈরি হওয়া শরণার্থী সংকট তুরস্ক একা মোকাবিলা করবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার দেশ নতুন এই নতুন শরণার্থী আশ্রয় দিতে সক্ষম নয়।

দেশটির স্থানীয় সময় রবিবার এক অনুষ্ঠানে রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, ইডলিবে এই পরিস্থিতি চলতে থাকলে শরণার্থীর সংখ্যা বড়তে থাকবে যা তুরস্ক একা মোকাবিলা করতে পারবে না। তুরস্কে বর্তমানে প্রায় ৩৭ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে। বিশাল সংখ্যক এ শরণার্থীর বোঝা তুরস্ক একা বইতে পারবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল দেশটি।

এদিকে, সিরিয়াতে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের পরিচালিত অভিযানের নিন্দা জানিয়ে আসছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বলছে, উত্তর সিরিয়ায় তুরস্কের এ অভিযান দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলছে। জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, তুরস্কের এ পদক্ষেপের নিন্দা না জানিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত ইডলিবে চলতমান ‘হত্যাকাণ্ড’ বন্ধ করা।