Home Blog Page 3269

জেরুজালেমে যাওয়ার অনুমতি দিলো ইসরায়েল

0

প্রতি বছরই ক্রিসামাসের সময় জেরুজালেমে প্রার্থনা করতে যাওয়ার দাবি জানান গাজার খ্রিস্টানরা। কিন্তু সব সময় যাওয়ার সুযোগ তারা পান না। গত বছর বিশেষ অনুমতিপত্রের ব্যবস্থা করেছিল ইসরায়েল। কিন্তু এই বছরও অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত রবিবার দুপুরে অনুমতিপত্র দেওয়া কথা জানিয়েছে ইসরায়েল প্রশাসন। এক টুইট বার্তায় এই কথা জানায় ইসরায়েল।

২০০৭ সালে প্যালেস্টাইনের গাজা অঞ্চল হামাস দখল করে নেয়। তারপর থেকেই ওই অঞ্চলকে কার্যত অবরুদ্ধ করে দেয় ইসরায়েল এবং মিশর। গাজায় বসবাসকারী মানুষ বাইরে যেতে পারেন না। গেলে বিশেষ অনুমতি নিতে হয়।

মূলত মুসলিম অধ্যুষিত গাজায় সব মিলিয়ে হাজারখানেক খ্রিস্টানের বাস। যার অধিকাংশই গ্রিক প্রোটেস্টান্ট। তবে সামান্য কিছু ক্যাথোলিকও আছে।

নরেন্দ্র মোদি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম নন’

0

ভারতের মুসলিমবিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিতর্কের মধ্যে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ঈশ্বর’র সঙ্গে তুলনা করে বসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান। তার কথায়, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নরেন্দ্র মোদি আপনি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম নন।

গতকাল রবিবার সংশোধিত নাগরিকত্ব আইন ইসুৎতে ইনদওরে সিন্ধি ও পঞ্জাবিদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল বিজেপি। দলের কার্যকরী সভাপতি জেপি নড্ডাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানেই এমন মন্তব্য করেন শিবরাজ। তিনি বলেন, ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদি আপনাদের নতুন জীবন দান করেছেন। মান-সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাই ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম যান না নরেন্দ্র মোদি। আপনারাই বলুন ঠিক বলছি কি না?

এসময় শিবরাজ সিংহ চৌহান আরো বলেন, নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করা উচিত নয়। বরং নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে অভিবাদন জানানো উচিত সকলের। নয়া নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন জেপি নড্ডাও।

ঝাড়খণ্ডও হাতছাড়া বিজেপির‌

0

ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) জোট। আজ সোমবার ভোট গণনার শুরু থেকেই দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। কিন্তু, বেলা যতো গড়ায় ততোই ভোটের ফলাফল জোট শিবিরের দিকেই ঝুঁকে পড়তে শুরু করে। স্পষ্ট হয়ে যায় পালাবদলের ইঙ্গিত। ওই রাজ্যের বিধানসভায় মোট আসন ৮১টি। আর সরকার গড়তে প্রয়োজন ৪১।

এদিকে, আনন্দবাজারের খবর অনুযায়ী কংগ্রেস পেয়েছে ১৩টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) পেয়েছে ২৮ আসন। আর তাদের জোট সঙ্গী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) পেয়েছে চারটি আসন। কংগ্রেস-জেএমএম-আরজেডি; এই তিন দলের জোট মিলে মোট আসন পেয়েছে ৪৫টি আসন।

ফলাফল স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গাতেই জোট শিবিরের উল্লাসের ছবি দেখা গেছে। কোথাও চলছে মিষ্টিমুখ, আবার কোথাও বাজি পোড়ানো। জয় ধরে নিয়েই অনেক জায়গায় উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা।

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষাগুলোর বেশির ভাগই এ বার বিজেপির থেকে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকেই এগিয়ে রেখেছে। এর আগে, শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে বিজেপির। সেই তুলনায় ছোট রাজ্য হলেও ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে দিকে তাকিয়ে সবাই।

কাল থেকে কমবে শীতের তীব্রতা

0

সারা দেশে শীতের দাপট আপাততঃ কমে এসেছে। আগামীকাল থেকে শীতের তীব্রতা কমতে শুরু করবে। তবে, চলতি মাসের শেষের দিকে আবারো শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ওই সময় দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদ ওমর ফারুক আজ সোমবার জানান।

দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে বুধবার রাত থেকে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলতি মাসের ২৫/২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং মাসের ২৭/২৮ তারিখের দিকে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এটি দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে।

তিনি জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস ও দিনাজপুরে ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: প্রতিবেদন ২৩ জানুয়ারি

0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।

সোমবার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন।

ভিপি নুরের ওপর হামলার ঘটনা নিন্দনীয় : ওবায়দুল কাদের

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডাকসু ভিপি’র সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। তবে তার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাত্রলীগের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

তিনি বলেন, কে কোন সংগঠন করে, সেটি বিবেচ্য নয়। আমরা অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখব, দুর্বত্তকে দুর্বত্ত হিসেবে দেখব। যারা এগুলো করবে, তারা কেউ ছাড় পাবে না।

রবিবার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর ও তার অনুসারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

নুরসহ আহত ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফারাবীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সকালে তা খুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. ড. এ কে এম নাসিরউদ্দিন। এছাড়া আহত বাকিদের চিকিৎসা দিয়ে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়।

ঢাবিতে বিক্ষোভ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিয়ে, মধুর ক্যান্টিন হয়ে প্রক্টর কার্যালয় এর সামনে অবস্থান নেয়।

এ সময় মিছিল থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও, শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না- শ্লোগান দেওয়া হয়।

রোহিঙ্গাদের ফেরাতে রাশিয়ার সহযোগিতা চাইলেন মোমেন

0

‘মিয়ানমারের ওপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে। তারা মিয়ানমারকে চাপ দিলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে দেশটি। তাই আমি রাশিয়া এবং রাশিয়ান ফেডারেশনকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানাই।’

আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত/রাশিয়ায় গ্রাজুয়েটদের পঞ্চম এশিয়ান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আগে এবং পরে বাংলাদেশ এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। শর্তহীন বিভিন্ন সহযোগিতার জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে সোভিয়েত ইউনিয়ন।

মোমেন বলেন, মিয়ানমার আমাদের বন্ধুরাষ্ট্র। দেশটির ওপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে। তারা যদি অব্যাহতভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করে, তাহলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে দেশটি। তাই আমি রাশিয়া এবং রাশিয়ান ফেডারেশনকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে সহযোগিতা করার আহ্বান জানাই।

বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। অর্থনৈতিক অগ্রগতি দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বছর আমাদের দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। জিডিপির অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে ছিল।

মন্ত্রী বলেন, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সোভিয়েত রাশিয়ান অ্যালামনাইয়ের মাধ্যমে বহুমুখী বিদেশি বিনিয়োগের ফলে রাশিয়া এবং বাংলাদেশ, সেইসঙ্গে দু’দেশের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ।

সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) সভাপতি ইঞ্জিনিয়ার তাসকিন এ খানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এস এ এম আজাদ হোসেন, অধ্যাপক শংকর বসু, নেপালের ইং আর ধ্রুবা মাহারজান, মঙ্গোলিয়ার টিসোগজোলমা ডোরজপালাম প্রমুখ।

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুলের জানাজা সম্পন্ন

0

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট গার্ডেনে সম্পন্ন হয় তাঁর জানাজা।

জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল আবেদীনসহ আইনজীবীরা অংশ নেন।

জানাজা শেষে প্রধান বিচারপতির পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল রবিবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী।

বিচারপতি মাহমুদুল আমিন ২০০১ সালের পহেলা মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি ছিলেন দেশের ১১ তম প্রধান বিচারপতি। এর আগে তিনি ১৯৬২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আইনজীবী হিসেবে নিম্ন ও উচ্চ আদালতে নিয়োজিত ছিলেন। পরে ১৯৮৭ থেকে ২০০১ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। তারপর হন দেশের প্রধান বিচারপতি।

জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে কাজ করার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে সরকারের প্রচেষ্টায় ভূমিকা রাখারও আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেখা যায় একবার একজন এমপি হয়ে গেলে পরের বার আর জয়লাভ করতে পারে না। কারণ সে জনগণের আস্থা ধরে রাখতে পারে না। অনেক টাকা হলেও নির্বাচনে জিততে পারেন না। কাজেই জনগণের আস্থা ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রবিবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের সম্মেলন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিলে পর পর ৯ম বারের মত এই উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক বড় নেতা আমার সঙ্গে ঘুরে বেড়ায় আর শ্লোগান দেয় আমি জিতে যাব। নির্বাচন কিন্তু তা নয়। অংকের মত বের করা যায়, কার পজিশন কি। এবারের নির্বাচনে আমরা সেটাই করেছি।

তিনি বলেন, নিজেরা পুরো হিসেব নেয়ার পর একটি আন্তর্জাতিক সংস্থা দিয়েও জরিপ করানো হয় প্রত্যেক এলাকায়। এভাবে হিসেব করতে হয়। এটা আমাদের দলের সব নেতা-কর্মীদের মাথায় রাখা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, কে মানুষের কাছে বেশি যেতে পারছেন, কে মানুষের বেশি আস্থা অর্জন করতে পারছেন, কে ভোট আনতে পারবেন এটা একেবারে অংকের মত হিসেবের ব্যাপার। নির্বাচন করা একটা অংকের মত হিসাব।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তারেক জিয়া খুব গর্ব করে বলতো দুই হাজার কোটি টাকা যদি সে বানাতে পারে জীবনেও বিএনপিকে আর ক্ষমতা থেকে সরাতে পারবে না। অথচ পাঁচ হাজার কোটি টাকার উপরে বানিয়েও তারা ক্ষমতায় থাকতে পারেনি।

তিনি বলেন, তাদের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং আওয়ামী লীগের ওপর অত্যাচার-নির্যাতন সবকছু মিলিয়েই ইমার্জেন্সী আসে। পরে বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল।

শেখ হাসিনা বলেন, আমি এই কথা বার বার বলি, কারণ অনেকেই ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বিএনপি এত কম আসন পেল! অথচ বিএনপি তাদের মেয়াদ পেরিয়েই ২০০৮ সালের নির্বাচনে পেল ২৯টি আসন। আবার বিরোধী দলে থাকতে আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো এবং মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করলো।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে বিএনপি’র মানুষের ওপর সেই অত্যাচার-নির্যাতন-দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং জনগণের সেই বিভীষিকাময় অবস্থা, এতকিছুর পর তাদের জনগণ ভোট কেন দেবে? আর তারাতো জয়লাভের জন্য নির্বাচন করেনি, মনোনয়ন বাণিজ্য করেছে। আসন প্রতি দুই-তিনটা করে মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, এনাম আহমেদ চৌধুরী এবং মোরশেদ খানের কাছে অবস্থানকারী তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি অর্থ দাবির অভিযোগ তাঁর কাছে এসেছে।

তিনি আরও বলেন, লন্ডনে বাণিজ্য, পুরানা পল্টনে বাণিজ্য, গুলশানে বাণিজ্য-তিন বাণিজ্যে তিনরকম প্রার্থী দিয়ে তারা হেরে এখন গালি দেয় আমাদেরকে। তারা অপপ্রচার চালায়, আর কিছু আন্তর্জাতিক সংস্থা একথাই বলার চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমল থেকে যে এদেশে গুম, খুন, হত্যা নির্যাতন শুরু- তা যেন অনেকেই ভুলে গেছেন। এই কথাগুলো আমাদের মনে রাখা উচিত এইজন্য যাতে করে ভবিষ্যতে আমাদের আর ওই ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়।

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন আমরা খুব উন্নয়ন করেছি বলেই সবাই যে একদম ঢেলে ভোট দেবে তা নয়, আমরা যে উন্নয়ন করে যাচ্ছি সে কথা বার বার মানুষকে বলতে হবে।

তিনি বলেন, মানুষ সুখ পেলে দুঃখের কথা যেমন ভুলে যায় তেমনি সুখটা যে কারা দিল সেটাও মনে রাখতে চায় না। সে কারণেই আমি নেতা-কর্মীদের বলবো-আপনাদের এলাকায় কয়টি লোক দরিদ্র রয়েছে, ভূমিহীন রয়েছে, গৃহহীন রয়েছে তার হিসেব বের করে আমাদের দেন। কারণ দল হিসেবে এটা আমাদের কর্তব্য।

প্রধানমন্ত্রী বলেন, তাহলে দরিদ্রদের ঘর-বাড়ি করে দিয়ে আমরা পুনর্বাসিত করতে পারি। আমাদের তরফ থেকে এই উদ্যোগ থাকতে হবে। তাহলেই দরিদ্র বলে আর কেউ থাকবে না।

তিনি বলেন, কেবল সরকারের একার নয়, এ ক্ষেত্রে যদি আমাদের নেতা-কর্মীদের অংশগ্রহণ থাকে তাহলে দ্রুত এই দারিদ্র্য বিমোচন আমরা করতে পারবো।

শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, যদি সংগঠন করতে চান, তাহলে আগে মানুষের কাছে যান, তাদের কি সমস্যা তা জানার চেষ্টা করুন।