Home Blog Page 3270

এবার বৃষ্টির সম্ভাবনা

0

টানা কয়েক দিন দেশে শৈত্যপ্রবাহের পর এবার বৃষ্টির পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী ২৫ ডিসেম্বর বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারি বর্ষণের সম্ভাবনা ক্ষীণ। অবশ্য এ সময়ে তীব্র শীত অনুভূত হবে না।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বুধবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হবে। ওই সময় উত্তর-পশ্চিম দিক থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে। যাকে পশ্চিমা প্রভাব বলা হয়।

আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণের ফলে আকাশে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়। ২৫ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহীসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তখন অবশ্য শীতের তীব্রতা অনুভূত হবে না। তবে বৃষ্টি শেষ হওয়ার পর এই মাসের শেষের দিকে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানান হাফিজুর রহমান।

গত বুধবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে। যেটি গতকাল রবিবারও অব্যাহত ছিল। মাঝখানে এক দিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও গতকাল পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা অবশ্য বলছেন, আজ সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা কমে যাবে। সূর্যের দেখাও মিলবে।

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি হলে শীতের অনুভূতি বাড়ে। গতকাল ঠাণ্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি ছিল। সে কারণে গতকালও ঢাকাসহ দেশের অন্য এলাকায় কনকনে শীত অনুভূত হয়েছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকলেও মানুষের কাছে বেশি শীত অনুভূত হয়। গত কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল খুবই কম। সে কারণেও কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। হযরত শাহজালাল বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হারও বেড়েছে গত কয়েক দিনে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভর্তির হার বেশি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েক দিন দেশের বিস্তীর্ণ অঞ্চলে যে তীব্র শীত অনুভূত হচ্ছিল সেটা আজ সোমবার থেকে কমবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এ কয়েক দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়ে গিয়েছিল। গতকালও ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্য দেখা যায়নি। কোনো কোনো জেলায় মাঝেমধ্যে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিয়েছে।

আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান বলছেন, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শীতের তীব্রতা কমতে পারে।

আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

0

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

সংগ্রামমুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা।

আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ আজ সোমবার সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবে। এরপর ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ডাকসুতে হামলায় আহত ফারাবি লাইফ সাপোর্টে

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তুহিন ফারাবি রাজধানীর চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।

এ টি এম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে দেখতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান।

মন্ত্রী এ টি এম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন, এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি বিশিষ্ট এই অভিনেতাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের নির্দেশ দেন। এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জামানের সঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে কি না- সে বিষয়েও তার সঙ্গে কথা বলে জানতে চান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ টি এম শামসুজ্জামান একজন কিংবদন্তি অভিনেতা। সরকার এ টি এম শামসুজ্জানের চিকিৎসার জন্য ইতিপূর্বে সহায়তা করেছে, আগামীতেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।

উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেতা। তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

মমতার প্রতিনিধিদের আটক করেছে যোগি আদিত্যনাথের পুলিশ

0

লখনৌতে আহত ও নিহতদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে গিয়ে যোদি আদিত্যনাথের পুলিশের হাতে আটক হয়েছেন মমতা ব্যানার্জির পাঠানো প্রতিনিধিদল। এ ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগুন জ্বলছে। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রবিবার উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধিদল পাঠিয়েছেন তৃণমূল প্রধান মমতা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বারাকপুর লোকসভার সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি ছাড়াও প্রতিনিধি দলে থাকার কথা জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলসহ রাজ্যসভার সাংসদ আবীর বিশ্বাস ও নাদিমুল হক।

লখননৌতে চৌধুরী চরণ সিং বিমানবন্দরে পৌঁছানোর পর দীনেশ ত্রিবেদীর অভিযোগ, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের আটক করেছে। বিমানবন্দরের বাইরে তাদের বের হতে দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা কি জঙ্গি যে আমাদের এভাবে আটক করা হবে? আমরা তো শুধু মমতা ব্যনার্জির নির্দেশে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতাম। উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হবে না, এ কথা তৃণমূল নেতারা পৌঁছানোর আগেই জানিয়ে দেয় লখনৌ পুলিশ। যোগ সরকার সাফ জানিয়ে দেয়, সেখানে ১৪৪ ধারা জারি আছে, মমতা ব্যানার্জি যেন প্রতিনিধিদল না পাঠান।

কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেব না, অমিত শাহকে হুঁশিয়ারি

0

নাগরিকত্ব সংশোধনী বিল যদি এখনই তুলে নেওয়া না হয়, তাহলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেব না বলে মন্তব্য করেছেন জমিয়ত-উলেমা-এ-হিন্দ নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

আজ রবিবার তিনি আরো বলেন, এই আইন মানবতা বিরোধী, নাগরিক বিরোধী। যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, এই আইন তাদের বিরোধী। তাই এই আইন না তুললে অমিত শাহকে বিমানবন্দরেই আটকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, যদি কখনো অমিত শাহ আসেন, তাহলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেব না। এক লাখ লোক নিয়ে সেখানে চলে যাব আমরা। আমরা কোনো হিংসাত্মক প্রতিবাদে বিশ্বাস করি না। তবে সিএএ এবং এনআরসি’র প্রতিবাদ করব জান-প্রাণ দিয়ে।

সিদ্দিকুল্লার দাবি, বিজেপির গ্রহণযোগ্যতা এরই মধ্যে মানুষের কাছে কমেছে। উদাহরণ হিসেবে কলকাতাসহ সারা ভারতে যে বিক্ষোভ চলছে, সে কথা উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, মোদির ৫৬ ইঞ্চির ছাতি দেশের মানুষকে ছোট করেছে। উনি ঘৃণা আর বিভেদের রাজনীতি করছেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদদের বেশিরভাগ মুসলিম; অথচ…

0

‘দিল্লিতে, যেখানে নরেন্দ্র মোদি থাকেন প্রতিদিন। সেখানে আছে ইন্ডিয়া গেট। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা শহীদদের নাম লেখা আছে। মোট নামের সংখ্যা ৯৩৩৬৩ জন। যেখানে ৬২,৯৪৫ জন মুসলমান শহীদের নাম পাবেন, কিন্তু কোনো আরএসএস বিজেপি নেতার একটি নাম খুঁজে পাবেন না’- কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের এই ভিডিও ক্লিপটি ভারতে চলমান অস্থিতশীল পরিস্থিতির মাঝে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে এনআরসি এবং মুসলিম বিরোধী নতুন নাগরিকত্ব আইন নিয়ে তুলকালাম চলছে ভারতে। এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২০ জন। ক্ষমতাসীন বিজেপি এবং কট্টর হিন্দুত্বাদী সংগঠন আরএসএস ছাড়া সব রাজনৈতিক দলই এই আইনের বিরোধিতা করছে। একসময় ক্ষমতায় থাকা ভারতের অন্যতম বৃহৎ দল কংগ্রেসও বিরোধী অবস্থান নিয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য নতুন করে ভাইরাল হওয়ার এটাও একটি কারণ।

তিনি বক্তব্যে আরও বলেছেন, ‘দারিদ্রের তালিকায় ভারতের অবস্থান ১১৩। আমাদের ওপরে আছে পাকিস্তান, আছে শ্রীলঙ্কা, আছে বাংলাদেশ। যে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এনআরসি করা হচ্ছে, সেই বাংলাদেশ খাওয়ায়-পড়ায়-স্বাস্থ্যে আমাদের চেয়ে অনেক এগিয়ে। অমিত সাহা (ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী), যে বাংলাদেশিদের ‘উইপোকা’ বলেছিল…., মনে হয় আর উইপোকার এখানে আসার দরকার নাই। কারণ ভারত সরকারেই এখন উইপোকা লেগে গেছে। শিল্প নেই, চাকরি নেই, চলছে লুট। মোদি আর বিজেপি একাই দেশপ্রেমিক, আর সবাই দেশদ্রোহী!’

‘এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি, কোনো ডিটেনশন ক্যাম্প নেই’

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, নাগরিকত্ব আইন কখনোই এ দেশের মুসলিমদের জন্য নয়। দেশে কোথাও এনআরসির ডিটেনশন ক্যাম্প হয়নি। আজ রবিবার দিল্লির রামলীলা ময়দানে এসব কথা বলেন মোদি।

মোদি আজ তার ভাষণে আরো বলেন, এটা মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা। নাগরিকত্ব আইন কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। নাগরিকত্ব দেওয়ার জন্য। গান্ধীজি অনেক আগেই বলেছিলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে যেসব শরণার্থীরা ধর্মান্ধ মানু্ষদের অত্যাচারে ভারতে পালিয়ে এসেছেন, তাদের এদেশে স্বাগত জানানো হবে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং–ও এ কথা ১০ বছর আগে সংসদে বলেছিলেন।

মোদি স্পষ্ট করে দিয়েছেন, নাগরিক আইন দেশের (ভারতের) ১৩০ কোটি হিন্দু বা মুসলিমদের জন্য নয়। ভারতের যে সব মুসলিমদের পূর্বপুরুষদের এখানেই জন্ম, তাদের জন্য নাগরিক আইন কখনোই নয়। দেশে এনআরসি তো আদৌ হয়ইনি। দেশে তো কোথাও ডিটেনশন ক্যাম্প নেই। ভারতীয় মুসলিমদের কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। বাচ্চাদের মতো কথা বলছে বিরোধীরা। মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে। কংগ্রেস এবং তার সঙ্গী দলেরা চেঁচাচ্ছে কাকে কান কেটে নিয়েছে। আর লোকেরা কাকের পিছনে দৌড়চ্ছেন।

তিনি আরো বলেন, ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব কখনোই কেড়ে নেওয়া হবে না। তাদের কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। ভারতে তো কোনো ডিটেনশন কেন্দ্রই নেই।

এরপর নাম উল্লেখ না করে রামচন্দ্র গুহ সহ বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদদের শহুরে নকশাল বলে কটাক্ষ করে মোদি বলেন, শহুরে নকশালীরা ভুয়া খবর ছড়াচ্ছে যে সব মুসলিমদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। শিক্ষিত মানুষরাও জানেন না সেটা আসলে কী। সাংবাদিকরা যখন কাউকে জিজ্ঞেস করছেন কোথায় তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্প, তখন কেউই তা বলতে পারছেন না। এটা দেশকে নষ্ট করার চক্রান্ত। এটা অপবিত্র খেলা।

দলিত নেতাদের উদ্দেশে মোদি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে অত্যাচারিত হয়ে যেসব দলিতরা ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের কথা ভাবছেন না সেই সব নেতারা।

বিক্ষোভকারীদের হাতে ‌পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশকর্মীদের মারা হচ্ছে ডিউটির সময়। হিংসার মুখোমুখি হচ্ছেন তারা। সরকার বদলায়, পুলিশ নয়। তারা কোনো দলের জন্য কাজ করে না। পুলিশকর্মীরা মানুষের সেবায় সবসময় তৎপর। দিল্লির বাজারে আগুন লাগার সময়ও পুলিশ সবাইকে বাঁচিয়েছিল কারো জাতি–ধর্ম না জিজ্ঞেস করে।

ভারতের পতাকা উড়িয়ে বিজেপির কালো আইনের জবাব দিন : ওয়াইসি

0

আবারো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সরব হলেন অল-ইন্ডিয়া-মজলিশ-এ- ইত্তেহাদুল-মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, ভারতের জাতীয় নাগরিক তালিকা এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করলে বাড়ির বাইরে তেরঙ্গা উড়িয়ে রাখুন, এটাই বিজেপিকে জবাব দেবে।

হায়দরাবাদের দারুসসালামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, যারা এনআরসি এবং সিএএ-র বিরোধিতা করছেন, তাদের বাড়ির বাইরে তেরঙ্গা উড়িয়ে রাখুন। এই ছবি বিজেপিকে বুঝিয়ে দেবে তারা ভুল এবং কালো আইন তৈরি করেছে।

গত শনিবার আসাদুদ্দিন ওয়াইসির জনসভায় উপস্থিত হয়ে সবাই সংবিধানের প্রস্তাবনার অংশটি পড়েছেন। তিনি সাধারণ মানুষের কাছে অহিংস প্রতিবাদ জানানোর আবেদন জানিয়েছেন। শান্তি রক্ষার আহ্বানও জানিয়েছেন।

বক্তব্যে ওয়াইসি ‘সংবিধান রক্ষা দিবস’ পালনের কথাও বলেন। পাশাপাশি তিনি বলেন, এই যুদ্ধ শুধু মুসলিমদের নয়; এটা দলিত, সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইবদেরও। আমি কিভাবে একজন দেশদ্রোহী হতে পারি, আমি নিজের জন্মসূত্রে এবং পছন্দেই একজন ভারতীয়।

সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধে বিশ্বে প্রথম ভারত

0

গত এক বছরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বার সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতে। ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকারের মতো বিষয়ের পক্ষে লড়াই করা আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকসেস নাও’ এ তথ্য প্রকাশ করেছে।

অ্যাকসেস নাও এর রিপোর্ট অনুসারে, ২০১২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতে ৩৭৩ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। কেবল ২০১৯ সালেই ৯১ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ২০১৮ সালে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ১৩৪ বার। শুধু নথিভুক্ত হয়েছে এমন ঘটনারই নাগাল পেয়েছে সংস্থাটি। তাদের মতে, প্রকৃত সংখ্যাটি আসলে আরো অনেক বেশি।

রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে নির্দেশ পেয়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় টেলিকম সংস্থাগুলো। সাধারণ আইনশৃঙ্খলা ব্যবস্থা হাতের বাইরে চলে গেলেই নেট বন্ধের পথে হাঁটে সরকার।

কখনো সহিংসতা ছড়ানো বা গোষ্ঠী সংঘর্ষ রুখতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। ২০১২ সাল থেকে এ পর্যন্ত কাশ্মীরে একশ ৮০ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তবে রাজস্থানের মতো কোনো কোনো রাজ্যে পরীক্ষা চলা অবস্থায় নকল ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

২০১০ সাল থেকে কেন্দ্রীয় সরকার ইন্টারনেট পরিষেবা নিয়ে কড়াকড়ি শুরু করে। কিন্তু সংস্থাটির মতে, ২০১৪ সাল থেকে বিভিন্ন পরিস্থিতিতে ‘শাটডাউন’ প্রায় দ্বিগুণ হয়েছে ভারতে।

‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন’-এর রিপোর্ট অনুযায়ী, ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে নেট বন্ধ হওয়ার কারণে তিনশ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে ভারতে।