Home Blog Page 3272

ঘন কুয়াশায় শাহজালালে বিঘ্ন বিমান চলাচল

0

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। কুয়াশার কারণে ‘লো ভিজিবিলিটি’ দেখা দেওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে বিঘ্ন ঘটে। পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ৪টার পর থেকে সকাল ৯টা পর্যন্ত বিমান উঠানামায় বিঘ্ন ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে শাহজালালে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। চারটি আন্তর্জাতিক ফ্লাইটের তিনটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া একটি মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করে।’

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলার অন্য একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণে বিঘ্ন ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে অভ্যন্তরীণ আকাশপথে সকালের কয়েকটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। এ ছাড়া হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও উড়োজাহাজ উঠানামা সাময়িক বন্ধ থাকায় শিডিউলে ব্যত্যয় ঘটে। জানা গেছে, কুয়াশার কারণে প্রতিদিনই শিডিউলে সমস্যা হচ্ছে।

আর্মি স্টেডিয়ামে সাদা ফুলে ঘেরা আবেদের মরদেহ

0

রাজধানীর আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়েছে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে নেওয়া হয় মরদেহ। রাখা হবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে আনা হয় আবেদের মরদেহ। সেখানে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন অপেক্ষায় ছিলেন। ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই হবে স্যার ফজলে হাসান আবেদের জানাজা। এরপর বিকেলে ফজলে হাসান আবেদকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

কনকনে ঠাণ্ডা থাকবে আজও, কাল থেকে উন্নতি

0

গত কয়েকদিনের মতো আজও সূর্যের দেখা মেলেনি। মৃদু শৈত্যপ্রবাহ উঠে গেলেও দেশজুড়ে এখনো কনকনে ঠাণ্ডা। যদিও আজ কিছুটা কম অনুভূত হচ্ছে। আশার কথা হচ্ছে আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা বাড়বে, উন্নতির দিকে যাবে শৈত্য পরিস্থিতি।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। গত শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার তা কেটে যায়। তবে মৃদু শৈত্যপ্রবাহ উঠে গেলেও সারা দেশে কনকনে শীত রয়েছে আজও। বেশির ভাগ জেলায় সূর্যের দেখা মিলছে না।

আবহাওয়াবিদ বজলুর রশীদ কালের কণ্ঠকে বলেন, দিনের তাপমাত্রা যদি বেশি থাকত, তাহলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ত। যেহেতু দিনের বেলায় সূর্যের আলো দেখা যাচ্ছে না; ফলে রাতেও সমানভাবে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তিনি বলেন, শুক্রবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তবে শনিবার তা কেটে গেছে। রবিবার পর্যন্ত কনকনে শীত থাকবে। অবস্থার উন্নতি হবে সোমবার থেকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এক দিনের ব্যবধানে রাজধানী বাদে দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। তবে কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে শীতের অনুভূতি কমেনি। আজ রবিবারও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সূত্র জানায়।

এদিকে শীতজনিত রোগে গতকাল এক নবজাতকের মৃত্যু হয়েছে। শীতার্ত মানুষের জন্য এখনো কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ এসেছে বিভিন্ন জেলা থেকে। কনকনে ঠাণ্ডার কারণে দুর্ভোগ বেড়েছে মানুষের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যে শীত পড়ছে, তাতে শীতকালীন সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন গম ও পেঁয়াজের সময়। বীজতলায় বোরো। তাপমাত্রার যে অবস্থা তাতে গম ও পেঁয়াজের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কনকনে শীত দীর্ঘ মেয়াদে থাকলে বীজতলায় থাকা বোরোর ক্ষতি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন শাখার পরিচালক কৃষিবিদ চণ্ডী দাস কুণ্ডু গতকাল কালের কণ্ঠকে এসব কথা বলেন।

আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় গড়ে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তাপমাত্রা।

তফসিল ঘোষণা হতে পারে আজ

0

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল নির্ধারণের জন্য আজ রবিবার (২২ ডিসেম্বর) সভা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসির সভার পর আজই (রবিবার) তফসিল ঘোষণা হতে পারে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে জানুয়ারির শেষ দিকে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশন এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একইসঙ্গে দুই সিটি করপোরেশনে নতুন কোন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এর আগে গত ৩ নভেম্বর কমিশন সভায় এ নিয়ে আলোচনা হয়। ওই দিন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, নভেম্বরের ১৮ তারিখের পর যে কোনো দিন ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা করা হবে। আর ভোট হবে জানুয়ারিতে। এরপর আগামীকাল এ বিষয়ে নির্বাচনের কমিশনের দ্বিতীয় সভাটি হতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আরো জানান, এবার এ দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে তিন মাস আগে নির্বাচন সম্পন্ন হতে যাওয়ার কারণে নির্বাচনের পরপরই নব নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। তাঁদেরকে আগের মেয়র, কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এক্ষেত্রে তাঁদের শপথ গ্রহণও বিলম্বিত হতে পারে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২০১৫ সালের ২৮ এপ্রিল নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ১৭ মে। সিটি করপোরেশন আইন অনুসারে নির্বাচিতদের মেয়াদ হচ্ছে করপোরেশনের প্রথম সভার পর থেকে পাঁচ বছর। চট্টগ্রাম সিটি করপোরেশনে ক্ষেত্রে ২০১৫ সালে মেয়াদপূর্তির অনেক আগে নির্বাচন হওয়ার কারণে নির্বাচিতদের প্রায় ৪ মাস অপেক্ষায় থাকতে হয়।

এদিকে, সিটি করপোরেশনের আগের নির্বাচনগুলোতে তফসিল ঘোষণার আগেই আগাম প্রচারণা বন্ধে ইসি বিশেষ উদ্যোগ নিলেও এবার সে ধরণের কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা গতকাল শুক্রবার কালের কণ্ঠকে বলেন, এবার এখনও এ নির্বাচন নিয়ে জোরদার প্রচারণা শুরু হয়নি এবং বিষয়টি নিয়ে কমিশনে আলোচনাও হয়নি। রবিবারেই এ নিয়ে আলোচনা হতে পারে।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ধারা ৫ এ বলা হয়েছে, কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। অন্য এক ধারায় বলা হয়েছে, আচরণ বিধি লংঘনের দায়ে মোবাইল কোর্ট কোনো ব্যক্তিকে অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে। আর কোনো রাজনৈতিক দল বা সংস্থা আচরণ বিধি লংঘন করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটিতে জাতীয় সংসদের ১৫টি আসন এলাকা রয়েছে। এই বিশাল জনবহুল এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় আড়াই হাজার। এতে ভোটকক্ষ বা বুথ থাকছে সাড়ে ১৩ হাজারের কাছাকাছি। ভোটার প্রায় ৫০ লাখ। এ দুই সিটিতে একই সাথে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের পরিকল্পনা বাস্তবায়নে ইভিএম প্রয়োজন হবে প্রায় ১৫ হাজার। দেশে এর আগে এতো বড় পরিসরে ইভিএম-এর ব্যবহার হয়নি। নির্বাচন কমিশন এ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী নিয়োগ করতে পারে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

ফজলে হাসান আবেদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

0

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রী শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় জেন্ডার সমতা আনয়ন, দারিদ্র্যবিমোচন, শিক্ষিত সমাজ গঠন, আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে স্যার ফজলে হাসান আবেদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড গঠন

0

আগামী ২০১৯-২০২১ সালের জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।

শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে এই দুই বোর্ডেরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংসদীয় বোর্ডের সদস্যরা হলেন, শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও মো. রশিদুল আলম।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. আব্দুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগে পদোন্নতি পেলেন যারা

0

আওয়ামী লীগের দুদিন ব্যাপী কাউন্সিল আজ শনিবার শেষ হয়েছে। ২১তম কাউন্সিলে পরবর্তী তিন বছরের জন্য দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পেয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে দুই যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। প্রচার সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তরের পুরো দায়িত্ব পেয়েছেন। দলের কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, ও এস এম কামাল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সাবেক মন্ত্রী শাজাহান খানকে স্থান দেয়া হয়েছে প্রেসিডিয়ামে।

এক নজরে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটি

0

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি-সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

এক নজরে নবগঠিত কমিটি

সভাপতি : শেখ হাসিনা

সাধারণ সম্পাদক : ওবায়দুল কাদের

যুগ্ম সাধারণ সম্পাদক : মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ড. হাসান মাহমুদ, ডাঃ দীপু মনি।

সাংগঠনিক সম্পাদক : আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

প্রচার ও প্রকাশানা সম্পাদক : ড. আবদুস সোবহান গোলাপ

দপ্তর সম্পাদক : ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

বন ও পরিবেশ সম্পাদক : দেলোয়ার হোসেন

আইন সম্পাদক : নজিবুল্লাহ হিরু

মহিলা বিষয়ক সম্পাদক : মেহের আফরোজ চুমকি

আন্তর্জাতিক সম্পাদক : সাম্মি আক্তার

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক : ফরিদুন্নাহার লাইলী

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক : সুজিত রায় নন্দী

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : ইঞ্জিনিয়ার আবদুস সবুর

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : মৃণাল কান্তি দাস

যুব ও ক্রীড়া সম্পাদক : হারুনুর রশিদ

শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকঃ শামসুন নাহার চাঁপা

সাংস্কৃতিক সম্পাদক : অসীম কুমার উকিল

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক : ডাঃ রোকেয়া সুলতানা

প্রেসিডিয়াম সদস্য : জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুউল্লাহ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযুস কান্তি ভট্টাচার্য।

আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে।

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাউন্সিল অধিবেশন পরবর্তী এই সংবাদ সম্মেলনের শুরুতেই নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী ইশতেহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কাছে তিনি অঙ্গীকার করেছেন, প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করবো। এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও গতীশীল করতে কাজ করে যাব জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস হলো-মুজিব বর্ষের বিশাল প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়ন করা। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব। এছাড়া ভিশন-২০২১ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নও আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে।

দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সভাপতি শেখ হাসিনা ও দলের কাউন্সিলরসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাকে টানা দ্বিতীয়বার দায়িত্ব দিলেও শেখ হাসিনা এ নিয়ে নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের শেখ হাসিনা অপরিহার্য।

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলেও সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আপনারা লক্ষ করেছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাবের পর নির্বাচন কমিশন তিন তিন বার কাউন্সিলরদের বলেছেন, আর কোনো প্রস্তাব আছে কি না। প্রস্তাব না থাকায় কমিশন আমাদের বিনা প্রতিদ্বিন্ডিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর কাউন্সিলররাই তাকে বাকি কমিটি, উপদেষ্টা কমিটি ও স্থানীয় সরকার বোর্ড নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। পরে সভাপতিমন্ডলীর সদস্যসহ কমিটির বেশিরভাগ সদস্যের নাম ঘোষণা করেছেন সভাপতি। এখনো কিছু কিছু পদ খালি আছে। আমরা আশা করছি, দুয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কাজ শেষ করে আমরা সবাইকে নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করব।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নহার লাইলী, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে : ওবায়দুল কাদের

0

দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দল থেকে আজকে দূষিত রক্ত বের করে দিতে হবে, বিশুদ্ধ রক্তের সঞ্চালন করতে হবে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা থেমে যায়নি। সকলের রিপোর্ট আমাদের কাছে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।

অপরাধীরা নজরদারিতে রয়েছে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বলেন, যারা লুটপাট, জমি দখল, চাঁদাবাজি করে তাদের আমাদের দরকার নেই। তাদের বিরুদ্ধে অ্যাকশন সারা বাংলাদেশে শুরু হয়েছে। এ অভিযান চলবে। তারা নজরদারিতে আছে। দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না, দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না। কিছু-কিছু জায়গায় মাঝে-মধ্যে দ্বন্ধ-কলহ দেখা যায়। এসব বিরোধ বন্ধ করতে হবে।

বিতর্কিতদের দলে জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাজার-হাজার, লক্ষ-লক্ষ নেতাকর্মী। বিতর্কিত লোকজন আমাদের দরকার নেই। শীতের অতিথি পাখিরা সুসময়ে আসে, দুঃসময়ে তারা থাকবে না। সেই মৌসুমি পাখিদের আমাদের দরকার নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও জনগণকে বাঁচাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের নেতাকর্মীদের বাঁচাতে হবে। আর বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু কখনো ষড়যন্ত্র করেনি। দলে অপ্রয়োজনীয় কারও দরকার নেই। কোনো কোন্দল থাকলে তা দূর করতে হবে।