Home Blog Page 3273

মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে : শেখ হাসিনা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ ভিত্তিক রাজনীতি করার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে, মানুষ যাতে স্বতস্ফূর্ত ভাবে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে এবং আমরা যেন দেশসেবা করে যেতে পারি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে পারি।

তিনি বলেন, এখানে কাউন্সিলরবৃন্দ আছেন- সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আর জাতির পিতার যে আদর্শ সেই আদর্শ মেনেই চলতে হবে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনের শুরুতে প্রদত্ত ভাষণে একথা বলেন।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নির্মিত প্যান্ডেলে অনুষ্ঠিত হচ্ছে এই অধিবেশন।

প্রধানমন্ত্রী বলেন, ২৯টি বছর এদেশের জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের বিরুদ্ধে যত সংগ্রাম ও আন্দেলন এং জনগণের অধিকার প্রতিষ্ঠার যত সংগ্রাম আওয়ামী লীগই সে সংগ্রাম করেছে এবং আওয়ামী লীগই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে।

তিনি বলেন, বাঙালির জাতির ভাগ্য পরিবর্তন করা, একে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই জাতির পিতা তাঁর সারাটি জীবন উৎসর্গ করে যান। দুঃখি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তিনি আজীবন জেল, জুলুম-নির্যাতন সহ্য করে গেছেন।

জাতির পিতার অবদান ও আওয়ামী লীগকে গড়ে তোলার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনভাবে সংগঠনটি গড়ে তোলেন, এর মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেন।

সরকার প্রধান বলেন, বাংলার জনগণকে জাতির পিতার স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু মাত্র সাড়ে ৩ বছরের শাসনকালে জনগণকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারেন নাই। সেই স্বপ্ন পূরণই তাঁর রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা-মা’য়ের আত্মা যেন শান্তি পায়।

প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে সেই রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্য নিয়েই তাঁর সরকার কাজ করে বিগত ১০ বছরের শাসনামলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। লক্ষ্য আরো অনেক দূর যেতে হবে। সেজন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করে যাওয়ায় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, দেখা যায় যে, অনেকেই ক্ষমতায় আসার পরে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আমরা সেটা পেরেছি। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। সেক্ষেত্রে আমি বলবো বলবো সকলকে সেই চিন্তা থেকেই কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন এবং জাতির যেকোন ক্রান্তি লগ্নে এর নেতা-কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করেছে। প্রতিটি কাউন্সিলরকে এটা মাথায় রাখতে হবে- জাতির পিতার সেই আদর্শ নিয়েই আমরা দেশকে গড়ে তুলবো।

তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতার পরে একটি যুদ্ধ বিধ্বস্থ দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের পর্যায়ে রেখে গিয়েছিলেন আর এরপরেই জাতির জীবনে ১৫ আগষ্ট বিপর্যয় নিয়ে আসে।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর জাতির পিতাকে হত্যার পর এদেশে যে হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়েছিল। যেখানে গণতন্ত্র ছিল না, কারফিউ গণতন্ত্র ছিল। যেখানে সেনাতন্ত্র ছিল, সামরিক স্বৈর শাসকরা রাষ্ট্র শাসন করেছে দীর্ঘ ২১ বছর, এরপর আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ যে সরকারের সেবা পেতে পারে, জনগণের কল্যাণ করতে পারে, তাঁদের ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা কেবল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই জনগণ উপলদ্ধি করতে পেরেছে।

তিনি বলেন, উড়ে এসে জুড়ে বসারা সবসময় নিজেদের ভাগ্য নিয়ে এবং অসৎ উপায়ে ক্ষমতা দখলকে বৈধ করার কাজেই ব্যস্ত ছিল। তারা জনগণের কথা চিন্তা করে নাই।

সরকার প্রধান বলেন, এদেশে ঋণ খেলাপি কালচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ব্যবহার করাসহ পুরো সমাজটাকে তারা ধ্বংসের পথে টেনে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, যে সরকারের কোন নীতি আদর্শ থাকে না, কোন লক্ষ্য থাকে না, সে সরকার চলে কি করে, প্রশ্ন তোলেন তিনি।

তিনি এ সময় জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানী গোয়েন্দাদের গোপন প্রতিবেদন নিয়ে প্রকাশিত ১৪ খণ্ড ভলিউমের বইগুলো দলের প্রতিটি নেতা-কর্মীকে পড়ার পরামর্শ দেন।

কারো বিরুদ্ধে প্রকাশিত গোয়েন্দা রিপোর্ট নিয়ে অদ্যাবধি কেউ কোন পুস্তক রচনা না করলেও জাতির পিতা কিভাবে দেশের কল্যাণে কাজ করে গেছেন, তাঁর বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হয়েছিল, কি কি অপপ্রচার হয়েছিল-সেগুলো তুলে ধরার জন্যই ’সিক্রেট ডকুমেন্ট অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক এ সংক্রান্ত বইগুলো তিনি প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, বইগুলো থেকে আপনাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।

শৈত্য প্রবাহের কারণে প্রচণ্ড শীত অনুভূত হওয়ায় কাউন্সিলের কর্মসূচি সংক্ষেপ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যারা

0

আওয়ামী লীগের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে, কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের নির্বাচিত হন।

এছাড়া কাউন্সিলে ঘোষণা করা হয়েছে ১৯ জন সভাপতিমণ্ডলীর সদস্যের নাম। তারা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, রামেশ চন্দ্র সেন, শাজাহান খান, কর্নেল (অব) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এছাড়া পদাধিকার বলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

সভাপতিমণ্ডলিতে তিন নতুন মুখ শাজাহান-নানক-রহমান

0

আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলিতে এবার নতুন সদস্য যুক্ত হয়েছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলির সদস্য করা হয়েছে। এছাড়া সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকেও করা হয়েছে সভাপতিমণ্ডলির সদস্য।

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন— সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আমি ভেবেছিলাম, আমাকে আপনারা ছুটি দেবেন : শেখ হাসিনা

0

আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি ভেবেছিলাম, আমাকে আপনারা ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে আবার সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে পরিবার হারানোর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার শক্তি। আমার ৭৩ বছর বয়স হয়ে গেছে। আপনাদের নতুন করে ভাবতে হবে। আগামীতে নতুন নেতা নির্বাচন করতে হবে। সভাপতি পদে যেহেতু আর কোনো নামের প্রস্তাব আসেনি। তাই আমাকেই আপনারা নির্বাচিত করেছেন। দলের নেতাকর্মীদের নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন। সম্মেলনের শেষ দিন দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। দ্বিতীয় অধিবেশনে শেখ হাসিনাকে দলের সভাপতি ও ওবায়দুল কাদেরকে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন কাউন্সিলররা।

১০ বছর কাউন্সিলর ছিলেন, এখন ভ্যান চালান

0

একসময় ভারতের পশ্চিমবঙ্গের গোবরডাঙা পুরসভার কাউন্সিলর ছিলেন। এখন তিনি ভ্যান চালিয়ে সংসার চালান। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে বলে জানিয়েছেন ৬৮ বছর বয়সী বাবু দাস। ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গোবরডাঙা পুরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন তিনি। সারা জীবন বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষটি অবশ্য মানুষের জন্য কাজ করেছেন বলে দাবি এলাকাবাসীর।

বহু মানুষকে সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন। সরকারি প্রকল্পে বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য পাকা ড্রেন করেছেন, পিচের রাস্তা করেছেন। মানুষকে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দিলেও তিনি নিজে সরকারি ঘর নেননি। মানুষের বিপদে আপদে এখনো ছুটে যান জনপ্রতিনিধি না হয়েও। এলাকার লোকজনের বক্তব্য, অনেক জনপ্রতিনিধি ফুলে ফেঁপে উঠেছেন। বাবুকে এই বয়সেও ভ্যান টানতে হচ্ছে।

তিন কাঠা জমি কিনে বাড়ি করেছিলেন। যদিও বাড়ির দেয়াল প্লাস্টার করতে পারেননি। মেঝেও কাঁচা। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। জমি কিনে বাড়ি করতে এবং মেয়েদের বিয়ে দিতে প্রচুর ধার দেনা হয়েছে।

বাধ্য হয়ে নিজের বসত বাড়ি বিক্রি করেছেন। যার কাছে বিক্রি করেছেন, তাকে অনুরোধ করে এক বছর থাকার সুযোগ মিলেছে মাত্র। প্রথমে ছিলেন মুদি দোকানি। ২০১১ সাল নাগাদ তিনি দমদমে ডেকরেটরে কাজ নেন। বাঁশ বাঁধা কাপড় লাগানোর কাজ করতেন। পরবর্তী সময়ে গোবরডাঙায় একই কাজ করেছেন।

কিন্তু বয়সের কারণে ওই কাজ এখন করতে পারেন না। তাই বাধ্য হয়ে ইঞ্জিন ভ্যান কিনে ভাড়া খাটছেন। বাড়িতে স্ত্রী জ্যোৎস্না নারকেল পাতা কেটে শলা বের করে বিক্রি করেন। ইঞ্জিনচালিত ভ্যান চালাচ্ছেন বলে বাবুর অবশ্য কোনো আক্ষেপ নেই।

তার কথায়, যখন কাউন্সিলর ছিলাম, মানুষের জন্য কাজ করেছি, পরিষেবা দিয়েছি। নিজের কথা ভাবিনি। এখন ভ্যান চালাচ্ছি। মান সম্মানের কথা ভাবি না। ভ্যানটাই আমার রুজি রুটির ব্যবস্থা করে।

তবে কাউন্সিলর হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। এলাকার মানুষের কথায়, বাবু কাউন্সিলর থাকার সময় কোনো দল দেখতেন না। তিনি রাজনৈতিক রঙ না দেখে সেবা করতেন।

পুরপ্রধান তৃণমূলের সুভাষ দত্ত বলেন, বাবু একজন সৎ মানুষ। তিনি গুছিয়ে নেওয়ার মানসিকতার মানুষ নন।

মহাত্মা গান্ধীর আদর্শকে ধরে রাখতে মার্কিন পার্লামেন্টে বিল পেশ

0

গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে যুক্তরাষ্ট্রও। তাঁর আদর্শকে ধরে রাখতেই মার্কিন সংসদে বিল পেশ করা হয়েছে। গান্ধীজি এবং কিং লুথার জুনিয়ারের অবদান স্মরণীয় করে রাখতে একাধিক কাজ করতে চান মার্কিন কংগ্রেসম্যান জন লুইস। নাগরিক অধিকার নিয়ে একাধিক কাজের জন্য যুক্তরাষ্ট্রে সুনাম রয়েছে তাঁর। মার্কিন বাজেটে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করার দাবি জানিয়েছেন জন লুইস। আগামী পাঁচ বছরের জন্য এই আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

গান্ধীজির স্মরণে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে মোদি সরকার। সেই উদ্যোগ এবার শুরু হয়েছে সুদূর যুক্তরাষ্ট্রেও। মার্কিন সংসদে গান্ধীজি এবং কিং লুথার জুনিয়রের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান জন লুইস। ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। প্রতিবছর এই কাজে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত

গান্ধীজির স্বরণে যুক্তরাষ্ট্রের সংসদে এই বিল পেশকে স্বাগত জানিয়েছে ভারত। সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শৃঙ্গলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। এই বিলকে সমর্থন জানিয়েছেন স্পিকার ন্যান্সি পালোসিও। গান্ধী-কিং ডেভলপমেন্ট ফাউন্ডেশন তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সংসদে। বিলের সমর্থন জানিয়েছেন তিন ডেমোক্র্যাট সাংসদও। তাঁরা সকলেই ভারতীয় বংশদ্ভূত আমেরিকান। ডাক্তার অ্যামি বেরা, রো খান্না এবং প্রমিলা জয়পাল। এছাড়াও তিন কংগ্রেসম্যানও বিলটিকে সমর্থন জানিয়েছেন।

বিলে প্রস্তাব

এই বিলে প্রস্তাব করা হয়েছে, যে অর্থ বরাদ্দ করা হবে প্রতিবছর তা খরচ করা হবে শিক্ষা, স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ পরিবর্তন সংক্রান্ত একাধিক কাজে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেই টাকা খরচ করা হবে। এছাড়াও গান্ধী-কিং স্কলারশিপ দেওয়ার কথাও বলা হয়েছে বিলে। ভারতীয় মেধাবী ছাত্রদের এই স্কলারশিপ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হবে। তবে শুধু ভারতীয় মেধাবী ছাত্ররা নন এই স্কলারশিপে সুযোগ পাবেন যুক্তরাষ্ট্রের মেধাবী ছাত্ররাও। গান্ধীজি এবং কিং লুথারের দর্শন নিয়ে যাঁরা পড়বে তাঁরাই অগ্রাধিকার পাবে এই স্কলারশিপের।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

ফের উত্তাল দিল্লি; আটক ৪০

0

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ-বিক্ষোভে জ্বলছে ভারত। আজ শনিবারও উত্তাল হয়ে উঠেছে দিল্লি। গতকাল শুক্রবার রাতে পুরনো দিল্লির দারিয়াগঞ্জে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। এদিন বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন বিক্ষোভকারী প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার জেরে শনিবার ১০জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এদিকে, দিল্লির দারিয়াগঞ্জের ঘটনায় মোট ৪০জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পাথর ছোঁড়ায় বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সুভাষ মার্গ এলাকায় শুক্রবার সন্ধ্যার সময় পার্ক করা কয়েকটি প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেয় । সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত।

এদিকে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পন করেন ভীম সেনার চিফ চন্দ্রশেখর আজাদ। শুক্রবার দুপুরে তাঁর নেতৃত্বে জামা মসজিদে এক বিশাল মিছিল বের হয়। ১৪৪ ধারা অমান্য করে ওই এলাকায় মিছিল করায় তাঁকে আটক করলে মসজিদের ১ নং গেট দিয়ে পালিয়ে যান চন্দ্রশেখর। পুলিশ হেফাজত থেকে ভীড়ের মধ্যে গা ঢাকা দেন তিনি।

তবে শনিবার ভোররাতে জামা মসজিদের সামনে থেকে আটক করা হয় তাকে।

তিনি বলেছেন, আমরা শুক্রবার সকাল থেকে জামা মসজিদের ভেতরে আন্দোলনে শামিল হয়েছি। তবে হিংসাত্মক আন্দোলনের পক্ষপাতী নই। হিংসাত্মক আন্দোলনে আমাদের কেউ জড়িতও নয়।

সূত্র : সংবাদ প্রতিদিন, এই সময়

৬ হাজার সৌদি একাউন্ট বন্ধ করল টুইটার

0

সৌদি আরবের ৫৯২৯টি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার এক ঘোষণায় টুইটার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, এসব বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টও রয়েছে। সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া একাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন পোস্ট দেয়া হতো। সেগুলোতে সৌদি সরকারের বিভিন্ন প্রচারণা ছড়ানো হতো।

টুইটার বলেছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে সৌদি আরবের ‘সামাআত’ কোম্পানিকে খুঁজে পেয়েছে এবং এই কোম্পানির ব্যবহৃত সব টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের দপ্তর প্রধান বাদ্‌র আল-আসাকার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তার বিরুদ্ধে টুইটারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মনে করছে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পাশ্চাত্যে যে আলোচনা চলছে সৌদি আরবের এসব একাউন্ট থেকে সে প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক অপপ্রচার রুখতে টুইটারের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কার্যক্রমটি শুরু হয়েছে। গত আগস্টে হংকং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২ লাখ চীনা অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন তিনি। শি বলেছেন, তাইওয়ান, হংকং, শিনজিয়াং ও তিব্বতের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে ‘নেতিবাচক কথা বলছে ও নেতিবাচক কাজ করছে’ তাতে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে এ টেলিফোন আলাপ হয়। এতে প্রেসিডেন্ট জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র এসব কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দু’দেশের মধ্যকার আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তিনি এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

এদিকে, ওই টেলিফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় দাবি করেছেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। এ আলোচনায় সম্ভাব্য বাণিজ্য চুক্তি থেকে শুরু করে উত্তর কোরিয়া ও হংকং ইস্যু পর্যন্ত স্থান পেয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এরইমধ্যে চীন যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পণ্য আমদানি করতে শুরু করেছে।

প্রসঙ্গত, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ‘ফেজ-ওয়ান’ চুক্তির ব্যাপারে একমত হওয়ার এক সপ্তাহ পর দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে কথা বললেন। ওই চুক্তি অনুযায়ী চীন যুক্তরাষ্ট্র থেকে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য আমদানি বাড়াবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য প্রবেশের ওপর থেকে শুল্কবাধা দূর করা হবে।

ভারতে নাগরিকত্ব পেল ৭ পাকিস্তানি হিন্দু

0

পাকিস্তানের সাত উদ্বাস্তু হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ এল মাণ্ডব্য এ কথা জানিয়েছেন।

তিনি জানান, গুজরাতের মোর্বি ও কচ্ছ জেলায় ওই সাতজন উদ্বাস্তু এসে ছিলেন৷ এদিন, তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন তিনি৷

ভারতের নতুন নাগরিক সংশোধনী আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা বিতাড়িত হয়ে ভারতে এলে, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ১৯৫৫-র নাগরিকত্ব আইনের এই সংশোধনী অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা অন্য দেশের ধর্মীয় সংখ্যালঘুরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তার জন্য ছ’বছর এ দেশে বাস করতে হবে। যদি তাঁরা অবৈধ অভিবাসী বলে চিহ্নিত হন, তাহলে তাঁরা স্বাভাবিক নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না, তা সে যে ধর্মেরই হোন না কেন।

এদিকে, এই আইন পাশ হওয়ার পরই গোটা ভারত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্য নতুন নাগরিকত্ব আইন মানবে না বলে জানিয়েছে। সুপ্রিম কোর্টে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনও ফাইল করা হয়েছে।সরকার এই পরিবর্তিত আইনকে সহানুভূতিশীল বলে দাবি করা সত্ত্বেও বিরোধীরা একে মুসলিম বিরোধী ও অসাংবিধানিক বলে অভিহিত করছে৷

বিরোধীদের দাবি, সরাসরি এই সংশোধনীতে ভারতীয় নাগরিকদের বাদ দেবার কথা বলা নেই। তবে অসমের এনআরসি এবং নতুন নাগরিকত্ব আইন আলাদা করে দেখা যাবে না। চূড়ান্ত এনআরসি তালিকা থেকে ১৯ লাখের নাম বাদ পড়েছে। নতুন আইন বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেবার একটা সুযোগ দিচ্ছে, কিন্তু সে সুযোগ পাচ্ছেন না মুসলমানরা। তাঁদের আইনি পথে লড়তে হবে।

অমিত শাহ এবং বিজেপি নেতারা বলছেন, আসামের এনআরসি পদ্ধতি সারাদেশে বাস্তবায়ন করা হবে। এর ফলে ভারতীয় মুসলিমদের মধ্যে আশঙ্কার পরিবেশ দেখা দিয়েছে। রাজনৈতিক দিক থেকে, এই আইনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে। আসাম ও পশ্চিমবঙ্গে ভোট হবে ২০২১ সালে।

সূত্র : কলকাতা২৪