Home Blog Page 3274

ইরাক সংকট : আগাম নির্বাচন দেয়ার আহবান

0

‌ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনের জন্য আগাম পার্লামেন্ট নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়েছে। ‌ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশটির চলমান সংকট থেকে উত্তরণে এ আহবান জানিয়েছেন।

তিনি শুক্রবার ইরাকের পবিত্র কারবালা নগরীর জুমার নামাজের মুসল্লিদের উদ্দেশে দেয়া গুরুত্বপূর্ণ বার্তায় এ আহ্বান জানান।

আয়াতুল্লাহ আলী সিস্তানি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত একটি সরকারই চলমান বিক্ষোভ ও সহিংসতার অবসান ঘটাতে পারে।

তাঁর প্রতিনিধি আব্দুল মাহদি কারবালায়ি জুমার নামাজের খুতবার আগে আয়াতুল্লাহ সিস্তানির বার্তা পড়ে শোনান।
বার্তায় তিনি বলেন, চলমান সংকট থেকে উত্তরণের দ্রুততম ও সবচেয়ে শান্তিপূর্ণ উপায় হচ্ছে দেশে আগাম নির্বাচনের আয়োজন করা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের আয়োজন করতে হবে।

প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদির পদত্যাগের পর এখন নয়া সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানান আয়াতুল্লাহ সিস্তানি। তিনি বলেন, নয়া সরকার গঠনের প্রক্রিয়াটি যেন বেশি পিছিয়ে না যায়। নয়া সরকার বিতর্কিত হতে পারবে না এবং চলমান পরিস্থিতি সামাল দেয়ার মতো দক্ষতা তার থাকতে হবে।

গত বুধবার ইরাকের পার্লামেন্ট দেশটির জন্য একটি নয়া নির্বাচনি আইনের খসড়া অনুমোদন করতে ব্যর্থ হয়। ভবিষ্যতে অনুষ্ঠেয় যেকোনো নির্বাচনের পর যেন কারচুপি ও জালিয়াতির অভিযোগ না ওঠে এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করা যায় সে লক্ষ্যে এই আইন তৈরি করা হয়েছে।

ইরাকের পার্লামেন্ট দেশটির জন্য একজন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন করতেও ব্যর্থ হয়েছে। গতমাসের শেষদিকে প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদি। তবে নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।#

সূত্র : পার্সটুডে

সভাপতি-সম্পাদক পদে আবারো নির্বাচিত হাসিনা-কাদের

0

আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তাঁরা।

কাউন্সিলে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। তাঁরা দুইজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। এ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়ে যায়।

অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তাঁর এ প্রস্তাবে সমর্থন জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহ।

দলের দ্বিতীয় দিনের অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নেন। বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শোনেন দলের সভাপতি শেখ হাসিনার। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। পূর্বের প্রক্রিয়া অনুযায়ী কাউন্সিলরদের ভেতর থেকে একজন নাম প্রস্তাব করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করেন।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়।

পাওনা টাকার জন্য ২৮ বছর ধরে আদালতে ঘুরছেন ইসমাইল!

0

‘বিচার চেয়ে কী হবে? গরিবের পক্ষে কোনো বিচার নাই। গরিবরা অন্যায় করলে শাস্তি হয়। কিন্তু গরিবের প্রতি অন্যায় কেউ দেখে না।’ কথাগুলো কালের কণ্ঠ’র কাছে বলছিলেন, রাজধানীর কামরাঙ্গীর চরের বাসিন্দা মো. ইসমাইল।

কামরাঙ্গীর চরের ভূমি অধিগ্রহণের টাকা আদায়ের মামলা করে ২৮ বছর ধরে আদালতে ঘুরছেন ইসমাইল। বোন মর্জিনা বেগমের পক্ষে ওই মামলার তদবির করেন ইসমাইল। ১৯৯১ সালে এই মামলা দায়ের করা হয়। তিনি জানান, আদালতে ঘুরতে ঘুরতে হয়রান অবস্থা। এখন অসহায় লাগছে।

ইসমাইল বলেন, আর ঘুরতে ভালো লাগে না। ইচ্ছা করছে এখন দাবি ছেড়ে দিই। আর কত বছর এভাবে ঘুরতে হবে, তা তিনি অনুমানও করতে পারছেন না বলে জানান। তিনি জানান, আদালত তাঁদের পাওনা টাকা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন ১৫ বছর আগে। কিন্তু প্রশাসন ওই নির্দেশ মানছে না। টাকা তো মিলছেই না, উল্টো আদালতে ঘুরে ঘুরে টাকা-পয়সা খরচ হচ্ছে। তিনি বলেন, ‘এখন বড় অসহায় আমরা।’

ইসমাইল প্রশ্ন করেন, আদালতের আদেশ মানে না প্রশাসন। এ কেমন বিচার? তাহলে আদালত, মামলা-মোকদ্দমার দরকার কী?

ইসমাইলের কথা থেকে জানা গেল তাঁদের মামলার কাহিনি। তাঁর আইনজীবী হাফিজুর রহমানের কাছে থাকা মামলার নথিপত্র থেকে জানা যায়, কামরাঙ্গীর চরের বেড়িবাঁধ নির্মাণের সময় ওই এলাকায় জমি অধিগ্রহণ করে সরকার। রাজধানীর লালবাগ থানার রাজ নারায়ণ ধর রোডের বাসিন্দা আবদুল খালেকের ৩৩ শতাংশ জমি ১৯৮৯ সালে অধিগ্রহণ করা হয় (এলএ কেস নম্বর ৪২/৮৯-৯০)। অধিগ্রহণসংক্রান্ত নোটিশও মালিককে দেওয়া হয়। অধিগ্রহণ করা জমির মূল্য ও ক্ষতিপূরণ বাবদ মোট ১২ লাখ ১২ হাজার ৪৯৯ টাকা ৯৭ পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু জমির মালিক আবদুল খালেক মনে করেন, তাঁকে জমির বদলে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে ১৯৯১ সালে একটি সালিসি রিভিশন দায়ের করেন (রিভিশন নম্বর ২৩৫/৯১)। ওই রিভিশন শুনানি শেষে আবদুল খালেকের আবেদন নামঞ্জুর করা হয়। এদিকে ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর জমির মালিক আবদুল খালেক প্রথম কিস্তির টাকা তিন লাখ ৪৫ হাজার ৯৬৩ টাকা ৭৫ পয়সা গ্রহণ করেন। এরপর আবদুল খালেক মৃত্যুবরণ করেন। তাঁর মেয়ে মর্জিনা বেগম আবদুল খালেকের উত্তরাধিকারী চারজনের পক্ষে ঢাকার যুগ্ম জেলা জজ ও আরবিট্রেশন আদালতে জমির মূল্য ও ক্ষতিপূরণ বাড়াতে ১৯৯৩ সালের ১১ অক্টোবর আরবিট্রেশন রিভিশন মামলা দায়ের করেন (নম্বর ১৫০/৯৩)। এদিকে ওই মামলা চলাকালেই জেলা প্রশাসন দীর্ঘদিন চলার পর ওই মামলায় যুগ্ম জেলা জজ ও আরবিট্রেশন আদালত ২০০৪ সালের ১৪ জুন রায় দেন। রায়ে মর্জিনা বেগম ও অন্যদের জমির মূল্য ও ক্ষতিপূরণ সঠিকভাবে নির্ধারণ করার সিদ্ধান্ত দেওয়া হয়। এক কিস্তির টাকা নেওয়ার পর বাকি আট লাখ ৬৬ হাজার ৫৩৬ টাকা ২২ পয়সা বাদীকে দিতে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি-এলএ) নির্দেশ দেওয়া হয়।

মামলা নিষ্পত্তি হওয়ার পরও জেলা প্রশাসক জমির মালিকদের টাকা দেননি। আর এ কারণে ২০০৫ সালের ৩০ জুলাই মর্জিনা ঢাকার যুগ্ম জেলা জজ ও আরব্রিটেশন আদালতে টাকা আদায়ের জন্য ডিক্রিজারি মামলা করেন। ১২ বছর পার হয়ে গেছে, জেলা প্রশাসক ওই টাকা দেননি। আদালত থেকে বারবার তাগিদ দেওয়া হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও দেওয়া হয়; কিন্তু টনক নড়ে না কোনো জেলা প্রশাসকের।

ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না

করার শর্তে বলেন, এ রকম অনেক মামলা, মামলার আদেশ রয়েছে। নথি দেখতে হবে। তারপর জানা যাবে কেন মর্জিনা বেগমরা টাকা পাননি।

‘মানুষের স্বতঃস্ফূর্ত ভোটেই নির্বাচিত হতে হবে’

0

‘আওয়ামী লীগ কখনও কারো সামনে মাথা নত করেনি। দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের আস্থা অর্জন করেছি। সবাইকে মনে রাখতে হবে, মানুষের সাথে এমন আচরণ করতে হবে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে।’

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বলেন, ৮১ সালে দায়িত্ব পেয়েছিলাম। পরিবারের সবাইকে হারিয়ে সেই দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আওয়ামী লীগ কখনও কারো সামনে মাথা নত করেনি। দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের আস্থা অর্জন করেছি। সবাইকে মনে রাখতে হবে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে।’

কাউন্সিল অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন।

কাউন্সিল অধিবেশনে বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শোনার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। কাউন্সিলরদের মধ্য থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।

সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যাঁর নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। সভাপতির ভাষণ শেষে সম্মেলন আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শীত-কুয়াশায় দেশের মানুষ ধরা

0

উত্তুরে হিমেল হাওয়া আর কুয়াশার দাপটে রাজধানী ঢাকাসহ সারা দেশে কাহিল হয়েছে পড়েছে মানুষ। ঘরের বাইরে বের হলে একটু দূরের জিনিস দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে রিকশাসহ যানবাহনের সংখ্যা অনেক কম। জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

গত তিন দিন ধরে চলা শৈত্যপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তীব্র শীতে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শীতের কবল থেকে বাঁচতে খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে অন্তঃসত্ত্বাসহ আট নারী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের বিস্তার আরো বাড়বে এবং আগামী দুই দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। উচ্চ চাপ বলয় ও উত্তর-পশ্চিমা শক্তিশালী বায়ুপ্রবাহ বেশি সক্রিয় থাকায় এবং কুয়াশা ও জলীয় বাষ্পে আর্দ্রতা বেশি হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এসময় কুয়াশা স্তর নিচে নেমে আসায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে।

ঘন কুয়াশার কারণে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। গতকাল সকালের ফ্লাইটগুলো প্রায় তিন-চার ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এতে যাত্রীদের সৈয়দপুর বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শিডিউলে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। সেটি দুপুর দেড়টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ইউএস বাংলার একটি ফ্লাইট নির্ধারিত সময় সকাল পৌনে ১১টার পরিবর্তে পৌঁছে দুপুর ১টা ২১ মিনিটে। এভাবে সৈয়দপুর বিমানবন্দরে গতকাল সকালের শিফটের সব ফ্লাইটের শিডিউলে বিপর্যয় ঘটে।

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে আজ শনিবার ভোর ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টার দিকে পুনরায় তা স্বাভাবিক হয়। তবে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ৯ কিলোমিটার। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে ২০১৮ সালের ৮ জানুয়ারি ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এবার পৌষের প্রথম দিন থেকেই পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর উত্তুরে বাতাসে জেলার সর্বত্র হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত চলছে। নীলফামারীতে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

আজও বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে রংপুরে। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীত থেকে রক্ষা পেতে খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গতকাল পৃথক ঘটনায় আট নারী দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, নওগাঁ, রাজশাহী, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন আজ

0

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নেবেন।

কাউন্সিল অধিবেশনে বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শুনবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। কাউন্সিলরদের মধ্য থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।

সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যাঁর নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। সভাপতির ভাষণ শেষে সম্মেলন আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কাল বনানী কবরস্থানে সমাহিত হবেন আবেদ

0

আগামীকাল রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানী করবস্থানে সমাহিত হবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রয়াণে পৃথক শোক জানিয়েছেন।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি তাঁর শোক বার্তায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ফজলে হাসান আবেদ ইংল্যান্ড থেকে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়, তহবিল সংগ্রহ ও জনমত গঠন করেন। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও তিনি কাজ করেন। তিনি আরো বলেন, তাঁর মতো মানবতাবাদী মানুষের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী তাঁর মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরবর্তী পরিস্থিতিতে বিধ্বস্ত দেশে গণমানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে মাঠে নামেন তিনি। হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্ম নেওয়া মানুষটি প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ব্র্যাকের কর্মসূচি শুরু করেছিলেন। সেই ব্র্যাক দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে আলো ছড়ায়।

ফজলে হাসান আবেদের মা কেবল গ্রামের দরিদ্র পরিবারের অন্নবস্ত্র আর চিকিৎসার ব্যয়ভার বহন করতেন না, একই সঙ্গে রাতের অন্ধকারে যে বাতি জ্বালাতে পারে না, তার জন্য কেরোসিন পাঠাতেন। ব্র্যাক প্রতিষ্ঠার পেছনে শৈশবের সেই স্মৃতিটা আবেদের স্বপ্নের অন্তরালে অনুপ্রেরণা জোগাত। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ফিজিকসে ভর্তি হন।

কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচারে ভর্তি হন, কিন্তু দুই বছর লেখাপড়া করার পরে তিনি এ বিষয়ে পড়া বাদ দিয়ে লন্ডনে গিয়ে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হন। ১৯৬২ সালে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপর তিনি প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। ১৯৬৮ সালে আবেদ শেল অয়েল কম্পানিতে হেড অব ফিন্যান্স হিসেবে যোগ দিলেন।

দুই বছরের মাথায় দেশের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা দিল ঘূর্ণিঝড়। চট্টগ্রাম অঞ্চল ছাড়াও নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চল লণ্ডভণ্ড হলো। মারা গেল প্রায় তিন লাখ মানুষ। কিন্তু উপদ্রুত অঞ্চল নিয়ে তত্কালীন পাকিস্তান সরকার কিছুই করল না। ওই সময়ে আবেদ সহযোদ্ধা ব্যারিস্টার ইসলাম চৌধুরী, কায়সার জামানকে নিয়ে ‘হেল্প’ নাম দিয়ে একটি সংগঠনের ব্যানারে দুর্গত চরাঞ্চলের মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন। জার্মানির একটি সংস্থা থেকে তিন মিলিয়ন মার্ক অনুদান লাভ করেন। সে টাকায় মনপুরা অঞ্চলের পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করলেন তাঁরা। পরে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আবেদ শেল অয়েল কম্পানির লোভনীয় চাকরিকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

দেশের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডন থেকে প্যারিস, তারপর জাতিসংঘ পর্যন্ত বিরামহীন প্রচারণা অব্যাহত রাখেন। মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের তহবিলে অনুদান দেওয়ার চেষ্টা চালিয়ে যান। ফজলে হাসান আবেদ বিশ্বের সর্ববৃহত্ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ এর প্রতিষ্ঠাতা।

ফজলে হাসান আবেদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ব্র্যাক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্যার ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ফজলে হাসান আবেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্যার ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ফজলে হাসান আবেদ ইংল্যান্ড হতে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়, তহবিল সংগ্রহ ও জনমত গঠন করেন। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও তিনি কাজ করেন। তিনি আরো বলেন, তার মতো মানবতাবাদী মানুষের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।