Home Blog Page 3277

সবচেয়ে বেশি শীত পড়ছে ঢাকায়!

0

শৈতপ্রবাহের কারণে সারাদেশেই তাপমাত্রা কমেছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো মূলত দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে গেলেও সবচেয়ে বেশি শীত পড়ছে রাজধানী ঢাকায়।

আবহাওয়াবিদরা বলছেন, রাত ও দিনের পার্থক্য কম হলে শীত বেশি অনুভূত হয়। আর কয়েকদিন ধরে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম ঢাকাতেই।

আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ১৮ ডিগ্রি সেলসিয়াসেও হাড় কাঁপুনি ঠাণ্ডা পড়ে। আবার ৯-১০ ডিগ্রিতেও তেমন ঠাণ্ডা অনুভূত হয় না। তাপমাত্রা কমা বা বাড়ার সঙ্গে ঠাণ্ডা বা গরম অনভূতি কমা বা বাড়ার সম্পর্ক নেই। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য তথা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য যত কমে ঠাণ্ডা অনুভূতি তত বাড়বে।

দুদিন ধরে ঢাকায় রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম। আরও কয়েকটি স্থানে ঢাকার কাছাকাছি অবস্থা বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে বলছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়- ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য এখানে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় রাতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস ও দিনে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য নেমে এসেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার ঢাকায় এটা ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছিল। তার আগে মঙ্গলবারও দেশের মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম ছিল ঢাকাতেই। ফলে টানা তিনদিন ধরে ব্যাপক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে।

ঢাকার পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনা। ময়মনসিংহে রাত ও দিনের তাপামাত্রার পার্থক্য কমে নেমে এসেছে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর নেত্রকোনায় নেমে এসেছে ৪ ডিগ্রিতে।

উত্তরবঙ্গে ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত প্রবাহ বয়ে গেলেও ঢাকার চেয়ে ঠাণ্ডা পড়ছে কম। এসব অঞ্চলে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ছে বা শীত অনুভূত হচ্ছে রংপুরে। সেখানে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরের কনকনে হিম বাতাসে দিনের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে। এ অবস্থা আগামী রোববার পর্যন্ত বিরাজ করবে। তবে ঢাকা পরিস্থিতি ২১ ডিসেম্বর, শনিবার নাগাদ উন্নতি হতে পারে। আর তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে; তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শেখ হাসিনা সভানেত্রী কাদেরই সম্পাদক

0

উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল সাড়ে ১০টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। দলটির সভানেত্রী পদে টানা নবমবারের মতো নির্বাচিত হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসছে না। দ্বিতীয়বারের মতো থেকে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে অন্য পদগুলোতে আসবে নতুনত্ব। প্রেসিডিয়াম পদে অভাবনীয় পরিবর্তনের আভাস মিলেছে। একইভাবে ব্যাপক রদবদল হবে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও। অন্যান্য সম্পাদকম-লীর পদগুলোতেও দায়িত্বের হেরফেরের পাশাপাশি ছিটকে পড়বেন কেউ কেউ। মূল্যায়ন হবে ১৯৮১ সালের পর যারা ছাত্রলীগসহ আওয়ামী লীগের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন তাদের। দলের একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এমন আভাস দিয়েছেন। এবারের সম্মেলনে দলের থিম ট্যাংক হিসেবে পরিচিত উপদেষ্টা পরিষদও সাজানো হবে নতুন করে। সূত্রমতে, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বরণ করে নিতে। গতকাল গভীর রাত পর্যন্ত জেলা-মহানগর, উপজেলা থেকে আগত ডেলিগেটস ও কাউন্সিলরদের কার্ড বিতরণ করা হয়েছে। কাউন্সিলর ও ডেলিগেটস ছাড়াও সারা দেশ থেকে আসা ৫০ হাজার নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার বার্তা নিয়ে দলের ২১তম সম্মেলনের দিকে তাকিয়ে দেশবাসী। সভানেত্রী শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। কাজেই টানা নবমবারের মতো তিনি পুনরায় সভানেত্রী হিসেবে নির্বাচিত হবেন এটা শতভাগ নিশ্চিত। টানা ৩৮ বছর দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির নেতৃত্বে থেকে তিনি চার মেয়াদে দলকে ক্ষমতায় এনেছেন। ১৯৮১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে দেশে ফিরে গ্রামের পর গ্রাম হেঁটে সংগঠনকে সুসংগঠিত করেন। তিনি শুধু আওয়ামী লীগ নেতা-কর্মীই নয়, দেশবাসীর আস্থার প্রতীক।

দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে সবার আগ্রহ থাকলেও এ পদে এবার পরিবর্তন আসছে না বলে জানা গেছে। সে কারণে শেখ হাসিনার রানিং মেট হিসেবে দ্বিতীয় মেয়াদে থেকে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুরুতর অসুস্থ হয়ে ফিরে আসার পর ওবায়দুল কাদের এখন আগের চেয়ে বেশি শক্ত ও সুস্থ। আওয়ামী লীগের অতীত কমিটিগুলোর দিকে তাকালেই দেখা যায় দলটির সাধারণ সম্পাদক পদে সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ নেতারা দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পাঁচবার দায়িত্ব পালন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাজউদ্দীন আহমদ এ পদে ছিলেন তিনবার। জিল্লুর রহমান ছিলেন চারবার। এ ছাড়া আবদুর রাজ্জাক দুবার, সৈয়দা সাজেদা চৌধুরী দুবার, সৈয়দ আশরাফুল ইসলাম দুবার। সেই ধারাবাহিকতায় ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রমতে, এবার প্রেসিডিয়াম পদে বড় চমকই থাকছে বলে মনে করেন দলের একাধিক নেতা। প্রেসিডিয়ামের অনেক সদস্যই এবার উপদেষ্টা পরিষদে যাবেন বলে জানা গেছে। এখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন সম্পাদকীয় পদে আসবে নাটকীয় নানা পরিবর্তন। ছাত্রলীগের রাজনীতিতে গুরুদায়িত্ব পালন করা ত্যাগী ও পরীক্ষিত নেতা, যারা আওয়ামী লীগের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন, তাদের মধ্যে থেকেই দলের নেতা নির্বাচন করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর যারা দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের মূল্যায়ন করা হবে এবারের সম্মেলনে। অন্যদিকে কেন্দ্রীয় কমিটিতে নারী নেত্রীদের সংখ্যাও বৃদ্ধি পাবে এবারের জাতীয় সম্মেলনের মাধ্যমে। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে গঠিত কমিটিতে সভানেত্রী শেখ হাসিনাসহ নারী নেত্রীর সংখ্যা ১৫ জন। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে কাজ গুছিয়ে উঠেছেন আওয়ামী লীগ প্রধান। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন আজ বিকাল ৩টায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। একই সঙ্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকায়। দ্বিতীয় দিন আগামীকাল বেলা সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। ওই কাউন্সিল অধিবেশনেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান।

কেউ যেন দালালদের ধোকায় না পড়ে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালাল চক্রের অসততা সম্পর্কে পূনরায় বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে দিয়ে যেসব দেশে প্রবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হন সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি অনুরোধ করবো যেসব দেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আহ্বান জানাবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, সকলকে-কেউ যেন দালালদের ধোকায় না পড়ে। আর এই ধোকায় পড়ে কেউ কেউ তাদের ছেলে-মেয়ে এমনকি বিয়ে করা স্ত্রীকেও বিদেশে পাঠিয়ে দেয়। এমনকি বিক্রিও করে দেয় অনেক স্বামী তার স্ত্রীকে। এরকমও অনেক ঘটনা আমরা পেয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমরা দেখেছি কিছু কিছু দালালের খপ্পড়ে পড়ে যায় আমাদের গ্রাম বাংলার মানুষ। তাদেরকে এরা বিদেশে পাঠিয়ে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায় এবং অনেকে সর্বস্ব বিক্রি করে বিদেশে পাড়ি জমায়।

বর্তমানে বিদেশ গমনেচ্ছুদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশনের সুযোগ আছে, কোথায় চাকরি করবে যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে। যে দেশে যাবে সেখানে চাকরির অবস্থা, বেতনের ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ রয়েছে এমনকি তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে।

প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান জর্জি জিগাউরি এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সী (বায়রা) সভাপতি বেনজির আহমেদ এমপি অনুষ্ঠানে বক্তৃতা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের সুরক্ষার জন্য বীমা পলিসি কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে সরকার ঘোষিত ৪২ জন প্রবাসী সিআইপি’র মধ্য থেকে অনুষ্ঠানে দু’জনকে সিআইপিকে সম্মাননা প্রদান করেন।

প্রধানমন্ত্রী পরে অভিবাসী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদসদস্যবৃন্দ, সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনিতিকবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিদেশে গমননেচ্ছুদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দেশের ভাষা জানার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা এবং ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল’ কে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যে যে জায়গায় যতগুলো ট্রেনিং হয় তার ওপরেও একটু নজরদারি করে উপযুক্ত ট্রেনিং যাতে তারা পায় এবং ভাষা শিক্ষার ওপরও আমরা গুরুত্ব দিয়েছি। তাই ৯টি ভাষা দিয়ে একটি অ্যাপস তৈরি করে দেয়া হয়েছে যাতে তারা সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন নীতিমালার আলোকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-কে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনবল সৃষ্টির দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫৫টি ট্রেডে ৬ লাখ ৮২ হাজার কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। বর্তমানে ৪১টি কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আরও ৫০টি টিটিসি নির্মাণের প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে ৪৯৩টি উপজেলাতেই এটি করে দেওয়া হবে।

‘ইংরেজীর সঙ্গে অন্য আরেকটি ভাষা, অর্থাৎ যে দেশে যাচ্ছে সে দেশের ভাষা যেন শিখতে পারে তার ব্যবস্থা নেয়া হচ্ছে’, বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএমইটি’র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে এসব কেন্দ্রের ৩৫৭ জন প্রশিক্ষিককে বিদেশে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং সৌদি আরব ও হংকং এর সাথে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। যাতে নারী কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সরাসরি বৈদেশিক কর্মসংস্থানে নিয়োজিত হতে পারে।

প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারের মনিটরিং জোরদারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা নজরদারি বৃদ্ধি করেছি কারণ মাঝে মাঝে দেখতাম অনেকে ট্রেনিংয়ের নামে যেত, কিন্তু ট্রেনিং নিত না। কিন্তু সেটা এখন নিতে হবে।

তিনি বলেন, এখন প্রশিক্ষণটা বাধ্যতামূলক। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলবো-এটার ওপর আরো গভীরভাবে নজর দিতে। যেন সঠিক ট্রেনিংটা নিয়েই সকলে প্রবাসের কর্মক্ষেত্রে যায়। নইলে তারা নানা ধরনের নির্যাতনেরও শিকার হয়।

প্রধানমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি নির্বিঘ্ন করার প্রয়াসে অভিবাসন ব্যবস্থার ডিজিটাইজেশনসহ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করার অংশ হিসেবে সারাদেশে ৫ হাজার ২৭৫ টি ডিজিটাল সেন্টার এবাং প্রায় ৮ হাজার পোষ্ট অফিসের ডিজিটাইজেশন সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারে এবং তাদের নাম রেজিষ্ট্রেশন করতে পারে। আমাদের প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সেখান থেকে বেছে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করে বিদেশে পাঠাবে, আমরা সে ব্যবস্থা করেছি।

জনশক্তি রপ্তানীতে যুক্ত সংস্থাগুলোকে তিনি পুণরায় সতর্ক করে বলেন, আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকেও বলবো তারা শুধু নিজেদের অর্থ উপার্জনের জন্য অযথা কর্মীদের বিদেশে যেন না পাঠায়।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের জন্য সিমের ব্যবস্থা সরকার করেছে। যাতে মোবাইল ফোনে তারা দেশে যোগাযোগ করতে পারে।

সরকার প্রধান বলেন, সরকার যে স্মার্ট কার্ড দিচ্ছে তা বিদেশ গমনকালে যেমন হয়রানি দূর করবে তেমনি দেশে ফেরার সময়ও বিমানবন্দরের হয়রানি দূর করবে।

বিমানবন্দরে কর্মরত এক শ্রেণির কর্মচারীর মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, বিমানবন্দরে এমন কিছু কর্মচারী থাকে যারা বিদেশ ফেরত কর্মী দেখলেই কিছু টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বা এই ধরনের প্রবনতাটা লক্ষ্য করা যায়।

প্রবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা ডেস্কের ব্যবস্থা সরকার করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে সিসি ক্যামেরা এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রয়েছে। গোয়েন্দা সংস্থাকেও সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, এই ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হবে। যাতে প্রবাস থেকে ফিরতে গিয়ে কেউ বিমানবন্দরে কোনরকম হয়রানির শিকার না হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট কার্ডে রেকর্ড থাকার কারণে বিমানবন্দরে স্বয়ংক্রিয়ভাবে কর্মীর এমবারকেশন কার্ড প্রিন্ট হওয়ার ফলে বিমানবন্দরে কর্মীদের হয়রানি অনেকাংশে বন্ধ হয়েছে । এছাড়া, ২৫টি জেলায় বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সেবা সহজীকরণের লক্ষ্যে প্রি-ডিপারচার ও ফিঙ্গার প্রিন্ট প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

তিনি বলেন, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালুর উদ্যোগসহ বিদেশের বিভিন্ন দূতাবাসে নিজস্ব উদ্যোগে নির্মিত ভবনে প্রবাসী কর্মীদের জন্য সবরকমের সুযোগ-সুবিধা রাখায় বর্তমান সরকারের প্রচেষ্টাও তুলে ধরেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী আরো বলেন, অভিবাসী কর্মীদের ও তাঁদের পরিবারের সুরক্ষা প্রদানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান, চিকিৎসা অনুদান, প্রত্যাবর্তনে সহযোগীতা এবং প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

একইসঙ্গেএ বছর থেকে বিদেশগামী কর্মীদের স্বল্প খরচে বীমার আওতাভুক্ত করা হচ্ছে। এ বীমার পলিসি মূল্যের অর্ধেক সরকার থেকে প্রদান করা হচ্ছে। আশা করা যায় এতে প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত হবে, বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে, আমাদের জিডিপি আমরা ৮ দশমিক ১৫ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি, লক্ষ্য আরো অনেক দূর যাওয়া।

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখতে হবে- আমাদের জনসংখ্যার ৬০ ভাগের বয়সই হচ্ছে ১৫ থেকে ৬৫ বছরের মধ্যে। এই যুব সমাজকে দক্ষ যুব সমাজে পরিণত করতে হবে। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।

তিনি বলেন, আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীকে আমরা দেশে-বিদেশে কাজে লাগিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং অবশ্যই আমরা এতে সফল হব, ইনশাল্লাহ।

শেখ হাসিনা বলেন, আমি সকলকে এইটুকুই বলবো আমাদের দেশের ভাবমূতি বিদেশে উজ্জ্বল রাখার জন্য যারাই বিদেশে কাজ করবেন আর যারাই বিদেশে কর্মী প্রেরণ করবেন তারা সবসময় যত্নবান হবেন।

২০২৫ সালের মধ্যে দেশের সব ইটভাটা বন্ধ করতে হবে

0

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, বায়ুদূষণ রোধে ২০২৫ সালের মধ্যেই দেশের সব ইটভাটা বন্ধ করতে হবে। এর মাঝে পরিবেশবান্ধব ইটের উত্তম বিকল্প খুঁজতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে বায়ুদূষণরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

এ সময় ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজধানীর বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি। সভা থেকে আগামী ৭ দিনের মধ্যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের আদেশ দেওয়া হয়। ওই কমিটি দূষণ রোধে সকল সংস্থার কাজের সমন্বয় করবে।

এসময় মন্ত্রী বলেন, যার কন্সট্রাকশন করেন তাদেরকে এসমস্ত কম্প্লাইন্সগুলো মেনে কাজ করার জন্য কমিটমেন্ট দেওয়া আছে। টেন্ডার করার সময় তারা এগুলো মানছে না। সারা পৃথিবীর শহরে রাস্তা হয়, মেট্রোরেল হয় কিন্তু সেখানে তো ধূলাবালি তারা উড়াতে পারে না। এখানে কেন উড়াবে তারা।

এসময় সড়ক নির্মাণ, সড়কে খোঁড়াখুঁড়ি ও ভবন নির্মাণসহ পরিবেশ ও বায়ু দূষণকারীদের জন্য হুঁশিয়ারী দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

মেয়র জানান আগামী ২২ তারিখ থেকে ডিএনসিসির একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

গ্রাহক নিখোঁজ, পাঁচ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

0

প্রকৃত গ্রাহক খুঁজে পাওয়া না যাওয়ায় বিদ্যুৎ বকেয়া বিল আদায় করা যাচ্ছে না। এভাবে এক বছরে প্রায় ৫ কোটি টাকা অনাদায়ী রয়েছে। আর এ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করেছে সংসদীয় কমিটি। কমিটি বৈঠকে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী বৈঠকে নিখোঁজ গ্রাহকের সংখ্যা ও বিস্তারিত তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও ওয়াসিকা আয়েশা খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগের ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট নিয়ে আলোচনাকালে নিখোঁজ গ্রাহকদের প্রসঙ্গটি উঠে আসে। সেখানে দেখা যায় ওই অর্থ বছরে গ্রাহক খুঁজে না পাওয়ায় বিদ্যুৎ বিভাগের ৪ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ৩৫৩ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এবিষয়ে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়টিকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে। কমিটির পক্ষ থেকে অনধিক ৬০ দিনের মধ্যে অনাদায়ী টাকা আদায় ও জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, একই অর্থ বছরে দীর্ঘদিন বিল পরিশোধ না করা সত্ত্বেও ৪২০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন না করে অনিয়মিতভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়ায় ১২ কোটি ৮৭ লক্ষ ৮৮ হাজার ৬৮৪ টাকা অনাদায়ী রযেছে। আর ঠিকাদারকে পরিশোধিত বিল হতে নির্ধারিত হারের চেয়ে কম হারে ভ্যাট কর্তন করায় সরকারের ২৩ কোটি ৮৮ লক্ষ ৪১ হাজার ২৫২ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া যোগসাজশের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়ায় সরকারের এক কোটি ১৭ লক্ষ ৪৮ হাজার ২৮৮ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

বিভাগীয় শহরগুলোতে সাইবার ট্রাইব্যুনাল গঠনের কাজ শেষ পর্যায়ে

0

তথ্য-প্রযুক্তি আইনের মামলা দ্রুত নিষ্পত্তিতে দেশের ৭টি বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। বর্তমানে ট্রাইব্যুনাল গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরু’র সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, মো. শহীদুজ্জামান সরকার, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু জানান, সাতটি সাইবার ট্রাইব্যুনাল দ্রুতই চালু করা সম্ভব হবে।

তিনি আরো জানান, বৈঠকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটাইজেশন করার লক্ষ্যে ই-জুডিসিয়ারি শীর্ষক উন্নয়ন প্রকল্প গ্রহণের কাজ চলমান আছে। সরকারি আইনি সেবা সম্পর্কে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুকে অফিসিয়াল পেজ খোলা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এছাড়া বিডি লিগ্যাল এইড- অ্যাপস্ তৈরি করা হয়েছে। যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

শুক্রবার জাতীয় সম্মেলন, প্রস্তুত আওয়ামী লীগ

0

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সবচেয়ে বড় উৎসব জাতীয় সম্মেলন শুরু হবে। ইতোমধ্যে, প্রায় সকল ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি।
দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় দিন ২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এই অধিবেশনে কাউন্সিলররা তাঁদের নেতা নির্বাচন করবেন। সারা দেশ থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর
পরবর্তী তিন বছরের জন্য নির্বাচন করবেন আওয়ামী লীগের জাতীয় নেতৃত্ব। রীতি অনুযায়ী কাউন্সিলররা প্রথমে সভাপতি নির্বাচন করবেন। সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হবেন—এমনটাই জানিয়েছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। সভাপতি নির্বাচনের পর কাউন্সিলররা সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভার তুলে দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাঁধে। সে ক্ষেত্রে এই অধিবেশনে সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতার নাম ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনের সব কাজ শেষ করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর পাটাতনে নৌকার আদলে তৈরি হয়েছে মঞ্চ। সম্মেলন সফল করতে গঠিত উপকমিটিগুলো তাদের কাজ শেষ করেছে। দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র এবং পোস্টার ছাপা হয়েছে। অতিথিদের দাওয়াত দেওয়ার কাজ চলছে।
আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রাক্কালে অনুষ্ঠেয় আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলনকে সফল করতে গত প্রায় চার মাস ধরে কাজ করছেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এর আগে অক্টোবরে এ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। তার আগেই প্রস্তুতি শুরু হয়।
জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় সম্মেলনের সব ধরনের প্রস্তুতি শেষ। আশা করি আমরা সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান শেষ করতে পারব। সে জন্য দলের নেতাকর্মীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।’
এই সম্মেলনে ৪০ হাজার নেতাকর্মীকে মোরগ পোলাও খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাবারের দায়িত্বে রয়েছেন সাবেক মন্ত্রী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, ‘আট বিভাগের জন্য ১০টি আলাদা বুথে নেতাকর্মীদের খাবার সরবরাহ করা হবে। এ জন্য স্লিপের ব্যবস্থা রয়েছে। সম্মেলনে শান্তি-শৃঙ্খলা বজায় এবং সুষ্ঠুভাবে খাবার বিতরণের জন্য দুই হাজার দলীয় স্বেচ্ছাসেবক কাজ করবেন।’
সম্মেলনের জন্য গঠিত সাংস্কৃতিক উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নেতৃত্বে এই প্রজন্মের শিল্পীরা আওয়ামী লীগের সম্মেলনে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করবেন। সেখানে সম্মিলিত কণ্ঠে দুই থেকে তিনটি দেশাত্মবোধক গানও পরিবেশন করা হবে। সেই সঙ্গে শামীম আরা নীপা ও শিবলীর নেতৃত্বে গীতি নৃত্য নাট্য আলেখ্য মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক এই আয়োজন থাকবে সর্বোচ্চ ৩০ মিনিট। প্রথম দিন জাতীয় সম্মেলন উদ্বোধনের পর সন্ধ্যায় রয়েছে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা। সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে পারবেন।
জানা গেছে, এবারের প্যান্ডেল অতীতের সব রেকর্ড ভেঙে বড় করা হয়েছে। ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থ প্যান্ডেলের উচ্চতা করা হয়েছে ২৮ ফুট। এতে ৭৭টি চেয়ার রাখার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। গোটা সম্মেলন স্থলজুড়ে ২৮টি এলইডি পর্দায় অনুষ্ঠান দেখা যাবে। কাউন্সিলর সাড়ে সাত হাজার, ডেলিগেটস ১৫ হাজার ও অতিথিদের জন্য মোট ৩৫ হাজার চেয়ার রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এসব কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিদের প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভিআইপিদের জন্য একটি গেট সংরক্ষিত থাকবে। কাউন্সিলর, ডেলিগেটস ও অতিথিদের পাটের ব্যাগ উপহার দেবে আওয়ামী লীগ। ওই ব্যাগে একটি স্মরণিকা, দপ্তর সম্পাদকের পাঠের জন্য শোক প্রস্তাব এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ থাকবে।

আওয়ামী লীগের পথপরিক্রমা : রোজগার্ডেন থেকে গণভবন

0

বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক।
প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্র ক্ষমতায়।
আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এ দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরনো ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজ গার্ডেনের বাসভবনে একটি রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের প্রথম বিরোধীদল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
মুসলিম লীগের প্রগতিশীল নেতা-কর্মীরা সংগঠন থেকে বেড়িয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ। প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম সম্পাদক।
১৯৬৬ সালের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে তিনি হয়ে ওঠেন বাঙালির একচ্ছত্র নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক।
’৬৯-এর গণআন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানি ঔপনিবেশিক শাসক-শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির যে জাগরণ ও বিজয় সূচিত হয়, সেই আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এবং এই আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ। এর পর দলের মধ্যে ভাঙনও দেখা দেয়। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বে দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়। তিন দশক ধরে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। এই সময়ে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তিন বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে দলটি।
আবার ৬৭ বছরের মধ্যে প্রায় ৫০ বছরই আওয়ামী লীগকে থাকতে হয়েছে রাষ্ট্র ক্ষমতার বাইরে। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর এবং ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছর, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে।
২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর অনেকটা সুসংহত হতে সক্ষম হয়ে জোটসরকার বিরোধী আন্দোলনে সফলতার পরিচয়ও দিয়েছিল দলটি। কিন্তু এই আন্দোলনের শেষ পর্যায়ে ২০০৭ সালের ১১ জানুয়ারির পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে আবারো নতুন সংকটের মুখে পড়ে যায় দলটি। দলীয় সভাপতি শেখ হাসিনাসহ প্রথম সারির অসংখ্য নেতারা গ্রেফতার এবং একাংশের সংস্কার তৎপরতায় কিছুটা সংকটে পড়ে দলীয় কার্যক্রম।
তবে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোট ঐতিহাসিক বিজয় অর্জন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।
পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের শত প্রতিকূলতাকে মোকাবেলা করে নির্বাচনের বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং শেখ হাসিনা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হন।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর সুখী, সমৃদ্ধ ‘ডিজটাল বাংলাদেশ’ গড়াসহ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কাজ করছে দলটি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার কাজ প্রথম শুরু করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন।

জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছিলেন যারা

0

বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। এ দেশের যত অর্জন, আন্দোলন সংগ্রাম আর ইতিহাসের বাঁকে বাঁকে জড়িয়ে আছে দলটির নাম। অসাম্প্রদায়িক আর সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে বহু নেতা তৈরি হয়েছেন এই দলে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এসব নেতাকে ধীরে ধীরে দল পরিচালনায় অন্তর্ভুক্ত করে সফল হয়েছে আওয়ামী লীগও।
প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত ২০টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। আর শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে ২১তম জাতীয় সম্মেলনের। অতীতের সম্মেলনগুলোতে দলের শীর্ষ পর্যায় থেকে কার্যনির্বাহী কমিটি পর্যন্ত নির্বাচিত হয়েছেন শত শত নেতা। তবে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ আটবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার এবং এ এইচ এম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সৈয়দা জোহরা তাজউদ্দিন একবার নির্বাচিত হয়েছেন দলের আহ্বায়ক।
এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ১০ জন। সবচেয়ে বেশি চারবার করে হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এ ছাড়া তাজউদ্দিন আহমেদ তিনবার, আবদুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দা সাজেদা চৌধুরী দুইবার করে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, আবদুল জলিল এবং ওবায়দুল কাদের একবার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে ১৯৫৫ সালের তৃতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে সব ধর্ম, বর্ণের প্রতিনিধি হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয় আওয়ামী লীগ।
শুরু থেকেই মাঠ পর্যায় থেকে উঠে আসা নেতারা নেতৃত্ব দিয়েছেন দলটিতে। প্রভাবশালী বা অভিজাত হিসেবে পরিচিতরা সেভাবে আসেননি এই দলে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটির ২০ টি নিয়মিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে দলটিতে এসেছে নতুন মুখ।
পাকিস্তান আমল : আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিল প্রায় ৩০০ জন। উদ্বোধনী ভাষণ দেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরে প্রতিনিধিদের সমর্থনে ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।
১৯৫৩ সালের ৩ থেকে ৫ জুলাই মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনেও সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী। আর দলের দ্বিতীয় সর্বোচ্চ পদটি পান শেখ মুজিবুর রহমান।
১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর রূপমহল সিনেমা হলে তৃতীয় সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় দলের। দলের নাম থেকে একটি ধর্মের নাম বাদ দিয়ে অসাম্প্রদায়িক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। এ সম্মেলনে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান।
১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানী। ১৩ জুন আরমানিটোলার নিউ পিচকার হাউজে এবং পরদিন গুলিস্তান সিমেনা হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রতিনিধি ছিল আটশ’ জন। এ প্রতিনিধিদের ভোটে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেট ছিল প্রায় এক হাজার। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান।
১৯৬৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনটি ছিল আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক একটি সম্মেলন। এ সম্মেলনে বঙ্গবন্ধুর ছয়দফা দলীয় ফোরামে পাস হয়। ১৮ থেকে ২০ মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হন তাজউদ্দীন আহমেদ। এতে কাউন্সিলর ও ডেলিগেটের সংখ্যা ছিল এক হাজার ৪৪৩ জন।
১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে আটক তখন অনুষ্ঠিত হয় দলের সপ্তম জাতীয় সম্মেলন। ১৯ থেকে ২০ অক্টোবর হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রায় এক হাজার চারশত ৫৩ জন কাউন্সিলর ও ডেলিগেট এতে অংশ নেন। সম্মেলনে শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।
১৯৭০ সালের উত্তাল সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের অষ্টম সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে ছয় দফা ও ১১ দফা গ্রহণ করে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। ৭০ সালের ৪ থেকে ৫ জুন হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলর ছিল এক হাজার ১৩৮ জন। কাউন্সিলরদের ভোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্বাধীন বাংলাদেশে সম্মেলন : ১৯৭২ সালের ৭ থেকে ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম এবং সব মিলিয়ে নবম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কিট হাউজ রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন এবং পুনর্বাসনসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য শপথ নিয়ে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আওয়ামী লীগের ১০ম জাতীয় সম্মেলন ১১২ সার্কিট হাউজ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এ সম্মেলনে একটি সিদ্ধান্ত হয় যে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দলের পদে থাকতে পারবেন না। ফলে বঙ্গবন্ধু দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। দলের সভাপতি হন এ এইচ এম কামারুজ্জামান এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
এরপরই ঘটে ১৯৭৫-এর ১৫ আগস্টের সেই ভয়াবহ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সপরিবারে। সামরিক সরকার ক্ষমতা দখল করে। ১৯৭৫-এর ৩ নভেম্বর কারাগারের ভেতরে নিহত হন আওয়ামী লীগের চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান এবং এম মনসুর আলী। দলটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃসময় এসে হাজির হয়।
এমন একটি পরিস্থিতিতে ১৯৭৭ সালের ৩ থেকে ৪ এপ্রিল হোটেল ইডেন প্রাঙ্গণে দলের ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলর ছিলেন প্রায় এক হাজার ৪০০ জন এবং ডেলিগেটও সমসংখ্যক ছিল। এতে দলের আহ্বায়ক নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দিন।
এর পরের বছর ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় দলটির ১২তম জাতীয় সম্মেলন। ৩ থেকে ৫ মার্চ হোটেল ইডেন প্রাঙ্গণে প্রায় এক হাজার ৫০০ কাউন্সিলর এবং সমসংখ্যক ডেলিগেট নিয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলনটি। এতে সভাপতি নির্বাচিত হন আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুর রাজ্জাক।
১৯৮১ সালের ১৩তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলীয় ঐক্য ধরে রাখার জন্য এ সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আনা হয় বঙ্গবন্ধু কন্যাকে। ’৮১ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেট ছিল তিন হাজার ৮৮৪ জন। সভায় শেখ হাসিনা সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৮২ সালে আব্দুর রাজ্জাক দলত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন সৈয়দা সাজেদা চৌধুরী। দলের নেতৃত্ব পাওয়ার পর দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা।
১৯৮৭ সালের ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ১৪তম জাতীয় সম্মেলন। এতে কাউন্সিলর ও ডেলিগেট ছিল প্রায় চার হাজার। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর ১৯৯২ সালের ১৯ থেকে ২০ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ১৫তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর মেয়াদী করা হয়। এতে কাউন্সিলর ছিল প্রায় দুই হাজার ৫০০ ও ডেলিগেটও ছিল সম সংখ্যক। এতে শেখ হাসিনা সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯৭ সালে অনুষ্ঠিত ১৬তম জাতীয় সম্মেলন আওয়ামী লীগের জন্য বিশেষ গুরুত্বের। কারণ প্রায় ২১ বছর পর দলটি ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত হয় জাতীয় সম্মেলন। ৬ থেকে ৭ মে আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে কাউন্সিলর ছিল দুই হাজার ৫১৬ এবং ডেলিগেটও ছিল সমসংখ্যক। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন শেখ হাসিনা ও জিল্লুর রহমান।
২০০২ সালে আওয়ামী লীগ যখন বিরোধীদলে তখন পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় দলের ১৭তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল জলিল।
২০০৭ সালের পটপরিবর্তনের পর ২০০৮ সালে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে দলটি। এরপর ২০০৯ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত হয় দলটির ১৮তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম।
২০১২ সালে ২৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় দলটির ১৯তম জাতীয় সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলাম।
সর্বশেষ ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কেন্দ্রীয় ছাত্রলীগের ৩২ নেতাকে অব্যাহতি

0

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল-ছাত্রশিবিরে যুক্ত থাকা, বিবাহিত এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ নানা ধরনের অভিযোগ ছিল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান।
ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কতিপয় নেতাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণসাপেক্ষে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়ে তাদের পদ শূন্য ঘোষণা করা হলো। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি পাওয়া ২১ জন হলেন— সহ-সভাপতি তানজিল ভূঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ (সাস্ট), রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা ও ইসমাইল হোসেন তপু; দফতর সম্পাদক আহসান হাবীব; ধর্ম সম্পাদক তাজ উদ্দীন; উপ-দফতর সম্পাদক মমিন শাহরিয়ার ও মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী; উপ-সাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার ও আফরিন লাবনী এবং সহ-সম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।
পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিন্মোক্ত নেতাদের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দিয়ে পদ শূন্য ঘোষণা করা হলো। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি পাওয়া ১১ জন হলেন— সহ-সভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি এম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান ও এস এম হাসান আতিক; স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস; উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার ও শাফিউল সজিব; উপ-প্রচার সম্পাদক সিজান আরেফিন শাওন; উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী এবং সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।